প্রায় দুই দশকের সর্বাত্মক অবরোধের মধ্য দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে কার্যত বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগারে পরিনত করা হয়েছিল। ইসরাইলীদের অমানবিক অবরোধ, আগ্রাসন ও নিপীড়নের বিরুদ্ধে বিশ্বসম্প্রদায় বরাবরই নিরব ছিল। জায়নিস্ট সম্প্রসারণবাদের নীল নকশায় সেই নিরবতার আড়ালে ইঙ্গ-মার্কিন-ইসরাইলি নেক্সাস গাজা, পশ্চিম তীর ও দক্ষিণ লেবানন দখলের পরিকল্পনা নিয়েছিল বহু আগেই। জেরুজালেমের সাথে সম্পর্কিত মধ্যপ্রাচ্য ও মুসলিম উম্মাহ্র ধর্মীয় আবেগকে পাশ কাটিয়ে জায়নিষ্ট সম্প্রসারণবাদী নীলনকশা বাস্তবায়ন খুবই কঠিন বিষয় হওয়ায় প্রথমে সেখানেই ফাঁটল ও আঘাত করে এক ধরণের ভীতিকর পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিল জায়নিস্ট চক্র।

প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পুরনো প্রতিশ্রুতি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়। সেই সাথে জাতিসংঘ ও বিশ্বসম্প্রদায়ের পক্ষ থেকে জেরুজালেমের বিশেষ মর্যাদার অবস্থান থেকে একতরফাভাবে সরে গিয়ে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে মার্কিন দূতাবাস স্থানান্তরের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিন বিষয়ে তার মধ্যস্থতাকারির ভূমিকা (ভণিতা) থেকেও সরে যায়।

এরপর আব্রাহাম অ্যাকর্ড নামে একদিকে একটি লোভনীয় প্রস্তাব অন্যদিকে সামরিক-অর্থনৈতিক পদক্ষেপের হুমকি দিয়ে সউদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের জিসিসিভুক্ত প্রভাবশালী রাষ্ট্রগুলোকে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি বা রূপরেখা ছাড়াই ইসরাইলকে স্বীকৃতি দিতে প্রচন্ড চাপ সৃষ্টি করা হয়। সউদি আরব প্রকাশ্যে কিছুটা দূরত্ব বজায় রাখার কৌশল গ্রহণ করলেও ভেতরে ভেতরে এক ধরণের সমঝোতা হয়ে গিয়েছিল বলেই ধরে নেয়া যায়। ইরানকে পরাস্ত করতে পারলে সউদি আরবসহ অন্য দেশগুলো আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করে মধ্যপ্রাচ্যে জায়নিস্ট আধিপত্য চিরস্থায়ী করার পরিকল্পনার অংশে পরিনত হতো।

তেইশ সালের সেপ্টেম্বরে জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানে সামরিক পদক্ষেপের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি লেবাননের লিটানি নদী পর্যন্ত গ্রেটার ইসরাইলের পৌরাণিক দাবির স্বপক্ষে জোরালো বক্তব্য উপস্থাপন করেন। এর আগে থেকেই আল-আকসা মসজিদসহ জেরুজালেমের স্পর্শকাতর স্থানগুলোতে মুসুল্লিদের ওপর ইসরাইলি পুলিশের বর্বর হামলা, ইহুদিদের অবৈধ অনুপ্রবেশের ঘটনা সীমা ছাড়িয়ে গিয়েছিল। ক্রমবর্ধমান নিপীড়ন ও পৈশাচিকতার প্রতিবাদে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার শাসক গোষ্টি হামাসের সামরিক শাখা সদস্যরা ‘অপারেশন আল আকসা ফ্লাড’ নামে একটি গেরিলা অপারেশন চালায়। তারা প্রথমে গাজা থেকে দক্ষিণ ইসরাইলের দিকে শত শত রকেট নিক্ষেপ করে, অত:পর প্যারা গ্লাইডিং করে শত শত হামাস যোদ্ধা ইসরাইলের মাটিতে নেমে অন্তত এক হাজার সামরিক-বেসামরিক ইসরাইলিকে বন্দি করে গাজার গোপন টানেলে নিয়ে যায়। হামাসের সাথে যুদ্ধে অন্তত তিনশ ইসরাইলির মৃত্যুর খবর পাওয়া যায়। দশকের পর দশক ধরে চলা অবরোধ প্রত্যাহার, আল আকসার অবমাননা এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি ও সংকটের সমাধানের প্রশ্নে চাপ সৃষ্টিই ছিল অপারেশন আল আকসা ফ্লাডের মূল লক্ষ্য। বরাবরের মতোই ইসরাইলের সামরিক প্রতিক্রিয়া ছিল বেপরোয়া ও সীমাহীন। তারা প্রতিদিন হাজার হাজার বিমান হামলা চালিয়ে গাজার শিশু, নারীসহ বেসামরিক লোকদের গণহত্যা, সবকিছু ধ্বংস করে দিতে পারলেও একজন ইসরাইলী বন্দিকেও সামরিক পন্থায় মুক্ত করতে পারেনি। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি করতে হয়েছে।

মধ্যপ্রাচ্যের উপর পশ্চিমা আধিপত্য ও নিয়ন্ত্রনের বহুমাত্রিক এজেন্ডা বিদ্যমান। একদিকে জ্বালানি নিরাপত্তা ও জ্বালানি সম্পদের উপর পশ্চিমা কোম্পানি ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ অক্ষুন্ন রাখা, অন্যদিকে ইসরাইলের নিরাপত্তা ও সম্প্রসারণবাদী নিয়ন্ত্রণ সুসংহত করা। এ ক্ষেত্রে সবকিছু ঠিকঠাক মত কাজ করলেও ইসলামি বিপ্লবি ইরানের হুমকি ও প্রতিবন্ধকতা ছাড়াও সাদ্দাম হোসেন, মুয়াম্মার গাদ্দাফি ও বাশার আল আসাদের মত নেতারাও কিছুটা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল। এটা যতটা না বাস্তব, তার চেয়ে বেশি জায়নবাদী প্রপাগান্ডার আওতায় যুদ্ধবাদী এডভেঞ্চারিজম। সাড়ে চার দশক ধরে অবরোধ দিয়ে বাণিজ্যিক-অর্থনৈতিকভাবে ইরানকে পশ্চিমা বিশ্ব থেকে বিচ্ছিন্ন রেখে দুর্বল করার পাশাপাশি পশ্চিমাদের সাথে পুরোপুরি বশ না মানা ও মুসলিম উম্মাহ্র ঐক্যের প্রতি সহানুভূতিশীল নেতা হিসেবে সাদ্দাম হোসেন, গাদ্দাফি ও বাশারকে সরিয়ে রিজিম চেঞ্জের ফর্মুলায় এসব দেশের ওপর সামরিক আগ্রাসন, গৃহযুদ্ধ ও আইএস’র মত শক্তিকে পেছন থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে পুরো অঞ্চলকেই অস্থিতিশীল করে তোলা হয়েছে। হামাস, হিজবুল্লাহ, হুতিসহ ইরান ও তার প্রক্সি বাহিনীগুলোর প্রতিরোধের মুখে পশ্চিমাদের আইএস কার্ড মাঠে মারা যায়। ইয়েমেনের হুতিদের দমন করতে সউদি আরবসহ জিসিসিভুক্ত দেশগুলোকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল সামরিক জোট গঠন করে ব্যাপক বিমান হামলা করে এক দশকেও তেমন সুবিধা করতে পারেনি। উপরন্তু হুতিদের কয়েক ঘন্টার মিসাইল হামলায় আরামকোসহ সউদি আরবের প্রধান তেলক্ষেত্রগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে দেখা গেছে। এমনকি ইসরাইল আমেরিকাসহ ন্যাটোর বিমান হামলাও হুতিদের প্রতিরোধ সক্ষমতা কমাতে পারেনি।

২০২৫ সালের জুন মাসে ইরানের সাথে একটি কূটনৈতিক সমাধানের আলোচনার নাটক সাজিয়ে হঠাৎ তা থেকে বেরিয়ে গিয়ে ইরানে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরাইল ও আমেরিকা। বারোদিনের যুদ্ধের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, এটি তার চল্লিশ বছরের স্বপ্ন। ইরানের পারমানবিক প্রকল্প ও আইআরজিসির সক্ষমতা ধ্বংস করতেই ইরানের সামরিক স্থাপনাগুলোতে নজিরবিহিন বিমান হামলা চালিয়েছিল ইসরাইল। এর পাল্টা জবাবে ইরানের মিসাইল সক্ষমতা বিশ্বকে হতবাক করেছে। বারো দিনের যুদ্ধে ইরান তার সর্বাধুনিক মিসাইল ভান্ডারে হাত না দিয়ে কয়েক দশকের পুরনো মিসাইলগুলো ব্যবহার করেই ইসরাইলকে নাস্তানাবুদ করেছিল।

অবশেষে নাটের গুরু ডোনাল্ড ট্রাম্প নিজে ইসরালের পক্ষের প্রধান খেলোয়ার হয়েও যুদ্ধের মধ্যস্থতাকারি ও যুদ্ধবিরতির মেকি রেফারি সেজে ইরানের প্রস্তাব মেনেই যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছিল। চল্লিশ বছরের স্বপ্ন এবং পরিকল্পনা ইরানের মৃদু প্রতিরোধেই থেমে যাওয়ার কথা নয়। যুদ্ধ বিরতিকে ঢাল হিসেবে ব্যবহার করে ভেতরে ভেতরে ব্যাপক যুদ্ধ পরিকল্পনার প্রস্তুতি নিয়ে আবারো সামরিক হুমকি, চাপ, উস্কানি ও শান্তি আলোচনার নাটক সাজায়। সেই সাথে ইরানে থাকা মোসাদের স্লিপার সেলের কর্মীদের মাধ্যমে কোটি কোটি ডলার খরচ করে ইরানের ভিন্নমতাবলম্বিদের মাঠে নামিয়ে ইমাম খামেনির রিজিম চেঞ্জ পরিকল্পনাও চলতে থাকে।

আইআরজিসি’র চৌকষ গোয়েন্দা জালে শত শত মোসাদ এজেন্ট ধরা পড়ার মধ্য দিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর মাঠের রাজনীতি শেষ হয়ে গেলে ২১ জুন মার্কিন বিমান বাহিনী সরাসরি ইসরাইলী বাহিনীর সাথে যোগ দিয়ে ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের পারমানবিক সাইটগুলোতে বোমা হামলার জবাবে কাতারের আল উদেইদ ঘাটিসহ মার্কিন ঘাটিগুলোতে নিখুঁত মিসাইল হামলা শুরুর তিনদিনের মাথায় ইসরাইল-আমেরিকা যুদ্ধবিরতি করতে বাধ্য হয়। তবে এই যুদ্ধবিরতি ছিল বড় সামরিক অভিযানের প্রস্তুতির শুরু মাত্র। এরপর ক্রমবর্ধমান হুমকি, চাপ ও উস্কানির পাশাপাশি তেহরানসহ সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে দিয়ে এমন একটি পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, যাতে সামরিক হামলায় ইমাম খামেনিসহ শীর্ষ নেতাদের হত্যার পর সহজেই পশ্চিমা বশংবদ ইরানি নেতাদের ক্ষমতায় বসানো যায়।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত রেজা শাহ পাহলবির মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসি পুত্র এ বছরের জানুয়ারিতে দেশে ফেরার ঘোষণা দিয়ে ইরানি আন্দোলনকারিদের রাজপথ না ছাড়ার আহ্বান জানান। ইরানের বিপ্লবী সরকার ও আইআরজিসির গোয়েন্দারা আন্দোলনের নেপথ্যে থাকা মোসাদের কুশীলবদের শায়েস্তা করার পরই নতুন শান্তি আলোচনার মাঝখানে ২৮ ফেব্রুয়ারি বিমান হামলা চালিয়ে ইমাম খামেনিসহ পরিবারের সদস্য ও কয়েকজন শীর্ষ নেতাকে হত্যার মধ্য দিয়ে চলমান যুদ্ধের সূচনা করে। এর মধ্য দিয়ে যুদ্ধের প্রেক্ষাপট আমূল পাল্টে যায়। লাখ লাখ ইরানি ইমাম খামেনি হত্যার প্রতিবাদে ও ইসলামি বিপ্লবী সরকারের সমর্থনে রাস্তায় নেমে আসে। এমনকি রিজিমের সমালোচক ও ভিন্ন মতাবলম্বীরাও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সরকারের সাথে একাত্মতা প্রকাশ করতে রাজপথে নেমে আসে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার জাফর পানাহি সরকারি নিষেধাজ্ঞা মাথায় নিয়ে বিদেশে অবস্থান করছিলেন। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকা সত্বেও ইসরাইল-আমেরিকার বিমান হামলার মধ্যে তিনিসহ শত শত ইরানি ইউরোপের বিভিন্ন দেশ থেকে তুরস্ক হয়ে স্থল সীমান্ত পথে ইরানে ফিরে এসে সরকারের পক্ষে অবস্থান নেন। এটাই হচ্ছে ইরানিদের দেশপ্রেম ও অজেয় শক্তির মূল রহস্য। যেখানে হাজার হাজার ইহুদি প্রতিদিন ইসরাইল ছেড়ে পালাচ্ছে, সেখানে ইসরাইল-আমেরিকার বোমা হামলার ভয়কে উপেক্ষা করে ইরানিরা দলে দলে দেশে ফিরেছে।

সর্বশেষ যুদ্ধবিরতির আগে ডোনাল্ড ট্রাম্প ইরানি সভ্যতা নিশ্চিহ্ন করে দেয়ার হুমকি দিয়ে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম ছিল মূলত ইরানে পারমানবিক হামলার একটি প্রচ্ছন্ন হুমকি। সেসব হুমকিকে মোটেও পাত্তা না দিয়ে ইরান তার শর্তে ও অবস্থানে অনড় থেকে ক্রমশ: আরো শক্তিশালী মিসাইল হামলাসহ হরমুজ প্রণালির উপর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা অটুট রাখতে সক্ষম হয়েছে। প্রতিবারই যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানে নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে মার্কিন বিমান বাহিনী। ইরান শুধু প্রত্যাঘাত চালিয়ে মধ্যপ্রাচ্যে থাকা একেকটি মার্কিন সামরিক ঘাটি গুড়িয়ে দিয়েছে।

যুদ্ধবিরতি ভেঙে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে ইরানে সর্বশেষ পর্বের বিমান হামলা শুরুর ১৩ দিনের মাথায় মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাভাবেই হামলা বন্ধ করলেও এরই মধ্যে কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো মার্কিন ঘাটি ধুলোয় মিশিয়ে দেয়া হয়েছে। এ সময়ে এফ-ফিফটিন, এফ-থার্টিফাইভসহ অন্তত ১১টি যুদ্ধবিমান, সামরিক হেলিকপ্টার, ১৭টি নজরদারি ড্রোন, রাডার সিস্টেমসসহ শত শত কোটি ডলার খরচ করে দীর্ঘদিনে গড়ে তোলা সামরিক অবকাঠামোসহ ঘাটিগুলো হারানোর পর ডোনাল্ড ট্রাম্প আবারো যুদ্ধবিরতি চাইছে। ইরান চাইছে স্থায়ী সমাধান। দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের প্রত্যাহার।

মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাটি গুটিয়ে নেয়া, হরমুজ প্রণালিতে ইরানি সার্বভৌমত্বের স্বীকৃতিসহ প্রতিটি যৌক্তিক দাবির প্রশ্নে অনড় অবস্থান থেকে ইরানকে টলানো সম্ভব হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প যতবার সামরিক শক্তি দিয়ে ইরানকে পরাস্ত করার মাধ্যমে নিজের মুখ রক্ষার অপচেষ্টা করেছেন, ততবারই আরো গভীর খাদে পড়ে যাচ্ছে। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এক খবরে জানা যায়, ইরানের সমৃদ্ধ পরমানু ছিনিয়ে নিতে সামরিক অভিযানের ছক কষেছিল পেন্টাগণ। এসব এখনো বহাল আছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, ইরানে মার্কিন হামলা ও সামরিক পরিকল্পনার পেছনে মার্কিন রাজনীতিবিদদের চেয়ে ইসরাইল ও আইপাকের লবিস্টদের হাত বেশি লম্বা।

পশ্চিমা বিশ্ব তিন দশক ধরে ইরানের পারমানবিক প্রকল্প, সমৃদ্ধ ইউরেনিয়াম ও এনরিচমেন্ট সক্ষমতা ধ্বংস করতে গিয়ে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে দ্বিধা করছেনা। অথচ দানবীয় অবৈধ রাষ্ট্র ইসরাইলের হাতে থাকা শতাধিক পারমানবিক অস্ত্র নিয়ে তারা কিছুই বলেনা। এ বিষয়ে পশ্চিমা ও জাতিসংঘসহ বিশ্বসম্প্রদায়ের নিরবতা-নিস্ক্রিয়তা বিশ্বকে ভয়াবহ পারমানবিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। ট্রাম্প ও নেতানিয়াহু যখন ইরানের উপর পারমানবিক হামলার হুমকি দেন, তখন এটা নিশ্চিতভাবেই ইরানকে পারমানবিক অস্ত্র নির্মাণ বা অর্জনের দিকে নিয়ে যাচ্ছে। আমেরিকা ও ইসরাইলের হাতে পারমানবিক বোমা বিশ্বের নিরাপত্তার জন্য অনেক বড় হুমকি। কারণ তারা এনপিটিতে স্বাক্ষর করা দেশকে পারমানবিক হামলার হুমকি দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যে নিজের অস্তিত্বের হুমকি না থাকলেও জাপানে পারমানবিক বোমা মেরে লাখ লাখ বেসামরিক মানুষ হত্যা করেছিল। আর ইসরাইল প্রতিবেশি দেশগুলোর উপর সামরিক আগ্রাসন চালিয়ে গ্রেটার ইসরাইল গঠনের নীল নকশা বাস্তবায়নের দানবীয় পরিকল্পনায় গাজা, দক্ষিণ লেবানন ও পশ্চিম তীরে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। জায়নবাদি ইসরাইলের অস্তিত্ব বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি, এ বিষয়টিকে অগ্রাহ্য করে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বশান্তির কোনো প্রচেষ্টাই সফল হবে না। ইরান-আমেরিকা যুদ্ধ বিরতি ও স্থায়ী শান্তি প্রচেষ্টায় ইসরাইল-ফিলিস্তিন প্রসঙ্গ অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই।

bari_zamal@yahoo.com