ঢাকাই মধ্যবিত্তের কাছে শীতকাল যতটা ‘রোমান্টিক’ ঋতু, উত্তরবঙ্গে ততটা নয়; বিশেষত বিস্তীর্ণ প্রান্তর ও বিস্তৃত নদী অববাহিকায় পৌষ ও মাঘ মাস একই সঙ্গে কষ্টসহিষ্ণু ও কর্মমুখর সময়। ঢাকাই মধ্যবিত্ত যত সহজে লেপের নিচ থেকে ‘শীতকাল কবে আসবে সুপর্ণা’ কবিতায় ফেসবুক স্ট্যাটাস দিতে পারে, পঞ্চগড় কিংবা নওগাঁর কৃষক কিংবা জেলের জন্য শীতল জমি ও জলার কারবার ততটাই কঠিন। কেবল তাই নয়, বর্তমানে এ দেশের কৃষিতে ফসলের সবচেয়ে বড় আয়োজন বোরো মৌসুম কেমন যাবে, সেটাও নির্ভর করে শীতকালের তাপামাত্রার ওপর। বাংলাদেশের বাস্তবতায় শীতকাল নিছক উৎসবের ঋতু নয়; বরং কৃষক, মজুর, খেটে খাওয়া মানুষের স্বাস্থ্য ও সংগতির প্রশ্ন।

বঙ্গীয় সংস্কৃতিতে যদিও যে কোনো শীত কিংবা গ্রীষ্মকালকেই ‘সবচেয়ে বেশি’ আখ্যা দেওয়ার প্রবণতা রয়েছে; এবারের শীতকালে পৌষের প্রথম থেকে সত্যিই তাপমাত্রা সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে বেশি নেমেছে। বস্তুত বিশ্ব আবহাওয়া সংস্থা গত বছরই জানিয়েছিল, এবারের শীতকাল ‘লা নিনা’ পর্যায়ে পড়তে যাচ্ছে। বাস্তবে সেটাই ঘটছে। এই নিবন্ধ যখন লিখছি, উত্তরবঙ্গের দুই বিভাগ রংপুর ও রাজশাহীর ১৬টিসহ দেশের ২০টি জেলাজুড়ে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও তাপমাত্রা নেমে যাচ্ছে ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

এর আগেও সাম্প্রতিক কোনো কোনো শীতকালে তাপমাত্রা আরও কমে গিয়েছিল, যেমন ২০১৮ সালে রংপুর ও রাজশাহী বিভাগে তাপমাত্রা কোথাও কোথাও ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছিল। কিন্তু নিম্নবিত্ত মানুষের জন্য পরিস্থিতি এবারের মতো সঙ্গিন হয়নি দুটো কারণে।

প্রথম কারণটি প্রাকৃতিক। এবার দেখা যাচ্ছে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান খুব কম। অন্যান্য বছর গভীর রাতে বা ভোরে তাপমাত্রা অনেক কম থাকলেও দুপুরের দিকে সেটা বেড়ে যেত। এর ফলে সন্ধ্যা নামতে নামতে ভোরের শীতল আবহাওয়া খানিকটা উষ্ণ হতো। কিন্তু এবার দেখা যাচ্ছে, দিন-রাত প্রায় একই তাপমাত্রা থাকছে। ফলে প্রকৃতি তাপমাত্রা কমানোর সুযোগই পাচ্ছে না। দিনে উষ্ণতার ঘাটতি নিয়েই মোকাবিলা করতে হচ্ছে পরের রাতের শীতলতা। পরদিনের বিদ্যমান শৈত্যের সঙ্গে যুক্ত হচ্ছে আগের দিনের বাড়তি শৈত্য। এর প্রভাব পড়ছে বিশেষত ফসলের ক্ষেতে। পৌষের এই সময়ে মাঠে থাকে নানা রবিশস্য। মাঘের আগেই এগুলো আহরণ-উপযোগী পরিণত ও পরিপক্ব হওয়ার জন্য এবং ক্ষেত থেকে গোলা বা বাজারে তোলা পর্যন্ত সংরক্ষণের জন্য সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে বেশ কয়েক ডিগ্রি সেলসিয়াস ব্যবধান থাকতে হয়। এবার সেই ব্যবধান কমে যাওয়ায় ক্ষেতের মধ্যে আহরণ-উপযোগী হতে যেমন, তেমনই ক্ষেত থেকে তোলার পর সংরক্ষণে সমস্যা দেখা দিচ্ছে।

গত সপ্তাহে সমকালে প্রকাশিত এ সংক্রান্ত এক প্রতিবেদনে দেশজুড়ে রবিশস্যের দুর্গতি স্পষ্ট হয়েছে: ‘মাঠে মাঠে এখন সরিষা, আলু, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন, মরিচসহ নানা রবিশস্য। কোথাও কোথাও ফসল ঘরে তোলার সময়ও হয়েছে। তবে কয়েক সপ্তাহ ধরে সূর্যের দেখা মিলছে না। রাতের শিশির আর দিনের ঘন কুয়াশায় এসব ফসল ঝুঁকিতে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে বোরো ধানের বীজতলা ও আলুক্ষেতে’ (৬ জানুয়ারি ২০২৬)।

সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়, খাদ্যশস্যের প্রধান মৌসুম বোরো ধানের বীজতলাও সংকটে পড়েছে। সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিভিন্ন এলাকায় বোরো ধানের বীজতলা এরই মধ্যে বিবর্ণ হতে শুরু করেছে। রাতের তীব্র ঠান্ডা আর দিনের কুয়াশায় ধানের চারা ঠিকমতো গজাচ্ছে না। কোথাও চারা হলুদ হয়ে যাচ্ছে, কোথাও পচন ধরছে। রাজশাহীর চারঘাটের বরকতপুর গ্রামের কৃষক একরামুল হক বলেন, চার বিঘা জমিতে বোরো আবাদ করার প্রস্তুতি হিসেবে বীজতলা তৈরি করেছি। কয়েক দিনের কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় বীজ ঠিকমতো গজায়নি। যেগুলো উঠেছে, সেগুলোও ফ্যাকাসে হয়ে যাচ্ছে। বীজতলায় পানি বদলানো, ঢেকে রাখা– সব চেষ্টা করেও নিশ্চিত হতে পারছি না চারা রোপণের উপযোগী হবে কিনা (৬ জানুয়ারি ২০২৫)। এটা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই যে, যদি বোরো ধানের বীজতলা ঠিকমতো না হয়, এর প্রভাব পড়বে আসন্ন বোরো উৎপাদনে। আর দেশের প্রধান খাদ্যশস্যের প্রধান মৌসুমই যদি উৎপাদন ঘাটতিতে পড়ে, এর ‘কিউম্যুলেটিভ ইফেক্ট’ হবে ব্যাপক।

শীতকালের এমন মূর্তির জন্য জলবায়ু পরিবর্তনের অভিঘাতকে দায়ী করা মানুষের সংখ্যা দেশে নেহাত কম নেই। বিশেষত বৈশ্বিক এই দুর্যোগ মোকাবিলায় দেশি-বিদেশি প্রকল্প ও অর্থায়ন যেহেতু প্রতুল। জলবায়ু পরিবর্তনের অভিঘাত যে ক্রমেই প্রবল হয়ে উঠছে, ডোনাল্ড ট্রাম্পের শিষ্যরা ছাড়া সেটা কেউ অস্বীকারও করবে না। কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশে শীত ও গ্রীষ্ম ক্রমেই চরমপন্থি হয়ে উঠছে মূলত বনভূমি ও জলাভূমিবিরোধী কর্মকাণ্ডের কারণে। খোদ জলবায়ু পরিবর্তনের নেপথ্যেও কেবল বৈশ্বিক নয়, স্থানীয় পরিবেশ বিনাশী তৎপরতাও দায়ী।

এবার শীতকাল সঙ্গিন হয়ে ওঠার দ্বিতীয় কারণটি প্রাকৃতিক নয়; রাজনৈতিক। শীতপ্রধান দেশগুলোতে যেমন প্রস্তুতি নেওয়া হয়, সেটা বাংলাদেশে কেউ প্রত্যাশা করে না নিশ্চয়। বাংলাদেশে শীতকাল এত সংক্ষিপ্ত যে, বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো প্রস্তুতি নেওয়ারও প্রয়োজন পড়ে না। ঘূর্ণিঝড় বা বন্যার মতো দামামা বাজিয়ে না এসে আততায়ীর মতো সন্তর্পণে নাজুক মানুষ বা ফসলকে মেরে যায় বলে এই ঋতু ‘দুর্যোগকাল’ হিসেবে জনপরিসরে স্থান পায় না; বরং ‘উৎসব’ হিসেবে যে উদযাপিত হয়, শুরুতেই বলেছি। তারপরও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে প্রতিবছর কম্বল কেনা হয় শীতর্তদের মধ্যে বিতরণের জন্য। অনিয়ম ও স্বজনপ্রীতি সত্ত্বেও এর ইতিবাচক প্রভাব নিশ্চয়ই রয়েছে। কিন্তু এ বছর কম্বল ক্রয় ও বিতরণ শুরু হয়েছে পৌষের অর্ধেক যাওয়ার পর। প্রয়োজনীয় সব কম্বল ক্রয় ও বিতরণ যখন সম্ভব হবে, ততদিনে উষ্ণতাপ্রার্থী নিম্নবিত্তের যা ক্ষতি হওয়ার হয়ে যাবে।

অতীতে শীতকালে বেসরকারি পর্যায়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শীতবস্ত্র বিতরণ কর্মসূচি নিত। এবার সেটাও নেই, অংশত নির্বাচনের কারণে। কারণ রাজনৈতিক দলগুলো শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে গেলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠতে পারে। কিন্তু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকেও দেখা যাচ্ছে না কেন? রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কার কারণে? নাকি অর্থনৈতিক কারণে শীতার্তদের জন্য কর্মসূচিতেও টান পড়েছে?

কম্বল বা শীতবস্ত্র নিয়ে সামান্য যতটুকু নড়াচড়া দেখা যাচ্ছে, শীতের প্রকোপে কৃষির ক্ষতি নিয়ে তাও দেখা যাচ্ছে না। শীতের কারণে যদি রবিশস্য ও বোরো মৌসুমে উৎপাদন কম হয়, তাহলে কৃষক কোথায় যাবে? কৃষি উৎপাদনে ঘাটতির কারণে বাজারে দাম বাড়লে নিম্নবিত্ত ভোক্তা কী করবে?

শীতকালের প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে রাজনৈতিকভাবে কী করতে হবে, সেই প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা। কিন্তু প্রশ্নোত্তরগুলো আমলে নিয়ে সক্রিয় হতে হবে আগে। সরকার সক্রিয় হলে বেসরকারি পক্ষগুলোও সক্রিয় হয়, অতীতে অনেকবারই দেখা গেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, খোদ সরকার যেন শীতকালের করণীয় নিয়ে রীতিমতো শীতনিদ্রায়। সেটা ভাঙবে কবে, কে জানে!

শেখ রোকন: লেখক ও নদী-গবেষক skrokon@gmail.com