জাতীয় সংসদের অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মূলতবী হয়েছে। ফলে সংসদের অভ্যন্তরে ততদিন পর্যন্ত কোনো রাজনীতি নাই। অনেক সময় সংসদের ভেতরে রাজনীতি না থাকলেও বাইরে থাকে। বাইরেও তেমন কোনো রাজনীতি এই মাসে আর থাকবে বলে মনে হয় না। বিরোধী দলের নেতারা অবশ্য বলেছে যে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ১৫ মার্চের মধ্যে না ডাকলে তারা রাজপথে নামবেন। তাদের বক্তব্য, সংবিধান সংস্কার আদেশ মোতাবেক যে, গণভোট হয়েছে সেই গণভোট ৭০ শতাংশ ভোটে পাস হয়েছে। সেই গণভোটেই আছে যে, জনগণ যদি গণভোটে হ্যাঁ সূচক রায় দেয় তাহলে গণভোট অনুষ্ঠানের তারিখ থেকে ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহবান করতে হবে। (জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫, অনুচ্ছেদ-১১)। এ সম্পর্কে কোনোরূপ সিদ্ধান্ত গ্রহণের পূর্বেই ১৬ মার্চ জাতীয় সংসদ মূলতবী করা হয়েছে ২৯ মার্চ পর্যন্ত। অবশ্য সরকারি দল এ ব্যাপারে তাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ সংসদের সমাপ্তি দিবসে অর্থাৎ ১৬ মার্চ বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ বলতে কোনো কিছুর অস্তিত্ব নেই। তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে।’ সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং এ বিষয়ে রুল জারি রয়েছে। বিষয়টি এখন বিচার বিভাগের বিবেচনায়।’ স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় আরো বোঝা যায় যে, যেহেতু গণভোটের বৈধতা নিয়ে আদালতে রিট হয়েছে, তাই আদালতের রায় পাওয়ার পূর্বে সম্ভবত এই ব্যাপারে সরকারের আর কিছু করার নাই। আর বিরোধী দল এক প্রেস কনফারেন্সে বলেছে যে, এই বিষয়ে আগামী ২৮ মার্চ ১১ দলীয় জোটের সভা হবে। ঐ সভায় স্থির করা হবে, পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায়? বিরোধী দল মনে করে যে, গণভোট আদালতের বিষয় নয়।
বোঝা যাচ্ছে, দেশের রাজনীতি এপ্রিলের মধ্যভাগ পর্যন্ত চাঙ্গা হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ সামনে লম্বা ছুটি। ছুটির পর মানুষ দেশে যাবে। দেশ থেকে ঢাকায় ফিরতে ফিরতে এপ্রিল মাসের অর্ধেক চলে যাবে। আজ তাই দেশের রাজনীতি নিয়ে আর কিছু লিখলাম না। এখন ফিরে যাচ্ছি ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরাইলের যৌথ হামলা প্রসঙ্গে।
॥ দুই ॥ লেখা শুরুর সময় দেখলাম, আমেরিকা সৌদি আরব থেকে যতদ্রুত সম্ভব তার নাগরিকগণকে অর্থাৎ মার্কিন নাগরিকদের দেশে ফেরার জন্য আহবান জানিয়েছে। সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের এতদ্রুত দেশে ফেরার আহবান কেনো জানানো হলো সেটি বোধগম্য নয়। কারণ, যুদ্ধ হচ্ছে মূলত আমেরিকা-ইসরাইল একপক্ষে এবং অন্য পক্ষে ইরান। ইরান প্রতিবেশী কোনো আরব দেশে হামলা চালায়নি। বরং মধ্যপ্রাচ্যে বা যেসব আরব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে একমাত্র সেই সব ঘাঁটিতে বা সেই সব দেশে অবস্থিত মার্কিন দূতাবাসে ইরান মিসাইল হামলা চালাচ্ছে। ইরান পরিষ্কার করে জানিয়েছে যে, কোনো আরব দেশের সাথে তার কোনো শত্রুতা নাই বা কোনো আরব দেশে হামলারও কোনো পরিকল্পনা তার নাই। বাস্তবে ইরান অপ্রয়োজনীয় কোনো আরব বা মুসলিম দেশে এপর্যন্ত হামলা চালায়নি। তারপরেও সৌদি আরব থেকে এত তাড়াহুড়ো করে মার্কিন নাগরিক সরিয়ে নেওয়ার পেছনে কী কারণ থাকতে পারে সেটি এই কলাম লেখার সময় পর্যন্ত জানা যায়নি।
ইদানিং আমার কাছে যে বিষয়টি জ¦লন্ত জিজ্ঞাসা হয়ে বারবার ঘোরাফেরা করছে, সেটি হলো, এই যুদ্ধ লাগলো কেনো? ইরান তো আর সাধ করে বিশে^র এই মুহূর্তের শ্রেষ্ঠ শক্তি আমেরিকার বিরুদ্ধে অস্ত্র ধরতে যাবে না। ইরান জানে, কান টানলে মাথা আসে। তাই আগ বাড়িয়ে ইরান যদি ইসরাইলকে আক্রমণ করতে যায় তাহলে স্বয়ংক্রিয়ভাবেই আমেরিকা ইসরাইলের পক্ষ হয়ে যুদ্ধে নেমে পড়বে। বাস্তবে হয়েছেও তাই।
আমার প্রথম থেকেই একটি ধারণা ছিলো যে, এই যুদ্ধটি যদি সম্পূর্ণভাবে দ্বিপাক্ষিক যুদ্ধ হতো, অর্থাৎ ইরান এবং ইসরাইলের মধ্যে যুদ্ধ হতো তাহলে এতদিনে ইসরাইলের ১২টা বেজে যেতো। ইরানের কার্যকর কোনো বিমানবাহিনী নাই। কারণ, যেসব আরব দেশে আমেরিকার সামরিক ঘাঁটি আছে ঐসব দেশের আকাশ সীমা যুদ্ধে ইরান ব্যবহার করতে পারবে না। তাই কার্যকর বিমান বাহিনী থাকলেও ইরান সেটি ব্যবহার করতে পারতো না। সেকারণেই গত জুন মাসেও যেমন ইরান তার বিমান বাহিনী ব্যবহার করতে পারেনি, তেমনি চলমান যুদ্ধেও ইরান তার বিমান বাহিনী ব্যবহার করতে পারেনি। এই যুদ্ধে ইরানের একমাত্র ভরসা তার ক্ষেপণাস্ত্র সম্ভার। কার্যকর আকাশ প্রতিরক্ষাও নাই। তাই মার্কিনী এবং ইসরাইলী জঙ্গি বিমানগুলো স্বচ্ছন্দে ইরানের আকাশে এসে ইচ্ছে মতো বোমা এবং রকেট হামলা চালাচ্ছে। এভাবেই তারা সুপ্রিম লিডার আলী খামেনি থেকে শুরু করে সিনিয়র সিভিল এবং মিলিটারি অফিসারদের হত্যা করে যাচ্ছে। ইরানের যুদ্ধ মূলত আত্মরক্ষামূলক। আত্মরক্ষা করতে গিয়েই তাকে ইসরাইলী সামরিক শক্তির ওপর ক্ষেপণাস্ত্র হামলা করতে হচ্ছে।
ওপরের এই আলোচনা থেকে একটি বিষয় আমি বোঝাতে চাচ্ছি যে, এই যুদ্ধ শুরু করার কোনো রকম কারণ ইরানের তরফ থেকে নাই। বিগত ১৬ দিনে সেটি ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে। এই যুদ্ধ ইরানের ১০ কোটি মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। কেনো ইসরাইল এই যুদ্ধ ইরানের ওপর চাপিয়ে দিলো? এই যুদ্ধ কি নেহায়েৎ ইরানের তেলসম্পদ লুণ্ঠনের জন্য? বিষয়টির অত্যন্ত গভীরে গেলে দেখা যাবে যে, শুধুমাত্র তেলসম্পদ নয়, ইসরাইল আমেরিকার সাহায্যে এই যুদ্ধ চালাচ্ছে তাদের ধর্মগ্রন্থে বর্ণিত Promised land বা প্রতিশ্রুত ভূখ- প্রতিষ্ঠা করার জন্য। তাই দেখা যায়, যে হামাসকে পরাস্ত করার জন্য তারা হামলা চালিয়ে লেবাননের বেশ কিছু ভূখ- তারা দখল করেছে।
এর আগে ১৯৬৭ সাল থেকে ইসরাইল যতগুলো হামলা চালিয়েছে প্রতিটি হামলায় সে আরব দেশগুলোর কয়েকটি দেশের কিছু কিছু এলাকা দখল করেছে। মিশরের সিনাই, সিরিয়ার গোলান মালভূমি এবং জর্ডান নদীর পশ্চিম তীর। এখন সে লেবাননের কিছু অংশ দখল করেছে। তার পররাজ্য দখলের প্যাটার্নটি ফলো করলে পরিষ্কার বোঝা যাবে যে, সে সেই প্রতিশ্রুত ভূখ- বা পবিত্র ভূমি প্রতিষ্ঠার কাজে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তার এই অসৎ উদ্দেশ্য হাসিলে মিশর, সিরিয়া বা জর্ডান তেমন কার্যকর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। মিশর সিরিয়া বা জর্ডানকে পদানত না করলেও এই দেশগুলি এখন ইসরাইলকে হুজুর হুজুর করে চলে। একই অবস্থা সৌদি আরবেরও। ইরাক অবশ্য সহজেই মাথানত করেনি। তাই আমেরিকা স্বয়ং ইরাক আক্রমণ করে দেশটিকে পদানত করেছে এবং তাদের তাবেদারদেরকে দিয়ে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসি কাষ্ঠে লটকিয়েছে।
॥ তিন ॥ আমরা ইতোপূর্বে বলেছি, প্রতিশ্রুত ভূখ- বা পবিত্র ভূখ-। এ ব্যাপারে হিব্রু বাইবেল ও তওরাতে যা বলা হয়েছে, তার আধুনিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। ঐ ব্যাখ্যায় বলা হয়েছে যে, প্রমিজড ল্যান্ডে অন্তর্ভুক্ত থাকবে বর্তমান ইসরাইল, ফিলিস্তিন এবং ইরাক, সিরিয়া, জর্ডান এবং লেবাননের অংশ বিশেষ। সংক্ষেপে মিশরের নীল নদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত সীমানা।
হযরত ঈসা’র (আ.) জন্মের এক হাজার বছর পূর্বে হয়রত দাউদের (আ.) ছিলো বিশাল সা¤্রাজ্য। বর্তমান ফিলিস্তিন ছিলো তার রাজধানী। হযরত দাউদের (আ.) পর তার ছেলে হয়রত সোলায়মান (আ.) সেই সা¤্রাজ্যের উত্তরাধিকারী হন। তারা উভয়েই নবী ছিলেন। হযরত সোলায়মান (আ.) জিনদের সাহায্যে একটি মসজিদ নির্মাণ করেন। বর্তমানে জেরুজালেমে যেখানে মসজিদুল আকসা তার আশেপাশেই এই মসজিদটি নির্মিত হয়েছিলো। কিন্তু এই মসজিদ এবং তার আশেপাশে বসবাসরত ইহুদিরা (তাদের ইসরাইলীও বলা হয়) ধর্ম ব্যবসাসহ অনেক অনৈতিক কাজে লিপ্ত হয়। এসব অনৈতিক কাজের কারণে তাদের বিরুদ্ধে অভিযান করেন তৎকালীন ব্যাবিলনের (বর্তমান নাম ইরাক) রাজা। এখানে ইসরাইলীদেরকে পরাস্ত করে গণ সাজা দেওয়া হয়। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলে জেরুজালেমে যে ম্যাসাকারের কথা বলা হয়েছে এটি হলো ইহুদিদের প্রথম ম্যাসাকার। এর পর অনেক সময় পেরিয়ে যায়। ইসরাইলীরা আবার অনাচারে লিপ্ত হয়। তখন রোম স¤্রাট অভিযান করে ইসরাইলীদের গণহারে শাস্তি দেন। সূরা বনী ইসরাইলে এটিকে দ্বিতীয় ম্যাসাকার বলা হয়েছে। আল্লাহ কোরআনে সতর্ক করেছেন যে, বনী ইসরাইল যদি আবারও অবাধ্যতার পথে ফিরে যায়, তবে তাদের ওপর এই আযাব আবারও ফিরে আসবে। এটি ইহুদি জাতির অহংকার ও অবাধ্যতার পরিণতির একটি ঐতিহাসিক সতর্কবার্তা।
ইহুদিদের বিরুদ্ধে খ্রিস্টান, রোমান এবং জার্মান সকলেই প্রচন্ড রুষ্ট ছিলো। কারণ তারা তাদের ধর্মের নাম করে চরম ধর্মদ্রোহীতা করে। সারা পৃথিবীতে তারা রাষ্ট্রহীন হয়ে যায়। এর মধ্যে অনেক কিছু ঘটে যায়। যেমন ৩টি ক্রুসেড বা ধর্ম যুদ্ধ। এই ছোট্ট কলামে সবকিছু বর্ণনা করা সম্ভব নয়। এতকিছুর পরেও ইহুদিদের পক্ষে আমেরিকা, সোভিয়েট ইউনিয়ন ও ইংল্যান্ড সদয় হয় এবং ১৯৪৮ সালের ১৪ মে এই ৩টি বৃহৎ খ্রিস্টান শক্তি ইসরাইল নামক একটি বিষ ফোঁড়ার জন্ম দেয় এবং ফিলিস্তিনের ওপর চাপিয়ে দেয়।
ওসমানীয় সাম্রাজ্যের পতনের পর থেকেই মুসলমানরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৪৮ সালের পর থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ইসরাইল আরব রাষ্ট্রসমূহের বিরুদ্ধে ৪টি যুদ্ধ করে। মুসলমান তথা আরবরা বিলাস ব্যাসনে মত্ত থাকায় তাদের ঈমানী জোর নষ্ট হয়ে যায়। ৪টি যুদ্ধেই তারা পরাজিত হয় এবং ইসরাইল রাষ্ট্রের ভূখ- সম্প্রসারিত হতে থাকে। আগেই বলেছি, সিনাই, গোলান মালভূমি এবং জর্ডান নদীর পশ্চিম তীর এবং জেরুজালেম দখল করে। এখন সমগ্র জেরুজালেমই তার দখলে, যে জেরুজালেম মুসলমান, খ্রিস্টান এবং ইহুদিদের জন্য পবিত্র। কারণ, হয়রত মুহাম্মদ (সা.) জেরুজালেমের মসজিদুল আকসা থেকে মেরাজে গমন করেন। ইহুদিদের রয়েছে প্রাচীন মন্দির ও ওয়েস্টার্ন ওয়াল। আর খ্রিস্টানদের নবী হযরত ঈসা (আ.) কে ক্রুশ বিদ্ধ করা হয় এই জেরুজালেমে।
মুসলিম স্কলাররা মনে করেন যে, বিনা প্ররোচনায়, বিনা উস্কানিতে ইরানকে ধ্বংস করার জন্য মার্কিন ও ইহুদিরা যে যুদ্ধ চালাচ্ছে তার চূড়ান্ত লক্ষ্য হলো তাদের ঐ Promised land প্রতিষ্ঠা। এই ভূখ- প্রতিষ্ঠার পথে এখন প্রধান বাধা হলো ইরান। ইতোমধ্যেই তারা ইরাক, সিরিয়া ও জর্ডানকে নিজেদের কব্জায় এনেছে। এবার লেবাননকেও কব্জা করতে যাচ্ছে। ইসরাইলের জানি দুশমন হলো ইরান। ইরানকে ধ্বংস করতে পারলে তাদের Promised land প্রতিষ্ঠার সব বাধা দূর হয়ে যায়। অবশ্য মুসলিম স্কলারদের অপর অংশ মনে করেন যে, ইরানের পর ইহুদি মার্কিন টার্গেট হলো পাকিস্তান। আমেরিকা ইহুদি বোমাকে টলারেট করে। কিন্তু ইসলামী বোমাকে বরদাস্ত করতে রাজি নয়। অবশ্য পাকিস্তানকে পদানত করার আগে ইসরাইল নিজেই ধ্বংস হয়ে যায় কিনা সেটিই দেখার বিষয়।
Email:journalist15@gmail.com
