বাংলাদেশকে একসময় নদীমাতৃক বলা হলেও এখন এর অতীত কৌলিন্য হারিয়েছে। প্রভাবশালীদের দখল দৌরাত্ম্য, স্থানীয় প্রশাসনের অপরিকল্পিত উন্নয়ন, অবৈধ শিল্প-কারখানা স্থাপন, অবৈধ বাঁধ ও ঘের দিয়ে মাছ চাষ সর্বোপরি জলবায়ু পরিবর্তনজনিত কারণে নদীর গতিপথ বদলে যাওয়ায় অধিকাংশ নদ-নদী বর্তমানে মৃতবৎ। এর বাইরেও রয়েছে প্রতিবেশী দেশ ভারত কর্তৃক দুই দেশের অভিন্ন নদীর উজানে একাধিক বাঁধ ও ব্যারাজ নির্মাণ। যার ফলে গঙ্গা, পদ্মা, তিস্তা প্রমুখ নদীর স্বাভাবিক প্রবাহ অবরুদ্ধ প্রায়।
যে কারণে ছোট নদীগুলো বাদ দিলেও বড় নদীগুলোরও যেন মরণ দশা উপস্থিত। অথচ নদ-নদী শুধু বাংলাদেশের মানচিত্র ও ভূগোলের উৎস নয়, বরং আমাদের ইতিহাস ঐতিহ্য, দৈনন্দিন জীবন-জীবিকা, অর্থনীতি, সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে বিজড়িত ওতপ্রোতভাবে। আবহমানকাল ধরে এসব নদী দেশের কৃষ্টি, যোগাযোগ ব্যবস্থা, চাষাবাদ, ব্যবসা-বাণিজ্য, মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্যসহ প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায়ও রাখে অতুলনীয় ও অনিবার্য ভূমিকা। দুঃখজনক ও মর্মান্তিক হলো, অধিকাংশ নদ-নদী বর্তমানে দখলবাণিজ্য, অব্যাহত দুষণ ও অব্যবস্থাপনায় জর্জরিত ও মৃতপ্রায়। রাজধানীর চারপাশের চারটি নদী সম্পর্কেও একই কথা প্রযোজ্য। সম্প্রতি তুরাগ নদকে লিগ্যাল পারসন, জুরিস্টিক পারসন বা জীবন সত্তা অভিহিত করে এক ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। জীবন সত্তা ঘোষণা করায় একজন মানুষ যেমন আইনগত অধিকার প্রতিষ্ঠার সুযোগ পান, তেমনি নদ-নদীরও আইনগত প্রতিষ্ঠার সুযোগ হয়। দেশে নদ-নদীকে জীবন সত্তা ঘোষণার রায় এই প্রথম। উল্লেখ্য, ইতোপূর্বে নিউজিল্যান্ড নদ-নদীকে জীবন সত্তা ঘোষণা করে প্রথম আইন পাস করে। গঙ্গা-যমুনাকে জীবন সত্তা ঘোষণা দিয়ে রায় দিয়েছে ভারতের আদালত।
তাই নদ-নদীর জীবন প্রবাহ রক্ষা করতে হলে দেশের অবশিষ্ট নদ-নদীগুলোকেও জীবন সত্তা ঘোষণা করা অপরিহার্য। কেননা, অবৈধ বিত্তবান ও ক্ষমতাবানদের দ্বারা প্রতিনিয়ত প্রতিদিন কম বেশি নদী দখল ও দূষিত হচ্ছে। অবৈধ স্থাপনা তৈরি করার ফলে নদী সংকুচিত হয়ে পড়ছে ক্রমশ। অনেক ক্ষেত্রে এমনকি প্রবাহও অবরুদ্ধপ্রায়। এসব বিষয় বিবেচনায় নিয়ে রাজধানীর সন্নিকটে তুরাগ নদকে জীবন সত্তা আখ্যায়িত করেছে হাইকোর্ট, যা দেশের অন্যান্য নদ-নদীর ক্ষেত্রেও অবশ্যই প্রযোজ্য। রাজধানী ঢাকার চারপাশ পরিবেষ্টিত তুরাগ, বালু, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যাকে ঘিরে এহেন সংকুচিত তথা করুণ দশা এখনই দৃশ্যমান। দেশের প্রায় সর্বত্রই একই অবস্থা বিরাজমান। সে অবস্থায় নদ-নদীকে জীবন সত্তা অভিহিত করে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে আইন পাস এখন সময়ের দাবি। নদীমাতৃক বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থায় নদীপথের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না, বিশেষ করে মালামাল ও যাত্রায়াতের ক্ষেত্রে। এও সত্য যে, দেশের অধিকাংশ নদ-নদীই বৃষ্টি ও বর্ষা মৌসুম বাদে নাব্য নয়। যে কারণে সারা বছর নৌপথগুলো সচল রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক স্থানে নদ-নদী ভরাট হয়ে শীর্ণতোয়া অথবা শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সে অবস্থায় নদীর নাব্য উন্নয়ন ও নদী সিকস্তি পুনরুদ্ধার করে অভ্যন্তরীণ নৌপথে সারা বছর নৌচলাচল নিশ্চিত করা আবশ্যক।
