বিরাজমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে নতুন কোনো বিনিয়োগ নেই। এরূপ পরিস্থিতিতে বিদেশিরা যে বিনিয়োগে আগ্রহী হবে না, সেটি সহজেই বোধগম্য। কিন্তু সমস্যা হচ্ছে, নিকট ভবিষ্যতে দেশের রাজনৈতিক পরিস্থিতি কতটা স্থিতিশীল হবে অথবা আদৌ হবে কিনা, সেটি নিশ্চিত হতে না পারায় স্থানীয় উদ্যোক্তারাও বিনিয়োগের ব্যাপারে হাত গুটিয়ে আছেন। অন্যদিকে বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে, দেশে ২০২৫ সালে দারিদ্র্যের হার হতে পারে ২১ শতাংশের কিছু বেশি (২৭ নভেম্বর ২০২৫, সমকাল), যদিও স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) জরিপমতে, দেশে দারিদ্র্যের হার ইতোমধ্যে প্রায় ২৮ শতাংশ ছুঁয়েছে (সমকাল, ২৭ আগস্ট ২০২৫)। সম্প্রতি রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) দেওয়া তথ্য বলছে, সাম্প্রতিক বছরগুলোতে দেশে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হলেও তার সঙ্গে সংগতি রেখে কর্মসংস্থানের হার বৃদ্ধি পায়নি (সমকাল, ১ ডিসেম্বর ২০২৫); বরং তা বিপরীত দিকে হাঁটতে শুরু করেছে, যা দেশের কর্মপ্রার্থী মানুষ বিশেষত শিক্ষিত তরুণদের জন্য বস্তুতই অনেক বড় এক দুঃসংবাদ।

কর্মসংস্থানের ক্ষেত্রে এ সংকটের কারণ শুধু কাজের অভাব নয়, তরুণদের মানসম্মত শিক্ষা ও উপযুক্ত দক্ষতা নিয়ে গড়ে ওঠার সুযোগের অভাবও এর কারণ। এর বাইরে রয়েছে রাজনৈতিক অস্থিরতার অভিঘাত, সামাজিক নিরাপত্তার ঘাটতি, ভূ-রাজনীতির কৌশলগত চাপ, পেশা-পরিকল্পনায় প্রস্তুতির অভাব ইত্যাদি।

আমাদের রাষ্ট্র কি এ ঝুঁকিগুলোর ব্যাপারে আদৌ সচেতন? নীতিনির্ধারকরা কি বুঝতে পারছেন, এসব ঝুঁকিকে দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে না পারলে এ মুহূর্তে যারা ক্ষমতায় আছেন কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য যারা প্রায় মরিয়া, তাদের কারও জন্যই বিষয়টি মঙ্গলজনক হবে না? দেশে কারিগরি ও প্রাযুক্তিক জ্ঞানের সঙ্গে সম্পর্কবিহীন নিম্নমানের যে শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে, সে মানের শিক্ষা দিয়ে বিদেশে তো নয়ই; দেশের ভেতরেও কোনো কাজ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হবে। এ অবস্থায় শিক্ষার সঙ্গে সম্পর্কিত দেশের রাজনৈতিক ও আমলাতান্ত্রিক কর্তৃপক্ষ যদি শিক্ষার মানোন্নয়নে শ্রুতিরঞ্জক কথাবার্তার পরিবর্তে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণে উদ্যোগী না হন, তাহলে এ মানের শিক্ষা দিয়ে দেশের তরুণরা নিজেদের বেকারত্ব কোনোভাবেই ঘোচাতে পারবে না। এমনকি দেশে নতুন কাজ সৃষ্টি হলেও না।

স্বল্প বা মাঝারি স্তরের শিক্ষিত তরুণদের জন্য আগে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কায়িক পরিশ্রম-সংশ্লিষ্ট বিভিন্ন কাজের ভালো সুযোগ ছিল। কিন্তু জনশক্তি রপ্তানিকারকদের অসদাচরণ, বিদেশে কর্মরত বাংলাদেশিদের জঙ্গি তৎপরতাসহ বিভিন্ন অবাঞ্ছিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়া, সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন প্রভৃতি কারণে বিদেশেও বাংলাদেশের শ্রমবাজার ক্রমশ সংকুচিত হয়ে আসছে। ফলে দেশে কাজ না পেয়ে ওই তরুণরা যে বিদেশে পাড়ি জমাবেন, সে সুযোগও এখন সীমিত। চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার একটি ধারণাগত বিকল্প তরুণদের সামনে অবশ্যই রয়েছে। কিন্তু যে কারণে দেশি বা বিদেশি উদ্যোক্তারা এখন বাংলাদেশে নতুন বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হচ্ছেন না, সেই একই কারণ এই তরুণদের উদ্যোক্তা হওয়ার পথেও সমান বাধা হয়ে দাঁড়িয়ে আছে। ফলে এ ক্ষেত্রেও পরিস্থিতি তরুণদের অনুকূলে নয়।

এ প্রেক্ষাপটে নির্মোহ দৃষ্টিকোণ থেকে বলা যায়, মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যে সম্পর্ক এবং তাদের নেতাকর্মীরা যে ধরনের আচার-আচরণে (মব, চাঁদাবাজি, খুনখারাবি, দখলদারিত্ব ইত্যাদি) অভ্যস্ত, তাতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও আগামী এক-দেড় দশকের মধ্যে এ দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। ফলে এই অস্থির ও অযৌক্তিক হীন পরিবেশে বসবাসের ব্যাপারে তরুণদের এখন থেকেই প্রয়োজনীয় মানসিক প্রস্তুতি গড়ে তুলতে হবে– শুনতে তা যত অস্বস্তিকরই মনে হোক না কেন।

আবু তাহের খান: অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি, ব্যবসায় প্রশাসন বিভাগ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি; সাবেক পরিচালক, বিসিক, শিল্প মন্ত্রণালয়