দুই বছর আগে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। সেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শত শত মানুষ ভিড় করেছে। যে শিক্ষক বা শিক্ষার্থীর সঙ্গেই দেখা হচ্ছে, বুকে জড়িয়ে ধরছেন একে অপরকে। ঢাকা-আরিচা মহাসড়কেও তখন বিজয়ের উল্লাস। রাস্তায় নেমে এসেছে হাজার হাজার সাধারণ মানুষ। মনে হচ্ছিল, এই অর্জনের পেছনে কত আত্মত্যাগ, কত রক্ত! মানুষ কতখানি ভালোবাসতে পারে তাদের দেশকে! দেশকে মুক্ত করতে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুলিকেও তোয়াক্কা না করে কতবার মৃত্যুর সামনে দাঁড়াতে পারে!

জাহাঙ্গীরনগর এক বৈচিত্র্যময় ক্যাম্পাস। আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় এই বৈচিত্র্যের মধ্যেও জীবনাচরণ আর ভাবনায় অভেদ্য এক মিল দেখা যায় এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে। জাহাঙ্গীরনগর প্রশ্নে সবাই এক হলেও রাজনৈতিক, মতাদর্শিক ও সাংস্কৃতিক নানা বিরোধ তৈরি হয় মানুষের স্বাভাবিক দ্বান্দ্বিকতার নিয়মে। এসব পার্থক্যের ঊর্ধ্বে উঠে জাহাঙ্গীরনগর যে ঐক্যবদ্ধ শক্তি জুলাইয়ে প্রদর্শন করেছে, তা নজিরবিহীন। মেয়েদের হলের গেট খুলে বেরিয়ে আসছে একটি মিছিল। মিছিলের সম্মুখভাগে লাঠি হাতে দুজন নারী শিক্ষার্থী; একজনের পরনে নিকাব, আরেকজনের পরনে জিন্স আর টি-শার্ট। জুলাইয়ে এ ছিল জাহাঙ্গীরনগরের শক্তি ও ঐক্য।

১৫ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের মধ্যে শিক্ষার্থীদের ভয়াল চিৎকার বুঝিয়েছে, আওয়ামী লীগ সরকারের দিন আর বেশি বাকি নেই। সেদিন উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীরা আটকে পড়ার আগে সন্ধ্যা থেকেই শুরু হয়েছিল সম্মিলিত প্রতিরোধ। বিকেলের মিছিলে প্রথম দফায়ই ছাত্রলীগ অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। এরপর ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিরোধ গড়ে ওঠে। জুবায়ের সরণি থেকে নতুন কলাভবন এলাকা রণাঙ্গনে পরিণত হয়। এক পর্যায়ে পিছু হটে ছাত্রলীগ। সেদিন রাজপথের এই সম্মিলিত শক্তি গড়ে উঠেছিল খুব তাড়াতাড়ি এবং সুশৃঙ্খল উপায়ে। মূলত এই শক্তি প্রদর্শনের পরদিন থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগ দেয় ড্যাফোডিল ইউনিভার্সিটি, গণ বিশ্ববিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর হয়ে ওঠে আরও সুসংগঠিত, আরও শক্তিশালী।

৫ আগস্ট সকালে ঢাকামুখী লংমার্চের জন্য আমরা জড়ো হয়েছিলাম ডেইরি গেটে। সেদিনের মিছিলে গুলি চলবে, তা বোধকরি আমরা সবাই জানতাম। তারপরও পূর্ণ মানসিক প্রস্তুতি নিয়েই আমরা সেই লংমার্চে উপস্থিত হয়েছিলাম। মনে শঙ্কা, মৃত্যুভয়; কিন্তু আমরা জানতাম, আমাদের এই মিছিলের গন্তব্য এক স্বৈরাচারমুক্ত বাংলাদেশের পথে। আমরা জানতাম, এবার না পারলে স্বৈরাচার হয়ে উঠবে আরও আগ্রাসী। তাই মিছিল নিয়ে সামনে এগোনো ছাড়া আমাদের আর পথ নেই। ডেইরি গেটে মিছিলটি অপেক্ষা করল অনেকক্ষণ, তারপর এমএইচ পর্যন্ত এগিয়ে আবার থামল। আমরা জানতে পারলাম, আশুলিয়া থেকে পোশাক শ্রমিকদের একটি জমায়েত এসে যুক্ত হবে এই মিছিলের সঙ্গে। তারই জন্য এত অপেক্ষা। সত্যিই সেদিন শ্রমিকদের কাফেলা এসে একাকার হয়েছিল আমাদের সঙ্গে। ৫ আগস্টের সেই মিছিলে গুলি চলল সাভার গিয়েই। মাটিতে লুটিয়ে পড়ল শহীদ শ্রাবণ গাজী আর শহীদ আলিফ। পরে শুনেছি, শহীদ শ্রাবণ গাজী বাড়ি থেকে রওনা হওয়ার সময় বলেছিল, ‘মা, আমি যুদ্ধে যাইতেছি।’ আহা শ্রাবণ! রবীন্দ্রনাথ যেন তার জন্যই লিখেছিলেন, ‘শ্রাবণ তুমি বাতাসে কার আভাস পেলে/পথে তারি সকল বারি দিলে ঢেলে।’

জুলাই আমাদের শিখিয়েছে, মানুষের সম্মিলিত ক্রোধের উদগিরণ কতখানি হতে পারে। জুলাই আমাদের শিখিয়েছে, ক্ষমতা কখনও চিরস্থায়ী নয়। আর শিখিয়েছে মানুষের সম্মিলিত প্রতিরোধের শক্তি। বর্ণ, লিঙ্গ, ধর্ম, শ্রেণি ও বিশ্বাসের ঊর্ধ্বে উঠে যে প্রবল প্রতিরোধ আমরা গণহত্যাকারীদের বিরুদ্ধে গড়ে তুলেছি, তা আমাদের বারবার মনে করিয়েছে আমাদের সংগ্রামের ইতিহাসকে। ৫২, ৬২, ৬৯, ৭১, ৯০-এর সেই সম্মিলিত শক্তিরই ধারাবাহিকতার নাম জুলাই।

ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী: সহকারী সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন riddhaanindyaganguly@gmail.com