পৃথিবীকে আমরা স্থির ভেবেই জীবন গড়ে তুলি। ইট-বালুর দেয়ালে স্বপ্নের নকশা আঁকি, আকাশছোঁয়া অট্টালিকায় ভবিষ্যৎ কল্পনা করি। অথচ এই স্থিরতার ভেতরেই লুকিয়ে আছে অস্থিরতার দীর্ঘ ইতিহাস। ভূত্বকের গভীরে টেকটোনিক প্লেটের অদৃশ্য সংঘর্ষে জমতে থাকে শক্তি। একসময় তা মুক্তি পায় কম্পনের বিস্ফোরণে। কয়েক সেকেন্ডের সেই কাঁপন মুহূর্তেই বদলে দিতে পারে একটি শহরের মানচিত্র, একটি পরিবারের ভাগ্য, এমনকি একটি জাতির অর্থনীতির গতিপথ।\r\nদক্ষিণ এশিয়ার ভূতাত্ত্বিক বাস্তবতায় বাংলাদেশ একটি সংবেদনশীল অঞ্চলে অবস্থিত। ভারতীয় প্লেট উত্তর দিকে ধাবিত হয়ে ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। এই বৃহৎ প্রক্রিয়ার প্রভাব বিস্তৃত সমগ্র উপমহাদেশজুড়ে। ভূকম্পন বিশেষজ্ঞদের মতে, আমাদের উত্তর-পূর্বাঞ্চল ও পার্বত্য অঞ্চল ঘিরে একাধিক সক্রিয় ফল্টলাইন রয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, ১৮৯৭ সালের মহান আসাম ভূমিকম্প, ১৯১৮ সালের শ্রীমঙ্গল ভূমিকম্পে এই ভূখ- বড় কম্পনের অভিজ্ঞতা আগেও পেয়েছে। অর্থাৎ, বিপদ কল্পিত নয়; এটি সম্ভাব্য এবং পুনরাবৃত্ত।