দেশে শীত জাঁকিয়ে না বসতেই নৌপথে দৃশ্যমান হচ্ছে ঘন কুয়াশা। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার সংবাদ আমাদের একইসঙ্গে শোকাকুল ও ক্ষুব্ধ করে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অপরদিকে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় অর্ধনিমজ্জিত বালুবাহী বাল্কহেডে আটকে থাকা দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। ঢাকামুখী যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন-১৬ নদীর তীরে নোঙর করা বাল্কহেডটির পেছনের দিকে (কেবিন সাইটে) আঘাত করে।

ধাক্কার তীব্রতায় বাল্কহেডটি দুমড়েমুচড়ে দ্রুত তলিয়ে যেতে শুরু করে। এ সময় বাল্কহেডের ওপর থাকা তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে কেবিনে ঘুমিয়ে থাকা দুজন শ্রমিক নিখোঁজ থাকেন। ধাক্কা দেওয়ার পর লঞ্চটি দ্রুত ঢাকার দিকে চলে যায়। ঘটনার পর নৌপুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর সদস্যরা উদ্ধারকাজ শুরু করে। পরে টানা কয়েক ঘণ্টার অভিযানে কেবিনের মধ্য থেকে ওই দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।\r\nশীতে ঘন কুয়াশায় নৌচলাচলে বিশেষ সতর্কতার কথা সবারই জানা কথা। সাবধানতা মেনে সতর্কতার সঙ্গে নৌচলাচলে ঝুঁকি কমে আসে। সাধারণত বাল্কহেডের ধাক্কায় নৌদুর্ঘটনা ঘটে থাকে। এক্ষেত্রে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপিত হলো।

আমরা দেখে এসেছি প্রতিনিয়ত বালুবাহী ট্রলার যাত্রী বহনকারী নৌকা বা ইঞ্জিনচালিত নৌকার দিকে তেড়ে আসে। কখনো মুখোমুখী সংঘর্ষ বাধায়, কখনোবা ষাঁড়ের মতো পেছন থেকে গুঁতো দেয়। মালবাহী ট্রলারের আঘাতে প্রায়ই নদীবক্ষে নৌদুর্ঘটনাসহ নিরীহ মানুষের সলিল সমাধি ঘটছে।\r\nইতোপূর্বে নৌদুর্ঘটনার কয়েকটি কারণ চিহ্নিত করেছে প্রশাসন। এগুলো হচ্ছে- বিপুল পরিমাণ নৌযানের চলাচল, শিল্প প্রতিষ্ঠানগুলোর সামনে অনেক জাহাজ নোঙ্গর করে নৌপথ সরু করে ফেলা, নৌযান চালকদের প্রশিক্ষণ না থাকা, ট্রলারের অদক্ষ চালক, ট্রলার ও নৌকা পারাপারে অতিরিক্ত যাত্রী বহন, বালুমহাল ইজারার নামে চাঁদাবাজি ও আইন না মেনে রাতের বেলায় নৌযান চলাচল করা ইত্যাদি। \r\nদুর্ঘটনা এড়াতে প্রতিটি খেয়াঘাটে পর্যাপ্ত আলোসহ মাইক লাগানোর পাশাপাশি প্রতিটি নৌযানে বিভিন্ন রঙের পতাকা লাগালে পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে কুযাশার কারণে অদূরে চলাচলকৃত নৌযান দৃশ্যমান হয় না। সেক্ষেত্রে আলোর তীব্রতা বাড়ানো, ভেপু বা সাইরেন বাজিয়ে অন্য নৌযানকে সতর্ক করা, নৌযানের গতি হ্রাস- এসব সাধারণ নিয়ম অনুসরণ করলেই দুর্ঘটনা এড়ানো যায়। মুখোমুখি সংঘর্ষ এবং বেপরোয়া গতিতে এসে তীরবর্তী নৌযানকে আঘাত হানা, উভয় ক্ষেত্রেই চালককে দায়ী করা সংগত। চালকের দক্ষতাই পারে নৌযানের যাত্রীদের জীবনের সুরক্ষা দিতে।