গ্রিক দার্শনিক সক্রেটিসকে মানবজাতির অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক ভাবা হয়। সক্রেটিসের মা পেশায় ছিলেন ধাত্রী। সক্রেটিস নানা সময়ে তাঁর শিষ্যদের সঙ্গে আলাপচারিতায় মায়ের পেশার তুলনা দিতে খুব পছন্দ করতেন। বলতেন, তিনিও তাঁর মায়ের মতো ধাত্রীর কাজই করে থাকেন। তবে তাঁর মা মানবশিশু প্রসবে সহায়তা করতেন; তিনি সহায়তা করে থাকেন চিন্তাভাবনা প্রসবের বেলায়। একজন শিক্ষক তাঁর শিক্ষার্থীদের মনোজগৎ পরিবর্তনে সহায়তা করেন; বড় করেন তোলেন; তাদের বৈশ্বিক মান ও ভাবনার জগতে পৌঁছে দেন। এভাবে একজন শিক্ষক এক মানবশিশুকে পরিপূর্ণ করে পৃথিবীতে দ্বিতীয়বার জন্ম দেন। শিক্ষক সমাজের কাছে তাই মানব সভ্যতার ঋণ সবচেয়ে বেশি। সেই শিক্ষকদের অমর্যাদা সভ্য সমাজে প্রায় কল্পনাতীত।
দেশে সবচেয়ে বেশি নৈরাজ্যের শিকার আজ শিক্ষাঙ্গন। সর্বশেষ ১০ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমানের ওপর হামলা হয়। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছিলেন। গত ১১ ডিসেম্বর ডাকসুর এক সদস্যের নেতৃত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনের ওপর হামলা হয়। এসব শিক্ষক আওয়ামী লীগ সমর্থিত নীল দলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। বিশেষ করে অধ্যাপক জামাল উদ্দীন জুলাই আন্দোলনকারীদের ব্রাশফায়ার করার কথা বলেছেন– এমন একটি গুজব ছড়ানো হয়। জামাল উদ্দীন এমন বক্তব্য দেননি। তিনি আরেকটি গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করে প্রমাণ দিতে বলেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ৭৩-এর অধ্যাদেশ অনুসারে পরিচালিত হয়। সেখানে শিক্ষকদের রাজনীতি করার অধিকার স্বীকৃত। দেশে শিক্ষকদের রাজনীতি- সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু একটি দলকে সমর্থন করেন কিংবা ওই দলের শিক্ষক নেতা বলে তাদের ওপর দিনদুপুরে এভাবে নগ্ন হামলা, একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণে বাধা প্রদান কোনোভাবেই মানা যায় না। এমন হামলা ফৌজদারি অপরাধ। বিশ্ববিদ্যালয় এসব গুন্ডামি ও মাস্তানির জায়গা নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নেতা সালাউদ্দীন আম্মার একাডেমিক ও প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকদের পদত্যাগের জন্য হুমকি প্রদান করেন। অন্তর্বর্তী সরকার, বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন শিক্ষাঙ্গনের এসব নৈরাজ্য নিয়ে শীতনিদ্রায়। দেখেও না দেখার ভান করায় অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মবকে মূলত নীরবে প্রশ্রয় দিচ্ছে?
এসব নৈরাজ্য কোনো শুভ ফল বয়ে আনবে না। শুধু দেশে নয়, বিদেশেও বাংলাদেশের শিক্ষার মান ও প্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক ধারণা জন্মাচ্ছে। ইতোমধ্যে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়ার ব্যাপারে কড়াকড়ি আরোপ করছে। আবহমান কাল থেকে সমাজে শিক্ষকের সম্মান ও মর্যাদা সর্বাধিক। এ জন্য অনেকে বৈষয়িক উন্নতি ও লোভনীয় চাকরির সুযোগ ছেড়ে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। এ রকম নৈরাজ্য চললে অচিরেই মেধাবীরা দেশে শিক্ষকতা পেশায় আগ্রহ হারিয়ে অবধারিতভাবে বিদেশমুখী হবেন। সক্রেটিসের মতো জ্ঞানীরা চাইতেন যোগ্য লোক যোগ্য স্থানে থাকুন। এ জন্য প্লেটোর মতো শিষ্যদের উপস্থিতিতে যে পাঠচক্র হতো সেখানে প্রশ্ন ছুড়ে দিতেন, ‘আচ্ছা, আমার জুতা জোড়া যদি মেরামত করতে চাই, তাহলে সে কাজ কাকে দিয়ে করানো ঠিক হবে?’ যাদের উদ্দেশে প্রশ্নটি ছুড়ে দিতেন তাদের কেউ একজন অনুমিত উত্তরই দিতেন, ‘অবশ্যই একজন চর্মকারকে দিয়ে।’ ফের প্রশ্ন করতেন, ‘তাহলে রাষ্ট্র নামক জাহাজটি বিগড়ালে কাকে দিয়ে সারাইয়ের কাজ করব?’ উত্তর– অবশ্যই রাজনীতিবিদদের দ্বারা।
রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করবেন; শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষকদের রাজনৈতিক পরিচয় ভুলে তাদের শিক্ষকতা করতে দিন। শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিরাপদ করুন। সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিন রাজনীতিবিদদের হাতে।
আলমগীর শাহরিয়ার: যুক্তরাজ্য প্রবাসী লেখক ও গবেষক alo.du1971@gmail.com
