আধুনিক সভ্যতাকে যদি একটি মাত্র উপাদানে সংজ্ঞায়িত করতে বলা হয়, তবে সেটি নিঃসন্দেহে প্লাস্টিক। সকালে ঘুম থেকে ওঠার পর টুথব্রাশ হাতে নেওয়া থেকে শুরু করে, রাতে ঘুমানোর আগে পানির বোতল পর্যন্ত দিনের প্রতিটি মুহূর্ত, প্লাস্টিকের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। এক সময় যা ছিল বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার, আজ তা মানবসভ্যতার জন্য অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে। আমরা এমন এক জীবনব্যবস্থা গড়ে তুলেছি, যেখানে প্লাস্টিক ছাড়া একটি দিন কল্পনা করাও কঠিন হয়ে পড়ে। কিন্তু এই সহজলভ্য ও সস্তা উপাদানটি আমাদের অজান্তেই শরীরের ভেতর এক ভয়াবহ বিষক্রিয়া ছড়িয়ে দিচ্ছে। প্লাস্টিক দূষণকে আমরা এতদিন কেবল পরিবেশগত সমস্যা হিসেবে দেখে এসেছি। অথচ চিকিৎসাবিজ্ঞান ও সাম্প্রতিক গবেষণাগুলো বলছে, এটি এখন আর কেবল পরিবেশের ক্ষতি করছে না বরং সরাসরি জনস্বাস্থ্যের ওপর বড় ধরনের আঘাত হানছে।
প্লাস্টিকের ওপর আমাদের এই নির্ভরতা এক দিনে তৈরি হয়নি। এর স্থায়িত্ব এবং কম খরচের কারণে এটি দ্রুতই কাচ বা মাটির মতো প্রাকৃতিক উপাদানগুলোকে বাজার থেকে সরিয়ে দিয়েছে। আমরা বাজার করতে গেলে পলিথিন চাই এবং পানি খেতে গেলে প্লাস্টিকের বোতল খুঁজি। এই স্বাচ্ছন্দ্য আমাদের অন্ধ করে রেখেছে। আমরা ভুলে গেছি যে, প্লাস্টিক পচনশীল নয়। এটি প্রকৃতিতে মিশে যেতে শত শত বছর সময় নেয়। কিন্তু আসল ভয়ের কারণ দৃশ্যমান প্লাস্টিক বর্জ্য নয় বরং অদৃশ্য মাইক্রোপ্লাস্টিক। বড় প্লাস্টিক ভেঙে যখন ক্ষুদ্রাতিক্ষুদ্র কণায় পরিণত হয় তখন তাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এই কণাগুলো এতটাই ছোট যে, খালি চোখে দেখা যায় না। বাতাসের মাধ্যমে বা পানির সঙ্গে মিশে এগুলো আমাদের শরীরে প্রবেশ করছে।
সাম্প্রতিক গবেষণায় মানুষের রক্তে এবং এমনকি মাতৃগর্ভে থাকা ভ্রƒণের প্লাসেন্টাতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এর অর্থ হলো, জন্মের আগেই একটি শিশু প্লাস্টিক দূষণের শিকার হচ্ছে যা মানবজাতির ভবিষ্যতের জন্য এক অশনি সংকেত। আমরা যখন প্লাস্টিকের পাত্রে গরম খাবার খাই বা প্লাস্টিকের কাপে চা পান করি, তখন তাপের সংস্পর্শে এসে প্লাস্টিক থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ খাবারের সঙ্গে মিশে যায়। চিকিৎসকরা বলছেন, বর্তমান সময়ে প্রজনন ক্ষমতা হ্রাস এবং থাইরয়েডের সমস্যার পেছনে এই রাসায়নিকগুলোর বড় ভূমিকা রয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদে এসব রাসায়নিক ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। প্লাস্টিক পোড়ানোর ফলে যে বায়ুদূষণ হয়, তা জনস্বাস্থ্যের জন্য আরেক বড় হুমকি। অনেক সময় বর্জ্য ব্যবস্থাপনার অভাবে স্তূপ করে রাখা প্লাস্টিক পুড়িয়ে ফেলা হয়। প্লাস্টিক পোড়ালে ডাইঅক্সিন ও ফিউরানের মতো বিষাক্ত গ্যাস নির্গত হয়। যারা দীর্ঘসময় ধরে দূষিত বাতাসে শ্বাস নেন তাদের ফুসফুসের ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি সাধারণের চেয়ে অনেক বেশি থাকে। বিশেষ করে শিশুদের ওপর এর প্রভাব অত্যন্ত নেতিবাচক। আমাদের শহরের বাতাস এমনিতেই দূষিত তার ওপর প্লাস্টিক পোড়ানোর ধোঁয়া সেই দূষণকে অসহনীয় পর্যায়ে নিয়ে যাচ্ছে।
একজন ক্যানসার বা কিডনি রোগীর চিকিৎসার খরচ বহন করতে গিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়। প্লাস্টিক দূষণজনিত রোগের কারণে জাতীয় স্বাস্থ্য খাতে যে চাপ পড়ে তা অর্থনীতির জন্য এক বিশাল বোঝা। প্লাস্টিকের বিকল্প নিয়ে কথা বলা হলেও বাস্তবে তার প্রয়োগ খুব একটা দেখা যায় না। পাটের সোনালি ব্যাগ বা কাপড়ের ব্যাগের কথা শোনা গেলেও বাজারে তার উপস্থিতি নগণ্য। এর প্রধান কারণ হলো প্লাস্টিকের সহজলভ্যতা এবং বিকল্প পণ্যের উচ্চমূল্য। সাধারণ মানুষ বাধ্য হয়েই প্লাস্টিক ব্যবহার করছে। তবে এখানে সচেতনতার অভাবও প্রকট। তাই সমাধানের মূল পথ হলো, প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার কমানো। সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতির ধারণাকে কাজে লাগিয়ে এমন পণ্য তৈরি করতে হবে যা বারবার ব্যবহার করা যায় এবং পরিবেশের ক্ষতি করে না। শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবার থেকে প্লাস্টিকবিরোধী সচেতনতা তৈরি করতে হবে। শিশুদের বোঝাতে হবে, প্লাস্টিকের চিপসের প্যাকেট বা জুসের স্ট্র কেবল আবর্জনা নয় বরং এটি তাদের স্বাস্থ্যের শত্রু। আমাদের পাঠ্যপুস্তকে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর প্লাস্টিকের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা থাকা উচিত। সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি পরিবেশবান্ধব পণ্য উৎপাদনকারীদের কর ছাড় ও ভর্তুকি দিতে হবে যাতে সাধারণ মানুষ কম দামে বিকল্প পণ্য কিনতে পারে। প্লাস্টিক শিল্পের ওপর উচ্চহারে কার্বন ট্যাক্স বা পরিবেশ কর আরোপ করা যেতে পারে যা দূষণ নিয়ন্ত্রণে সহায়ক হবে।
এখনই যদি আমরা প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে আনতে না পারি তবে অদূর ভবিষ্যতে পৃথিবী একটি বিশাল প্লাস্টিকের ভাগাড়ে পরিণত হবে। তখন বিশুদ্ধ বাতাস বা নিরাপদ খাবার পাওয়া অসম্ভব হয়ে পড়বে। আমাদের নিজেদের স্বার্থেই এই আত্মঘাতী পথ থেকে সরে আসতে হবে। সাময়িক সুবিধার জন্য আমরা নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জীবন বিপন্ন করতে পারি না। এটি স্পষ্ট যে প্লাস্টিক সংকট এখন আর কেবল পরিবেশবাদীদের আলোচনার বিষয় নয়। এটি একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট। আমাদের শরীর ও রক্তে প্লাস্টিকের উপস্থিতি প্রমাণ করে যে আমরা বিপদসীমা অতিক্রম করে ফেলেছি। এখন আর সতর্ক হওয়ার সময় নেই বরং এখন সময় প্রতিরোধের। জীবনযাত্রার ধরন পরিবর্তন করা কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয়। কাচ, মাটি, পাট ও ধাতব পণ্যের ব্যবহার ফিরিয়ে আনার মাধ্যমে আমরা প্লাস্টিকের শেকল ভাঙতে পারি। একটি সুস্থ ও সুন্দর পৃথিবীর জন্য প্লাস্টিকমুক্ত জীবনযাপন কেবল একটি সেøাগান নয় বরং এটি বাঁচার একমাত্র উপায়। নীতিনির্ধারক থেকে শুরু করে সাধারণ নাগরিক সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে আমাদের এই প্লাস্টিক মহামারী থেকে রক্ষা করতে। আসুন আমরা প্লাস্টিককে না বলি এবং জীবনের জয়গান গাই।
লেখক : সংগঠক ও কলামিস্ট
shariabrur@gmail.com
