ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বুধবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে যমুনায় প্রথম সমন্বয় সভায় ড. ইউনূস আসন্ন নির্বাচনের চ্যলেঞ্জ নিয়ে কিছু কথা বলেছেন যা সর্বমহলে আলোচিত হচ্ছে। তিনি বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে, বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড়ঝঞ্ঝাই আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে। কথিত অকস্মাৎ আক্রমণ বলতে শুধু শারীরিক আক্রমণ নয়; বরং সাইবার অ্যাটাক বা সোশ্যাল মিডিয়ায় ডিজ-ইনফরমেশন (অপতথ্য) ছড়ানোকেও বোঝানো হয়েছে। যারা পতিত স্বৈরাচার এবং তার দোসর, তারা দেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক, তা চাইবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এই সতর্কবার্তা নিশ্চয়ই আমলে নেবেন গণতন্ত্রকামী নির্বাচনমুখী মানুষ।\r\nমাঠ প্রশাসনে, বিশেষ করে ডিসি, এডিসি, ইউএনওসহ বিচারিক দায়িত্বে এমন কাউকে পদায়ন করা হবে না, যিনি গত তিনটি নির্বাচনী কাজে যুক্ত ছিলেন। ন্যূনতম ভূমিকা থাকলেও তাঁকে এই নির্বাচনে দায়িত্বে রাখা হবে না। অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য জরুরি। এছাড়া নির্বাচন কমিশন সংসদ টিভিকে ব্যবহার করে নির্বাচনসম্পর্কিত যাবতীয় প্রচার করার ভাবনাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখছি। নির্বাচনমুখী গণতন্ত্রকামী মানুষ অন্তর্বর্তী ব্যবস্থা থেকে উত্তরণের স্বপ্ন দেখছে। অবাধ ও মুক্ত পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের অভিযাত্রা প্রত্যাশিত গন্তব্য পাক, এমনটিই চায় শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ।
তাই ব্যবধান, সংশয়, সংকট, এ জাতীয় সব নেতিবাচকতাকে পেছনে ঠেলে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বাস্তবতায় অন্তর্বর্তী সরকারপ্রধানের জোরালো ভূমিকা। আশা করা যায়, সামনের দিনগুলোয় দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর জড়িয়ে থাকা সব ধরনের কালো ছায়া অপসৃত হবে এবং নির্বাচন কমিশনের নির্বাচনের তারিখ ঘোষণা সাপেক্ষে দেশে চমৎকার নির্বাচনী পরিবেশ ও প্রতিদ্বন্দ্বিতা প্রত্যক্ষ করা যাবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। মানুষ অতীতমুখী হতে চায় না। সামনের দিকে এগোতে চায়। চায় রাজনৈতিক স্থিরতা ও সহনশীলতা, চায় সব মানবিক প্রয়োজন মিটিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে। যেখানে থাকবে না হানাহানি ও যাবতীয় চেনা ভীতি। মানুষ সুদিনের অপেক্ষায় আছে। আছে সুশাসনের প্রতীক্ষায়। সেজন্য চাই অংশগ্রহণমূলক মুক্ত অবাধ নির্বাচন এবং রাজনীতিতে সুবাতাস। \r\nছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হবে বলে যে শঙ্কার কথা ধ্বনিত হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কণ্ঠে, আমরা মনে করি সব শঙ্কাই দূরীভূত হবে ইতিবাচক রাজনীতির সক্রিয়তায়। চ্যালেঞ্জ থাকাটাই সংগত ও স্বাভাবিক। আর সে চ্যালেঞ্জ মোকাবিলা করেই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদ নির্বাচন সম্পন্ন করা চাই। এটা পরিষ্কার যে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বক্তব্যে নির্বাচনে চ্যালেঞ্জ গ্রহণে দৃঢ়তার ভাষাই প্রকাশিত হয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের বিষয়ে তাঁর প্রত্যয় জনমনে আশা জাগায়।
