খাদ্য নিরাপত্তা মানে শুধু পর্যাপ্ত খাদ্য উৎপাদন বা মজুত নয়; সবার জন্য সারা বছর পর্যাপ্ত, নিরাপদ, পুষ্টিকর ও সাশ্রয়ী খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করাই এর লক্ষ্য। বাংলাদেশ খাদ্য উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও খাদ্যের উচ্চমূল্য, আয় ও ক্রয়ক্ষমতার বৈষম্য, জলবায়ু পরিবর্তন, পুষ্টিকর খাদ্যের সীমিত প্রাপ্যতা এবং কৃষি উৎপাদনের অনিশ্চয়তা খাদ্য নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর ৪ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত GIEWS Country Brief on Bangladesh অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়ে প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারেন। মে থেকে আগস্ট সময়ে এ সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৫৩ লাখ। এ চিত্র দেখায়, উৎপাদন ও সরবরাহে অগ্রগতি থাকলেও বহু মানুষের খাদ্যপ্রাপ্তি অনিশ্চিত। চাল, ডাল, মাছ, গোশত, ডিম, দুধ, তেল ও সবজির দাম বাড়লে নিম্ন আয়ের পরিবার খাবারের পরিমাণ কমায় এবং পুষ্টিকর খাবারের বদলে সস্তা খাদ্যের ওপর নির্ভর করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮.৩৪ শতাংশ এবং খাদ্য মূল্যস্ফীতি ৭.২২ শতাংশ; আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭.০২ শতাংশ। মূল্যস্ফীতির হার কমলেও পণ্যের দাম আগের অবস্থায় ফিরে আসে না। ফলে দীর্ঘদিনের মূল্যবৃদ্ধি নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষের ক্রয়ক্ষমতায় চাপ সৃষ্টি করে।

বন্যা, ঘূর্ণিঝড়, খরা, লবণাক্ততা, তাপপ্রবাহ ও অনিয়মিত বৃষ্টিপাত ফসল, মৎস্য, গবাদিপশু এবং গ্রামীণ অবকাঠামোর ক্ষতি করে। এফএও-এর ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, মে থেকে জুলাই সময়ে দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা ও ভূমিধসে ফসলের ক্ষতি হয়েছে; চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জ ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে। এসব দুর্যোগ কৃষকের আয় কমায়, সরবরাহ ব্যাহত করে এবং খাদ্যের দাম বাড়াতে পারে। সার, বীজ, কীটনাশক, সেচ, জ্বালানি, শ্রম ও পরিবহনের ব্যয় বাড়ায় উৎপাদন খরচও বৃদ্ধি পাচ্ছে। অনেক ক্ষুদ্র কৃষক ঋণ নিয়ে চাষ করেন; ফসলের ন্যায্যমূল্য না পেলে পরবর্তী মৌসুমে বিনিয়োগ কঠিন হয়। অন্যদিকে, ভোক্তা বেশি দাম দিলেও কৃষক সবসময় ন্যায্য অংশ পান না। মধ্যস্বত্বভোগী, সংরক্ষণাগারের ঘাটতি, পরিবহন সমস্যা ও বাজারতথ্যের অভাব এই ব্যবধান বাড়াতে পারে। তাই উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের লাভজনকতা ও ভোক্তার সাশ্রয়ী মূল্য নিশ্চিত করা জরুরি। এফএও-এর একই প্রতিবেদনে ২০২৬ সালের বোরো ধানের উৎপাদন প্রায় ৩ কোটি ১৯ লাখ টন এবং আউশের উৎপাদন প্রায় ৪১ লাখ টন প্রাক্কলন করা হয়েছে। বোরো ধান বার্ষিক ধান উৎপাদনের প্রায় ৫৫ শতাংশ জোগান দেয়। কিন্তু ধানের প্রাচুর্য সুষম পুষ্টি নিশ্চিত করে না। ডাল, তেলবীজ, শাকসবজি, ফল, মাছ, ডিম ও দুধের পর্যাপ্ত প্রাপ্যতা জরুরি। জমির সীমাবদ্ধতা, উৎপাদনঝুঁকি, ব্যয় ও বাজারের অনিশ্চয়তা ফসলের বৈচিত্র্য বাড়াতে বাধা দেয়। ফলে পর্যাপ্ত ক্যালরি পেলেও মানুষ প্রোটিন, ভিটামিন ও খনিজের ঘাটতিতে ভুগতে পারে।

ফসল কাটার পর শুকানো, বাছাই, প্যাকেজিং, পরিবহন ও সংরক্ষণে দুর্বলতার কারণে খাদ্য নষ্ট হয় বা মান হারায়। ফল, সবজি, মাছ ও দুগ্ধজাত পণ্যের জন্য হিমাগার, শীতল সরবরাহব্যবস্থা এবং প্রক্রিয়াজাতকরণ সুবিধা বাড়ানো প্রয়োজন। বাজারতথ্যের অভাব, অস্বাভাবিক মজুত, দুর্বল প্রতিযোগিতা ও অপর্যাপ্ত তদারকিও মূল্য অস্থির করতে পারে। বাংলাদেশ গম, ভোজ্যতেল, ডাল, ভুট্টা ও কিছু কৃষি উপকরণ আমদানি করে। বিশ্বব্যাংকের সেপ্টেম্বর ২০২৬-এর Food Security Update অনুযায়ী, জুনের পর আন্তর্জাতিক বাজারে গমের দাম ২২ শতাংশ, ভুট্টার দাম ২৬ শতাংশ এবং শস্যজাত পণ্যের সামগ্রিক মূল্য ১৮ শতাংশ বেড়েছে। তাই আমদানির উৎস বৈচিত্র্যময় করা এবং প্রয়োজনীয় মজুত বজায় রাখা জরুরি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমেই উৎপাদনশীলতা বাড়াতে হবে। উচ্চফলনশীল, রোগবালাইসহিষ্ণু ও জলবায়ু-সহনশীল জাত, মানসম্মত বীজ, সুষম সার, দক্ষ সেচ, কৃষিযন্ত্র এবং মাটির স্বাস্থ্য সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। অঞ্চলভিত্তিক ফসলের বহুমুখীকরণ বাড়াতে হবে। গবেষণা প্রতিষ্ঠান, সম্প্রসারণ বিভাগ ও কৃষকের মধ্যে সংযোগ জোরদার করে গবেষণালব্ধ প্রযুক্তি দ্রুত মাঠে পৌঁছাতে হবে। হাওর, চর, পাহাড় ও উপকূলীয় এলাকার উপযোগী পৃথক পরিকল্পনাও প্রয়োজন। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উৎপাদন ব্যয় নিয়মিত নিরূপণ করে যৌক্তিক সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা উচিত। স্বচ্ছ নিবন্ধন ও ডিজিটাল লেনদেনের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সরকারি ক্রয়ে অংশগ্রহণ বাড়াতে হবে। কৃষক সমবায়, উৎপাদক সংগঠন ও সরাসরি কৃষক-ভোক্তা বাজার মধ্যস্বত্বভোগীর অপ্রয়োজনীয় প্রভাব কমাতে পারে। স্বল্প সুদে ঋণ, ফসলবিমা এবং দুর্যোগ-পরবর্তী সহায়তাও কৃষকের সক্ষমতা বাড়াবে।

চাল, ডাল, তেল, গমসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যের উৎপাদন, মজুত, আমদানি ও বাজারজাতকরণের তথ্য নিয়মিত প্রকাশ করতে হবে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অবৈধ মজুত ও প্রতিযোগিতাবিরোধী আচরণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রয়োজন। সরকারি মজুত এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে সংকটে বাজারে সরবরাহ বাড়ানো যায়। একই সঙ্গে গ্রামীণ গুদাম, শীতল সংরক্ষণাগার, সংগ্রহকেন্দ্র, উন্নত প্যাকেজিং, দ্রুত পরিবহন ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বাড়ানো দরকার। পরিবার, হোটেল ও বাজারপর্যায়ে খাদ্য অপচয় কমানোর উদ্যোগও জরুরি। পুষ্টি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সুষম খাদ্যকে অগ্রাধিকার দিতে হবে। বিদ্যালয়ে পুষ্টিকর খাবার, মা ও শিশুর পুষ্টিসেবা, দরিদ্র পরিবারের খাদ্যসহায়তা এবং মূল্যস্ফীতি বা দুর্যোগে ক্ষতিগ্রস্তদের লক্ষ্যভিত্তিক নগদ সহায়তা বাড়ানো প্রয়োজন। প্রকৃত উপকারভোগী শনাক্ত করতে সামাজিক সুরক্ষা কর্মসূচির সমন্বয় ও মূল্যায়ন জোরদার করতে হবে। পাশাপাশি আগাম আবহাওয়া সতর্কতা, পানি সাশ্রয়ী প্রযুক্তি, বৃষ্টির পানি সংরক্ষণ এবং দুর্যোগ-পূর্ব খাদ্য ও কৃষি উপকরণের মজুত নিশ্চিত করতে হবে।

সর্বোপরি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি, খাদ্য, বাণিজ্য, অর্থ, মৎস্য ও প্রাণিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্থানীয় সরকার বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত জরিপ, অঞ্চলভিত্তিক ঝুঁকির মানচিত্র ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নীতি ও বরাদ্দ নির্ধারণ করতে হবে। বাংলাদেশের খাদ্য নিরাপত্তার সংকট শুধু উৎপাদন ঘাটতির নয়; এর সঙ্গে ক্রয়ক্ষমতা, কৃষকের ন্যায্যমূল্য, পুষ্টি, বাজারব্যবস্থা ও জলবায়ু ঝুঁকি জড়িত। তাই উৎপাদন বৃদ্ধি, ন্যায্য বাজার, সামাজিক সুরক্ষা ও জলবায়ু-সহনশীল কৃষিকে একসঙ্গে এগিয়ে নিলেই সবার জন্য পর্যাপ্ত, পুষ্টিকর ও সাশ্রয়ী খাদ্য নিশ্চিত করার পথ সুগম হবে।

লেখক: প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি jamaluddin1971@yahoo.com