কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের পর্যটন রাজধানী। প্রকৃতির অপার সৌন্দর্যের যতগুলো উপাদান রয়েছে তার সবই সৃষ্টিকর্তা দান করেছেন কক্সবাজারে। প্রকৃতি প্রদত্ত এই অপার প্রাপ্তি কিছু দুষ্কৃতকারী, অসাধু চক্রের লোভাতুর নজরে ধ্বংসের দ্বারপ্রান্তে। কক্সবাজার জেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরে সমুদ্র উপকূলীয় অঞ্চলে চৌফলদণ্ডী ইউনিয়ন। ইতোমধ্যে ইউনিয়নের পশ্চিমে প্যারাবনের অন্তত পাঁচ হাজার বাইন ও কেওড়া গাছ কেটে প্রায় ২০ একর জমি দখল করে গড়ে তোলা হয়েছে চিংড়ি ঘের। অভিযোগ উঠেছে, কক্সবাজার উপকূলীয় বন বিভাগের স্থানীয় কর্মকর্তাদের ম্যানেজ করে বন ধ্বংসের এ কাজটি করে যাচ্ছে স্থানীয় সংঘবদ্ধ চক্র। পরিবেশ বিধ্বংসী এ কাজ করলেও বন বিভাগের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
আমরা মনে করি, প্যারাবন ধ্বংসের ঘটনা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়; এটি উপকূলীয় পরিবেশ, রাষ্ট্রীয় আইন এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের বিরুদ্ধে এক সুপরিকল্পিত ও প্রকৃতি বিধ্বংসী জিঘাংসা।\r\nবন বিভাগের নাকের ডগায় এমন অপকর্ম কেমন করে হতে পারে, তা আমাদের বোধগম্য নয়। বন বিভাগের কতিপয় রক্ষকই ভক্ষকের ভূমিকা নিয়েছে! সরকারের প্রতিটি বিভাগের প্রতিটি কর্মীই রাষ্ট্রীয় সম্পদের রক্ষক। সংরক্ষিত সরকারি প্যারাবন ধ্বংস করে চিংড়ি ঘের বানানো আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। আরও ভয়ংকর হলো, এ অপরাধ সংঘটিত হচ্ছে প্রকাশ্যে, অথচ দায়িত্বপ্রাপ্ত বন বিভাগ কার্যত নীরব দর্শকের ভূমিকায়। তারা দেখেও যেন দেখছে না।
স্থানীয়দের অভিযোগ আরও গুরুতর-বন বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তাদের ম্যানেজ করেই চালানো হচ্ছে এই ধ্বংসযজ্ঞ। তিন-চার দিন ধরে গাছ কাটার ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন জাগে বন বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে। এই ম্যানেজ সংস্কৃতি থেকে সরকারি কর্মকর্তাদের বের হয়ে আসতে হবে। \r\nআমরা রাষ্ট্রীয় কোনো সম্পদের তছরুপ হওয়ার পর প্রায়ই শুনতে পাই, নাম না পাওয়ায় ব্যবস্থা নিতে দেরি হচ্ছে - এই অযৌক্তিক যুক্তি সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অবিশ্বাস্য। প্রকাশ্যে জমি দখল, সীমানা বাঁধ নির্মাণ ও হাজার হাজার গাছ কাটার পরও যদি অপরাধীর নাম জানা না যায়, তবে তা অদক্ষতা নয়- চোর-পুলিশ খেলার মতো প্রত্যক্ষ যোগসাজশের উজ্জ্বল ইঙ্গিত। প্যারাবন বা ম্যানগ্রোভ বন বাংলাদেশের উপকূলীয় প্রাকৃতিক ঢাল। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার বিরুদ্ধে এটি প্রধান প্রতিরক্ষা প্রাচীর। এই বন ধ্বংস মানে শুধু গাছ কাটা নয়; এটি উপকূলবাসীর জীবন-জীবিকা, জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য ধ্বংসের সোপান। এখনই কঠোর পদক্ষেপ না নিলে আগামী দিনে গোটা জাতিকে এর জন্য চড়া মূল্য দিতে হতে পারে।
