বঙ্গোপসাগর আরব সাগর আর ভারত মহাসাগর এক সঙ্গে মিলেছে কন্যাকুমারিকায়। ভারতের টিপ বলে পরিচিত কন্যাকুমারিকার কুমারিকা মন্দির চাতালে দাঁড়িয়ে তিন সমুদ্রের এক সঙ্গে বয়ে যাওয়ার অভূতপূর্ব দৃশ্য দেখে অনেক কথাই মনে হতে পারে। কালিকট বন্দরে ভাস্কো ডা-গামার নৌকা ভেড়ানো থেকে শুরু করে চতুর ক্লাইভের হাতে ভারতবর্ষের ইতিহাস বদলের মহা এপিসোড রচনা। তারপর পরাধীনতার দুশ বছর। আন্দোলন সংগ্রাম আত্মাহুতি কত কি ঘটেছে। সমুদ্র শুধু বয়ে চলেছে অবিরাম। \r\nউত্তমাশা অন্তরীপের পথ ধরে ভাসতে ভাসতে ভাস্কো ডা-গামার ভারত মহাসাগরে পৌঁছার পর সমুদ্রে অনেক স্রোত বয়ে গেছে। ইতিহাসের উত্থান পতন পেরিয়ে বাংলাদেশ রাষ্ট্রের বয়সও চুয়ান্ন পেরোল।
বঙ্গোপসাগরের প্রবহমানতা অনেক দেশকে স্পর্শ করলেও কক্সবাজারে তার অপরূপ নান্দনিকতার তুলনা সম্ভবত আর কোথাও নেই। এত প্রশস্ত প্রাকৃতিক সৈকত শুধু বঙ্গোপসাগর কেন, পৃথিবীর অন্য কোন সমুদ্রের নেই। প্রকৃতির এ উদারতায় কৃতজ্ঞ না হয়ে পারা যায় না।\r\nসমুদ্রের কোন সীমানা নেই। রাষ্ট্রের আইনকানুন তাকে সীমায় বেঁধেছে। কক্সবাজার সৈকতে বঙ্গোপসাগরের যে স্রোত সেই স্রোতই বইছে ভারতের পুরীর সৈকতে। আরব সাগর আর ভারত মহাসাগরের সঙ্গে মিশেছে যে বঙ্গোপসাগর সেখানেও একই স্রোত। স্রোতের ওঠা-নামায় তারতম্য থাকে হয়তো। তাকে বুঝে নিতে হয়। সমুদ্র প্রাকৃতিক। সে তার মতে বয়ে যায়। তাকে বুঝতে হয় শিক্ষাপ্রাপ্ত মানুষকে।
বুঝতে না পারলেই বিপদ।\r\nআজকের দুনিয়ায় মানুষ যেখানে অ্যারো মাইলের হিসাবে চলছে, লঞ্চের গতি সেখানে মন্থর মনে হলেও নদীবহুল বাংলাদেশে এর গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। পদ্মা সেতু হওয়ার পর লঞ্চে যাতায়াত কমলেও এখনো নদীপথে প্রচুর সংখ্যক মানুষ যাওয়া-আসা ও পণ্য পরিবহন করে। অথচ জলপথ ও পরিবহন দুটোই ভীষণ অবহেলিত। দেশের প্রায় পাঁচ হাজার কিলোমিটার নৌপথের বেশির ভাগই চলাচলের যোগ্যতা হারিয়েছে। ক্রমাগত পলি পড়ছে, নাব্য হারাচ্ছে, চর জাগছে। চ্যানেল সরু হয়ে গেছে। এর সবটুকুই প্রাকৃতিক নয়, নিয়মিত দেখাশোনা করলে নদীপথের প্রতিবন্ধকতাগুলো সহজেই এড়ানো যেত। এড়ানো যেতো চাঁদপুরে সম্প্রতি ঘটে যাওয়া লঞ্চ দুর্ঘটনাও। ঘন কুয়াশার কারণে দুটো লঞ্চের মুখোমুখি সংঘর্ষ এবং একাধিক মানুষের প্রাণহানি।
নৌপথ সংরক্ষণ ও সংস্কারের জন্য অনেক সংস্থা রয়েছে- বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, সমুদ্র পরিবহন অধিদপ্তর আর নৌপরিবহন মন্ত্রণালয় তো রয়েছেই। এর পরও নৌপথ ও পরিবহন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। বাংলাদেশের মতো দেশে লঞ্চ-স্টিমার ও ট্রেনের মতো গণপরিবহনের যেখানে দিন দিন বিকশিত হওয়ার কথা, সেখানে এ খাতগুলো বরং উল্টো পথে চলেছে। গত শতকের আশির দশক থেকে বেসরকারি পরিবহন সংস্থার দাপটের কাছে হার মেনে রেল-নৌ দুই পথই ধ্বংসের দিকেই এগিয়েছে।
বছর কয়েক আগে সারাদেশে বাস-মিনিবাসের ভাড়া বাড়ানোর পর প্রায় সব ধরনের নৌযানের ভাড়াও বাড়ানো হয়েছিল এ যুক্তিতে যে, নৌপথের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হবে, নৌপরিবহন মালিকদের বেশকিছু শর্তের আওতায় আনা হয়েছিল যেমন- নৌযানের ফিটনেস সার্টিফিকেট নিশ্চিত করা, অতিরিক্ত যাত্রী না নেয়া, পর্যাপ্ত লাইফ বয়ার ব্যবস্থা করা, দক্ষ ও প্রশিক্ষিত চালক নিয়োগ করা ইত্যাদি। কিন্তু এসবই মূলত কাগুজে দলিলেই সীমিত। সরকারি সংস্থায় কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে লঞ্চ মালিকদের সখ্যও সব শর্ত মøান করে দিয়েছে।\r\nগত ৪০-৪৫ বছরে নৌদুর্ঘটনা তদন্তে পাঁচশ র বেশি কমিটি হয়েছে; কিন্তু কোন কমিটির তদন্তের ফল মানুষ জানে না। দেশের একটিমাত্র মেরিন কোর্টে পাঁচ হাজার মামলা বছরের পর বছর ঝুলে আছে।
অপরাধীর শাস্তি না হলে অপরাধপ্রবণতা বাড়বে সে তো স্বাভাবিক। ভাবা যায়, ৩৫ বছরের লঞ্চডুবিতে পাঁচ হাজারের বেশি মানুষ মারা গেছে অথচ একজন চালকেরও শাস্তি হয়নি। দুর্ঘটনার জন্য দায়ী প্রভাবশালী লঞ্চ মালিকদের কারও শাস্তি হয়েছে বলেও শোনা যায়নি। অথচ উন্নত দেশে এ ধরনের মৃত্যুকে হত্যার সমান অপরাধ মনে করা হয়। কয়েক বছর আগে ইতালির প্রমোদতরী কোস্টা কনকর্ডিয়া ডুবোচরে ধাক্কা খেয়ে ভূমধ্যসাগরে কাত হয়ে পড়ে। প্রায় সব যাত্রীকে উদ্ধার করা হলেও ২৪ ঘণ্টার মধ্যে জাহাজের ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসারকে গ্রেপ্তার করে ইতালির পুলিশ। এ ধরনের ঘটনা আমাদের দেশে কল্পনা করা যায়? রাজনৈতিক আর প্রশাসনিক হস্তক্ষেপে লঞ্চ মালিক ও চালকদের সব অপরাধ ধোঁয়ায় মিলিয়ে যায়।
প্রকাশিত খবরে জানা যায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়েরই কয়েক কর্মকর্তা বলেছেন, রাজনৈতিক হস্তক্ষেপ এবং প্রশাসনিক দুর্বলতার কারণে এ দেশে লঞ্চ দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের কাউকেই এখন পর্যন্ত শাস্তির মুখোমুখি করা সম্ভব হয়নি। তদন্ত প্রতিবেদনগুলো আলোর মুখ দেখলে এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া গেলে লঞ্চ দুর্ঘটনার হার কমে যেত। আসলে নৌদুর্ঘটনাকে দুর্ঘটনা না বলে হত্যাই বলা উচিত। যারা নৌপরিবহন ব্যবসার সঙ্গে জড়িত তারা মূলত নিজেদের ব্যবসার দিকটাই দেখেন। যাত্রীদের নিরাপত্তা বা বাঁচা-মরা নিয়ে ভাবার অবকাশ তাদের নেই। যেসব লঞ্চ বা জাহাজ দুর্ঘটনায় পড়ে তার বেশির ভাগই মেয়াদ উত্তীর্ণ, ভেতরে প্রয়োজনীয় লাইফ সাপোর্ট সামগ্রী প্রায়ই থাকে না।
কয়েক বছর আগে এমভি বিপাশা নামে একটি লঞ্চ ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে মেঘনায় ডুবেছিল। বিপাশার ধারণক্ষমতা ছিল ৮০ জন; কিন্তু ডুবে যাওয়ার সময় এর যাত্রী সংখ্যা ছিল ৩০০ র বেশি। দুর্ঘটনার পর জানা গেছে, লঞ্চটি ছিল ৩০ বছরের পুরনো এবং আনফিট। আকারের সঙ্গে সামঞ্জস্য রেখে যেসব লাইফ সাপোর্ট সামগ্রী এতে থাকার কথা ছিল তাও ছিল না। ৩৫টি জীবন রক্ষাকারী বয়া, ৪টি আগুন নেভানো যন্ত্র এবং ২টি বালির বাক্স থাকার কথা থাকলেও এর বেশির ভাগই লঞ্চে ছিল না। \r\nএমএল পিনাক-৬ নামে আরও একটি দুর্ঘটনা কবলিত লঞ্চের যাত্রী ছিল ধারণক্ষমতার চার গুণের বেশি। এর ফিটনেস এবং লাইফ সাপোর্ট কেমন ছিল জানা যায়নি। অতিরিক্ত যাত্রীর বিষয় নিশ্চিত হওয়া গেছে। তবে ফিটনেস যে ঠিক ছিল না তা প্রায় শতভাগ নিশ্চিত করে বলা যেতে পারে।
কারণ বেশ ক টি জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রুটে দুই ডজনেরও বেশি ফিটনেস বিহীন লঞ্চ ও শ খানেক স্পিড বা সি-বোট চলছে। এ রুটে চলা ৮৬টি লঞ্চের বেশির ভাগই ৩০-৪০ বছরের পুরানো। \r\nজীবনের এমন অপচয় মেনে নেয়া যায় না। মেনে নেয়া যায় না আরও অনেক কিছুর সঙ্গে উদ্ধারকারী জাহাজের সীমাবদ্ধতাও। সেই মান্ধাতা আমলের ধারণ সীমার উদ্ধারকরি জাহাজ নিজেরা কতটা ফিট তাও প্রশ্নাতীত নয়। এখনকার অনেক জাহাজের ওজন ৬০ টনের বেশি। সুতরাং এ সব জাহাজ দুর্ঘটনায় পড়লে উদ্ধারকারী হিসেবে নৌপরিবহন কর্তৃপক্ষের মুখ রক্ষার সাইনবোর্ড হিসেবেই ব্যবহার হয় উদ্ধারকারি জহাজ। কাজের কাজ কিছুই হয় না। উদ্ধার মানে তো শুধু লাশ উদ্ধার নয়, যত দ্রুত সম্ভব জীবিত মানুষ উদ্ধার করা। কিন্তু ডুবে যাওয়া জাহাজ থেকে উদ্ধারকারীরা মানুষের প্রাণ রক্ষা করেছে এমন দৃষ্টান্ত খুব কম। এ সীমাবদ্ধতাগুলো কাটানোর জন্য ৫৪ বছর যথেষ্ট সময়। অথচ নৌপরিবহন ব্যবস্থাপনায় তেমন কোন পরিবর্তন আসেনি। বিশেষজ্ঞরা বলছেন লঞ্চের নকশায় পরিবর্তন আনা দরকার। দীর্ঘদিন ধরে একই ধরনের নকশায় লঞ্চ তৈরি হচ্ছে। কিন্তু জলবায়ু ও নদীর গতিপ্রকৃতি ইত্যাদি পারিপার্শ্বিক অবস্থা বদলেছে। এ বদলের সঙ্গে উপযোগী নৌযান তৈরির দিকে গুরুত্ব দিতে হবে। পদ্মা সেতু হওয়ার আগে দেশে নিয়মিত লঞ্চ চলেছে প্রায় আট হাজার। এর মধ্যে সমুদ্র পরিবহন অধিদপ্তরের নিবন্ধন করা দুই হাজার লঞ্চ ছাড়া বাকি সব চলেছে অবৈধভাবে। এই ঝুঁকির পুরোটাই বয়েছে সাধারণ মানুষ। প্রাণ দিয়ে তারা জানিয়ে গেছে এদেশের নৌপথ ও পরিবহনের ক্ষয়ে যাওয়া অবস্থার কথা।
