এখন বিশ্বে উন্নয়ন ও অগ্রগতির মাপকাঠি কেবল প্রযুক্তি, পুঁজি ও শক্তি। অথচ, এর চাকচিক্যের আড়ালে সুকৌশলে চলছে দুর্বলকে দমন, সম্পদ লুণ্ঠন ও নীরব থাকার কুৎসিত রাজনীতি। পশ্চিমারা বিশ্বসভ্যতার শিখরে থেকেও ট্রাম্প বা নেতানিয়াহুর মতো উন্মাদ ও রক্তখেকো শাসকদের হাতে ধ্বংসযজ্ঞের লাইসেন্স তুলে দিচ্ছে। ট্রাম্পের কানাডা, গ্রিনল্যান্ড, ভেনিজুয়েলা বা কিউবা দখলের মতো হুঙ্কার ও সাম্রাজ্যবাদী আগ্রাসনকে বিশ্বব্যবস্থায় ‘স্বাভাবিক’ ধরে নেওয়া হয়। ইসরাইলের বিশাল পারমাণবিক ভা-ার আড়াল করে কেবল ইরানের সম্ভাব্য সক্ষমতাকেই মধ্যপ্রাচ্যের একমাত্র ‘অস্তিত্ববাদী হুমকি’ হিসেবে বুদ্ধিবৃত্তিকভাবে বাজারজাত করা হয়। সভ্যতার এই দ্বিচারিতা ও ভ-ামির সামনে গাঙ্গেয় বদ্বীপের এক প্রান্তে বসে বিশ্ববাস্তবতার দিকে তাকালে আমি নিজ সত্তা নিয়ে গভীর সংকটে পড়ি। শতাব্দীব্যাপী ব্রিটিশ ঔপনিবেশিক শোষণের ক্ষত বুকে নিয়ে, খ-িত ও অনৈক্যে জর্জরিত একজন মুসলিম হিসেবে গোটা মুসলিম বিশ্বের বর্তমান চিত্রটি আজ আমার কাছে কেবলই এক করুণ ‘প্রাতিষ্ঠানিক দাসত্বের আখ্যান’ হিসেবে ধরা দেয়।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের প্রতি এক চিরন্তন ও উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন: ‘তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পরে বিভেদ সৃষ্টি করো না’ (সুরা আল ইমরান: ১০৩)। এর ঠিক পরের আয়াতেই (১০৫) অত্যন্ত কঠোর সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে যে, ‘যারা স্পষ্ট নিদর্শন ও সত্য আসার পরও নিজেদের মধ্যে বিভেদ তৈরি করেছে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।’ রাসুলুল্লাহ (সা.) মুসলিম উম্মাহর এই ঐক্যকে একটি ‘জীবন্ত ও সংবেদনশীল দেহের’ সাথে তুলনা করেছেন। তিনি শিখিয়েছেন, দেহের একটি অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয়, তবে পুরো শরীর যেমন তার যন্ত্রণায় কাতর হয়ে ওঠে, মুসলিম উম্মাহরও ঠিক তেমনই হওয়া উচিত (সহিহ বুখারি, ৬০১১)। এছাড়া, সুরা আনফালের ৪৬ নম্বর আয়াতে সতর্ক করে বলা হয়েছে যে, নিজেদের মধ্যকার কলহ ও দ্বন্দ্ব কেবল শক্তিই ক্ষয় করে না, বরং উম্মাহর ‘তেজ ও প্রভাব’ পুরোপুরি ধূলিসাৎ করে দেয়।
ইসলামের প্রাথমিক যুগটি ছিল এই ঐক্যের এক অপরাজেয় ও বৈশ্বিক বাস্তবতা। মদিনায় মুহাজির ও আনসারদের মধ্যকার ঐতিহাসিক ভ্রাতৃত্ব, মদিনা সনদের মাধ্যমে অমুসলিমদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের চুক্তি, বদর প্রান্তরে মাত্র ৩১৩ জন ঐক্যবদ্ধ মুসলিমের অভাবনীয় বিজয়Ñ এগুলো সবই ছিল ঐক্যের ফসল। পরবর্তীতে হজরত উমর (রা.)-এর শাসনামলে পারস্য ও রোমান সাম্রাজ্যের পতন, উমাইয়া যুগে ইউরোপের স্পেন থেকে শুরু করে এশিয়ার সিন্ধু পর্যন্ত ইসলামের বিস্তৃতি, আব্বাসীয় আমলে বিশ্বব্যাপী জ্ঞান-বিজ্ঞানের চরম উৎকর্ষ এবং সালাহউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে ক্রুসেডারদের পরাজিত করাÑ এই প্রতিটি ঐতিহাসিক অর্জনের পেছনে কোনো একক গোত্র বা রাজবংশের কৃতিত্ব ছিল না। বরং এর মূলে ছিল ‘উম্মাহ’ নামক এক অবিভাজ্য সামাজিক ও ঐশ্বরিক চুক্তি।
ঐশ্বরিক ঐক্যের বদলে আজ প্রাতিষ্ঠানিক দাসত্বের এমন এক ব্যবস্থা প্রতিষ্ঠিত, যেখানে সুকৌশলে বিভাজনকে ‘পরিচয়’, নীরবতাকে ‘প্রজ্ঞা’ ও নিষ্ক্রিয়তাকে ‘স্থিতিশীলতা’ হিসেবে বাজারজাত করা হচ্ছে। এই বিভক্তি এখন আর কেবল ঈমান, আকিদা বা ফিকহের মতপার্থক্য নয়, বরং তা মুষ্টিমেয় অলিগার্ক নিয়ন্ত্রিত রাজনৈতিক-অর্থনীতির এক সুসংগঠিত কাঠামো। যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ আগ্রাসনে ইরানের সর্বোচ্চ নেতাদের শাহাদাতের পর এই কাঠামোর নগ্ন রূপটি আবারো প্রকাশ পায়। চীন, রাশিয়া, বেলারুশ ও কিউবার মতো অমুসলিম দেশগুলো এর তীব্র নিন্দা জানালেও, ৫৭টি দেশের ওআইসি কার্যত নীরবতা পালন করে। তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া ও বাংলাদেশ কেবল দায়সারা বিবৃতি দেয়; আর নিজেদের ভূখ-ে মার্কিন ঘাঁটির নিরাপত্তায় উদ্বিগ্ন কাতার, সৌদি আরব ও আমিরাত উল্টো ইরানকেই ‘হুমকি’ হিসেবে চিহ্নিত করে ইসরাইলি-মার্কিন বয়ানকে বৈধতা দেয়। এটি অকাট্যভাবে প্রমাণ করে যে, ‘উম্মাহ’ আজ স্রেফ একটি তাত্ত্বিক শব্দ।
অর্থনীতিবিদ কার্ল পোলানির (১৯৪৪) ‘ডাবল মুভমেন্ট’ তত্ত্ব উপসাগরীয় রেন্টিয়ার রাষ্ট্রগুলোর ক্ষেত্রে নিখুঁতভাবে প্রযোজ্য। তারা মূলত তেল বিক্রির বিপুল রাজস্ব দিয়ে জনগণকে কিছু সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে অধিকার আদায়ের যেকোনো আন্দোলন দমিয়ে রাখে এবং নিজেদের অলিগার্কিক বা রাজতান্ত্রিক স্থিতিশীলতা নিশ্চিত করে। ঠিক এ কারণেই ওআইসি সম্মিলিত প্রতিবাদে সম্পূর্ণ অক্ষম। অথচ, স্পেনের মতো পশ্চিমা অমুসলিম দেশের আকাশসীমা বন্ধের নীতিগত সাহস, কিংবা বৈশ্বিক পুঁজির বলয়মুক্ত ইয়েমেনের দরিদ্র হুতি ও লেবাননের হিজবুল্লাহর অকুতোভয় প্রতিরোধ আজ জর্ডান, মিশরসহ ইরান-বিরোধী আরব রাষ্ট্রগুলোর চরম রাজনৈতিক পরনির্ভরশীলতা ও নৈতিক দেউলিয়াত্বকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
ডগলাস নর্থের (১৯৯০) ‘পথ-নির্ভরতা’ তত্ত্ব মতে, সমাজের প্রাথমিক প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তই তার পরবর্তী শতকের গতিপথ নির্ধারণ করে। রাসুলুল্লাহ (সা.)-এর ওফাত-পরবর্তী উত্তরাধিকার সংকট (৬৩২-৬৬১ খ্রি.) এবং ৬৫৭ সালের সিফফিনের যুদ্ধ ও খারিজিদের উদ্ভব উম্মাহর প্রথম গভীর রাজনৈতিক ফাটল তৈরি করে। আব্বাসীয় যুগে (৭৫০-১২৫৮) চার মাজহাবের প্রশাসনিক কাঠামোর মাধ্যমে ফিকহ রাষ্ট্রের আমলাতান্ত্রিক মেরুদ-ে পরিণত হয়। সমান্তরালে সাফাভিদ ইরানে (১৫০১-১৭৩৬) শিয়া মতাদর্শ রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হলে আরব ও পারস্যের মাঝে স্থায়ী ভূরাজনৈতিক প্রাচীর গড়ে ওঠে। পরবর্তীতে আরবে ওয়াহাবি-সৌদি জোট এবং ভারতে দেওবন্দ মাদ্রাসার ধর্মতাত্ত্বিক শুদ্ধিপ্রয়াসের পর, ১৯২৪ সালে খিলাফতের চূড়ান্ত পতন উম্মাহর অবশিষ্ট রাজনৈতিক ঐক্যটুকুও পুরোপুরি চূর্ণ করে দেয়। এরই পরিণতিতে ইসরাইলের কাছে আরব বিশ্বের ধারাবাহিক পরাজয়, মিসর-জর্ডান কিংবা আমিরাত-বাহরাইনের ‘ক্যাম্প ডেভিড’ বা ‘আব্রাহাম অ্যাকর্ড’-এর মতো নির্লজ্জ আপসচুক্তি এবং ইরাক-ইরান বা উপসাগরীয় যুদ্ধের মতো ভ্রাতৃঘাতী সংঘাতগুলো আজ পরাশক্তির কাছে উম্মাহর রাজনৈতিক ও নৈতিক দেউলিয়াত্ব বিকিয়ে দেওয়ার নগ্ন দলিলে পরিণত হয়েছে।
এই ঐতিহাসিক পথ-নির্ভরতা থেকে মূলত দুটি সমান্তরাল আখ্যান তৈরি হয়েছে। প্রথমত, কারবালার মর্মান্তিক স্মৃতি থেকে উৎসারিত আখ্যান যেকোনো ক্ষমতার বিরুদ্ধে নৈতিক প্রতিরোধ গড়ার প্রেরণা দেয়। এটি ‘খুমস’ (ধর্মীয় কর) ও ‘বনিয়াদ’ (দাতব্য প্রতিষ্ঠান)-এর মাধ্যমে রাষ্ট্রের সমান্তরালে এক ধরনের নিজস্ব ‘প্রতিরোধ অর্থনীতি’ গড়ে তোলে, যা বর্তমান ইরানের অবরোধ-মোকাবিলার মূল শক্তি।
দ্বিতীয়ত, এই আখ্যানটি মূলত রাজতন্ত্র ও ঐকমত্যের (ইজমা) মাধ্যমে রাষ্ট্রের স্থিতিশীলতাকে সর্বোচ্চ প্রাধান্য দেয়। এটি বর্তমানে রেন্ট-নির্ভর উপসাগরীয় রাজতন্ত্র ও সামরিক-আমলাতান্ত্রিক মডেলে রূপ নিয়েছে, যেখানে স্থিতিশীলতার নামে জনগণের অধিকার হরণকারী ‘নিষ্কাশনমূলক প্রতিষ্ঠান’ টিকিয়ে রাখা হয়।
অনৈক্যের সংক্রমণ ও বিভেদের অর্থনীতি: বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি মুসলমান (মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ) আজ চরমভাবে বিভক্ত। এর ৮৫-৯০ শতাংশ সুন্নি (যাদের প্রায় ৯০ শতাংশ চার মাজহাবের অনুসারী, বাকি ৫-১০ শতাংশ সালাফি ও ১-৩ শতাংশ আহলে হাদিসের অনুসারী। আফ্রিকা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত এই বিশাল সুন্নি বলয় বৈশ্বিক বাণিজ্যপথ (সুয়েজ, মালাক্কা প্রণালি) ও বিপুল সম্পদের নিয়ন্ত্রক হয়েও রাজনৈতিকভাবে খ-িত ও পশ্চিমা-পরনির্ভরশীল। অন্যদিকে, মাত্র ১০-১৫% শিয়া জনগোষ্ঠী ইরান, ইরাক ও আজারবাইজানের মতো ভূকৌশলগত অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ হয়ে হরমুজ থেকে বাব এল-মান্দেব পর্যন্ত ‘বৈশ্বিক প্রতিরোধ’-এর মূল ভরকেন্দ্র তৈরি করেছে। আর ১ শতাংশেরও কম ইবাদি (খারিজি) কেবল ওমানে সীমাবদ্ধ থেকে উপসাগরীয় মধ্যস্থতাকারীর ভূমিকা রাখছে। পরিতাপের বিষয়, এই বিপুল ডেমোগ্রাফি ও কৌশলগত অবস্থান আজ উম্মাহর শক্তির বদলে আত্মঘাতী বিভেদ এবং পরাশক্তির সম্পদ লুণ্ঠনের নিখুঁত মানচিত্রে পরিণত হয়েছে।
সংকটটি কেবল শিয়া-সুন্নি দ্বন্দ্ব নয়; সুন্নি মতাদর্শের অভ্যন্তরীণ বিভাজন আজ ভ্রাতৃঘাতী সংঘাতের জ্বালানি বা ‘বিভেদের পুঁজি’তে পরিণত হয়েছে। সুদানে ক্ষমতার লোভে দুই মুসলিম বাহিনীর যুদ্ধ, কিংবা আফ্রিকার সাহেল, নাইজেরিয়া ও সোমালিয়ায় চরমপন্থা দমনের আড়ালে পশ্চিমা কর্পোরেশনগুলোর খনিজ সম্পদ লুণ্ঠন তারই প্রমাণ। পাকিস্তান-আফগানিস্তানে রক্তপাত এবং ইয়েমেন, সিরিয়া, লেবানন, লিবিয়া ও ইরাকে চলা ছায়াযুদ্ধে ধর্মতাত্ত্বিক বিভাজনকে ব্যবহার করে ক্ষমতাধরেরা অস্ত্রের ব্যবসা ও ভূরাজনৈতিক মুনাফা লুটছে। অন্যদিকে, মিয়ানমারের রোহিঙ্গা নিধনের বিপরীতে সস্তা বিনিয়োগের লোভে মুসলিম বিশ্বের নির্লজ্জ নীরবতা; ভারতের উত্তরপ্রদেশ ও অবরুদ্ধ কাশ্মীরে হিন্দুত্ববাদী আগ্রাসন প্রমাণ করে যে, উম্মাহর এই রক্তক্ষরণ কেবল ভূরাজনীতির নয়, জাতিরাষ্ট্রের অভ্যন্তরীণ শোষণেরও ফসল। এই বিষাক্ত বিভেদ আজ ইরাক-সিরিয়ার পরিবার ও সমাজ থেকে শুরু করে বাংলাদেশের মসজিদ-মাদ্রাসা (দেওবন্দি-বেরলভি, আহলে হাদিস-মাজহাবি) এবং গাজার ফাতাহ-হামাস দ্বন্দ্বে ছড়িয়ে কেবল ইসরাইল ও শত্রুদেরই সুবিধা করে দিচ্ছে।
মুসলিম দেশগুলোর পররাষ্ট্রনীতিও চরম স্ববিরোধী। ভারত-পাকিস্তান জন্মশত্রু হলেও ইরান উভয়েরই বন্ধু; আবার পাকিস্তান ইরানের মিত্র হয়েও সৌদি-মার্কিন অনুগত। ভারত ইরান-আফগানিস্তানের সাথে সুসম্পর্ক রাখলেও ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র। আজারবাইজান শিয়া সংখ্যাগরিষ্ঠ (খামেনি নিজেও আজেরি) হওয়া সত্ত্বেও ইসরাইলের মিত্র। তুরস্ক ন্যাটোর সদস্য হয়ে ইসরায়েলের সাথে সামরিক মহড়া দিয়ে আবার ফিলিস্তিনের পক্ষেও কথা বলে। সিরিয়া, সৌদি, কাতার বা আমিরাতÑ সবার নীতিই ক্ষুদ্র স্বার্থকেন্দ্রিক। ডাউনসের (১৯৫৭) ‘পাবলিক চয়েস’ তত্ত্ব অনুযায়ী, একটি ক্ষুদ্র সুসংগঠিত স্বার্থান্বেষী গোষ্ঠী (অলিগার্কি) সাধারণ মানুষের এই বিভাজন থেকেই মুনাফা লুটে নেয়।
এই গভীর মানসিক ও সামাজিক অবক্ষয় দেখে আল্লামা ইকবাল আক্ষেপ করেছিলেন: ‘তুম সৈয়দ ভী হো, মির্জা ভী হো, আফগান ভী হো তুম সব হী কুছ হো, বতাও তো মুসলমান ভী হো?’। অর্থাৎ সৈয়দ, মির্জা, আফগান সবই হলাম, কিন্তু মুসলমান কি হতে পেরেছি? আজ শিয়া-সুন্নি-খারেজি, সালাফি-মাজহাবি-আহলে হাদিস কিংবা পাকিস্তানি-বাঙালি-আরব-আফ্রিকান-আফগানের মতো ক্ষুদ্র জাতিগত ও তাত্ত্বিক বিভেদগুলো আমাদের বৃহত্তর মুসলিম সত্তাকেই পুরোপুরি গ্রাস করে ফেলেছে। পুরো মুসলিম বিশ্বের এই করুণ দশার মধ্যে ইরান একটি ব্যতিক্রমী উদাহরণ। যদিও ইরানেও রাজনৈতিক ও সামরিক কাঠামোতে ক্ষমতার কেন্দ্রীকরণ রয়েছে, তবুও সে অন্যান্য মুসলিম দেশের তুলনায় অনেক কম পক্ষাঘাতে আক্রান্ত। এসেমগলু ও রবিনসনের (২০১২) ভাষায়, ইরানে এক ধরনের অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
দীর্ঘ অবরোধের মধ্যেও দেশটির বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত গ্র্যাজুয়েটদের ৭০ শতাংশই নারী, যা বিশ্বে সর্বোচ্চ। তাদের সাক্ষরতার হার ৯৭.১ শতাংশ। বিশ্বের শীর্ষ এক শতাংশ গবেষকদের তালিকায় ১৩৫ জন ইরানি নারী এবং পিএইচডি স্কলারদের একটি বিশাল অংশ নারী। এই শিক্ষিত, বিজ্ঞানমনস্ক ও যুক্তিনির্ভর মানবসম্পদই ইরানকে টিকিয়ে রেখেছে। ইরানিদের এই শক্তির অকাট্য প্রমাণ মেলে তাদের অভাবনীয় সামাজিক সংহতিতে। টানা এক মাসের কার্পেট বোম্বিংয়ের মধ্যেও তুরস্কে বিনা ভিসায় আশ্রয়ের সুযোগ প্রত্যাখ্যান করে তারা দেশেই থেকেছে। উল্টো, বোমাবর্ষণের মাঝেই কুদস দিবসে সুন্নি অধ্যুষিত ফিলিস্তিনের পক্ষে তারা বিশাল মিছিল করেছে, যেখানে এক নারীর প্ল্যাকার্ডের বার্তা ছিল অত্যন্ত তীক্ষ্ণ: ‘আমিও প্রতিবাদী, কিন্তু শিশুহত্যাকারীরা আমাদের গণতন্ত্র এনে দেবে না’। তাদের এই অদম্য মনস্তত্ত্ব ও মেধার স্বীকৃতি খোদ ট্রাম্পের কণ্ঠেও ধ্বনিত হয়েছে, ‘ইরানিরা হাই-আইকিউ মানুষ, এটা উচ্চস্তরের দাবা খেলা’।
ইরান সুকৌশলে ‘গ্লোবাল ইকোনমিক ওয়ারফেয়ার’ বেছে নিয়েছে। ২৮ ফেব্রুয়ারির পর ৭টি আরব দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় তারা মোট ৫,৪৭১টি মিসাইল ও ড্রোন হামলা চালায়। ২০২৫-এ ট্রাম্পের সফরে ১.৪ ট্রিলিয়ন ডলারের মার্কিন এআই বিনিয়োগ নস্যাৎ করতে আমিরাতেই সর্বোচ্চ হামলা হয় (৪১৪ ব্যালিস্টিক, ১৫ ক্রুজ ও ১,৯১৪ ড্রোন)। পাশাপাশি, অত্যাধুনিক মার্কিন ‘এফ-৩৫’ ভূপাতিত করা এবং হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নিয়ে টোল আদায় ইরানের স্বনির্ভর প্রতিরোধ অর্থনীতিরই অনন্য দৃষ্টান্ত। এই সংঘাতের লাভ-ক্ষতির হিসাব মূলত উম্মাহর বিভেদকে পুঁজি করে পরাশক্তিগুলোর মুনাফা লোটার নগ্ন চিত্র তুলে ধরে। প্রথমত, মধ্যপ্রাচ্যের সামগ্রিক ক্ষতি ১৫০-২৫০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং বিশ্ব জিডিপি প্রবৃদ্ধি ০.৩-০.৫% কমার শঙ্কা তৈরি হয়েছে। সবচেয়ে বড় হার হয়েছে মুসলিম বিশ্বের। ইরান হারিয়েছে শীর্ষ নেতৃত্ব ও নৌবাহিনী; জ্বালানি-অবকাঠামো ধ্বংস হয়ে চরম ক্ষতিতে কাতার, সৌদি, আমিরাত ও কুয়েত এবং লেবাননে প্রাণ গেছে বহু মানুষের। আর ব্যারেলপ্রতি ১১৬ ডলারের তেলের দামে ভুক্তভোগী সারা বিশ্বের সাধারণ মানুষ।
দ্বিতীয়ত, শ্রেষ্ঠত্ব হারানোর ঝুঁকি ও প্রকৃত ক্ষতি গোপন করে যথাক্রমে ১২-১৬.৫ বিলিয়ন এবং ৬-৯ বিলিয়ন ডলার ব্যয়ে আংশিক জয় পেয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তবে চমকপ্রদভাবে, এই আর্থিক ক্ষতি পোষাতে যুক্তরাষ্ট্র যুদ্ধের ডামাডোলেই আরব মিত্রদের কাছে সুকৌশলে ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে! তৃতীয়ত, এই যুদ্ধের সবচেয়ে বড় ফায়দা লুটেছে চীন এবং রাশিয়া। চীন সস্তায় ইরানি তেল কিনে তার বিশাল শিল্প ইঞ্জিনকে চাঙ্গা রেখেছে এবং উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রেখেছে। অন্যদিকে রাশিয়া আন্তর্জাতিক ফোকাস মধ্যপ্রাচ্যের দিকে ঘুরিয়ে দিয়ে তেল রপ্তানি বাড়িয়ে বিপুল অতিরিক্ত রাজস্ব অর্জন করেছে। এই দুটি দেশই যুদ্ধের ‘নেগেটিভ সাম গেম’-কে নিজেদের পক্ষে ঘুরিয়ে নিয়েছে। অতএব, পরাশক্তি যখন তাদের পূর্ণ উদ্দেশ্য হাসিল করতে পারেনি, তখন সেই অজেয় প্রতিরোধই ইরানের কৌশলগত জয়। কারণ এই সংঘাতে টিকে থাকাই জয়ের সমার্থক। বদর যুদ্ধের সেই অসম কৌশলী লড়াইয়ের প্রতিচ্ছবি যখন আজ ইরানের এই আধুনিক স্বনির্ভর প্রতিরোধে দৃশ্যমান, তখন কি সংখ্যাগরিষ্ঠ নিস্ক্রিয় মাজহাবী কিংবা কেবল আচার-সর্বস্ব কাঠিন্য ও ক্ষুদ্র বিভেদে মগ্ন সালাফি বা আহলে হাদিস নামক ক্ষুদ্র অথচ প্রভাবশালী গোষ্ঠীগুলো শিক্ষা নেবে না যে, উম্মাহর প্রকৃত মুক্তি কেবল তাত্ত্বিক তর্কে নয়, বরং এই বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক-অর্থনীতির শ্রেষ্ঠত্ব অর্জনের মাঝেই নিহিত?
লেখক: সহযোগী অধ্যাপক, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, রাজশাহী। hhafij@yahoo.com
