চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মূল স্পিরিট বা চেতনা ছিল বৈষম্যহীনতা। বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন এতটাই স্বতঃস্ফূর্ত ছিল যে, সকল শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়। বিশেষ করে চাকরির ক্ষেত্রে বৈষম্যের কারণেই আন্দোলনটি দানা বেঁধেছিল। সে আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং সরকার পতনে ভূমিকা রাখে। সেই গণঅভ্যুত্থান স্মরণে অন্তর্বর্তী সরকার তৈরি করেছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’। দুঃখজনক হলেও সত্য, জুলাই স্মৃতি জাদুঘরে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন উঠছে।

রোববার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় নির্বাচন সামনে রেখে ‘নিরিবিলি’ সারতে চাইছে কর্তৃপক্ষ। চাকরির আবেদন থেকে পরীক্ষা গ্রহণ– কোনোকিছুই নিয়ম অনুযায়ী হচ্ছে না। সকল সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে টেলিটকের মাধ্যমে ফি পরিশোধ করতে হয়। জুলাই জাদুঘর কর্তৃপক্ষ অনলাইনে গুগল ফর্মে আবেদন নিয়েছে। কোনো ফি নেয়নি। আবেদনের সময় দেওয়া হয় মাত্র সাত দিন। রোববার লিখিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ হাজারের বেশি আবেদন জমা পড়ায় সেগুলো যাচাই-বাছাইয়ের কাজ এখনও চলমান। লিখিত পরীক্ষা ছাড়া সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি প্রবিধানমালা ২০২৫ অনুযায়ী, বিভিন্ন পদে নিয়োগে লিখিত পরীক্ষা বাধ্যতামূলক। অথচ ৬ থেকে ২০ গ্রেডের ৬২টি পদে ৯৬ জনকে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জাদুঘর কর্তৃপক্ষ। এভাবে কাউকে নিয়োগ দেওয়া হলে তার বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। প্রশ্নটা কেবল কর্তৃপক্ষ নিয়ে নয়, বরং যারা এভাবে নিয়োগ পাবে তারাই পরবর্তী সময়ে বেশি সংকটে পড়বে।

এটা স্পষ্ট যে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে। সে জন্যই হয়তো তাড়াহুড়ো করে জুলাই স্মৃতি জাদুঘরের নিয়োগটা সরকার দিয়ে যেতে চায়। এই সদিচ্ছার জন্য তাদের উচিত ছিল আরও আগেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা। অন্তর্বর্তী সরকারের অল্প সময়ে যেহেতু অন্য কাজের ভিড়ে কিংবা জুলাই স্মৃতি জাদুঘরের নির্মাণ সম্পন্ন হতে দেরি হওয়ায় যথাসময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি, সে জন্য তা পরবর্তী সরকারের হাতে ছেড়ে দেওয়াই মঙ্গল। সময়ের কাজ সময়ে করতে না পারার খেসারত হিসেবে অনিয়ম নিশ্চয়ই করা যাবে না। আমরা দেখেছি, গত ২০ জানুয়ারি রাজনৈতিক নেতৃবৃন্দ, কয়েকজন উপদেষ্টা ও বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সে উপলক্ষে অন্যদেরও এ জাদুঘর দেখার সুযোগ হয়েছে সংবাদমাধ্যমের কল্যাণে। আমরা দেখেছি, চব্বিশের গণঅভ্যুত্থানকে অসাধারণভাবে তুলে ধরেছে সরকার। এ পরিদর্শনে প্রধান উপদেষ্টা বলেছিলেন, ‘এই জাদুঘর জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই করা সম্ভব হয়েছে। এটা গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত। আমরা চাই না ভবিষ্যতে কোথাও আর এমন জাদুঘর তৈরির প্রয়োজন হোক। যদি আমাদের জাতি কখনও কোনো কারণে দিশেহারা হয়, তবে এই জাদুঘরে পথ খুঁজে পাবে।’

এ গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মিত হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে, যেখানে দেড় দশক ধরে বাস করতেন শেখ হাসিনা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র-জনতা সে গণভবন দখলে নেয়। সে জন্যই সেখানে জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ করেছে অন্তর্বর্তী সরকার। এমন জাদুঘরের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম গোড়ার গলদ হিসেবেই বিবেচিত হবে।

মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল mahfuz.manik@gmail.com