মানুষ যখন একা থাকে, তখন সে শুধু নিজের জন্য বাঁচে। কিন্তু যখন সে অন্যের কথা ভাবতে শেখে, তখনই সে সত্যিকারের মানুষ হয়ে ওঠে। মানবকল্যাণ এই চিন্তারই বহির্প্রকাশ একজনের সুখ-দুঃখকে অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া এবং সমাজের সবচেয়ে দুর্বল ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর নাম।\r\nবাংলাদেশের প্রেক্ষাপটে মানবকল্যাণের ধারণা নতুন কিছু নয়। আমাদের সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যে দান, সেবা, সহানুভূতি ও পরোপকারের কথা বারবার উঠে এসেছে। মসজিদ-মাদ্রাসা-মন্দির-গির্জা থেকে শুরু করে স্থানীয় ক্লাব, স্কুল-কলেজের প্রাক্তন ছাত্র সমিতি, এমনকি রাস্তার মোড়ে বসে থাকা একজন অচেনা মানুষও সবাই মিলে এই দেশে একটি অদৃশ্য মানবকল্যাণের জাল বুনেছে।
তবু আজকের দ্রুত পরিবর্তনশীল সমাজে এই মূল্যবোধ কিছুটা ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে।\r\nসাম্প্রতিক বছরগুলোতে বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, করোনা মহামারি একের পর এক বিপর্যয় আমাদের সামনে এসেছে। প্রতিবারই দেখা গেছে, সরকারি সাহায্যের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া পরিস্থিতি মোকাবিলা করা প্রায় অসম্ভব হয়ে পড়ত। ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ কমিউনিটি, স্থানীয় যুব সংগঠন, এমনকি একক ব্যক্তির উদ্যোগেও হাজার হাজার মানুষের মুখে খাবার পৌঁছেছে, শীতবস্ত্র বিতরণ হয়েছে, চিকিৎসার ব্যবস্থা হয়েছে। এগুলোই আধুনিক মানবকল্যাণের জ্বল জ্বলে উদাহরণ। কিন্তু প্রশ্ন হলো-এই স্বতঃস্ফূর্ততা কি দীর্ঘমেয়াদি হতে পারে? দুর্যোগের সময় আমরা যে ঐক্য দেখাই, স্বাভাবিক সময়ে সেই ঐক্য কোথায় যায় ? শহরের ফুটপাতে ঘুমন্ত মানুষ, বস্তির শিশুরা যারা সারাদিন কাজ করে মাত্র ১৫০-২০০ টাকা আয় করে, তাদের জন্য আমাদের দৈনন্দিন কর্মসূচিতে কতটুকু জায়গা থাকে ?\r\nআজকের মানবকল্যাণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টেকসই ও সংগঠিত হওয়া। ছোট ছোট উদ্যোগগুলোকে একত্রিত করে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা এখন সময়ের দাবি। শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুরক্ষা এসব ক্ষেত্রে শুধু ত্রাণ নয়, স্থায়ী সমাধানের দিকে নজর দেওয়া জরুরি। একজন মানুষের জীবন বদলে দেওয়ার জন্য প্রয়োজন হয়ত লাখ লাখ টাকা নয়। কখনো একটি বই, একজোড়া জুতা, একটি দক্ষতা প্রশিক্ষণ, অথবা শুধু একটু সময় ও মনোযোগই যথেষ্ট হয়ে ওঠে। প্রতিটি মানুষের মধ্যেই মানবকল্যাণের সম্ভাবনা লুকিয়ে আছে শুধু সেটিকে জাগিয়ে তোলার প্রয়োজন।\r\nউত্তর বাড্ডা, ঢাকা থেকে
