‘শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। ওরা জিতে গেলে জিতে যায় আমার বাংলা মা।’ ওরা আগামীতে প্রাণরসে ভরপুর একটি জীবন পাওয়ার জন্য আত্মবিশ্বাস নিয়েই বিদ্যাচর্চায় সম্পৃক্ত।
প্রাণ থাকিলে প্রাণী হয় কিন্তু মন না থাকিলে মানুষ হওয়া যায় না। মনের সুস্থ বিকাশ রুদ্ধ করে কখনও জ্ঞানী মানুষ গড়ে তোলা সম্ভব নয়। আর পুঁজিবাদী সমাজে সুস্থ সুন্দর পথে ধন উপার্জন করতে হলে মনের ব্যাধি বা সংকীর্ণতা ছুড়ে ফেলে দিয়ে আত্মার প্রসারতার প্রয়োজন। মনকে উজ্জীবিত করার ভেতর দিয়েই প্রাণবন্ত ও সজীব ছাত্রসমাজ গড়ে তুলতে হবে।
ছাত্রসমাজকে গুরুগম্ভীর পরম্পরায় আতঙ্কিত করে তাদের মনকে জখম বা অসুস্থ করে ব্যাধিতে আক্রান্ত প্রজন্ম তৈরি হচ্ছে। এই অসুস্থতার দায়ভার কাদের! কেন ছাত্রছাত্রী অল্পতেই অস্থির ও ক্ষীপ্ত হয়ে ওঠে! ওদের মনের আনন্দকে গলা টিপে হত্যা করা হয়। ওদের শৈশবকে নিরানন্দ করে দিয়ে, ওদের খেলার মাঠকে বহুতল ভবনের প্রাসাদ তৈরি করে নির্জীব প্রাণহীন, মনমরা একটা প্রজন্ম গড়ে উঠছে।
পরিচ্ছন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে ওদের কোনো বন্ধুত্ব গড়ে দেওয়া হয় না। সবকিছুতেই একটা না বোধক অভিব্যক্তি ওদের জন্য অপেক্ষা করে। আনন্দের উৎসগুলো ওদের কাছ থেকে আমরা কেড়ে নিয়ে ওদের মাথায় কেবল প্রাচুর্য আর ধনী হওয়ার নেশা ধরিয়ে দিচ্ছি। পরিণামে সহজ পথে ধন উপার্জন করতে গিয়ে কেউ চলে যায় নেশার পথে। কেউ চলে যায় দুর্নীতির পথে। কেউ চলে যায় অপরাধ জগতে। কারণ আমরা যারা ওদের জন্য সুস্থ সুন্দর সমাজ গড়ার দায়িত্বে ছিলাম, আছি, আগামীতে থাকব, কীভাবে যেন আমাদের মনটাও ধীরে ধীরে ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে। আর এই ব্যাধিটাই এখন সমাজকে গোগ্রাসে গিলছে আর গিলছে।
সম্মানিত শিক্ষকদের হেনস্তা করার জন্য কেবলই ওত পেতে বসে থাকা একটা অপসংস্কৃতি গেড়ে বসতে চাইছে। মাদকের নেশা, হতাশা, দুর্নীতি বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে প্রজন্মকে রক্ষা করতে হলে আসুন শিক্ষক-শিক্ষার্থীর মধ্যকার অহেতুক ভীতিকর পরিস্থিতি দুপায়ে দলে আত্মার আত্মীয় হয়ে উঠি। শিক্ষককে সুন্দর মনন প্রজ্ঞা সাংস্কৃতিক আবহ তৈরিতে সহায়তা করি। প্রকৃতিতে ফুলপাখির গুঞ্জনে যেমন মানুষ উৎফুল্ল ও উজ্জীবিত হয়, তেমনি শিক্ষক ও শিক্ষার্থীদের সুস্থ সুন্দর কলগুঞ্জনে মুখর হোক প্রতিটি শিক্ষাঙ্গন।
স্নেহে যত্নে আদরে লালিত্যে পরামর্শে ভালোবাসায় সন্তানতুল্য শিক্ষার্থীদের গড়ে তুলি মাতৃস্নেহে। মা তো সন্তানকে আদরে কৌশলে মায়ায় ছায়ায় স্নেহে আগলে রাখতে বুদ্ধিবৃত্তিক পদক্ষেপ গ্রহণ করেন। তাহলে কেন একজন মাতৃতুল্য শিক্ষককে স্বাভাবিক জীবন যাপনে বিদ্রুপ উপহার দেওয়া হচ্ছে! আসুন, সব শিক্ষককে সযত্নে পরিপোষণের মাধ্যমে অনুকূল প্ল্যাটফর্মে শিক্ষা প্রদানের সুযোগ সৃষ্টি করে দিই। সবকিছুতেই কঠোর নিন্দা, অহেতুক সমালোচনা, ভীতিকর পরিস্থিতি উপহার দিয়ে আমরা আমাদের আগামীকেই ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছি। উদার মনন ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই গড়ে উঠুক আলোকিত আগামী। শিক্ষার্থীই তো শিক্ষকের মানস সন্তান।
সন্তানকে খুশি রাখতে শিক্ষককেও খুশি মনে শিক্ষা পরিবেশ/ শিক্ষাঙ্গনের আবহ তৈরিতে সহায়তা করুন। গড়ে তুলি জ্ঞানভিত্তিক সুন্দর মননের মেধাবী প্রজন্ম। যারা শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখবে। শিক্ষককে নিরাপদ আশ্রয় ভেবে একটু একটু করে বেড়ে উঠবে, বড় হবে, দেশ ও দশের কান্ডারি হবে।
বিভা ইন্দু: প্রধান শিক্ষক, সিলভার বেলস গার্লস স্কুল, চট্টগ্রাম
