পৃথিবীর কোথাও-ই জলাভূমি এখন আর নিরাপদে নেই। মহাসাগর-সাগর থেকে শুরু করে নদ-নদী, খাল-বিল, পুকুর-ডোবা পর্যন্ত সর্বত্র এখন মনুষ্য পীড়নের নির্দয় শিকার। এর মধ্যে শিল্পোন্নত দেশগুলোতে এটি ঘটছে মূলত শিল্প ও রাসায়নিক দূষণের কারণে। আর বাংলাদেশের মতো অনুন্নত দেশগুলো শিল্পে পিছিয়ে থাকা সত্ত্বেও এখানে তা ঘটছে মূলত সুশাসনের ঘাটতির কারণে। কারণ যেখানে যা-ই থাকুক, দূষণের মাত্রা পৃথিবীর মানুষকে তথা তার নিজের জীবনযাপনকেই বড় মাত্রার ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে, যেমনটি দিয়েছে চীনের ইয়াংজি নদীর অববাহিকার মানুষদেরও। পৃথিবীর তৃতীয় বৃহত্তম এই নদীর (দৈর্ঘ্য ছয় হাজার ৩০০ কিলোমিটার) জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতির মাত্রা এতটাই চরমে পৌঁছে গিয়েছিল যে চীনের মানুষ, বিজ্ঞানী ও নীতিনির্ধারকরা তো বটেই—এমনকি বিশ্বের অপরাপর দেশের পরিবেশবিজ্ঞানীরাও তাতে আঁতকে উঠেছিলেন। উল্লিখিত দূষণের কবলে পড়ে ইয়াংজি নদীর পানি যেমন বিষাক্ত হয়ে উঠেছিল, তেমনি পানির বিষে আক্রান্ত হয়ে নদী থেকে হারিয়ে যাচ্ছিল মাছসহ বিভিন্ন প্রজাতির বহু জলজ প্রাণীও। তদুপরি ক্ষতিগ্রস্ত হচ্ছিল তীরবর্তী এলাকার সেচব্যবস্থা, ক্ষেতের ফসল, গবাদি পশুর লালন-পালন ও চারণভূমি এবং জনজীবনের অন্যান্য অনুষঙ্গও।

যুক্তরাজ্যভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান প্রকৃতিবিষয়ক বিশ্ব তহবিলের (ন্যাচারাল ওয়ার্ল্ড ফান্ড—এনওএফ) তথ্য জানাচ্ছে যে উল্লিখিত দূষণের ফলে ইয়াংজিতে মাছের উৎপাদন প্রায় ৭৫ শতাংশ কমে গিয়েছিল, অন্যান্য জলজ প্রাণীও প্রায় অস্তিত্বহীন হয়ে পড়েছিল এবং স্থায়ীভাবে বিলুপ্ত হয়ে গিয়েছিল ১৩৫ প্রজাতির মিঠা পানির মাছ। আর এসবই ঘটেছিল অপরিকল্পিত বাঁধ নির্মাণ, তীর ও জমি দখল, মাত্রাতিরিক্ত মাছ ধরা, মাছ ধরার ক্ষেত্রে বৈদ্যুতিক জালের ব্যবহার, যত্রতত্র বর্জ্য নিক্ষেপ ইত্যাদি কারণে, যেমনটি বাংলাদেশেও ঘটে থাকে। কিন্তু চীন একটি সাম্যবাদী দেশ হওয়া সত্ত্বেও সেখানে এমনটি কিভাবে সম্ভব হলো, তা অবশ্যই অনুসন্ধান ও গবেষণার দাবি রাখে। তবে এর পরও এটিই সত্য যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ২০২০ সাল নাগাদ সেখানে এ ধারাই অব্যাহত ছিল। শেষ পর্যন্ত স্বস্তির বিষয় যে ইয়াংজিকে বাঁচানোর জন্য চীন সরকার ২০২১ সালে এসে একটি দীর্ঘমেয়াদি ও সর্বাত্মক পরিকল্পনা গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে ১০ বছর পর্যন্ত ওই নদীতে বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য আহরণ পরিপূর্ণভাবে নিষিদ্ধকরণ, প্রায় সোয়া লাখ মাছ ধরার নৌকা প্রত্যাহার করে নেওয়া এবং জীবন-জীবিকার জন্য ওই নৌকার ওপর নির্ভরশীল দুই লাখ ৩০ হাজার মানুষকে অন্য পেশায় পুনর্বাসন, জবরদখলকৃত জমি ও নদীর পার পুনরুদ্ধার ইত্যাদি।

এনওএফ-ই জানাচ্ছে যে চীন সরকারের নেওয়া ওই কর্মসূচি বাস্তবায়নের ফলে ইয়াংজিতে এরই মধ্যে বড় মাছের উৎপাদন ২৩২ শতাংশ বেড়ে গেছে এবং সামগ্রিকভাবে মাছের উৎপাদন বেড়েছে ১৩ শতাংশ। আর সেখানকার বিলুপ্তমান যে ডলফিন নিয়ে জীববিজ্ঞানীদের উদ্বেগ চরমে পৌঁছে গিয়েছিল, তার সংখ্যা ৪৪৫ থেকে বেড়ে ৫৯৫-এ উন্নীত হয়েছে (ডলফিন নিয়ে উদ্বেগের কারণ হচ্ছে, এটিই পৃথিবীতে একমাত্র মিঠা পানির ডলফিন)। অন্যদিকে ওই কর্মসূচির আওতায় এরই মধ্যে এক লাখ ৬০ হাজার মানুষের জন্য নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, যারা পূর্বোল্লিখিত দুই লাখ ৩০ হাজার ক্ষতিগ্রস্ত মানুষের অংশ। ইয়াংজি ঘিরে চীন সরকারের নেওয়া ১০ বছর মেয়াদি কর্মসূচির মাত্র পাঁচ বছর অর্থাৎ অর্ধেক সময় এরই মধ্যে পার হয়েছে এবং তাতেই সেখানে যে পরিমাণে অগ্রগতি সাধিত হয়েছে, এতে ধারণা করা চলে যে দশকব্যাপী কর্মসূচির বাস্তবায়ন শেষে ইয়াংজি আবার তার পুরনো যৌবন ও প্রাণচাঞ্চল্যের অনেকটাই ফিরে পেতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে এত বড় মাত্রার দূষণের পরও ইয়াংজি কিন্তু কখনোই পৃথিবীর সর্বোচ্চ ১০ দূষণযুক্ত নদীর তালিকায় ছিল না, যেখানে বাংলাদেশের বুড়িগঙ্গা রয়েছে ষষ্ঠ অবস্থানে।

ইয়াংজি ও তার জীববৈচিত্র্যকে দূষণের হাত থেকে রক্ষাকল্পে চীন যে ধরনের কর্মসূচি নিয়ে এই সমকালেই ব্যাপকভাবে সফল হয়েছে, যার খানিকটা ওপরে উল্লেখ করা হলো। সেটি থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ কি তার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, মেঘনা, কর্ণফুলী, ধলেশ্বরী ইত্যাদি নদীকে পুনরুজ্জীবিত করার জন্য ব্যাপকভিত্তিক কর্মসূচি গ্রহণ করতে পারে না? অবশ্যই পারে এবং সদিচ্ছা থাকলে সেটি খুবই সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে, বাস্তবায়ন পর্যায়ে গিয়ে এসবের বেশির ভাগকেই রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার হীনতা ও দুর্বলতার কারণে টিকিয়ে রাখা হয়তো সম্ভব হবে না—পরিবেশ রক্ষার দায়িত্বে নিয়োজিত আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করা সম্ভব হলেও। কেন সম্ভব হবে না, সে সংক্রান্ত কয়েকটি আশঙ্কার কথা নিচে তুলে ধরা হলো।

এক. নদীর তীর ও বেদখল হয়ে যাওয়া সংশ্লিষ্ট জমি পুনরুদ্ধার করতে গেলে প্রথমেই তেড়ে আসবে প্রভাবশালীরা। দুই. নদীগুলোতে মাছ শিকার এবং অন্যান্য জীবিকার সঙ্গে সম্পর্কিত মানুষদের পুনর্বাসন করতে গেলে যে তালিকা তৈরির প্রয়োজন হবে, তার উল্লেখযোগ্য অংশজুড়েই থাকবে স্থানীয় রাজনৈতিক সুপারিশকৃত নাম।

তিন. উল্লিখিত ত্রুটিপূর্ণ প্রক্রিয়ায় পুনর্বাসনের জন্য শেষ পর্যন্ত যাদের নাম চূড়ান্ত হবে, তাদের জন্য বরাদ্দকৃত অর্থেরও একটি বড় অংশ চলে যাবে নেতাকর্মী ও প্রভাবশালীদের পকেটে।

তবে এই সবকিছু মেনে নিয়েও বাংলাদেশ যদি চীনের ইয়াংজি নদীর পুনরুদ্ধার প্রকল্পের মতো এ দেশেরও সর্বাধিক দূষিত নদীগুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ১০ বছর মেয়াদি একটি কর্মসূচি গ্রহণ করে, তাহলে নদীমাতৃক ও কৃষিপ্রধান বাংলাদেশের জন্য একটি অনেক বড় কাজ হবে বলে মনে করি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বিষয়টি নিয়ে ভাববে? বুড়িগঙ্গার পানির দূষণের মাত্রা এতটাই নিম্নস্তরে পৌঁছে গেছে যে ঢাকা ওয়াসা কর্তৃক এই পানিকে যান্ত্রিক পরিশুদ্ধকরণের আওতায়ও বিবেচনা করা সম্ভব হচ্ছে না—পানি আনতে হচ্ছে দূরবর্তী পদ্মা ও মেঘনা থেকে। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশের যে নদীগুলোকে একসময় মানুষের জীবন-জীবিকার জন্য আশীর্বাদ হিসেবে গণ্য করা হতো, সেগুলো শিগগিরই চরম অভিশাপ হয়ে দেখা দিতে পারে।

চীন কর্তৃক ইয়াংজি নদীর পুনরুজ্জীবন পরিকল্পনা সম্পর্কে বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ কতটা খোঁজখবর নিতে পারে। ২০২৯ সালে চীন তার প্রতিষ্ঠার ৮০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। সে উপলক্ষে একটি শুভেচ্ছা কর্মসূচির আওতায় ইয়াংজির মতো করে বাংলাদেশের নদীগুলোকে পুনরুজ্জীবিত করে দেওয়ার জন্য চীনের কাছে একটি অনুদান-প্রস্তাব কি পেশ করা যায় না? তিস্তা মহাপরিকল্পনার গুরুত্বের কথা স্বীকার করে নিয়েও বলি, এটি করা হলে তা বাংলাদেশের অর্থনীতির জন্য তিস্তা মহাপরিকল্পনার চেয়েও অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বৈকি! সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে বলে আশা রাখি।

লেখক : অ্যাজাঙ্কট ফ্যাকাল্টি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সাবেক পরিচালক, বিসিক, শিল্প মন্ত্রণালয়