পরিচ্ছন্নতা বজায় এবং সঠিক পদ্ধতি অনুসরণে শীতেও ত্বক থাকবে স্বাস্থ্যকর ও হাস্যোজ্জ্বল। সঠিক রূপচর্চা ও ত্বকের পরিচর্যার জন্য কিছু প্রয়োজনীয় টিপস : ১। সকালে ঘুম থেকে উঠে হালকা কুসুম পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন। তারপর ত্বকের ধরণ অনুযায়ী ফেসওয়াশ বা ময়েশ্চারযুক্ত সাবান দিয়ে মুখ পরিষ্কার করুন। যাদের ত্বকের এলার্জির সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সাবান বা ফেসওয়াস পরিমিত মাত্রায় ব্যবহার করুন। ২। প্রতি দুই দিন পর পর একটি ফেস স্ক্রাব ব্যবহার করতে পারেন, যা আপনার ত্বকের মৃত কোষ সরিয়ে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। চাইলে গাজরের রস মুখে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি ত্বক পরিষ্কার করার পাশাপাশি কালো ছোপ কমাতে সাহায্য করবে। ৩।
শীতে গোসলের জন্য আর্দ্রতাযুক্ত সাবান ও ক্ষেত্রবিশেষে লিকুইড সাবান ব্যবহার করা উচিত। ৪। ত্বকে খসখসে ভাব কমাতে সরিষার তেল, নারকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে। তবে এগুলো ব্যবহারের আগে নিশ্চিত হয়ে নিন তেলটি আপনার ত্বকের জন্য উপযুক্ত কিনা। গোসলের পর ত্বক ভেজা অবস্থায় সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার ক্রিম বা লোশন ব্যবহার করুন। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ৫। শীতের তীব্রতায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের ঠোঁট। অনেকের ক্ষেত্রে শীতে ঠোঁটফাটা একটি স্বাভাবিক বিষয় হলেও এক্ষেত্রে অনীহা ঠোঁটকে শরীরের ভেতর থেকে ক্ষতিগ্রস্ত করে একটা ভয়াবহ ক্ষতের পাশাপাশি লোক লজ্জার কারণ হয়ে দাড়ায়।
তাই তাই এই শীতে আপনার ঠোঁটের সুরক্ষায় কিছুক্ষণ পরপরই ভেসলিন বা চ্যাপ স্টিক জাতীয় অনুমোদিত পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। ৬। ষড়ঋতুর বাংলাদেশে যেমন ঋতু পরিবর্তনে ফ্যাশনে আসে পরিবর্তন, তেমনই খাদ্যাভ্যাসেও আনা উচিত কিছু পরিবর্তন, যা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি পরিবর্তনশীল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেবে। শীতে সূর্যের আলো কম পাওয়ার কারণে কারো কারো শরীরে শরীরে ভিটামিন ডি র ঘাটতি দেখা দিতে পারে। এই ঘাটতি পূরণে ডায়েটে রাখতে পারেন ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। মাশরুম, ডিম, দুধ ও দুধ থেকে তৈরি বিভিন্ন খাবার যেমন পনির, ছানা এবং রেড মিট খেলে এই ঘাটতি অনেকটাই পূরণ করা সম্ভব। তাছাড়া সকালের হালকা কুসুম রোদে যা গরম করার শুভ প্রাচীন পদ্ধতিও অনুসরণ করতে পারেন। তবে তা অবশ্যই পরিমিত মাত্রায় হওয়া উচিত। ৭। শীতের রবি মৌসুমে বাংলাদেশ খাদ্যশস্য ও পুষ্টিকর শাকসবজিতে পূর্ণ হয়ে ওঠে। তাই খাদ্য তালিকায় বিটরুট, গাজর, মুলার মতো মূলযুক্ত সবজি রাখতে অবশ্যই ভুলবেন না। এসব সবজিতে প্রচুর ভিটামিন এ, সি এবং বিটা-ক্যারোটিন রয়েছে। এগুলো স্যালাড, স্যুপ, বা রান্না করে খেলে শরীরের পুষ্টি চাহিদা পূরণ হয়। শীতে শরীরকে উষ্ণ রাখতে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেজুর, শুকনো অ্যাপ্রিকট, এলমন্ড, আখরোট, আর পেস্তার মতো শুকনো বাদাম খাওয়া যেতে পারে। এই খাবারগুলোতে রয়েছে প্রচুর ফাইবার, এন্টি অক্সাইড, ভিটামিন এবং ক্যালসিয়ামসহ প্রয়োজনীয় খনিজ পদার্থ, যা শীতকালে শরীরের জন্য খুবই উপকারী।
