চব্বিশের জুলাই-আগস্টের বিপ্লবোত্তর বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদমুক্ত নতুন রাজনৈতিক পরিবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। দেশের মানুষের কাছে নির্বাচনকে উৎসবমুখর করা গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি, ব্যাপক অংশগ্রহণ এবং নির্বাচনকে প্রাণবন্ত করে তোলার জন্য সকল কার্যকরী পদক্ষেপ রাষ্ট্রের প্রধান দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনের পথ ও পদ্ধতি যদি স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসনের প্রশ্নে ধোঁয়াশা তৈরি করে, তাহলে উদ্যোগটি নাগরিকদের কাছে প্রশ্নবিদ্ধ হয়।
সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সর্বশেষ সভায় দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে ঠিকাদার নিয়োগের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অথচ এর মাত্র এক মাস আগে একই কমিটি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। হঠাৎ এই অবস্থান পরিবর্তনের কোনো ব্যাখ্যা অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে নেই। কোন প্রতিষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে, তাও অজানা। আরও উদ্বেগজনক হলো, প্রস্তাবটি নাকি সভার এজেন্ডাভুক্তও ছিল না। সবকিছুতেই এক ধরনের শুভংকরের ফাঁকি দৃশ্যমান।\r\nসরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) জরুরি পরিস্থিতিতে সরাসরি ক্রয়ের সুযোগ রাখলেও সেই জরুরি অবস্থার ব্যাখ্যা ও যুক্তি স্পষ্টভাবে তুলে ধরা রাষ্ট্রের আইনি ও নৈতিক দায়িত্ব।
এখানে সেই ব্যাখ্যার অনুপস্থিতি স্বাভাবিকভাবেই আমাদের মনে সন্দেহের জন্ম দেয়। আমরা জেনেছি, কিছু দিন আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সময় স্বল্পতার যুক্তিতে একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে ২৫ কোটি টাকায় কাজ দেওয়ার প্রস্তাব এনেছিল, যা উপদেষ্টা পরিষদ তখন নাকচ করে দেয়। ওই বৈঠকে দরপত্রের মাধ্যমে খরচ নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দরপত্র ছাড়াই ঠিকাদার নিয়োগে সম্মতি দেওয়া হলো কেন- এমন প্রশ্নের কোনো জবাব পাওয়া যায়নি সংশ্লিষ্ট দপ্তর থেকে। এই নীরবতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে জনমনে উঁকি দিচ্ছে সন্দেহ।\r\nনির্বাচনী প্রচার ব্যবস্থাপনা ও সার্বিক আনুষ্ঠানিকতা ঘিরে রাষ্ট্রীয় উদ্যোগের প্রতিটি পদক্ষেপ জনগণের আস্থার সঙ্গে সম্পৃক্ত। যদি রাষ্টের দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলার কারণে সেই আস্থা নাজুক হয় কিংবা ভেঙে যায়, তবে উৎসবমুখর পরিবেশ তৈরির লক্ষ্য অর্থহীন হয়ে পড়বে। আমাদের বিশ্বাস, অন্তর্বর্তীকালীন সরকার সত্যিই গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী ও টেকসই করতে চায়। যদি তাই হয়, তবে রাষ্টের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবশ্যই স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি চর্চার ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে হবে। অগ্রাধিকার দিতে হবে রাষ্ট্রীয় অর্থের সুরক্ষায়। দরপত্র ছাড়াই নির্বাচনী প্রচারের মতো সিদ্ধান্তের ক্ষেত্রে পরিষ্কার ব্যাখ্যা ও পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা বাঞ্ছনীয়। তা না হলে এই উদ্যোগ উৎসব নয়, বরং নিত্যনতুন বিতর্কের জন্ম দেবে।
