বাংলাদেশ আবারও তার রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা, পারস্পরিক অবিশ্বাস, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং নির্বাচনকে ঘিরে ক্রমবর্ধমান সংশয়ের প্রেক্ষাপটে আগামী ১২ ফেব্রুয়ারী, আসন্ন জাতীয় নির্বাচন নিঃসন্দেহে একটি নির্ণায়ক মুহূর্ত। এই নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তনের প্রশ্ন নয়; বরং এটি রাষ্ট্রের গণতান্ত্রিক ভবিষ্যৎ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের হারিয়ে যাওয়া আস্থা পুনরুদ্ধারের একটি বড় পরীক্ষা।

আজ দেশবাসীর প্রত্যাশা একেবারেই স্পষ্ট: একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণতন্ত্রের পথে প্রত্যাবর্তন ছাড়া বাংলাদেশের বর্তমান নানাবিধ সংকটের কোনো টেকসই সমাধান নেই। অতীতের একতরফা বা প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলো জনগণের মধ্যে যে রাজনৈতিক আস্থাহীনতা তৈরি করেছে, তা কাটিয়ে উঠতে হলে এই নির্বাচনকেই হতে হবে বিশ্বাসযোগ্যতার নতুন সূচনা।

তারেক রহমানের নেতৃত্ব: রাষ্ট্র মেরামতের রোডম্যাপ ও যুগোপযোগী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি

বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বর্তমানে একটি ঐতিহাসিক রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তাঁর যোগ্য উত্তরসুরী জনাব তারেক রহমান দলের চেয়ারম্যান হিসেবে কেবল একটি দায়িত্ব গ্রহণ করেননি; বরং তিনি বিএনপিকে আন্দোলননির্ভর রাজনীতি থেকে নীতিনির্ভর, প্রতিষ্ঠানকেন্দ্রিক ও ভবিষ্যতমুখী রাজনীতির দিকে নিয়ে যাওয়ার প্রয়াস চালাচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, তিনি অতীত থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে গণতান্ত্রিক সংস্কার, অভ্যন্তরীণ জবাবদিহি এবং নীতিগত স্বচ্ছতার পথে পুনর্গঠনের কথা স্পষ্টভাবে উচ্চারণ করছেন। তাঁর ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” কর্মসূচি মূলত একটি রোডম্যাপ, যেখানে রয়েছেঃ নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, প্রশাসনের রাজনীতিকরণ বন্ধ, দুর্নীতির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক লড়াই, সংসদকে কার্যকর ও শক্তিশালী করা, স্থানীয় সরকারকে ক্ষমতায়িত করা। এই কর্মসূচি স্পষ্ট বার্তা দেয় যে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কেবল ক্ষমতায় যেতে চায় না; বরং রাষ্ট্রব্যবস্থাকে কাঠামোগতভাবে সংস্কার করতে আগ্রহী।

তরুণ ভোটার ও তারেক রহমান: ভবিষ্যৎ রাজনীতির বাস্তবতা

এবারের নির্বাচনের সবচেয়ে বড় বাস্তবতা হলো বিপুলসংখ্যক তরুণ ভোটার। এই সংখ্যাটি প্রায় ৪ কোটি। এই তরুণ প্রজন্ম আবেগ, স্লোগান বা অতীতের গৌরবগাথায় আগ্রহী নয়; তারা চায় সমস্যার সমাধান, সুযোগ ও নিরাপদ ভবিষ্যৎ। তারেক রহমান এই বাস্তবতাকে গভীরভাবে অনুধাবন করেছেন। তাঁর সকল রাজনৈতিক বক্তব্য ও নীতিতে তরুণদের জন্য বিশেষভাবে গুরুত্ব পাচ্ছেঃ কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতির বিস্তার, মেধাভিত্তিক নিয়োগ ও প্রশ্নফাঁসমুক্ত শিক্ষা ব্যবস্থা, স্টার্টআপ ও ফ্রিল্যান্সিং সহায়ক নীতি, শিক্ষা ও প্রশিক্ষণে আন্তর্জাতিক মানদণ্ড। আশার কথা হচ্ছে, জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি তরুণদের আর “ভোটব্যাংক” হিসেবে নয়, বরং রাষ্ট্র পুনর্গঠনের অংশীদার হিসেবে দেখতে চায়। এটাই বিএনপির রাজনীতির নতুন বার্তা।

দুর্নীতি, সুশাসন ও রাজনৈতিক দায়বদ্ধতা

বাংলাদেশের রাজনৈতিক সংকটের অন্যতম মূল কারণ হলো দুর্নীতি ও জবাবদিহির অভাব। জনগণ এখন আর কেবল দুর্নীতিবিরোধী স্লোগানে বিশ্বাস করে না; তারা চায় দৃশ্যমান ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এই বিষয়ে দলটির অবস্থান স্পষ্ট করেছে। দুর্নীতি দমন কমিশনকে কার্যকর ও স্বাধীন করা, রাষ্ট্রীয় ক্রয় ও নিয়োগে স্বচ্ছতা, এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার বিএনপির নীতিতে সুস্পষ্টভাবে উঠে এসেছে। এটি রাজনৈতিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার পরিকল্পনা

বিএনপির রাজনৈতিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো 'অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন'। দলটির নতুন চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দলটি ধর্ম, অঞ্চল ও শ্রেণিভিত্তিক বিভাজনের রাজনীতির বাইরে গিয়ে সামাজিক ভারসাম্য ও সম্প্রীতির ওপর জোর দিচ্ছে। ধর্মীয় স্বাধীনতা ও সব উপাসনালয়ের সমান মর্যাদা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মানবসম্পদ গড়ে তোলা, ক্রীড়া ও সংস্কৃতিচর্চার প্রসার, এসব উদ্যোগ একটি সহনশীল ও আত্মবিশ্বাসী জাতি গঠনের ভিত্তি তৈরি করতে পারে। তবে তারেক রহমান বারবার জোর দিয়েছেন, এসব পরিকল্পনার সাফল্য নির্ভর করবে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বাস্তবায়নের ওপর যা দেশবাসীর জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

সুষ্ঠু নির্বাচনই পারে পথ দেখাতে

বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র শান্তিপূর্ণ পথ একটি গ্রহণযোগ্য নির্বাচন। এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলগুলোর সমান দায়িত্ব রয়েছে। তবে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি।

জনাব তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গণতন্ত্র, জাতীয় ঐক্য ও উন্নয়নের দর্শনকে ২১ শতকের তরুণদের বাস্তব চাহিদার সঙ্গে কার্যকরভাবে যুক্ত করা। এই পরীক্ষায় সফল হলে, বিএনপির নেতৃত্বে বাংলাদেশ কেবল একটি নতুন সরকারই পাবে না; পাবে ‘গণতন্ত্রে ফেরার একটি বাস্তব সুযোগ’। দেশের মানুষ আজ সেই প্রত্যাশা নিয়েই আগামীর দিকে তাকিয়ে আছে।

লেখক: অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী, প্রফেসর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।