চেনা ছকের বাইরে গিয়ে কোনও এক তপ্ত দ্বিপ্রহরে জরাজীর্ণ ব্যবস্থার অলিন্দ থেকে ছিটকে আসা এক অবমাননাকর শব্দ কীভাবে রাতারাতি লক্ষ লক্ষ তরুণের বুকে প্রতিবাদের বারুদ জ্বালিয়ে দিতে পারে, তার এক অবিস্মরণীয় দলিল হয়ে রইল ২০২৬ সালের মে মাস। ভারতের বিচার ব্যবস্থার সর্বোচ্চ অলিন্দে, সুপ্রিম কোর্টের এজলাসে যখন ১৫ মে একটি ভুয়ো ডিগ্রি সংক্রান্ত মামলার শুনানির সময় মৌখিক পর্যবেক্ষণে ভুয়ো ডিগ্রিজীবী ও সুযোগসন্ধানীদের আক্রমণ করতে গিয়ে অবলীলায় ‘আরশোলা’ এবং ‘পরজীবী’ শব্দবন্ধের অবতারণা করা হলো, তখন তা আদালতের চার দেওয়ালেই সীমাবদ্ধ না থেকে ডিজিটাল তরঙ্গরূপে আঘাত করল এক সুবিশাল, কর্মহীন এবং তুমুল আত্মসচেতন প্রজন্মের আত্মসম্মানে। যদিও পরের দিন ১৬ মে তারিখে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট করে বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে, তাঁর তীরটি সাধারণ যুবসমাজের দিকে ছিল না, বরং ছিল ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা ভুয়ো সনদধারীদের প্রতি, ততক্ষণে তীরের চেয়েও তীব্র গতিতে ছড়িয়ে পড়েছিল ক্ষোভের আগুন। অপমানের সেই জ্বলন্ত ছাই থেকে জন্ম নিল ভারতীয় রাজনীতির ইতিহাসের এক অভূতপূর্ব ডিজিটাল ও ব্যঙ্গাত্মক প্রতিবাদী মঞ্চÑ ‘ককরোচ জনতা পার্টি’ বা সংক্ষেপে সিজেপি। এটি কোনও সনাতন রাজনীতির চেনা ছকে বাঁধা দল নয়, বরং এটি হলো জেনারেশন জেড বা ‘জেন-জি’ এবং ডিজিটাল দুনিয়ায় দিনাতিপাত করা লাখ লাখ বেকার যুবকের পুঞ্জীভূত হতাশা, রাজনৈতিক অনীহা ও দীর্ঘদিনের অবহেলার এক শৈল্পিক ও শক্তিশালী সামাজিক ইশতেহার।
আমেরিকার বস্টন বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ নিয়ে স্নাতকোত্তর স্তরে অধ্যায়নরত তিরিশ বছর বয়সী তরুণ এবং আম আদমি পার্টির প্রাক্তন সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট অভিজিৎ দীপকে যখন ১৬ মে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি অভিনব গুগল ফর্মের মাধ্যমে এই আন্দোলনের সূচনা করেন, তখন হয়তো তিনিও ভাবেননি যে, ভারতীয় উপমহাদেশের ডিজিটাল দেওয়ালে কী বিপুল সুনামি আছড়ে পড়তে চলেছে। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে প্রায় ৭০ হাজার মানুষ এই অভিনব দলে নাম লেখালেন এবং মাত্র পাঁচ দিনের মাথায় ডিজিটাল মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে (বিশেষ করে ইনস্টাগ্রামে) এর অনুগামী বা ফলোয়ারের সংখ্যা ছিয়াত্তর লক্ষ ছাড়িয়ে গেল। সোশ্যাল মিডিয়ার এই অভূতপূর্ব সাড়াকে সাময়িক উত্তেজনা বা চটুল ডিজিটাল হুজুগ বলেই উড়িয়ে দেওয়া ভুল হবে। প্রকৃতপক্ষে এটি প্রাতিষ্ঠানিক পচন এবং কর্মহীনতার জাঁতাকলে পিষ্ট হওয়া ভারতীয় যুবসমাজের সন্ধান করা সুনির্দিষ্ট রাজনৈতিক ভাষার নীরব বিদ্রোহ। জীববিজ্ঞানের মতে, আরশোলা হলো পৃথিবীর অন্যতম সহিষ্ণু এক প্রাণী, যা ডাইনোসরদের বিলুপ্তি কিংবা পারমাণবিক বিস্ফোরণের চরম প্রতিকূলতাকেও জয় করে টিকে থাকতে পারে। এই রূপকটিকেই অহংকার ও অলঙ্কার বানিয়ে তরুণ সমাজ Main Bhi Cockroach (আমিও আরশোলা) স্লোগানে চারদিক মুখরিত করে ঘোষণা করল- ব্যবস্থার সমস্ত অবহেলা এবং দমনের ‘হিট স্প্রে’ উপেক্ষা করেও তারা টিকে থাকবে, প্রশ্ন করবে এবং রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে জমে থাকা পচনকে টেনে বের করবে।
এই আন্দোলনের অন্তর্নিহিত দর্শনটি অত্যন্ত গভীর, যা মহাত্মা গান্ধী, বাবাসাহেব আম্বেদকর এবং জওহরলাল নেহরুর ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক চেতনার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। যদিও বাহ্যিক রূপ অত্যন্ত ব্যঙ্গাত্মক, কৌতুকপূর্ণ এবং চতুর। সংগঠনে যোগদানের জন্য চারটি শর্ত রাখা হয়েছে- যেমন পুরোপুরি বেকার হতে হবে, অলস হতে হবে, অনলাইনে দিনের সিংহভাগ সময় কাটাতে হবে এবং ভালো সমালোচনা করতে জানতে হবে- এসব আপাতদৃষ্টিতে একটি সামাজিক কৌতুক মনে হলেও এর মধ্যে লুকিয়ে আছে ভারতের বর্তমান শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান সংকটের এক চরম করুণ আলেখ্য। এটি সেইসব তরুণদের কণ্ঠস্বর, যাদের সমাজ chronically online বা ‘অলস’ বলে অবহেলা করে। রাষ্ট্র যাদের মেধার যোগ্য মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে। এই আন্দোলনের ঢেউ সাধারণ শিক্ষার্থীদের ছাড়িয়ে নাড়িয়ে দিয়েছে দেশের মূলধারার রাজনীতিকেও। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদের মতো প্রথিতযশা রাজনৈতিক ব্যক্তিত্বরা যখন প্রকাশ্যে এই ‘আরশোলা মঞ্চে’ শামিল হবার এবং সমর্থনের কথা জানান, তখন স্পষ্ট হয়ে যায় যে, এই ডিজিটাল বিদ্রোহের রাজনৈতিক গুরুত্বকে এড়িয়ে যাওয়া ক্ষমতার অলিন্দে থাকা কারও পক্ষেই আর সম্ভব নয়। সমাজকর্মী অঞ্জলি ভরদ্বাজ কিংবা সদ্য অবসরপ্রাপ্ত প্রবীণ আমলা আশিস যোশীর মতো বিশিষ্টজনের সংযুক্তি এই আন্দোলনকে সাধারণ মিমের গণ্ডি থেকে বের করে সমাজস্বীকৃত এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
ককরোচ জনতা পার্টির অফিশিয়াল ইশতেহার পড়লে বোঝা যায়, এটি কোনও উন্মাদের প্রলাপ নয়, বরং ভারতের পচনশীল বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোকে মেরামত করার এক সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত ব্লুপ্রিন্ট। প্রথম দাবিটি সরাসরি আঘাত করেছে বিচার বিভাগের স্বাধীনতার ওপর। অবসর গ্রহণের অব্যবহিত পরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিংবা অন্য বিচারপতিদের রাজ্যসভার আসন বা অন্য কোনও রাজনৈতিক পুরস্কারে ভূষিত করার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা বিচার ব্যবস্থার নিরপেক্ষতাকে প্রতিনিয়ত প্রশ্নের মুখে দাঁড় করায়। সিজেপি’র এই দাবি বিচার বিভাগের গৌরব ও স্বাধীনতা অক্ষুণ্ন রাখার অত্যন্ত জরুরি এক রক্ষাকবচ।
দ্বিতীয় দাবিটি দেশের নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও ভোটাধিকার রক্ষার পক্ষে এক চরম বৈপ্লবিক আইনি চাপ সৃষ্টি করে। প্রতিটি বৈধ নাগরিকের ভোট রক্ষা করা রাষ্ট্রের পরম দায়িত্ব। দলমত নির্বিশেষে কোনও রাজ্যেই যদি ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে কোনও বৈধ নাগরিকের নাম মুছে ফেলা হয়, তবে তার জন্য সরাসরি দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে কঠোর সন্ত্রাসবিরোধী আইন তথা UAPA-র অধীনে গ্রেপ্তার করার দাবি তোলা হয়েছে। নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া যে কোনও সশস্ত্র সন্ত্রাসবাদের চেয়ে কম নয়- এই অমোঘ সত্যটি প্রতিষ্ঠার মাধ্যমে নির্বাচন কমিশনকে তাদের সাংবিধানিক দায়িত্বের প্রতি চূড়ান্তভাবে দায়বদ্ধ করার এক নতুন নজির তৈরি করেছে এই জেন-জি আন্দোলন।
ইশতেহারের তৃতীয় এজেন্ডাটি ভারতের নারী ক্ষমতায়নের দীর্ঘদিনের খতিয়ানকে এক ধাক্কায় অনেকখানি এগিয়ে দেয়। সংসদের বর্তমান আসন সংখ্যা বৃদ্ধি না করেই সরাসরি নারীদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার মোট পদের অর্ধেক নারীদের জন্য সংরক্ষিত করার দাবিটি পুরুষতান্ত্রিক রাজনৈতিক কাঠামোর মূলে কুঠারাঘাত করে। এটি সংখ্যাগত প্রতিনিধিত্ব ছাড়াও নীতি নির্ধারণের সর্বোচ্চ স্তরে লিঙ্গ সমতা আনারও এক সৎ ও সাহসী প্রয়াস। চতুর্থ দাবিতে কর্পোরেট নিয়ন্ত্রিত এবং পক্ষপাতদুষ্ট গণমাধ্যম তথা ‘গোদি মিডিয়া’র একচেটিয়া আধিপত্যের অবসান চাওয়া হয়েছে। দেশের বড় বড় শিল্পগোষ্ঠীর মালিকানাধীন সংবাদমাধ্যমগুলোর লাইসেন্স বাতিল করে প্রকৃত স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমের পথ প্রশস্ত করার দাবি এবং পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশনকারী অ্যাঙ্করদের ব্যাংক অ্যাকাউন্ট তদন্তের আওতায় আনার প্রস্তাবটি দেশের চতুর্থ স্তম্ভের নৈতিকতা ফিরিয়ে আনার এক তীব্র আর্তি। পঞ্চম এবং অন্যতম গুরুত্বপূর্ণ দাবিটি ভারতের রাজনীতিতে বহুল চর্চিত ‘রিসোর্ট পলিটিক্স’ বা দলবদলের নোংরা সংস্কৃতিকে চিরতরে সমাহিত করার মোক্ষম দাওয়াই। ক্ষমতার লোভে কিংবা অন্য কোনও প্রলোভনে বা চাপে পড়ে যে সমস্ত বিধায়ক ও সাংসদ জনগণের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে রাতারাতি দলবদল করেন, তাদের পরবর্তী ২০ বছরের জন্য যেকোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং সমস্ত সরকারি পদ গ্রহণ করা থেকে নিষিদ্ধ করার দাবিটি জনমতের প্রতি শ্রদ্ধাশীল রাজনীতির এক নতুন যুগের ইঙ্গিত দেয়।
দলবদলের ওপর এই দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারতের গণতন্ত্রে টাকার জোরে সরকার পতনের যে খেলা চলে, তা চিরতরে বন্ধ হতে বাধ্য। এর সাথে সাথে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া NEET (National Eligibility cum Entrance Test) পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্ক, আদ্যোপান্ত দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা এবং সিবিএসই-তে খাতা পুনর্মূল্যায়নের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে যথেচ্ছ মোটা অঙ্কের ফি আদায়ের বিরুদ্ধে সিজেপি যেভাবে ভুক্তভোগী শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে, তা এই ডিজিটাল আন্দোলনকে সরাসরি দেশের কোটি কোটি ছাত্র-ছাত্রীর যাপিত জীবনের লড়াইয়ের সাথে যুক্ত করেছে। তবে, যেকোনও মহান রূপক বা ডিজিটাল আন্দোলনের সামনেই এক কঠিন বাস্তবতার দেয়াল থাকে। আজ সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমে যে স্রোত লক্ষ লক্ষ ফলোয়ার বা ট্রাফিক এনে দিচ্ছে, কাল তা কোনও কারিগরি জটিলতা কিংবা নতুন কোনও ট্রেন্ডের আড়ালে হারিয়ে যাবে না, এমন গ্যারান্টি কেউ দিতে পারে না। এই আন্দোলনের আসল অগ্নিপরীক্ষা হবে তখনই, যখন এই লাখ লাখ ‘ককরোচ’ মোবাইল-স্ক্রিনে মিম বানিয়ে ক্ষোভ প্রকাশ করার গণ্ডি পেরিয়ে বাস্তবের মাটিতে পা রাখবে। ভারতের শাসন ব্যবস্থা ও দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক পচনকে সত্যি সত্যি মেরামত করতে হলে এই বৈপ্লবিক ইশতেহারকে মোবাইল থেকে মাঠে নিয়ে আসতে হবে। তবে আশার কথা হচ্ছে, যন্তর মন্তরে তাদের লাগাতার ও অনমনীয় কর্মসূচির কারণে সরকার দাবি মানতে বাধ্য হয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকেও পদত্যাগ হয়েছে।
ইতিহাস সাক্ষী, দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গণআন্দোলনগুলোতে এই আনপ্রেডিক্টেবল তরুণ প্রজন্মই সোশ্যাল মিডিয়ার দেয়াল ভেঙে রাজপথে নেমে এসে শাসন ক্ষমতার গতিপথ বদলে দিয়েছিল। ভারতের বেকার যুবসমাজ আজ চাকরির করুণাই চাইছে না, তারা তাদের আত্মসম্মান ও অধিকারও ফিরে পেতে চাইছে। ককরোচ জনতা পার্টি যদি তাদের এই বিশাল অনলাইন নেটওয়ার্ককে প্রতিটি রাজ্যে একটি সুশৃঙ্খল, আদর্শিক কর্মী বাহিনীতে রূপান্তর করতে পারে, তবে ভারতের মূলধারার রাজনীতিতে এক অভূতপূর্ব ঐতিহাসিক রূপান্তরের সূচনা হবে। নিজেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার একজন ‘প্রাউড ককরোচ’ ভাবা প্রতিটি তরুণের এই সম্মিলিত স্পন্দন যেন রাষ্ট্রযন্ত্রকে কড়া বার্তা দেয়- সিস্টেম যদি সত্যিই নর্দমায় পরিণত হয়, তবে সেখান থেকে আরশোলারাই বেরিয়ে এসে সমাজকে পরিষ্কার করার দায়িত্ব নেবে। এই আন্দোলন শেষ পর্যন্ত নির্বাচনী বৈতরণী পার হতে পারুক বা না পারুক, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে ব্যঙ্গাত্মক প্রতিবাদের মাধ্যমে অধিকার আদায়ের এক নতুন জলছাপ তারা ইতিমধ্যেই এঁকে দিয়েছে।
লেখক: শিক্ষক, আসাম, ভারত থেকে
