দেশে প্রতি বছর বিপুল পরিমাণে মাদক সুবিস্তৃত সীমান্ত এবং আকাশ পথে প্রবেশ করে। এর কিয়দংশ দেশের অভ্যন্তরে অবৈধভাবে বেচাকেনা চলে এবং অনেকাংশে অন্যান্য দেশে পাচার হয়ে যায়। এক্ষেত্রে দেশীয় চোরাচালানির পাশাপাশি বিদেশী চোরাচালানিও ধরা পড়ছে। তাদের মধ্যে অনেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং থানা-পুলিশের হাতে ধরা পড়লেও ছাড়া পেয়ে যায় অনেকে। যে বা যারা ধরা পড়ছে, তা সে দেশি-বিদেশি যেই হোক না কেন কিছুদিন জেল খেটে জামিনে বেরিয়ে যায়। অধিকাংশ মাদক মামলায় যথাযথ আইনি বিচার এবং সংশ্লিষ্টদের যথাযোগ্য শাস্তি হয় খুবই কম। ফলে তারা জামিনে বেরিয়ে এসে পুনরায় জড়িয়ে পড়ে মাদক পাচার ও চোরাচালানে।

পত্রিকান্তরে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে  যে, দেশে মাদক মামলার প্রায় ৫৯ শতাংশ শেষ পর্যন্ত আদালতে প্রমাণ করা যায় না। অর্থাৎ, মাদকের ৫৯ শতাংশ মামলার আসামির শাস্তি হয় না। তদুপরি অনুসন্ধানে দেখা গেছে, মাদকসহ গ্রেফতার হওয়া আসামিদের বাইরে অন্য কাউকে চিহ্নিতও করা যায় না। অর্থাৎ, মাদকের পৃষ্ঠপোষক, আশ্রায়দাতা বা অর্থ দেওয়া গডফাদারদের সম্পর্কে কোনো তথ্য উল্লেখ থাকে না তদন্ত প্রতিবেদনে। মূল অপরাধী বা হোতারা সবসময় থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। \r\nএর কারণ হিসেবে বলা হয়েছে, ত্রুটিপূর্ণ এজাহার, তদন্তে দুর্বলতা, সাক্ষী না থাকা, পুলিশের তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের গাফিলতি। অন্তত ১৬টি কারণে মাদকের মামলা প্রমাণ করা যায় না আদালতে। এর পাশাপাশি মাদক মামলা প্রমাণ করতে না পারার ক্ষেত্রে আরও ১০টি ঘাটতি দেখা গেছে। এর মধ্যে রয়েছে বাদী এবং তদন্ত কর্মকর্তার সাক্ষ্য না দেওয়া, আসামিদের মূল ঠিকানা যাচাই না করা, এক থানার মামলার ঘটনায় অন্য থানায় মামলা দায়ের করা, একই কর্মকর্তার বাদী ও তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন, জব্দ আলামত আদালতে উপস্থাপন না করা, সাক্ষী না পাওয়া, মাদক উদ্ধারে যাওয়া আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাক্ষ্য না দেওয়া, মামলার তদন্তে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদাকরি না থাকা, সর্বোপরি রাষ্ট্রপক্ষের দায়সারা মনোভাব ইত্যাদি।\r\nমাদকের ভয়াবহ আগ্রাসন রোধে দেশে মাদক সেবন ও বহনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তারপরও মাদকের চোরাচালান ও ব্যবহার কমানো যাচ্ছে না। কাজেই মাদকের সর্বাত্মক প্রতিরোধে সরকারকে আরও তৎপর এবং কঠোর হওয়া জরুরি। মাদকের নেতিবাচক প্রভাবে যুবসমাজ ধ্বংসের দিকে পা বাড়ালে সমাজ ও সংস্কৃতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বাধাগ্রস্ত হতে পারে দেশের সার্বিক উন্নয়ন।