গ্রামে এবার ঈদ করতে আসার পরই বিদ্যুতের দুর্ভোগে পড়তে হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) ঝড় বৃষ্টির পরই রাত ১২ টার দিকে বিদ্যুৎ চলে যায়। চারঘন্টা পর রমজানের সেহরির সময়ও বিদ্যুতের দেখা মেলেনি। ভোররাত কাটল বিদ্যুৎ ছাড়াই। সকাল হতেই মোবাইলের ব্যাটারি ফুরিয়ে গেছে। সকাল দশটায় বাজারে গিয়ে চার্জ দিয়ে ভাবলাম মোবাইল উদ্ধার করব। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আমাদের প্রতিবেশী চান্দ্রা বাজার মোটামুটি বিখ্যাত; সেখানেও গিয়ে বিদ্যুৎ নেই। এভাবে রাতের ঝড় শেষ হওয়ার বারো ঘন্টা পেরিয়ে গেলেও তার খোঁজ পাওয়া যায়নি।

অথচ শহরে যান্ত্রিক কোনো ত্রুটির কারণে বিদ্যুৎ গেলে সাধারণত আধাঘন্টার মধ্যেই তা মেরামত করা হয়। সেটা দিন-রাত যখনই হয়। জটিল কোনো সমস্যা হলে আগেই জানিয়ে দেওয়া হয় যে, ছয়ঘন্টা কিংবা অনুরূপ সময় বিদ্যুৎ থাকবে না। গ্রামে এসবের বালাই নেই। এবার বিদ্যুৎ যাওয়ার পর আসার ক্ষণ গুনছিলাম। বুধবার রাতের ঝড় তুফানে অনেক জায়গায় বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে সত্য। তারপরও পরদিন দুপুর পার হওয়ার কথা ছিল না। কিন্তু দুপুরও পার হয়ে গেলো বিদ্যুৎ ছাড়া। এদিকে বিকল্প ব্যবস্থাগুলোও বিদ্যুতকেন্দ্রিক হওয়ায় মানুষের ভোগান্তিও চরমে ওঠে। বাসাবাড়িতে পানি শেষ হয়ে গেলে বিপদে পড়তে হয়। মোবাইল/ইন্টারনেট ব্যবহার কঠিন হয়ে পড়ে। অনেকে দোকানপাটও খুলতে পারেনি। ভাগ্য ভালো যে, ওইদিন খুব একটা গরম পড়েনি। নাহলে দুর্ভোগ আরও বাড়ত।

দুপুর গড়িয়ে বিকেল হয়, কিন্তু বিদ্যুতের খবর নেই। আছরের সময় জানা গেলো বিদ্যুৎ অফিসের লোকজন এসেছে পড়ে যাওয়া খাম্বা ওঠাতে। বিদ্যুৎ ছাড়াই ইফতার কাটলো। অবশেষে বিশঘন্টা পর প্রত্যাশিত আলোর দেখা মিললো। শহরে যে সেবা ৩০-৪০ মিনিটে মিলে গ্রামে তা মিলল বিশ ঘন্টায়। এরমধ্যে কোনো ঘোষণাও নেই। বিদ্যুৎহীন ২০ ঘন্টার আগে পরে লোডশেডিংও ছিল উল্লেখ করার মতো। সরকার রমজানে 'নিরবচ্ছিন্ন' বিদ্যুতের কথা বলেছিল। শহরে কিছুটা লোডশেডিং হলেও রমজানে সরবরাহ অতটা মন্দ ছিল না। গ্রামেও অনুরূপ হতে পারত। বিশেষ করে, ঈদের বন্ধে সকল অফিস আদালত যখন বন্ধ তখন গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা কঠিন হওয়ার কথা নয়। পুরো বছর যেখানে গ্রামের মানুষের ব্যাপক লোডশেডিংই নিয়তি সেখানে অন্তত ঈদের ছুটিতে তাদের স্বস্তির ব্যবস্থা বিদ্যুৎ বিভাগ করতে পারে। বাস্তবে তা হয়নি। বস্তুত গ্রামের মানুষ বিদ্যুতের দিক থেকে যে অবহেলিত, ২০ ঘন্টার বিদ্যুৎহীন অবস্থাই তার প্রমাণ। তাও ভালো যে, আমরা এরমধ্যে বিদ্যুৎ পেয়েছি। গতবছর সমকালেই রংপুরের এক খবর প্রকাশ হয়েছিল, যেখানে ঝড়-তুফান সংশ্লিষ্ট বিদ্যুৎবিভ্রাটে ছয়দিনেও মানুষ বিদ্যুৎ পায়নি। এখানে যুদ্ধের জটিল হিসাব নিকাশের প্রয়োজন নেই। অব্যবস্থাপনাগত সংকট ও গ্রামের মানুষকে গুরুত্ব দিলেই সমাধান সহজ হবে বলে মনে করি।

মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল mahfuz.manik@gmail.com