শীত মৌসুম শুরুর পর দেশের বিভিন্ন হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীর সংখ্যা বেড়েছে। সম্প্রতি রাজধানীর বার্ন ইনস্টিটিউটে প্রতিদিন আসছেন ৬০-৭০ জন আগুনে পোড়া রোগী। গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দগ্ধ রোগী চিকিৎসা নিয়েছেন ৮৮ হাজার ২৩০ জন। ঢামেকের বার্ন ইনস্টিটিউটেও বাড়ছে দগ্ধ রোগীর ভিড়। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইতোমধ্যে ধারণ ক্ষমতার চেয়ে ৫ গুণ অগ্নিদগ্ধ রোগী ভর্তি রয়েছেন। আক্রান্তদের বেশির ভাগই শিশু ও বয়োবৃদ্ধ নারী। ধারণক্ষমতার কয়েকগুণ রোগীর চাপে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। \r\nশীতকালে উষ্ণতা পেতে আগুনের ব্যবহার বেড়ে যায়। রান্নার চুলায় আগুন পোহানো, কাপড় শুকানো, গরম পানি ব্যবহার– এসব থেকে ঘটছে দুর্ঘটনা।

কেউ গরম পানি, চা, দুধ বা তরকারিতে পুড়ছেন; কেউ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা বিদ্যুৎস্পর্শে হচ্ছেন দগ্ধ। অনেক রোগীর শরীরের ৩০-৭০ শতাংশ পুড়েছে। সাধারণত দেশে সবচেয়ে বেশি অগ্নিদগ্ধের ঘটনা ঘটে বৈদ্যুতিক শর্টসার্কিটে। এছাড়াও রয়েছে গরম তরলে পুড়ে যাওয়া (স্ক্যাল্ড বার্ন), সরাসরি আগুনে পোড়া (ফ্লেম বার্ন) ও রাসায়নিক দগ্ধ। তবে এখন শীতের সময় গরম পানি ও আগুন পোহাতে গিয়ে দগ্ধের ঘটনা বেশি ঘটছে। এতে জটিলতা বাড়ছে। অনেক ক্ষেত্রে প্রাণহানির ঝুঁকিও তৈরি হচ্ছে। পোড়া রোগীর চিকিৎসায় প্রথম ৬-২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা গোল্ডেন আওয়ার নামে পরিচিত। ভুক্তভোগী রোগী ও স্বজনদের অভিযোগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসক ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে অন্তত ৫০ শতাংশ রোগী সময়মতো চিকিৎসা পাচ্ছেন না। ফলে গোল্ডেন আওয়ারে চিকিৎসা না পেয়ে অনেক রোগীর মৃত্যুঝুঁকি বাড়ছে। কেউ কেউ আজীবন পঙ্গুত্ববরণ করছেন। \r\nশীতকালে রান্না, গোসল বা আগুন পোহাতে গিয়ে দুর্ঘটনার হার বাড়ে। আগুনে পোড়া কোনো রোগ নয়, এটি দুর্ঘটনা। প্রতি বছর দেশে কয়েক লাখ মানুষ অগ্নিদুর্ঘটনার শিকার হন। অনেকের চিকিৎসার জন্য দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। দেশে উপজেলা ও জে লা পর্যায়ে এখনো কার্যকর ব্যবস্থা গড়ে ওঠেনি। সারাদেশে মাত্র ১৭টি হাসপাতালে দগ্ধ রোগীর চিকিৎসা দেওয়া হয়। এসব হাসপাতালে চিকিৎসকও অপর্যাপ্ত। ফলে ঢাকায় অগ্নিদগ্ধ রোগীর চাপ ক্রমেই বাড়ছে। এমতাবস্থায় আগুন ও গরম পানি ব্যবহারের ক্ষেত্রে সকলের যথেষ্ট সতর্কতা অবলম্বন উচিত। শীত নিবারণের জন্য আগুন না জ্বালিয়ে শীতবস্ত্রের ব্যবহার বাড়ানো শ্রেয়। এক্ষেত্রে স্বল্প আয়ের মানুষের প্রতি বিত্তবানদের সহায়তার হাত বাড়ানো দরকার। সেই সঙ্গে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ ও সক্ষমতা বাড়ানোও জরুরি।