তেল বাজারের অস্থিরতাকে কেন্দ্র করে সহিংসতায় দেশে প্রথম প্রাণহানির ঘটনা ঘটল ঝিনাইদহে, গত শনিবার। প্রাণ হারালেন নিরব হোসেন। একই দিন দুপুরে নাটোরের সিংড়ায় মাটির নিচে পানির ট্যাঙ্কে লুকিয়ে রাখা ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার হলো। সোমবার সিলেটের এক পাম্পের কর্মীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেটের সব পাম্পে চলে প্রতীকী ধর্মঘট। মঙ্গলবারই সমকালের প্রতিবেদনের শিরোনাম– ‘সারাদেশে পণ্য পরিবহন ব্যাহত, বেড়েছে ভাড়াও’।
এই যে অস্থিরতা ও সামাজিক বিশৃঙ্খলা, এখানে গুরুত্বপূর্ণ অংশ হলো আতঙ্ক। সে আতঙ্ক নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল নীতিনির্ধারকদের হাতে। সময়োচিত পরিকল্পনা, মজুত সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া, ভবিষ্যৎ আমদানি সম্পর্কে অবহিত করার প্রয়োজন ছিল। আট ঘণ্টা অফিস করে চার ঘণ্টা পাম্পের সামনে দাঁড়িয়ে থাকার দৃশ্য এখন রাজধানীর বাইরেও। এর পরও জ্বালানি তেল না পেয়ে ফিরে যাচ্ছে মানুষ। ভোক্তা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার শঙ্কা শুরু হয়েছে। ঈদকেন্দ্রিক বাণিজ্য পড়েছে ক্ষতির মুখে।
৯ মার্চ সোমবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, ‘ভোজ্যতেলের দাম একটুও বাড়বে না’। ৭ মার্চ জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আশ্বাস দিয়েছেন, ‘তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই, বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা করছে সরকার।’ কিন্তু মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে জ্বালানি তেলের বাজারে সরবরাহ, সংরক্ষণ সক্ষমতা এবং দাম নিয়ে যে এমন আতঙ্কের পরিস্থিতি তৈরি হতে পারে, তা বোধ হয় তারা আন্দাজ করে উঠতে পারেননি। অথবা কৃত্রিম সংকট তৈরি করে চাহিদা বাড়ানো হতে পারে, এমন জটিল বিষয়েও তারা অবগত ছিলেন না। কিংবা এ বিষয়ে জনসাধারণের জন্য কোনো বিবৃতি দেওয়ার প্রয়োজন মনে করেননি।
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই মানুষের আতঙ্ক শুরু হয়েছিল জ্বালানি তেল নিয়ে। সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ পথ দিয়েই পরিবাহিত হয়। গত ২ মার্চ ইরান ঘোষণা দেয়– কোনো জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলে আগুন ধরিয়ে দেওয়া হবে। এ ঘোষণার পর পরিস্থিতি আরও জটিল হয়।
এই আতঙ্ক থেকেই শুরু হয় ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কের কেনাকাটার প্রবণতা। রাজধানীসহ দেশের সব জেলা শহরের পাম্পে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন শুরু হয় ৫ মার্চ থেকে। এমনিতেও দেশের যে কোনো সংকটকালে মানুষ বিপন্ন বোধ করে এবং নিশ্চয়তার জন্য মজুত করতে চায়। এ দৃশ্য করোনা অতিমারির সময় গোটা বিশ্বে দেখা গিয়েছিল। অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, নেবুলাইজার এমনকি ভেন্টিলেটরের যন্ত্রপাতি কিনেও মজুত করেছিল মানুষ। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের মানুষও তখন মজুত করেছে ওষুধ থেকে খাবার।
সংকটে মানুষের সংগ্রহের এক নিদারুণ বর্ণনা পাওয়া যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘মন্বন্তর’ উপন্যাসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে সরকার জনসাধারণের কল্যাণে ন্যায্যমূল্যের দোকান চালু করেছিল। কিন্তু তা এতই অপ্রতুল ছিল, তারাশঙ্কর লিখছেন– ‘কেরোসিনের কিউয়ে দাঁড়িয়ে তেল আনতে এ বেলায় গেলে ও বেলার আগে ফেরা যায় না।’ ১৯৪৩ সালের সেই বর্ণনা যেন জীবন্ত হয়ে উঠেছে বর্তমানে তেলের পাম্পগুলোতে।
প্যানিক বায়িংয়ের প্রথম কুফল হচ্ছে বাজার ব্যবস্থার ভারসাম্যহানি। চাহিদা অযৌক্তিকভাবে বৃদ্ধি পেলে সরবরাহ স্বাভাবিক থাকলেও বাজারে ঘাটতির বিভ্রম সৃষ্টি হয়। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা মজুতদারি ও কালোবাজারির আশ্রয় নেয়। নাটোরে মাটির নিচে ১০ হাজার লিটার ডিজেলের মতো সংকটকালে মজুতের দৃশ্য পাওয়া যাবে দুর্ভিক্ষ নিয়ে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ‘নক্র’ ছোটগল্পে। কেন্দ্রীয় চরিত্র ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট নিশিকান্ত অধিক লাভের আশায় কালোবাজারি করে ৮০০ মণ ধান গোলায় মজুত রেখেছিলেন। অথচ তাঁর গ্রামের মতিলাল ও তার স্ত্রী ক্ষুধার জ্বালা সইতে না পেরে আত্মহত্যা করেছিল। এই মজুতের প্রবণতা সামাজিক বৈষম্যকে তীব্রতর করে। ধনী ও সচ্ছল শ্রেণি অধিক পরিমাণে দ্রব্য সংগ্রহ করতে সক্ষম হলেও নিম্ন আয়ের মানুষ প্রতিযোগিতায় পিছিয়ে যায়। সীমিত আয়ের ওপর নির্ভরশীল মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তখন অপ্রাপ্য হয়। এতে নষ্ট হয়ে যায় সামাজিক সংহতি। জন্ম হয় নৈতিক অবক্ষয়ের।
সামাজিক সংহতি ভেঙে যাওয়ার উদাহরণ হয়ে রইল ঝিনাইদহে নিরব হোসেনের মৃত্যু, সিলেটে পাম্প কর্মীকে ছুরিকাঘাত। ঝিনাইদহের বাস টার্মিনাল এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়েছিলেন নিরব। কর্মীরা জানিয়েছিলেন– তেল নেই, পাম্প বন্ধ। অন্য পাম্পে গিয়েও তেল না পেয়ে ফিরে আসার সময় দেখেছিলেন আগের সেই স্টেশনে বোতলে করে বিক্রি হচ্ছে তেল। সেখান থেকে বাগ্বিতণ্ডা শুরু। অতঃপর এক পর্যায়ে পাম্প কর্মীদের হামলায় নিহত হন নিরব।
ইতিহাসের বিভিন্ন পর্বে যুদ্ধ, মহামারি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক মন্দা মানবসমাজকে নানা রকম পরীক্ষার মুখে ঠেলে দেয়। কিন্তু সংকটের সঙ্গে মোকাবিলার পদ্ধতি মানবিক ও যুক্তিনির্ভর হওয়া প্রয়োজন। তা না হয়ে আতঙ্কনির্ভর হলে এটি সংকটকে লঘু না করে বরং বহুগুণ বাড়িয়ে তোলে। এই সামাজিক সংকট হিসেবে প্যানিক বায়িং শুরুর আগেই দেশের সক্ষমতা, প্রস্তুতি এবং পরিকল্পনা জনগণের কাছে উন্মুক্ত করার প্রয়োজন ছিল সরকারের।
সাদিয়া মাহ্জাবীন ইমাম: সহকারী সম্পাদক, সমকাল
