সমকালে ছাপা হয়ে এই নিবন্ধ যখন পাঠকের হাতে পৌঁছাতে থাকবে, ততক্ষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা পর্ব আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়ে যাবে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় প্রচারণা পর্ব সমাপ্তির ৪৮ ঘণ্টা পর সারাদেশে ভোট গ্রহণ শুরু হবে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনুপস্থিতিতে দীর্ঘ দিনের মিত্র থেকে প্রতিপক্ষে পরিণত হওয়া বিএনপি ও জামায়াত নির্বাচনী ইশতেহারে আর্থসামাজিক-রাজনৈতিক ক্ষেত্রে বিস্তারিত প্রতিশ্রুতি দিয়েছে। বিএনপির ৫১ দফার ইশতেহারে ৯টি খাতে অগ্রাধিকার রয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে অগ্রাধিকারসহ রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে। গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান, সাংবিধানিক সংস্কার, জাতি গঠন, সুশাসন ও স্থানীয় সরকারের ওপর রয়েছে বিশেষ গুরুত্ব। অন্যদিকে জামায়াত নির্বাচনী ইশতেহারে ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপসহ ১০ প্রতিশ্রুতি, ২৬ অগ্রাধিকার ও ৪১ পরিকল্পনা ঘোষণা করেছে। জামায়াতের ১০ প্রতিশ্রুতির মধ্যে পাঁচটি করে ‘হ্যাঁ’ এবং ‘না’ রয়েছে। ‘হ্যাঁ’-এর মধ্যে রয়েছে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থান। ‘না’-এর মধ্যে আছে দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজি।
দুই দলের ইশতেহারেই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি স্বস্তিকর। জুলাই সনদে স্বাক্ষর করা উভয় দল যার যার নোট অব ডিসেন্টসহ যৌক্তিকভাবে সংস্কার কার্যক্রমে অংশগ্রহণ করবে– এটাও প্রত্যাশিত। জুলাই সনদের গণভোটে যে পক্ষেই জনগণের রায় হোক না কেন, গত দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনের অভিজ্ঞতায় ফ্যাসিবাদী ব্যবস্থার পক্ষে কারও সায় থাকবে না– এটি প্রত্যাশা করা যায়। তবে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার দূরত্ব মিলিয়ে দেখাও জরুরি।
যেমন– বিএনপি ইশতেহারে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নেওয়ার লক্ষ্য জানিয়েছে। এত অল্প সময়ে বর্তমান অর্থনীতি দ্বিগুণ করতে হলে জিডিপি প্রবৃদ্ধি দ্বিগুণ করতে হবে, বর্তমান বাস্তবতায় যা কঠিন। রপ্তানি আয় আগের অর্থবছরের তুলনায় অনেক কম। অন্যদিকে জামায়াত ২০৪০ সালের মধ্যে দেশকে দুই ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এটি অলৌকিক চিন্তা। গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ শতাংশ। জামায়াতের প্রতিশ্রুতি পূরণ করতে হলে জিডিপি প্রবৃদ্ধি ১০ শতাংশের ওপর নিতে হবে। বরং আগামী সরকারকে আশু ও বাস্তবসম্মত অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে। রাজনৈতিক নেতৃত্বকে আর্থিক স্বচ্ছতার মধ্যে আসতেই হবে। এমপিদের করমুক্ত বিলাসবহুল গাড়ি অথবা সংসদ সদস্য ও মন্ত্রীদের সুবিশাল বাড়ি-অ্যাপার্টমেন্টসহ সুবিধা-সংস্কৃতি থেকে মুক্ত হতে হবে। যে দেশে হাসপাতাল-বিদ্যালয়-নিত্যপণ্যে মানুষের ভোগান্তি নিয়মিত ঘটনা, সে দেশে এসব বিলাসী আচরণ নিষ্ঠুর ও জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
২. ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান নারীর কর্মঘণ্টা কমানোর বিষয়টি আবারও সামনে আনেন। তিনি বলেন, নারীদের কর্মঘণ্টা নির্ধারণে জামায়াতের একটি পরিকল্পনা রয়েছে। একজন নারী শিল্পকারখানা বা প্রতিষ্ঠানে যত ঘণ্টা কাজ করবেন, তার টাকা মালিকপক্ষ দেবে। বাকিটা সরকারের দায়। টাকার অঙ্কে নারীর কর্মঘণ্টার ঘাটতি ব্যয় বহন করা দেশের আর্থিক বাস্তবতায় কতখানি যুক্তিসংগত? জামায়াতের আমিরকে এই প্রশ্নও করতে হয়– পেশাগত বাস্তবতায় সব ক্ষেত্রে ঠিক পাঁচ ঘণ্টা সময়সীমা মেনে কার্যালয় ত্যাগ করা কোনো কর্মীর পক্ষেই সম্ভব? যেমন কোনো সার্জন নারী, যিনি জটিল কোনো রোগীর অস্ত্রোপচার করছেন, মাঝপথে দেখলেন তাঁর অফিস সময় পাঁচ ঘণ্টায় পৌঁছেছে; তিনি কি মাঝপথে অস্ত্রোপচার বন্ধ রেখে গৃহাভিমুখী হবেন? জামায়াতের আমির ভাবছেন, ঘড়ি ধরে যাওয়া-আসার পেশার বাইরে নারীরা কাজ করবেন না?
আসলে সমাজের নানা ক্ষেত্রে নারী-পুরুষকে এই বিভাজিত দৃষ্টিভঙ্গিতে দেখা অযৌক্তিক ও বাস্তবতারহিত। দেশের বিভিন্ন ক্ষেত্রে চলমান বিপুল কর্মযজ্ঞের সিংহভাগ নারীর অংশগ্রহণে সমৃদ্ধ। নারীর কর্মঘণ্টা কমিয়ে আনবার মতো চিন্তা যেমন অযৌক্তিক ও অপ্রয়োজনীয়; তেমনি নারীর জন্য আলাদা বিশ্ববিদ্যালয়, ব্যাংক, হাসপাতাল থেকে পৃথক নানা ব্যবস্থাপনা তৈরির চিন্তাও অসংগত। ইসলামপন্থি দলের নানা পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন সময় এসব চিন্তার কথা বলেন। দলের শীর্ষ পর্যায়ে নারী নেতৃত্ব দায়িত্ব নিতে পারবেন না– এ কথা অবশ্য জামায়াতের আমির নিজেই বলেছেন। যে গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য এত রক্ত ও সংগ্রাম, চব্বিশের গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ– সেই প্রত্যয়ের সঙ্গে নারী-পুরুষে বৈষম্য ও শরিয়া আইন প্রণয়নের উদ্যোগ একসঙ্গে যেতে পারে না। এ বিষয়েও রাজনৈতিক দলগুলোর স্পষ্ট অবস্থান জরুরি।
৩. দেড় যুগের আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী আচরণ যেমন আগামী সরকারকে ফ্যাসিবাদ বিলুপ্ত করবার ব্যাপারে উদ্যোগী করছে; গত ১৮ মাসে অন্তর্বর্তী সরকারের সময়ের বিভিন্ন অভিজ্ঞতা থেকেও আগামী সরকারকে আশু কর্তব্য নির্ধারণ করতে হবে। বিশেষত অন্তর্বর্তী সরকারের আমলে মব সন্ত্রাস, ইতিহাস বিকৃতি, সরকারি অব্যবস্থাপনা ও অদক্ষতার যে ধারাবাহিক পুনরাবৃত্তি ঘটেছে; সেই অন্ধকার বৃত্ত থেকে বেরিয়ে আসবার বিশেষ পরিকল্পনা আগামী সরকার ও বিরোধী দল উভয়েরই থাকতে হবে। যদিও বিএনপি ও জামায়াত– দুই দলের ইশতেহার তন্নতন্ন করে পড়েও মব সন্ত্রাস ও ইতিহাস বিকৃতি প্রসঙ্গে কোনো তৎপরতার দেখা মিলল না। আগামী সংসদের সূচনালগ্নে বিষয়গুলো নিয়ে মীমাংসায় পৌঁছুতে হবে। আইনের শাসনের অনুপস্থিতিতে সমাজের সার্বিক গতি থমকে যায়। দেশের যা ঐতিহ্য, তা নির্দিষ্ট কোনো দলের নয়। ইতিহাসও দলভিত্তিক হতে পারে না।
মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান ও ভারতীয় আধিপত্যবাদ বর্তমান সরকারের আমলে বহুল উচ্চারিত দুই প্রসঙ্গ। যদিও মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান হিসেবে কী বোঝায়, তা সুস্পষ্ট নয়। মুক্তিযুদ্ধের আকর গ্রন্থ ১৫ খণ্ডের দলিলপত্রের উদ্যোগ জিয়াউর রহমানের সরকারের সময়েই নেওয়া হয়েছিল। এই দলিলপত্রে দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধে সকলের অবদান, অংশগ্রহণ, ঘটনা নিখুঁতভাবে উপস্থাপিত হয়। পরবর্তী সময়ে বিভিন্ন সরকার সুবিধামতো মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন করতে চাইলেও এই আকর গ্রন্থ বরাবরই প্রধান বিবেচ্য। মুক্তিযুদ্ধের ইতিহাসসহ দেশের ঐতিহ্য, ইতিহাসের অন্যান্য অধ্যায় নতুনভাবে লিখিত হবার কোনো উপায় কোনো সরকারের হাতেই নেই।
বড় কথা, দেশের সাংস্কৃতিক মান সম্পর্কে আগামী সরকার ও বিরোধী দলকে সচেতন থাকতে হবে। সংবিধান সংস্কার প্রস্তাবে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনায় অনেক সুপারিশের সঙ্গে একমত হলেও একটি বিষয়ে প্রশ্ন রাখতেই হয়। রাষ্ট্রের মূলনীতি নতুনভাবে তৈরি করতে গিয়ে ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। রাষ্ট্র সব ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকবে। এটি বাদ দিলে বহুত্ববাদ বা সমাজকে অন্তর্ভুক্তিমূলক করে গড়ে তুলবার আকাঙ্ক্ষা ক্ষুণ্ন হয়। সংস্কার কমিশন দাবি করেছে– ধর্মনিরপেক্ষতা ‘অতীতে ফ্যাসিবাদী শাসনের আদর্শিক ভিত্তি হিসেবে কাজ করেছে’। আসলে বাস্তবতা এর বিপরীত। সেই শাসন প্রকৃতপক্ষে তৈরি হয়েছিল ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রতারণা করে– বিরুদ্ধ মত স্তব্ধ করে, নিপীড়ন জারি রেখে, মুক্তিযুদ্ধের অপব্যবহার করে, জনগণের সম্পদ লুণ্ঠন করে। আমরা দেখেছি চব্বিশের গণঅভ্যুত্থানের দেয়াল লিখনে জনগণের আকাঙ্ক্ষা মূর্ত হয়েছিল– ‘ধর্ম যার যার, দেশ সবার’। বলা হয়েছিল, গাছের পাতা ছেঁড়া নিষেধ।
দেয়ালের সেই মূক ভাষায় প্রাণ দেওয়ার দায়িত্ব আগামী দিনের সরকার ও বিরোধী দলের। শক্তিশালী সরকার তখনই সম্ভব, যখন জবাবদিহি নিশ্চিত করবার মতো দায়িত্বশীল বিরোধী দল সংসদে উপস্থিত থাকে। নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেক মানুষ নির্ভয়ে নিজ দেশের মাটিতে আপন মত ও পথ বেছে নিতে পারে– এই গণতান্ত্রিক ও সহিষ্ণু সমাজ গড়বার প্রথম পদক্ষেপ হিসেবে ত্রয়োদশ সংসদ নির্বাচন হোক অবাধ ও নিরপেক্ষ। রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ সততা ও দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন; আর্থসামাজিক-সাংস্কৃতিকভাবে বাংলাদেশের মুখ হবে পৃথিবীতে উজ্জ্বল– অংশী সকলের প্রতি এই বিনীত প্রার্থনা।
মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল; সাহিত্যিক mahbubaziz01@gmail.com
