বাংলাদেশের দ্রুত নগরায়ণ, ঘন জনসংখ্যা এবং দুর্বল ও অনিয়মিত অবকাঠামোর কারণে যে দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি হয়েছে, তা প্রতিহত করতে এখনই কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা একান্ত জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ভূমিকম্প মহড়া আয়োজন, প্রতিটি ভবনের ঝুঁকি ও স্থিতিশীলতা নিরীক্ষণ, উদ্ধার কাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষিত করা- এসব উদ্যোগ এখন সময়োপযোগী ও অপরিহার্য। তাই ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবসময় প্রস্তুতি থাকা অত্যাবশ্যক। যাতে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়।\r\nভূমিকম্পের সময় আমাদের করণীয় : \r\n১. ভূকম্পন অনুভূত হলে শান্ত থাকুন, আতঙ্কিত হয়ে ছোটাছুটি করবেন না কিংবা তাৎক্ষণিক বাড়ি থেকে বের হবার চেষ্টা করবেন না।\r\n২.

ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোন আসবাবপত্রের নিচে আশ্রয় নিন।\r\n৩. রান্না ঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন। ভিম, কলাম ও পিলার ঘেঁষে আশ্রয় নিন।\r\n৪. অফিস কক্ষ/বাসস্থান থেকে বের হওয়ার পূর্বে গ্যাস, বৈদ্যুতিক ও পানির সরবরাহের সংযোগস্থল বন্ধ করতে হবে।\r\n৫. শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় নিয়ে শক্ত বেঞ্চ/টেবিলের নিচে আশ্রয় নিন।\r\n৬. ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক/টেলিফোনের খুঁটি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিন।\r\n৭. গার্মেন্টেস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেটে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে দুহাতে মাথা ঢেকে বসে পড়েন।\r\n৮.

ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়ার চেষ্টা করবেন না। কাপড়ে মুখ ঢেকে রাখুন, যাতে ধূলাবালি শ^াস নালিতে না ঢোকে। অফিস কক্ষে অথবা টয়লেটে থাকলে দ্রুত বেরিয়ে আসুন।\r\n৯. একবার কম্পন হওয়ার পর আবারও হতে পারে। তাই সুযোগ বুঝে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিন।\r\n১০. ওপর তলায় থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো করে লাফ দিয়ে বা লিফট ব্যবহার করে নামা থেকে বিরত থাকুন।\r\n১১. গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরে থাকুন।\r\nতদুপরি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগের নিরাপত্তা নিশ্চিত করা, জরুরি চিকিৎসা ও উদ্ধার ব্যবস্থার প্রস্তুতি বজায় রাখা এবং শহরের জনসাধারণকে সচেতন রাখা এ সমস্ত বিষয় একত্রে কার্যকর না হলে ভূমিকম্প কেবল অপ্রত্যাশিত ধাক্কা হিসেবেই থেমে থাকবে না, বরং তা ভয়াবহ বিপর্যয়ের সূচনা হিসেবেও দেখা দিতে পারে। এমন বিপর্যয়ের প্রভাব দীর্ঘমেয়াদে শুধু মানবজীবনই নয়, শহরের অবকাঠামো, অর্থনীতি এবং সামাজিক কাঠামোকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এখন সবচেয়ে বেশি দরকার দ্রুত ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা অর্জন। উদ্ধার তৎপরতা পরিচালনা এবং আহতদের জরুরি চিকিৎসার ছক কষে রাখা দরকার আগেভাগেই। এ মুহূর্তে এটাকে প্রধান অগ্রাধিকার বিবেচনায় নিয়ে কর্মপন্থা গ্রহণ করুক সরকার। \r\nকুলাউড়া, মৌলভীবাজার থেকে