কয়েকদিন ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কার্যত নিস্তব্ধ। নেতাকর্মীদের স্বাভাবিক আনাগোনা নেই, অফিসের কর্মচারীরাও কর্মব্যস্ততার বদলে অলস সময় পার করছেন। শীর্ষ নেতাদের উপস্থিতি চোখে পড়ে না। কারণ দলের অধিকাংশ জ্যেষ্ঠ নেতা এখন এমপি। তাদের মধ্যে প্রায় ৪৫ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বে রাষ্ট্র পরিচালনায় ব্যস্ত। এমন বাস্তবতায় প্রশ্ন জাগেÑ একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম তাহলে কীভাবে চলবে? মাঠপর্যায়ের নেতাকর্মীরা তাদের নিয়মিত রাজনৈতিক কাজ, কর্মসূচি ও সাংগঠনিক দিকনির্দেশনা কোথা থেকে পাবেন? স্থানীয় সমস্যা, অভ্যন্তরীণ সংকট বা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তারা কার দ্বারস্থ হবেন? ক্ষমতার কেন্দ্রে নেতৃত্বের এই নিবিড় ব্যস্ততার মধ্যে দলের প্রাতিষ্ঠানিক জীবন কীভাবে সচল থাকবেÑ এই প্রশ্ন এখন বাস্তবতার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে।

রাজনৈতিক দল হলো নাগরিকদের একটি সংগঠিত ঐক্য, যা নির্দিষ্ট আদর্শ, মূল্যবোধ ও রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রক্ষমতা অর্জন বা রাষ্ট্র পরিচালনার নীতিকে প্রভাবিত করার লক্ষ্য নিয়ে গঠিত হয়। অর্থাৎ রাজনৈতিক হলো, জনমত, মতাদর্শ ও ক্ষমতার প্রতিযোগিতার একটি প্রাতিষ্ঠানিক রূপ। যা জনগণের আকাক্সক্ষা ও দাবি রাজনৈতিক ভাষায় রূপান্তরিত করে এবং সেই দাবি রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। রাজনৈতিক দল রাষ্ট্রের বাইরে নয়, আবার রাষ্ট্রের সমার্থকও নয়; বরং রাষ্ট্রক্ষমতা অর্জন ও ব্যবহারের একটি সাংবিধানিক প্রক্রিয়া।

অন্যদিকে সরকার হলো রাষ্ট্রের কার্যকর পরিচালনাকারী প্রতিষ্ঠান, যা সংবিধান ও আইনের ভিত্তিতে দেশের শাসন, প্রশাসন ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে। সরকার কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দলের জন্য নয়Ñ এটি সমগ্র নাগরিকসমষ্টির প্রতিনিধিত্বমূলক কাঠামো। সরকার আইন প্রয়োগ করে, নীতি বাস্তবায়ন করে, নিরাপত্তা নিশ্চিত করে এবং সামাজিক ও অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষা করে। এই অর্থে সরকার রাষ্ট্রের কার্যকর রূপÑ যেখানে নাগরিকদের অর্পিত ক্ষমতা প্রাতিষ্ঠানিকভাবে প্রয়োগ করা হয়।

রাষ্ট্রবিজ্ঞানের আলোকে বলা যায়, রাজনৈতিক দল ক্ষমতার উৎসের দিকে অগ্রসর হয়, আর সরকার সেই ক্ষমতার প্রয়োগের দায়িত্ব পালন করে। রাজনৈতিক দল পরিবর্তনশীল, প্রতিযোগিতামূলক ও মতাদর্শনির্ভর। কিন্তু সরকার সর্বজনীন দায়িত্ববাহী, যা ক্ষমতায় যে-ই থাকুক না কেন, দেশের সকল মানুষের জন্য কাজ করার নৈতিক ও সাংবিধানিক বাধ্যবাধকতা বহন করে। এখানেই রাজনৈতিক দল ও সরকারের মৌলিক পার্থক্য এবং পারস্পরিক সম্পর্কের দার্শনিক ভিত্তি নিহিত।

সংসদীয় শাসন ব্যবস্থায় ‘সরকারি দল’ এবং ‘সরকার’ শব্দ দুটি প্রায়শই সমার্থক হিসেবে ব্যবহার করা হয়। সাধারণ জনগণের মধ্যে এটি প্রচলিত হলেও রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখা যায়, এটি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য বহন করে। রাজনৈতিক বাস্তবতায় একটি রাজনৈতিক দল নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারে, কিন্তু গঠিত সরকার দেশের সকল নাগরিকের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ সরকার রাজনৈতিক দল নয়, সরকার সমগ্র জনগণের জন্য কাজ করে এবং দেশের শাসন ও প্রশাসনের দায়িত্ব পালন করে।

সংসদীয় গণতন্ত্রে একটি রাজনৈতিক দল যখন নির্বাচন জিতে সরকার গঠন করে, তখন তার পরিচয় দ্বিমুখী হয়ে ওঠে- একদিকে সে সরকারি দল, অন্যদিকে সে রাজনৈতিক দল। এই দ্বৈত পরিচয়ের ভেতরেই জন্ম নেয় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন- ক্ষমতায় থাকা অবস্থায় দল কি দলীয় রূপে সক্রিয় থাকতে পারে, নাকি রাষ্ট্রের সর্বজনীন প্রতিনিধিত্বের প্রয়োজনে তাকে দলীয় সীমানা ছাড়িয়ে যেতে হয়? বর্তমান বাস্তবতা- যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে ‘সবার বাংলাদেশ’ দর্শন ঘোষণা করেছেন, যে কারণে এই প্রশ্ন নতুন মাত্রা দিয়েছে।

গণতান্ত্রিক তত্ত্ব বলছে, সরকার রাষ্ট্রের, দলের নয়। কিন্তু বাস্তব রাজনীতিতে সরকার গঠন করে একটি দল, এবং সেই দলের শীর্ষ নেতৃত্বেই মন্ত্রিসভা ও প্রশাসনিক নীতিনির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে। এখানেই শুরু হয় প্রতিনিধিত্বের দ্বন্দ্বÑ সরকার পরিচালনার সময় রাজনৈতিক নেতা শুধু দলীয় প্রতিনিধিত্ব করেন না, একই সাথে তারা রাষ্ট্রের প্রতিনিধি হয়ে ওঠেন। ফলে তাদের প্রতিটি সিদ্ধান্ত শুধু দলীয় স্বার্থে নয়, সর্বজনীন স্বার্থের মানদণ্ডে বিচার্য হয়।

গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি দল ও সরকারের পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, ক্ষমতা কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়। সরকার জনগণের প্রতিনিধি, এবং সরকারের নীতি ও সিদ্ধান্তের মাধ্যমে দেশের সমস্ত জনগণকে সেবা দেওয়া হয়। একটি দল জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা অর্জন করে এবং সেই ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেয়। এই পার্থক্য বোঝা না গেলে সংসদীয় শাসনের প্রকৃত অর্থ বোঝা সম্ভব নয়।

বাস্তব উদাহরণ দেখলে বিষয়টি আরও স্পষ্ট হয়। সরকার দেশের সকল নাগরিকের কল্যাণে দায়বদ্ধ, আর সরকারি দল সরকারের কার্যক্রমে নেতৃত্ব দিয়ে নীতি প্রণয়ন ও বাজেট অনুমোদন করে। সরকারি দল সরকারের সমার্থক নয়, বরং এটি সরকারের মাধ্যমে রাজনৈতিক নেতৃত্ব প্রদানের মাধ্যম।

সংসদীয় শাসনে সরকারি দল এবং সরকারের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদে বিরোধী দল এবং নাগরিক সমাজ সরকারের নীতি ও কার্যক্রমের সমালোচনা করতে পারে। এটি নিশ্চিত করে যে, সরকারি দল সরকার পরিচালনার সময় দেশের সমস্ত মানুষের স্বার্থ বিবেচনা করতে বাধ্য। সরকারি দল রাষ্ট্র পরিচালনার ক্ষমতা ব্যবহার করলেও, তার সিদ্ধান্ত সর্বদা সরকারের নীতি ও সংবিধান অনুযায়ী সীমাবদ্ধ থাকে। এই প্রক্রিয়া সংসদীয় শাসনে গণতান্ত্রিক স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করে।

গভীর বিশ্লেষণ দেখায়, সরকারি দল ও সরকারের সম্পর্ক পরস্পরের ওপর নির্ভরশীল কিন্তু স্বতন্ত্র। সরকারের কার্যকারিতা সকল নাগরিকের জন্য থাকে এবং এটি রাজনৈতিক দলগুলোর ব্যক্তিগত স্বার্থের বাইরে। গণতান্ত্রিক শাসনে এই পার্থক্য নিশ্চিত করে যে, সরকার ও সরকারি দল এক নয়, কিন্তু পরস্পরের ওপর নির্ভরশীল।

এই অবস্থাকে বোঝার জন্য সামাজিক চুক্তি তত্ত্ব গুরুত্বপূর্ণ। টমাস হবস মনে করতেন, মানুষ নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য ব্যক্তিগত ক্ষমতার একটি অংশ রাষ্ট্রকে অর্পণ করে। ফলে রাষ্ট্র বা সরকার কোনো গোষ্ঠীর সম্পত্তি নয়, এটি নাগরিকদের সম্মিলিত কর্তৃত্ব। আবার জঁ-জ্যাক রুশো মতে, রাষ্ট্রের প্রকৃত বৈধতা আসে ‘সাধারণ ইচ্ছা’ থেকেÑ যা কোনো দলীয় ইচ্ছা নয়, বরং সমগ্র জনগণের কল্যাণের অভিব্যক্তি। এই তত্ত্ব অনুসারে, ক্ষমতায় থাকা দল যদি নিজেকে রাষ্ট্রের সমার্থক করে তোলে, তবে গণতান্ত্রিক শাসনের নৈতিকতা দুর্বল হয়।

কিন্তু এখানেই একটি বাস্তব রাজনৈতিক সমস্যা দেখা দেয়। একটি দল যখন সরকারে থাকে, তখন তার অধিকাংশ শীর্ষ নেতা প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত থাকেন। ফলে প্রশ্ন ওঠেÑ দলীয় সংগঠন কে চালাবে? রাজনৈতিক কর্মসূচি কে পরিচালনা করবে? যদি মন্ত্রীরা দলীয় সভা, প্রচার বা কৌশল নির্ধারণে সক্রিয় থাকেন, তবে তারা কি রাষ্ট্রের সর্বজনীন প্রতিনিধিত্ব থেকে বিচ্যুত হন না? আর যদি তারা দলীয় কর্মকা- থেকে দূরে থাকেন, তবে দল কি তার রাজনৈতিক শক্তি ও সংগঠনগত সত্তা হারায় না?

জন লক এই দ্বন্দ্বের একটি দিক নির্দেশ করেছেন। তাঁর মতে, সরকার জনগণের সম্মতিতে প্রতিষ্ঠিত একটি ট্রাস্ট বা অর্পিত ক্ষমতা। এই ক্ষমতার ব্যবহার সর্বজনীন কল্যাণের জন্য হতে হবে, ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে নয়। ফলে ক্ষমতায় থাকা দলের জন্য নৈতিক বাধ্যবাধকতা হলোÑ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দলীয় পরিচয়কে গৌণ করা, কিন্তু রাজনৈতিক সংগঠন হিসেবে দলকে সাংবিধানিক কাঠামোর ভেতরে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া। এখানে রাজনৈতিক প্রজ্ঞার প্রয়োজন। ক্ষমতাসীন দলকে দুটি স্তরে নিজেকে সংগঠিত করতে হয়। প্রথম স্তর হলো সরকারÑ যেখানে সিদ্ধান্ত সর্বজনীন স্বার্থের ভিত্তিতে নেওয়া হবে। দ্বিতীয় স্তর হলো দলÑ যেখানে আদর্শ, সংগঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি বিকশিত হবে। এই দুই স্তর একে অপরের ওপর প্রভাব ফেলবে, কিন্তু একীভূত হবে না।

জন স্টুয়ার্ট মিল প্রতিনিধিত্বমূলক সরকারের তত্ত্বে সতর্ক করেছিলেন যে গণতন্ত্র তখনই টেকসই হয়, যখন শাসকগোষ্ঠী সমালোচনার জন্য উন্মুক্ত থাকে এবং রাষ্ট্র ও দলের সীমারেখা স্পষ্ট থাকে। ক্ষমতাসীন দল যদি রাষ্ট্রযন্ত্রের সঙ্গে নিজেকে অভিন্ন করে ফেলে, তবে বিরোধিতা দুর্বল হয় এবং গণতন্ত্রের প্রাণশক্তি ক্ষীণ হয়ে যায়। অন্যদিকে জেরেমি বেন্টহাম জনকল্যাণের সর্বোচ্চতার নীতি দিয়েছিলেন। তাঁর উপযোগবাদী দৃষ্টিতে সরকারকে বিচার করা হবেÑ তার নীতি কত মানুষের সর্বাধিক মঙ্গল নিশ্চিত করছে। ফলে ক্ষমতাসীন দলের জন্য মূল প্রশ্ন হওয়া উচিতÑ দলীয় স্বার্থ নয়, নীতির ফল কতটা সর্বজনীন।

এই তাত্ত্বিক আলোচনাকে বর্তমান বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখলে কয়েকটি স্পষ্ট করণীয় সামনে আসে। তা হলো, ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের জন্য প্রশাসনিক দায়িত্ব ও দলীয় দায়িত্বের মধ্যে প্রাতিষ্ঠানিক বিভাজন জরুরি। সরকারে থাকা ব্যক্তিরা নীতিনির্ধারণে সর্বজনীন প্রতিনিধি হিসেবে কাজ করবেন। আর দলের সাংগঠনিক কাজ পরিচালনা করবেন দলীয় কাঠামোর অন্যান্য স্তরের নেতারা।

দলীয় ও সরকারি কার্যক্রমের স্বচ্ছতা অপরিহার্য। সরকারি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া যত বেশি উন্মুক্ত ও জবাবদিহিমূলক হবে, তত কমবে পক্ষপাতিত্বের অভিযোগ। ক্ষমতাসীন দলকে নিজেকে ‘রাষ্ট্র’ হিসেবে নয়, ‘রাষ্ট্র’ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করতে হবে। এই ভাষাগত ও নৈতিক সংযমই গণতান্ত্রিক সংস্কৃতির মূল ভিত্তি। সংক্ষেপে বলা যায়, সংসদীয় শাসনে সরকারি দল হলো সেই রাজনৈতিক দল, যা নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে এবং প্রশাসন ও নীতি প্রণয়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেয়। কিন্তু সরকার দেশের সকল নাগরিকের প্রতিনিধি, যা সরকারি দলের রাজনৈতিক কর্মকা-ের বাইরে সর্বজনীন দায়িত্ব পালন করে।

অর্থাৎ সরকার হল সমগ্র রাষ্ট্রের, জনগণের জন্য। কিন্তু আমরা সহজভাবে সেই দলকে ‘সরকারি দল’ বলি। এই ব্যবহার ঠিক নয়, কারণ সরকার রাজনৈতিক দল নয়, সরকার দেশের সর্বসাধারণের জন্য। শুধু যে দল সরকার গঠন করেছে, সেটিই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সরকারি দল হিসেবে পরিচিত। অতএব, প্রশ্ন হলো, ক্ষমতায় থেকেও দল কতটা রাষ্ট্রের সর্বজনীন চরিত্র রক্ষা করতে পারে? দলকে রাজনৈতিক থাকতে হবে, সরকারকে রাষ্ট্রের হতে হবেÑ গণতান্ত্রিক ক্ষমতার নৈতিকতা এখানেই।

লেখক : গবেষক ও রাজনৈতিক কলাম লেখক sk.rafiq1982@gmail.com