গত ২৩ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে সংস্কৃতির ওপর আক্রমণের প্রতিবাদ সমাবেশ করেন সাংস্কৃতিক প্রতিষ্ঠানটির কর্মী ও সদস্যরা। একটা পোস্টারে চোখ আটকে যায়। ‘মানুষ গান গায়, তাই তার ঘর ভাঙো, বাড়ি ভাঙো, ইশকুল ভাঙো। পাখিও তো গান গায়...পাখির নীড় ভাঙবে কবে?’

কথাগুলো দেখে জার্মান ধর্মযাজক ফ্রিডরিখ গুস্তাফ এমিল মার্টিন নিম্যোলার বা মার্টিন নিম্যোলারকে আমার মনে পড়ে। প্রথমে হিটলারের সমর্থক হলেও কালে কালে নাৎসিবিরোধী হয়ে ওঠেন এই কবি ও ধর্মযাজক। মনে পড়ে তাঁর সত্য স্বীকারোক্তি:

‘যখন ওরা প্রথমে কমিউনিস্টদের জন্য এসেছিল, আমি কোনো কথা বলিনি, কারণ আমি কমিউনিস্ট নই। …শেষবার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে/ আমার পক্ষে কেউ কোনো কথা বলল না, কারণ কথা বলার মতো তখন আর কেউ বেঁচে ছিল না।’

মার্টিন নিম্যোলার-এর এই কবিতার অনুবাদ হয়েছে পৃথিবীর প্রায় সব ভাষাতেই। আফ্রিকায় একই বার্তা শোনা যায় তাদের বিভিন্ন আদি ভাষায়। নিম্যোলার-এর অনেক আগেই তারা সেই পাঠ নিয়েছে। কিন্তু মানুষের খাসলতের রকমফের হয়নি। ঔপনিবেশিক শক্তি আফ্রিকাকে টুকরো টুকরো করেছে-করছে, কেউ কারও রক্ষায় এগিয়ে আসেনি-আসছে না। হাত­-পা বেঁধে আফ্রিকার মানুষদের জাহাজের খোলে ভরে পাচার করেছে। খাঁচায় ভরে তাদের পাখির মতো বিক্রি করেছে; এখন যেমন ঢাকার কাঁটাবনে আমরা বেচি পাখিদের।

দেশের পাখিরাও অনেক দিন থেকে তাড়া খাচ্ছে। আমরা কেউ তাদের ডাকে সাড়া দিইনি। তাদের সাহায্যের আহ্বানকে নিতান্তই কিচিরমিচির বলে উড়িয়ে দিয়েছি। গত ২০ ডিসেম্বর বিকেল থেকে সাতক্ষীরার তালা উপজেলার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে একের পর এক কবুতর ও ঘুঘু পাখি মরতে দেখা যায়। সাতক্ষীরার তালায় ফসল রক্ষার নামে বিষ মাখানো সরিষার বীজ ছিটিয়ে পাখি নিধনের খবর ছড়ালে পরদিন ২১ ডিসেম্বর ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা বন বিভাগের ওয়াইল্ডলাইফ অ্যান্ড বায়োডাইভারসিটি কনজারভেশন অফিসার। পরিস্থিতি দেখে তিনি দুঃখ পেয়েছেন। জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্যস, ওই পর্যন্তই।

এর আগে জুন মাসে ((২৭ জুন, ২০২৫) ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের পূর্ব গুয়াটন গ্রামে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যা এবং ডিম ধ্বংসের ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় উঠলে শেখেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেন। অভিযোগ রেকর্ডের পর পাখি হত্যায় অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। ধন্যবাদ মাননীয় ইউপি সদস্য।

এই দুই উদাহরণ থেকে মনে হতে পারে, পাখিদের গান গাওয়া বন্ধের জন্য ব্যক্তিমানুষের ‘বিচ্ছিন্ন’ ক্রিয়াকলাপই দায়ী। বিষয়টি একেবারেই তেমন নয়। এর পেছনে আমাদের সরকারি নানা প্রতিষ্ঠানও যুক্ত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সের সামনের গাছগুলোতে বিভিন্ন প্রজাতির পাখি বাস করত আজকের হর্তাকর্তাদের চেয়ারে বসার অনেক আগে থেকে। পাশের সড়ক বিভাজকের গাছগুলোতেও বাসা ছিল তাদের। শামুকখোল নেই নেই করে রাজশাহী অঞ্চলে এখনও টিকে আছে। সাদা রঙের এই পাখির পিঠ ও ডানার অংশ কালো। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার অধিকাংশ অঞ্চল এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থায়ী পাখি এটি। এশীয় শামুকখোলের বৈজ্ঞানিক নাম অ্যানা অ্যানাস্টোমো ওসিটান্স– অর্থ হাই তোলা মুখের পাখি। অদ্ভুত ঠোঁটের জন্য খুব সহজে অন্যান্য পাখি থেকে একে আলাদা করা যায়। ঠোঁটের নিচের অংশের সঙ্গে ওপরের অংশের বেশ বড় ফাঁক থাকে। পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। যদিও আইইউসিএন প্রজাতিকে এখনও কম বিপদাপন্ন বলছে, তবু কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই কমছে। ২০১৫-১৬ সালের দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের আশপাশের বড় গাছগুলো কেটে নির্মাণকাজ শুরু হলে সেখানকার শত শত শামুকখোল পাখি বাসস্থান হারায়। এসব উদ্বাস্তু পাখি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের গাছে আশ্রয় নেয়। পাখিদের এই আবাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম করাত চালায় ২০২০ সালে, করোনাকালে। পাখিদের তাড়াতে হাসপাতালের জরুরি বিভাগের সামনের কয়েকটি বড় কড়ই গাছের ডালপালা ছেঁটে দেওয়ার কাজ হাতে নেয় কর্তৃপক্ষ।

কড়ই গাছ কেটে হাত পাকানো কর্মকর্তারা ২০২১ সালের ৪ সেপ্টেম্বর হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনের অর্জুন গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত দেন। গাছ কাটা হলে উড়তে না শেখা শত শত শিশু পাখি মাটিতে পড়ে যায়। এতে কিছু পাখি সঙ্গে সঙ্গে মারা যায়। আর কিছু পাখির বাচ্চা জবাই করে নিয়ে যান শ্রমিক ও রোগীর স্বজনেরা। এর প্রতিবাদ জানিয়ে রাজশাহী, নাটোর ও নওগাঁয় পরিবেশবাদী বিভিন্ন সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

আরেকটি প্রতিষ্ঠান ‘পল্লী বিদ্যুৎ’। এরা ঠিকাদার দিয়ে নিয়মিত গাছের ওপর করাত চালায়। বিদ্যুতের তার সচল রাখতে গাছের ডাল ছাঁটা আর পুরো গাছকে ন্যাড়া করে দেওয়া এক কথা নয়। তাদের বুঝতে হবে, গাছ শুধু ডালপালা আর পাতা নয়; এগুলো অনেক প্রাণীর আবাসস্থল। যারা সড়কপথে ঢাকা থেকে খুলনা গেছেন তারা বাগেরহাটের ঢাকা-খুলনা মহাসড়কে ফকিরহাট বিশ্বরোড মোড়ে বটগাছটা দেখে থাকবেন। সন্ধ্যায় পাখিদের কলতানে মেতে থাকত জায়গাটা। অনেক দূর থেকে শোনা যেত সেই গান। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে সেটাও স্তব্ধ। ওই দিন সকালে পাখিরা খাবারের খোঁজে বেরিয়ে গেলে ‘পল্লী বিদ্যুৎ’ গাছটিকে একেবারে ন্যাড়া করে দিলে হাজার হাজার চড়ুই ও শালিক আশ্রয়হীন হয়ে পড়ে। বিকেল হতেই পাখিগুলো আশ্রয় নিতে এসে ডালপালাহীন গাছের চারপাশে উড়ে আর্তনাদ করতে থাকে। এ সময় হাজার হাজার পাখি বৈদ্যুতিক তার ও আশপাশের ভবনের কার্নিশে অবস্থান নেয়। আমরা এখন ছায়ানটের সামনে যেমন চাপা কষ্ট নিয়ে দাঁড়াচ্ছি, পাখিদের সেই আর্তনাদ ছিল আরও সবাক, আরও রক্তঝরা। পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কর্মকর্তাকে সে সময় প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘গাছগুলোতে এত পাখি থাকে, তা আমার জানা ছিল না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হবে।’

ঝিনাইদহের মধুপুর বাজারের ১৫০ বছর বয়সী রেইন ট্রি কি রক্ষা পাবে? অনেক পাখি আর নানা প্রাণীর আবাস এই রেইন ট্রি নিলামে উঠিয়েছে প্রশাসন। মানুষ চাচ্ছে গাছটি থাকুক। দেনদরবার চলছে। ঝিনাইদহ জেলা প্রশাসক জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছেন ওই এলাকার মানুষদের সঙ্গে বসে কথা বলতে। তারা যদি ঝুঁকিপূর্ণ না মনে করেন এবং জনসাধারণের যাতে কোনো ক্ষতি না হয়, সে অনুযায়ী কাজ করতে হবে।’

শেষ কথা, রাজশাহী মেডিকেলের ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক বাদী হয়ে রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেছিলেন। পাখিরা সে মামলার রায় কি কোনোদিন জানতে পারবে? আমরা জানি, বন্যপাখি হত্যা, মাংস ও দেহের অংশ সংগ্রহ; শিকার এবং এ-জাতীয় অপরাধ সংঘটনে সহায়তা, প্ররোচনা প্রদান ইত্যাদি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ পাখির বাসস্থান ধ্বংস ও পাখির ছানা হত্যা করে প্রচলিত ওই আইন অনুসারে অপরাধ করেছে। পাশাপাশি অন্যদের এই অপরাধ করতে প্ররোচিত করেছে। প্রতিষ্ঠানটি ওই আইনের ৬, ৩৮(১), (২) ও ৪১ লঙ্ঘন করে শাস্তিযোগ্য অপরাধ করেছে। আইনের ভাষায় আইন অমান্যকারীদের জবাব দিতে হবে। বিচারের বাণী আর কতদিন নীরবে নিভৃতে কাঁদবে! পাখিরা কার কাছে যাবে? পাখিরা না বাঁচলে আমরা বাঁচব কি?

গওহার নঈম ওয়ারা: লেখক, গবেষক wahragawher@gmail.com