বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের আলোকে গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে, জুলাই-আগস্টের বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে দীর্ঘ রাজনৈতিক অস্থিতিশীলতার উত্তাপ ও অনিশ্চয়তার অবসান ঘটল। এখন থেকে উৎসবমুখর ও ভয়মুক্ত পরিবেশে গোটা জাতি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে অপেক্ষা করবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর- বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে নতুন পর্যায়ে প্রবেশ করেছে, তাতে এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং গণতান্ত্রিক আস্থার পুনর্গঠনেরও অগ্নিপরীক্ষা। প্রায় ১৬ বছরের আওয়ামী দুঃশাসনে মানুষ ভোট দেওয়ার কথা ভুলেই গিয়েছিল।
আমরা মনে করি, তফসিল ঘোষণার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার যে গুরুদায়িত্ব পালন করেছে গত ১৬ মাসে তা আগামী মাসগুলোতে দেশের নাগরিকদের জীবনে রাজনৈতিক পথরেখা নির্দেশ করে টেকসই গণতন্ত্র উপহার দেবে। আমাদের বিশ্বাস, নির্বাচন কমিশন সে প্রস্তুতি সম্পন্ন করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোটের আয়োজন- ইসির জন্য যেমন প্রশাসনিক চ্যালেঞ্জ, তেমনি জনগণের অংশগ্রহণ ও জনমতের প্রকৃত প্রতিফলন নিশ্চিত করাও একটি নতুন অভিজ্ঞতা। শীত মৌসুমে বেলা ছোট হওয়ায় ভোটের সময় ১ ঘণ্টা বাড়ানো, গোপন কক্ষের সংখ্যা বাড়ানো, নিসঃন্দেহে প্রশংসনীয় পদক্ষেপ। ভোটের আয়োজন আরও উৎসবমুখর ও নিরাপদ করতে ৯ লাখের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে, যা স্বাধীনতার পর ইতিহাসে সর্বোচ্চ প্রস্তুতি।
আমরা আশাবাদী নাসির কমিশন একটি অংশগ্রহণমূলক, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে। স্বাধীন বাংলাদেশে ৭ মার্চ ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তৎকালীন কুমিল্লা-১০ (দাউদকান্দি) আসনে ভোটগ্রহণ চলাকালে আওয়ামী লীগের সশস্ত্র লোকজন বেশকিছু কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই করে, বাক্স দখলে নিয়ে, জোরপূর্বক নৌকা মার্কায় সিল মারেন। গোটা দেশে নির্বাচনের সময় ও পরে নানা অনিয়মের অভিযোগ ওঠে- ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র দখল, পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রবেশে বাধাসহ নানা অভিযোগ ওঠে তৎকালীন জাতীয়-আন্তর্জাতিক গণমাধ্যমে। তখন থেকেই আমাদের দেশে নির্বাচনে একদলীয় প্রভাব, ব্যালট ছিনতাই এবং নির্বাচনী অনিয়মের ঐতিহাসিক কলঙ্ক যাত্রা। যার কমবেশি প্রভাব ২০২৪-এর ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত চলমান ছিল।\r\nঅন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন ও গণভোট দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠতে পারে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে সেই প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। এই নির্বাচন কেবল একটি সরকার নির্বাচন নয়; এটি হবে আস্থা পুনর্গঠনের পরীক্ষা, গণতান্ত্রিক সংস্কৃতির পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর। এ মুহূর্তে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ ও আচরণবিধি প্রতিপালনে সমন্বিত প্রয়াস। তফসিল ঘোষণার এই মুহূর্তে জাতির প্রত্যাশা- একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সর্বজনীন নির্বাচন, যা ভবিষ্যতের বাংলাদেশকে আরও স্থিতিশীল পথে এগিয়ে নেবে। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক, এমন প্রত্যাশা গোটা জাতির।
