২০২৬ সালের নেপালের সংসদীয় নির্বাচন নিঃসন্দেহে অতীতের নির্বাচনের চেয়ে বহু দিক থেকে আলাদা। এই অঞ্চলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত, কেননা দেশটির রাজনৈতিক প্রতিযোগিতার ধরনে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন আসতে শুরু করেছে। ভোটাররা কীভাবে গণতান্ত্রিক বৈধতার পুনর্বিচার করে তার গভীর পরিবর্তনগুলি সামনে এসেছে। ১৯৯০ সালে নতুন করে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। এরপর তিন দশকেরও বেশি সময় ধরে নেপালের রাজনৈতিক পরিমণ্ডল পূর্ববর্তী রাজনৈতিক সংগ্রামরত দলগুলিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। নেপালি কংগ্রেস (এনসি) কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধের মাধ্যমে তৈরি গণতান্ত্রিক সাংবিধানিক যাত্রার উত্তরাধিকার বহন করে।
কমিউনিস্ট আন্দোলনের মধ্যে বিশেষত ইউএমএল-এর কথা ধরা যাক। তারা সামাজিক ন্যায়বিচার ও জাতীয় উন্নয়ন কেন্দ্র করে একটি সুশৃঙ্খল কাঠামো তৈরি করেছিল। আন্দোলন ও পরিবারতন্ত্রের পতনের মাধ্যমে মাওবাদী আন্দোলন এ পরিসরকে নতুন রূপ দেয়, যখন মাধেশ প্রদেশভিত্তিক দলগুলি নিজ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এবং কেন্দ্রে অন্তর্ভুক্তির দাবি তুলে। একইসাথে দলটির নেতারা ১৯৯০-পরবর্তী নেপালের নির্বাচনী প্রতিযোগিতা এবং শাসনকাঠামো গড়ে তুলে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেয়। তবুও এই ধারাবাহিকতার মধ্যদিয়ে ধীরে ধীরে পদ্ধতিগত টানাপোড়েন দেখা দেয়। সরকার ঘন ঘন পরিবর্তিত হয়, জোটগুলি ভেঙ্গে পড়ে এবং নীতিগত ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকেনি।
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি টিকে গিয়েছিল, কিন্তু শাসনকাঠামো ও তার ফলাফলে রূপান্তর ঘটেনি, বরং সংকট বেড়েছে বলে মনে হয়। প্রশাসনিক অদক্ষতা, দুর্নীতি এবং আমলাতান্ত্রিক জটিলতা কার্যকর পরিষেবা প্রদানের ব্যাপারে জনসাধারণের আস্থা কমে আসে। এই ধরনের উত্তেজনা কেবল নেপালের মধ্যেই সীমাবদ্ধ নয়; সমসাময়িক গণতান্ত্রিক দেশগুলোতে ভোটাররা ঐতিহাসিক দলীয় পরিচয়ের চেয়ে শাসনের কার্যকারিতাকেই দিন দিন অগ্রাধিকার দিচ্ছে।
একই সময়ে নেপালি সমাজে দ্রুত রূপান্তর ঘটেছিল। নগরায়ণ ত্বরান্বিত হয়, শিক্ষার প্রসার ঘটে এবং শ্রম অভিবাসন অর্থনীতির কারণে প্রত্যাশাগুলি নতুন রূপ লাভ করে। লক্ষ লক্ষ মানুষ বিদেশে কাজ করে; রেমিট্যান্স একটি অর্থনৈতিক স্তম্ভ হয়ে ওঠে। অন্যদিকে অন্যান্য প্রতিষ্ঠান ও ব্যবস্থার সংস্পর্শে আসার ফলে দেশীয় প্রতিষ্ঠানগুলির জন্য মানদণ্ড তৈরি হয়। রাজনীতিতে যে ঐতিহাসিক পরিবর্তন ঘটেছিল, তার বৈধতার গুরুত্ব অব্যাহত থাকে, তবে এটি দক্ষতা ও বাস্তবতার সাথে মিলে যাওয়া প্রয়োজন ছিল। বিশ্বের সঙ্গে যুক্ত তরুণ ভোটাররা বিদ্যমান শাসনব্যবস্থার রূপান্তরের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিল। তারা চেয়েছিল এমন শাসনবিন্যাস, যা কর্মসংস্থান সৃষ্টি করে, অবকাঠামোর পুনর্গঠন করে এবং দুর্নীতির লাঘাম টেনে ধরে। নতুন রাজনৈতিক নেতাদের উত্থান গণতান্ত্রিক বৈধতার একটি বৃহত্তর পুনর্মূল্যায়নকেই তুলে ধরে।
এই নির্বাচনী পরিবর্তনের মূলে রয়েছে জনসাধারণের প্রত্যাশায় ধীরে ধীরে পরিবর্তন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার জন্য লড়াই করা ভোটাররা কেবল গণতান্ত্রিক আদর্শের প্রতি অঙ্গীকারের মাধ্যমেই রাজনৈতিক বৈধতা বিচার করে না, বরং কার্যকর শাসনব্যবস্থা প্রদানের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমেও পুনর্মূল্যায়ন করে। নাগরিকরা সেবাপ্রদানে আগ্রহী জনপ্রশাসন, স্বচ্ছতা এবং কর্মসংস্থান সৃষ্টি ও জনসেবাতে দৃশ্যমান অগ্রগতির দাবি জানায়।
এসব প্রত্যাশা গঠনে শ্রম অভিবাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পারিবারিক আলোচনায় ক্রমশ নেপালের সরকারি পরিষেবাগুলির সাথে বিদেশে সরকারি পরিষেবাগুলির তুলনা চলে। এতে বিশ্বাস আরও জোরালো হয় যে, দেশের প্রশাসনব্যবস্থার ফলাফল উন্নত করা যেতে পারে। অন্যান্য অভিবাসী-প্রেরক দেশগুলোতেও একইরকম গতিশীলতা দেখা দিয়েছে, যেখানে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পরিবেশের সংস্পর্শের কারণে জবাবদিহিতা ও শাসন সম্পর্কে প্রত্যাশাগুলি পুনর্গঠিত হয়েছে।
এই প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটেছে। তাদের সাফল্য ভোটারদের মধ্যে দীর্ঘস্থায়ী দলীয় আনুগত্য নতুনভাবে বিচার করার ক্রমবর্ধমান ইচ্ছাকেই তুলে ধরে, যাতে তারা আরও বিশ্বাসযোগ্য ও কার্যকরী শাসনব্যবস্থার সন্ধানে এগিয়ে যেতে পারে। আরএসপি বা রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির উত্থান প্রমাণ করেছে যে, এই ক্রমবর্ধমান প্রত্যাশাগুলি কীভাবে নির্বাচনী গতিতে রূপলাভ করেছে। দলের নেতৃত্বে স্বচ্ছতা ও প্রশাসনিক সংস্কারের উপর কেন্দ্রীভূত থাকার বার্তা সংবাদমাধ্যমে গুরুত্বের সাথে উঠে এসেছে, যা তরুণ ও শহুরে ভোটারদের যুক্ত করতে সক্ষম হয়েছে। বিশেষত উল্লেখযোগ্য ছিল দলটির স্লোগানে মনস্তাত্ত্বিক বার্তা, যা তর্জমা করলে দাঁড়ায় ‘নীরব ব্যালট বিপ্লব ঘটান’।
নেপালের কাগজে ভোটদান ব্যবস্থায় দলটির স্লোগান ভোটারদের দলের প্রতীক চিহ্নিত করতে ধাবিত করেছিল। আর তার মধ্যে নিহিত বিশেষ বার্তা হল, নাগরিকরা সামাজিক বা দলীয় প্রত্যাশা সরাসরি তুলে না ধরেও রাজনৈতিক স্থিতাবস্থার প্রতি গোপনে অসন্তোষ প্রকাশ করতে পারে। দীর্ঘস্থায়ী আনুগত্য দ্বারা গঠিত একটি রাজনৈতিক সংস্কৃতিতে স্লোগানটি শান্ত হলেও নির্বাচনের রায়ের মধ্যদিয়ে নির্ণায়ক ভূমিকা পালন করেছে।
নেপাল হয়তো এভাবে এমন এক পর্যায়ে ঢুকে পড়ছে, যাকে ‘আগমনের পর গণতন্ত্র’ বলে তুলে ধরা যেতে পারে। এখানে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ভিত্তি কাঠামো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। চিহ্নিত চ্যালেঞ্জগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান গঠনের মধ্যে নিহিত থাকে না, বরং সেগুলি কার্যকরভাবে কাজ করে এবং নাগরিকদের জন্য অর্থপূর্ণ ফলাফল প্রদান নিশ্চিত করার মধ্যেই নিহিত। যদি রাজনৈতিক নেতারা এই প্রত্যাশা পূরণে সফল হন, তাহলে ২০২৬ সালের নির্বাচনকে চূড়ান্তভাবে অস্থিতিশীল মুহূর্ত হিসেবে নয়, বরং নেপালের গণতান্ত্রিক বিকাশের একটি নতুন পর্যায়ের সূচনা হিসেবে স্মরণ করা যেতে পারে। আর এক্ষেত্রে রাজনৈতিক বৈধতা নির্ভর করছে ক্রমবর্ধমানভাবে কর্মক্ষমতা, জবাবদিহিতা ও শাসন করার ক্ষমতার ভিত্তি গড়ে তোলার ওপর।
মিনেন্দ্র রিজাল: নেপালি কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী; কাঠমুন্ডু পোস্ট থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম
