সারাদেশে গত বছর মোট ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা দিনে গড়ে ৭৫টি। সংখ্যাটি নিছক একটি পরিসংখ্যান নয়, বরং এটি আমাদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, নগর ব্যবস্থাপনার সীমাবদ্ধতা এবং জনসচেতনতার ঘাটতির এক কঠোর বাস্তব প্রতিচ্ছবি। প্রতিটি অগ্নিকাণ্ডের পেছনে থাকে বিপুল আর্থিক ক্ষতি এবং কখনো কখনো প্রাণহানির মর্মান্তিক কাহিনী। বিষয়টি কেবল দমকল বিভাগের দায়িত্বে সীমাবদ্ধ রেখে দেখার সুযোগ নেই। এটি রাষ্ট্র, প্রতিষ্ঠান এবং নাগরিক-সবার সম্মিলিত দায়িত্বের প্রশ্ন। অগ্নিকাণ্ডের বড় একটি অংশ ঘটে বৈদ্যুতিক শর্টসার্কিট, গ্যাসের লিকেজ, দাহ্য পদার্থের অনিরাপদ ব্যবহার এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে।
পুরানো ভবনে অপ্রতুল বৈদ্যুতিক সংযোগ, অগ্নিনির্বাপণ সরঞ্জামের অনুপস্থিতি এবং জরুরি নির্গমন পথের অভাব-এসব সমস্যা দীর্ঘদিন ধরেই চিহ্নিত। তবু কার্যকর নজরদারি ও নিয়মিত পরিদর্শনের ঘাটতি রয়ে গেছে। ফলে একই ধরনের দুর্ঘটনা ঘটছে বারবার। কিন্তু প্রতিকার হচ্ছে ধীরগতিতে। শিল্প-কারখানা ও বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি আরও বেশি। অনেক প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাগজে-কলমে থাকলেও বাস্তবে তা অকার্যকর বা অপ্রতুল। শ্রমিকদের নেই পর্যাপ্ত প্রশিক্ষণ। জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতনতা কম। ফলে ছোট একটি স্ফুলিঙ্গও মুহূর্তে ভয়াবহ রূপ নেয়। এ বাস্তবতা আমাদের শিল্প নিরাপত্তা দুর্বলতাকেই সামনে আনে। গত বছর অগ্নিকাণ্ডে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আনুমানিক ৫৬৯ কোটি ৯৭ লাখ টাকা।
\r\nঅন্যদিকে বসতবাড়ির রান্নাঘরে গ্যাস ব্যবহারে অসতর্কতা, অনিরাপদ বৈদ্যুতিক তার, অতিরিক্ত মাল্টিপ্লাগ ব্যবহার-এসব দৈনন্দিন ভুল বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। সামান্য সচেতনতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং প্রাথমিক অগ্নিনির্বাপণ সরঞ্জামের ব্যবহার জানলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনাজনিত আগুনে ৩৫ জন নিহত ও ১১৬ জন আহত হওয়ার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করে। প্রশ্ন উঠেছে-সমাধান কোথায়? প্রথমত, কঠোর আইন প্রয়োগ এবং নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। ঝুঁকিপূর্ণ ভবন ও প্রতিষ্ঠান চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার না করলে নিতে হবে শাস্তিমূলক ব্যবস্থা। দ্বিতীয়ত, নগর পরিকল্পনায় অগ্নিনিরাপত্তাকে দিতে হবে অগ্রাধিকার। প্রশস্ত রাস্তা, পর্যাপ্ত পানির উৎস এবং সহজগম্য ফায়ার সার্ভিস সুবিধা ছাড়া নিরাপদ শহর কল্পনা করা যায় না। তৃতীয়ত, জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। স্কুল, কলেজ, কারখানা ও অফিসে নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ বাধ্যতামূলক করা যেতে পারে। গণমাধ্যমের মাধ্যমেও নিরাপত্তা বিষয়ক প্রচারণা জোরদার করা দরকার। কারণ, প্রযুক্তি ও অবকাঠামোর পাশাপাশি সচেতন নাগরিকই হতে পারে দুর্ঘটনা প্রতিরোধের সবচেয়ে কার্যকর শক্তি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বছরজুড়ে চার হাজার ৩৪৫টি প্রশিক্ষণের মাধ্যমে এক লাখ ৭৩ হাজার ৮০০ জনকে মৌলিক অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পোশাকশিল্পে এক লাখ ৫৬ হাজার ৮৪০ জন শ্রমিক প্রশিক্ষণ পেয়েছেন। পাশাপাশি নতুন ও পুরনো মিলিয়ে শতাধিক স্বেচ্ছাসেবীকে দেওয়া হয়েছে প্রশিক্ষণ। নিরাপদ বাংলাদেশ গড়তে অগ্নিনিরাপত্তাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা সময়ের দাবি।
