মানুষ এখন ভীষণ রকম যান্ত্রিক। রাত-দিন পরিশ্রম করছে নিজের প্রয়োজনে ও টিকে থাকার তাগিদে। প্রতিনিয়ত জীবনকে সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করতে ছুটে চলছে এ প্রান্ত থেকে ও প্রান্তে। সন্তানের উন্নত ভবিষ্যৎ, অর্থনৈতিক উন্নতি কিংবা লেখাপড়া বা চাকরির প্রয়োজনে মানুষ অনবরত শহরমুখী হচ্ছে। কিন্তু এই শহরমুখী মানুষের বড় একটি অংশের নিজস্ব বাসস্থান বা থাকার ব্যবস্থা নেই। তাই নিরাপদ জীবনযাপনের জন্য ভাড়াবাড়িই হয়ে ওঠে তাদের একমাত্র আশ্রয়। \r\nতবে এই বাড়ি ভাড়া নিয়ে প্রায়ই শোনা যায় নানা রকম তিক্ত অভিজ্ঞতার কথা। যারা বিশেষ করে ভাড়াটিয়া তারা অভিযোগ করেন, সময়ে-অসময়ে তারা ভাড়াবাড়িতে বিভিন্ন রকম বৈষম্যের শিকার হন। হুটহাট করে বাড়িওয়ালা বাড়িভাড়া বাড়িয়ে দেন। ইচ্ছামতো দ্বিগুণ-তিন গুণ ভাড়া বৃদ্ধি করেন।
কখনো অযৌক্তিকভাবে বাড়ি ছাড়ার নোটিস দেন। চাপিয়ে দেন মনগড়া বিভিন্ন নিয়মনীতি।\r\nবিশেষ করে নতুন বছর এলে এর হিড়িক পড়ে যায়। তারা কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করেন না। ফলে ভাড়াটিয়ারা মারাত্মক ভোগান্তিতে পড়েন যা অনেক ক্ষেত্রে তীব্র মানসিক চাপের কারণ হয়ে ওঠে। এক্ষেত্রে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণি বেশি নিষ্পেষিত হয়। \r\nএর অবশ্য নানা কারণ রয়েছে। দুপক্ষের পারস্পরিক বোঝাপড়া না থাকায় এবং স্পষ্ট নিয়মনীতি না মানার কারণে এ ধরনের সমস্যাগুলোর সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায়- বাসা ভাড়া নেওয়ার সময় মৌখিক চুক্তির ওপর ভিত্তি করেই ভাড়াটিয়ারা ভাড়া বাসায় উঠে পড়েন এবং এভাবেই মাসের পর মাস বা বছরের পর বছর সেখানে বসবাস করতে থাকেন। নিজেদের অধিকার বা সীমা সম্পর্কে অবগত থাকেন না।
যিনি বাড়িওয়ালা তিনিও সকল নিয়ম জানেন বা মানেন এমনটা নয়। যেমন নির্দিষ্ট সময়ের আগে বাসা ভাড়া বাড়ানো আইনসম্মত কিনা তা হয়তো তিনি জানেন না। আবার একতরফাভাবেও সিদ্ধান্ত নেন যা অযৌক্তিক ও অমানবিক। সুতরাং এ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি যাতে পারস্পরিক অবিশ্বাস ও অস্থিরতা সৃষ্টি না হয়। \r\nআবার এমনও দেখা যায় ভাড়াটিয়ারাই নিয়ম মানছেন না। একতরফা দায় চাপিয়ে দিচ্ছেন বাড়িওয়ালার ওপর। তবে অবস্থা যাই হোক অসচেতনতা, দায়িত্বহীনতা ও নিয়ম না মানার প্রবণতা সম্পর্কের অবনতি ঘটায়।\r\nসুতরাং সারবস্তু হলো- স্বচ্ছতা ও লিখিত চুক্তি বাধ্যতামূলক করা উচিত। ভাড়া এবং অন্য বিষয়গুলোর শর্ত স্পষ্টভাবে লিখিত হওয়া উচিত। অগ্রিম জামানত, বিদ্যুৎ, পানি, গ্যাস প্রভৃতি মৌলিক বিষয়গুলো কতটুকু নিশ্চিত করা হবে বা বিলসংক্রান্ত সুস্পষ্ট লিখিত চুক্তি বাসা ভাড়া দেওয়ার আগে নিশ্চিত করা অবশ্য কর্তব্য। এছাড়া কোনো বিষয়ে সমস্যা সৃষ্টি হলে যাতে উভয়ই আইনি সহায়তা পেতে পারেন সে বিষয়টিও স্পষ্ট থাকা উচিত। \r\nস্বস্তির বদলে যেন কোনো পক্ষই শঙ্কায় না পড়েন সে বিষয় খেয়াল রাখা জরুরি। প্রতিটি বিষয়ে স্বচ্ছতা থাকলে সমস্যার সমাধান অবশ্যই সম্ভব।\r\nবাড়ি ভাড়া হোক সহনীয়। সম্পর্কগুলো হোক মানবিক। সুন্দর সহবস্থানের মাধ্যমে বাসাবাড়ি হোক শান্তির ঠিকানা। নিয়মের ভেতর থেকে সকল সমস্যার সমাধান হোক।\r\n \r\n মধুখালী, ফরিদপুর থেকে
