বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন সম্ভাবনা নিয়ে আবারও আলোচনা বাড়ছে। এর প্রেক্ষাপটেই ৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ পলিটিক্যাল পার্টিজ প্লাস রাউন্ডটেবিল’-এ দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে তাঁদের পিতাদের সময়কার বন্ধুত্বের ধারাবাহিকতা রক্ষা করে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। নিঃসন্দেহে এ দুটি উদ্যোগ বাংলাদেশের অর্থনীতি, যোগাযোগব্যবস্থা, কৃষি, শিল্পায়ন ও আঞ্চলিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করতে পারে। তবে সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে আবেগনির্ভর প্রত্যাশার পরিবর্তে প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা, অর্থনৈতিক সক্ষমতা এবং দূরদর্শী কূটনৈতিক সিদ্ধান্ত।

বাংলাদেশ ও চীনের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে এ সম্পর্কের ভিত্তি শক্তিশালী হয়। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন সরকারের আমলেও দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত থেকেছে। অবকাঠামো, বিদ্যুৎ, যোগাযোগ, শিল্পায়ন ও বাণিজ্যে চীনের অংশগ্রহণ বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রেখেছে। বর্তমান বাস্তবতায় এ সম্পর্ককে আরও কার্যকর ও বহুমাত্রিক করার সুযোগ রয়েছে। তবে বন্ধুত্বের প্রকৃত সার্থকতা নির্ভর করবে দুই দেশের জনগণ কতটা বাস্তব সুফল পাচ্ছে তার ওপর।

তিস্তা মহাপরিকল্পনা তিস্তা নদী উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের জীবন-জীবিকা, কৃষি ও অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। শুষ্ক মৌসুমে পানির সংকট, বর্ষায় বন্যা, নদীভাঙন এবং নাব্যতা হ্রাস এ অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে এসব সমস্যার টেকসই সমাধানের পাশাপাশি কৃষি, মৎস্য, নৌপরিবহন, শিল্পায়ন ও পর্যটনের নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে। তবে প্রকল্পটির অগ্রগতি সম্পর্কে বাস্তববাদী থাকা জরুরি। সম্ভাব্যতা যাচাই, অর্থায়ন, কারিগরি পরিকল্পনা ও পরিবেশগত মূল্যায়ন সম্পন্ন না করে নির্মাণকাজ শুরুর প্রত্যাশা করা ঠিক হবে না। সরকারের উচিত এসব প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা। শুধু নদী খনন বা বাঁধ নির্মাণ নয়, বরং বর্ষার পানি সংরক্ষণ, শুষ্ক মৌসুমে পানির ন্যায্য ব্যবহার, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ, কৃষি সেচ এবং পরিবেশের ভারসাম্য রক্ষাকে সমন্বিত পরিকল্পনায় আনতে হবে।

এ ক্ষেত্রে চীনের প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতা গুরুত্বপূর্ণ হতে পারে। তবে প্রকল্পের ব্যয়, প্রযুক্তির মান, দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানিবণ্টন ও অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনার বিষয়টিও কূটনৈতিক আলোচনার মাধ্যমে এগিয়ে নিতে হবে।

ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোর চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর কার্যকর হলে বাংলাদেশের সঙ্গে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং মিয়ানমারের যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। বিশেষ করে বাংলাদেশের বন্দর, শিল্পাঞ্চল, সড়ক ও রেল যোগাযোগব্যবস্থা এ উদ্যোগের মাধ্যমে নতুন অর্থনৈতিক গুরুত্ব পেতে পারে।

তবে করিডোর বাস্তবায়ন শুধু বাংলাদেশ ও চীনের সদিচ্ছার ওপর নির্ভরশীল নয়। মিয়ানমারের রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক সমঝোতা এখানে গুরুত্বপূর্ণ। তাই প্রথমেই সম্ভাব্য রুট, ব্যয়, বাণিজ্যিক সুবিধা, নিরাপত্তা ও পরিবেশগত প্রভাব নিয়ে বিস্তারিত সমীক্ষা প্রয়োজন। করিডোর শুধু অন্য দেশের পণ্য পরিবহনের পথ না হয়ে বাংলাদেশের শিল্প, রপ্তানি ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যম হয়, সেটি নিশ্চিত করতে হবে। বাংলাদেশের বন্দর, রেল, সড়ক ও স্থলবন্দর ব্যবস্থার আধুনিকায়নও এ ক্ষেত্রে জরুরি।

বাণিজ্য ও বিনিয়োগে ভারসাম্য প্রয়োজন চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। অবকাঠামো ও শিল্পায়নে চীনা বিনিয়োগের আরও সুযোগ রয়েছে। তবে দুই দেশের বাণিজ্যে বাংলাদেশের আমদানি নির্ভরতা এবং বাণিজ্য ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ। এ ঘাটতি কমাতে চীনের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, ওষুধ, কৃষিপণ্য, পাটজাত পণ্য ও হালকা প্রকৌশল পণ্যের রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিতে হবে। চীনা বিনিয়োগকারীদের শুধু অবকাঠামো নির্মাণে নয়, রপ্তানিমুখী শিল্প, প্রযুক্তি হস্তান্তর, কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে বৈদেশিক ঋণের ক্ষেত্রে সতর্কতা জরুরি। চীন, বিশ্বব্যাংক, আইএমএফ কিংবা অন্য কোনো উৎস— কারও ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে প্রকল্পভিত্তিক প্রতিযোগিতামূলক অর্থায়ন নিশ্চিত করতে হবে। ঋণের সুদ, পরিশোধের সময়সীমা, মুদ্রার ঝুঁকি এবং প্রকল্পের সম্ভাব্য আয় বিবেচনা না করে বড় প্রকল্প গ্রহণ করা উচিত নয়। চুক্তি, ব্যয় ও দরপত্রের ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে।

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য চীনের সঙ্গে সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে রোহিঙ্গা সংকট। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। এ সংকট বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার ওপর চাপ সৃষ্টি করছে। মিয়ানমারের সঙ্গে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ রয়েছে। সে কারণে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে চীন কার্যকর ভূমিকা রাখতে পারে। শুধু কূটনৈতিক আশ্বাস নয়, প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ, নিরাপত্তার নিশ্চয়তা এবং নাগরিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে চীনের সক্রিয় উদ্যোগ প্রয়োজন। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অর্থ অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কের অবনতি নয়, বরং বাংলাদেশের পররাষ্ট্রনীতি হতে হবে জাতীয় স্বার্থকেন্দ্রিক। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ সব উন্নয়ন সহযোগীর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে অর্থনৈতিক ও কূটনৈতিক সুবিধা কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের মন্ত্রী লিউ হাইশিংয়ের পারিবারিক ইতিহাসের সূত্র ধরে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার যে আহ্বান এ এম এম বাহাউদ্দীন জানিয়েছেন, তা ইতিবাচক কূটনৈতিক বার্তা বহন করে। এখন প্রয়োজন সেই রাজনৈতিক সদিচ্ছাকে বাস্তব উন্নয়নে রূপ দেওয়া।

সরকারের উচিত তিস্তা মহাপরিকল্পনা, ত্রিদেশীয় করিডোর, বাণিজ্য সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা। প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্য, সময়সীমা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। বাংলাদেশের প্রত্যাশা কোনো দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়া নয়; বরং আন্তর্জাতিক বন্ধুত্ব ও সহযোগিতাকে কাজে লাগিয়ে একটি আত্মমর্যাদাশীল, সমৃদ্ধ ও অর্থনৈতিকভাবে সক্ষম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। পিতাদের সময়কার বন্ধুত্বের উত্তরাধিকার বর্তমান নেতৃত্বের জন্য ইতিবাচক ভিত্তি হতে পারে। এখন সেই বন্ধুত্বের প্রকৃত সার্থকতা প্রমাণ করতে হবে বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতির অগ্রগতির মাধ্যমে।

লেখক: শহিদুল ইসলাম কবির, লেখক, কলামিস্ট, সভাপতি, মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল। ই-মেইল :shahid_kabir2007@yahoo.com