ইউএনএফসিসির সদস্য দেশগুলোর বার্ষিক জলবায়ু সম্মেলনের ত্রিশতম পর্ব বা কপ৩০ সদ্য সমাপ্ত হয়েছে। এর অংশীজন সম্মেলন থেকে প্রাপ্তিকে নিজেদের বিজয় হিসেবে দেখানোর চেষ্টা করছে। যেমন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিল কপ৩০-এর প্রশংসা করে দেখানোর চেষ্টা করেছেন, ‘জলবায়ু সহযোগিতা এখনও বিদ্যমান, যার মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে মানবতা কাজ করছে।’ তবে স্পষ্ট করা দরকার, এটি ছিল ব্যর্থ সম্মেলন। এর সিদ্ধান্তগুলো বলা চলে জলবায়ু অস্বীকারেরই নামান্তর।

২০২৩ সালে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ-আইপিসিসি নির্ধারণ করেছে– বৈশ্বিক উষ্ণায়ন ২ ডিগ্রি সেন্টিগ্রেডে থামাতে হলে বিশ্ব ইতোমধ্যে অনেক বেশি জীবাশ্ম জ্বালানি তৈরি করেছে বা তৈরি করার পরিকল্পনা করেছে। প্যানেল স্বীকার করেছে, উষ্ণায়ন ২ ডিগ্রি সেন্টিগ্রেডে সীমাবদ্ধ রাখতে হলে জীবাশ্ম জ্বালানি ঘিরে গড়ে ওঠা মূলধনি সম্পদগুলো অবশ্যই পরিত্যক্ত হতে হবে। অর্থাৎ সেগুলোকে ত্যাগ করতে হবে এবং ব্যবহার করা যাবে না। কিন্তু কপ৩০-এ সিদ্ধান্তমূলক নথিতে এ সবকিছুই উপেক্ষা করা হয়েছে। প্রকৃতপক্ষে সেখানে জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখই নেই। অথচ সম্মেলনের আগে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছিলেন, ‘বিশ্বের এমন রোডম্যাপ দরকার যা মানব জাতিকে একটি ন্যায্য এবং সুপরিকল্পিত উপায়ে জীবাশ্ম জ্বালানির ওপর তাদের নির্ভরতা কাটিয়ে উঠতে সক্ষম করবে।’

লুলার বক্তব্যে অন্য ৯০টি দেশও সমর্থন দিয়েছিল। কপ৩০-এর সংবাদ সম্মেলনে ২০টি দেশের মন্ত্রী ও জলবায়ু প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। তারা দাবি জানিয়েছেন, প্রথম খসড়া পাঠে জীবাশ্ম জ্বালানি পরিত্যাগের রোডম্যাপ-সংক্রান্ত প্রস্তাবিত ভাষা আরও ‘শক্তিশালী’ করে চূড়ান্ত করা হবে। এই প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন তাদের নিজস্ব একটি প্রস্তাব উত্থাপন করে যাতে রোডম্যাপটি চূড়ান্ত ঘোষণায় যুক্ত হয়। শুক্রবার পর্যন্ত এই রোডম্যাপের পক্ষে ৮৯টি দেশ সমর্থন জানায়। কিন্তু একই দিনে প্রকাশিত দ্বিতীয় খসড়া পাঠে রোডম্যাপটি পুরোপুরি বাদ পড়ে যায়। ফলে কপ৩০-এর পরেও জীবাশ্ম জ্বালানির যুগ চলতেই থাকবে। এটাই বাস্তবতা।

বোঝাই যাচ্ছে, রাশিয়া ও সৌদি আরবের নেতৃত্বে তেল সমৃদ্ধ দেশগুলো জোরালোভাবে জীবাশ্ম জ্বালানি পরিত্যাগের বিরোধিতা করেছে; শেষ পর্যন্ত জয়ীও হয়েছে। তারা এটি তাদের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য অস্তিত্ব সংকট মনে করে। কিন্তু তারা হয়তো ভুলে যাচ্ছে, জলবায়ু সংকট ঠিক সেই একই অঞ্চল তথা মধ্যপ্রাচ্যে মানুষের বসবাসকেই অনিশ্চিত করে তুলছে। কপ৩০-এর সপ্তাহেই ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ঘোষণা দেন, ১৬ মিলিয়ন জনসংখ্যার রাজধানী তেহরানকে পরিত্যাগ করে অন্যত্র পুনঃস্থাপন করতে হতে পারে। কারণ দীর্ঘদিনের জলবায়ুজনিত খরার ফলে শহরটির পানির উৎস চূড়ান্তভাবে ফুরিয়ে গেছে। এটি শুধু রাজনৈতিক ব্যর্থতা নয়। এটি ভবিষ্যতের এক ভয়াবহ সতর্কবার্তা এবং সেই ভবিষ্যৎ ইতোমধ্যে আমাদের দোরগোড়ায়।

এসব দেশ নিশ্চিতভাবেই জীবাশ্ম জ্বালানিনির্ভর স্বৈরতন্ত্রে সমর্থন পাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। তিনি বিশ্বের সবচেয়ে বড় জীবাশ্ম জ্বালানি উৎপাদক দেশের প্রেসিডেন্ট এবং যিনি জলবায়ু সংকটকে খোলাখুলি বলেছেন ‘একটা ভন্ডামি’। যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কপ৩০ আলোচনায় অনুপস্থিত ছিল, তবে ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে জোট এবং রাশিয়ার প্রতি তার সহানুভূতি এই দেশগুলোকে নিজেদের শক্তি-নীতির পক্ষে এগিয়ে যেতে সাহায্য করছে।

বিশ্বনেতারা জোরালো ভূমিকা পালন করে জীবাশ্ম জ্বালানি নিয়ন্ত্রণে কাজ না করলে এটি বন্ধ হবে না। এখানে আমাদের প্রত্যেকেরই করণীয় আছে। আমরা সবাই এ ক্ষেত্রে বিশ্বনেতাদের ব্যাপক চাপের মধ্যে রাখব। বিশ্বজুড়ে ট্রিলিয়ন ডলারের জীবাশ্ম পুঁজি বা অকেজো হয়ে যাওয়ার ঝুঁকি এবং সেই অর্থনীতিকে ভেঙে নতুন করে গড়ে তোলা এক বিশাল চ্যালেঞ্জ। কিন্তু এখন আমরা যখন ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার সীমা অতিক্রম করে অনিশ্চিত জলবায়ু ভবিষ্যতের দিকে এগোচ্ছি, তখন আমাদের কর্তব্য হলো জীবাশ্ম জ্বালানি নিয়ন্ত্রণের জন্য লড়াইয়ে বাধ্য করা।

জেনেভিয়েভ গুয়েনথার: জলবায়ুকর্মী, ‘এন্ড ক্লাইমেট সাইলেন্স’-এর প্রতিষ্ঠাতা; দ্য গার্ডিয়ান থেকে সংক্ষেপিত ভাষান্তর মাহফুজুর রহমান মানিক