সম্প্রতি বিশ্বের ১৪ জন সাবেক ক্রিকেট অধিনায়ক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট তারকা কারাবন্দি ইমরান খানের চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি চিঠি দিয়েছেন। এই চিঠি প্রেরকদের মধ্যে আছেন সুনীল গাভাস্কার, কপিল দেবের মতো তারকা। আশ্চর্যজনক হলেও সত্য, পাকিস্তান সরকার অধিনায়কদের আবেদনের প্রতি প্রকাশ্যে কোনো সাড়া দেয়নি। এর নেপথ্য কারণ যতটা মানবিকতার দিক থেকে গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি রাজনৈতিক। পাকিস্তানের পক্ষ থেকে এই নীরবতা চাতুর্যপূর্ণ কৌশলী অবস্থান বটে। এটি তাদের স্বাভাবিক আচরণের বিপরীত। কেননা, তারা যা উস্কানিমূলক বলে মনে করে তার দ্রুত ও জোরালো প্রতিক্রিয়া দেয়।

চিঠির প্রতি পাকিস্তানের প্রচলিত প্রতিক্রিয়া থেকে এখন পর্যন্ত সরে আসার উদ্দেশ্য যথাসম্ভব বিতর্ক এড়ানো। কারণ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে প্রথম বোর্ড অব পিস (বিওপি) বৈঠকে অংশ নিচ্ছেন। কিছু মিডিয়া রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে– ফিল্ড মার্শাল অসিম মুনির তাঁর প্রতিনিধি দলে যোগ দেবেন। একদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুসংহত করতে চায়, অন্যদিকে শরিফ ও মুনির বিওপির সভাপতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক জোরালো করতে চান। পাকিস্তানি নেতারা চাইবেন না, তাদের ওয়াশিংটন সফরকালে কোনো বিতর্ক সৃষ্টি হোক। পাকিস্তানে সবকিছু স্বাভাবিক– এটি তুলে ধরতে সেনাবাহিনী ও সরকার ইমরান খানের দল পিটিআই-কে পর্যাপ্ত চিকিৎসা সুবিধার অভাব এবং তাঁর অব্যাহত কারাবাসের বিরুদ্ধে তাদের অভিযোগ বন্ধেও রাজি করিয়েছে। বিওপি সভা শেষ হয়ে গেলে এবং শরিফ পাকিস্তানে ফিরে আসার পর দেশটি অধিনায়কদের চিঠি উপেক্ষা করে কিনা, তা দেখার বিষয়। যাই হোক, পাকিস্তানের সামরিক নেতৃত্ব বা বেসামরিক সরকার চিঠি পাওয়া সত্ত্বেও ইমরান খানের প্রতি কোনো নমনীয়তা দেখাবে না। যদি পাকিস্তান সাড়া দেয়, তাহলে তারা খানের চিকিৎসার ব্যাপারে অধিনায়কদের আশ্বস্ত করবে। সে ক্ষেত্রে আইনের মারপ্যাঁচকে প্রাধান্য দেবে। সম্ভবত সবচেয়ে ভালো হতো তারা শাহবাজ শরিফকে লেখা চিঠিতে স্বাক্ষর বা অনুমোদনের প্রলোভন এড়িয়ে গেলে। এ ক্ষেত্রে রাজনীতি টানার সুযোগ ছিল না।

ইমরান খান ২০২৩ সালের মে মাস থেকে কারাগারে। আল কাদির ট্রাস্ট মামলায় স্ত্রী বুশরা বিবি এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাঁকে আটক করা হয়েছিল। এর প্রতিক্রিয়ায় খানের সমর্থকরা তাণ্ডব চালিয়ে সেনাবাহিনীর ওপর হামলা চালায়; জাতীয় শহীদদের স্মৃতিস্তম্ভসহ সামরিক স্থাপনা ও বিভিন্ন স্মৃতিস্তম্ভেও হামলা করে। জেনারেল অসিম মুনিরের নেতৃত্বে সেনাবাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।

যাই হোক, মুনির নিশ্চিত করেছিলেন যে ভুট্টো-জারদারি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) বাইরের সমর্থন নিয়ে পিএমএল(এন)-এর নেতৃত্বে একটি জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং সরকার গঠন করে। কারিগরি কারণে ছোট দলে যোগদানকারী পিটিআই সদস্যরা বিরোধী দলে পরিণত হন। এসব কিছুর মধ্যে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে– মুনির যে কোনো অর্থে ইমরান খানকে জেল থেকে বের হতে দেবেন না। এই উদ্দেশ্য সুনিশ্চিত করার জন্য ২০২৪ ও ২০২৫ সালে খানের বিরুদ্ধে সরকারি গোপনীয়তা এবং দুর্নীতির অভিযোগ এনে মামলা দেওয়া হয়। দায়রা ও জেলা আদালত তাঁকে ১০ এবং ১৪ বছরের কারাদণ্ড দেন। আপিল আদালত যথাসময়ে তার শুনানি করবে, কিন্তু যতক্ষণ মুনির পদে থাকবেন ততক্ষণ তিনি ইমরান খানের আটকাবস্থা নিশ্চিত করবেন। অসিম মুনির ও ইমরান খান উভয়ই জানেন, একটি খাপে দুটি তরবারি থাকতে পারে না। দীর্ঘদিন ধরে ইমরান খানের জনপ্রিয়তায় কেউ চিড় ধরাতে পারেনি এবং বিদেশ যেতেও তিনি অস্বীকার করেছেন। ফলে অসিম মুনির কোনোভাবে তাঁকে কারাগার থেকে বের হতে দেবেন না। এই দিক থেকে আন্তর্জাতিক অধিনায়কদের আবেদন মরুভূমিতে একটি চিৎকার মাত্র। মুনির ও শাহবাজ শরিফের পক্ষে অধিনায়কদের দাবি মেনে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। বিশেষত এর কারণ পাকিস্তানের বিচার বিভাগ মূলত সরকারের সঙ্গেই যুক্ত।

এই চিঠিতে পাকিস্তানকে সুযোগ দেওয়া হয়েছে ভারতকে বিব্রত করার। কারণ এতে বলা হয়েছে, ‘ক্রিকেট দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতির মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে আসছে। মাঠে আমাদের পারস্পরিক ইতিহাস মনে করিয়ে দেয়– খেলা শেষ হলে প্রতিদ্বন্দ্বিতারও অবসান ঘটে এবং পারস্পরিক সম্মান থাকে অক্ষুণ্ন। ইমরান খান তাঁর পুরো ক্যারিয়ারে সেই চেতনা তুলে ধরেছেন। এই সূত্র ধরেই পাকিস্তানিরা এই ১৪ জনের মধ্যে বিশেষত গাভাস্কার ও কপিল দেবকে একটি ব্যাপারে পরামর্শ দিতে পারেন। সন্ত্রাসবাদের কারণে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানের সঙ্গে সৌজন্য বিনিময় থেকে বিরত ছিল।

বিবেক কাটজু: সাবেক ভারতীয় কূটনীতিক; ফার্স্টপোস্ট থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম