এটা সত্য, স্বাধীনতার ৫৫ বছর পরেও আমাদের দেশে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা ও পদ্ধতির আধুনিকীকরণ হয়নি বরং জনসংখ্যার নিরিখে যে ব্যবস্থাটুকু আছে তা যেমন অপ্রতুল, তেমন শোচনীয়। ‘অসাধারণ’ মানুষের কথা বলছিনা, যাঁরা ভাগ্যবান অর্থ ও পদের জোরে, স্বদেশ, বিদেশ এবং আধুনিক চিকিৎসার সব টুকুই গ্রহণ করতে পারেন তারা। সাধারণ বাংলাদেশি বলতে যাদের বুঝায়, কী গ্রামে কী শহরে তাদের জন্য আয়োজিত চিকিৎসা ব্যবস্থা দেশজুড়ে বিভিন্ন রকম। এ সম্বন্ধে কোন যোগ্যতা ও পারদর্শিতার মাপকাঠি নেইÑ ধর্ম, অর্থ থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত কোন বিচার বিধান থাকলেও গণতান্ত্রিক অধিকারের মধ্যে স্বাস্থ্য সম্বন্ধে আমাদের ভাবনা চিন্তা খুবই সীমাবদ্ধ। সুস্বাস্থ্য বলতে শিক্ষিত থেকে অশিক্ষিত, ধনী থেকে দরিদ্র এবং সচেতন থেকে নির্লিপ্ত মানুষ-প্রায় সকলেই রোগ বা অসুখ হলে উপযুক্ত বা সাধ্য মত চিকিৎসার কথা ভাবেন।
মানুষের সুচিকিৎসা ও রোগ নিরাময়ের প্রত্যাশা স্বাভাবিক নিয়মে বেড়েছে। অনেক অসুখ আগে আল্লাহর বিধান বলে মেনে নেয়া হতো, কিন্তু আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও পদ্ধতির জন্য দৈব বা ভাগ্যের দোহাই দিয়ে রোগ ভোগের অবসান বা শেষকে মৃত্যু বলে মেনে নিতে মন চায় না। এর জন্য অসুখ বা দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে অনেক সময় চিকিৎসককে দোষারোপ করা হয়। চিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হলে চিকিৎসকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার অধিকার এখন প্রতিষ্ঠিত। এ সব ক্ষেত্রে মেডিকেল কাউন্সিল চিকিৎসকের চিকিৎসা করার আইনী ছাড়পত্র বাতিল করতে পারেন। এ বিষয়ে দ্বিধা বা মতবিরোধ থাকলেও কিছু করার নেই। তবে সাধারণ ও প্রভাবশালী সব মানুষকে এ বিষয়ে সুচিন্তিত ভাবনা-চিন্তা করে তবে মতামত প্রদান বা মন্তব্য করতে হবে।
যে কোন চিকিৎসকই তা সে ডিগ্রীধারী অথবা হাতুড়ে চিকিৎসক যেই হোক না কেন রোগীর রোগ মুক্তির চেষ্টা করেন। রোগীকে মেরে ফেলার বা হত্যা করার কোন অভিপ্রায় কোন ডাক্তারের থাকে না। কারণ, রোগীকে ভালো করতে পারলে পসার বাড়বে, অর্থ উপার্জন হবে। তবে অজ্ঞতা বা ভুল চিকিৎসার জন্য রোগীর শারীরিক বা মানসিক ক্ষতি এমনকি মৃত্যুও ঘটতে পারে। সেক্ষেত্রে চিকিৎসককে হয়রানি প্রমাণ হলে শাস্তি কি এড়ানো যাবে? চিকিৎসকেরা তো আর আইনের ঊর্ধ্বে নন। অবশ্য যে কোন মৃত্যু হলেই চিকিৎসককে হয়রানি বা ভয় দেখালে সংকট বাড়বে, পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটবে। যারা অর্থবান ও ক্ষমতাবান তারা এদেশের সর্বোত্তম চিকিৎসা, প্রয়োজনে বিদেশে গিয়ে চিকিৎসা করিয়ে নেবেন। কিন্তু সাধারণ মানুষ যাবে কোথায়?
অনেকের আশংকা মেডিকেল কাউন্সিল বা কোর্টের ভয়ে চিকিৎসকেরা ঝুঁকি নেবেন না। কথায় কথায় ডাক্তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কথা বলবেন হয়ত কিন্তু সর্বাধুনিক চিকিৎসা আশা করলে কিছু পরীক্ষা, এক্স-রে, সনোগ্রাফী তো করতেই হবে। রোগী ও তার আত্মীয়-স্বজনদেরও বুঝতে হবে প্রথমে রোগ নির্ণয় ও পরে চিকিৎসা নাকি রোগীর রোগ লক্ষণের উপশম, কোনটা জরুরি। অনেক রোগের প্রাথমিক লক্ষণ দেখে রোগ নির্ণয় করা যায়। আবার কিছু অসুখে বেশ কিছুদিন পর প্রকৃত রোগ ধরা পড়ে। সুতরাং চিকিৎসকদের ‘ক্লিনিক্যালি আই’ ও ভাবনা-চিন্তার উপর নির্ভর করতে গেলে রোগ নির্ণয়ের জন্য কয়েকদিন অপেক্ষা করতেই হবে। আগেই বলা হয়েছে অর্থ ব্যয় হবে না অথচ সর্বাধুনিক চিকিৎসা হবে তা হয় না। চিকিৎসককেও এ ব্যাপারটা রোগী ও তার সঙ্গের লোককে বুঝিয়ে বলে দিতে হবে। এজন্য কিছুটা সময় দিতে হবে। একথা ঠিক যে সব চিকিৎসক রোগের সব কথা খুলে বলেন, শল্যচিকিৎসার ভাল-মন্দ দিক বুঝিয়ে অনেক সময় রোগী ও তার সঙ্গীরা তাতে অজ্ঞতা ও ভয়ে অন্য চিকিৎসকের পরামর্শ নিতে চলে যান। তাতে সাময়িক আর্থিক ক্ষতি হয়ত হয়, কিন্তু নিজের কাছে পরিষ্কার থাকা যায়।
চিকিৎসকের মানসিক দৃঢ়তা ও সততা এবং রোগীর প্রতি দায়বদ্ধতা অনেক বড়। এখানে লোভের রাশ টেনে ধরা প্রয়োজন। চিকিৎসাশাস্ত্র এমন একটি পেশা যেখানে চিকিৎসক ও তার সহকারী, সঙ্গী-সাথীদের প্রভাবিত করার ঝোঁক অনেকের মধ্যে দেখা যায়। অনেক প্রতিভাবান চিকিৎসককে এক শ্রেণীর মানুষ প্রভাবিত করে নিজেদের স্বার্থে ব্যবহার করেন। ব্যবসায়িক স্বার্থ সিদ্ধির জন্য ভেবে ঔষধ প্রস্তুতকারী সংস্থার কর্মচারী থেকে শুরু করে ল্যাবরেটরি ইত্যাদির কর্মী, এলাকার রাজনৈতিক নেতা বা সরকারি আমলা সকলেই এ সুযোগ নিয়ে থাকেন। অর্থ ও প্রতিপত্তির লোভ দেখিয়ে তারা চিকিৎসকদের নিজেদের স্বার্থে ব্যবহার করে থাকেন। সহজে উঠতি বা প্রতিষ্ঠিত চিকিৎসকেরা এদের হাতের মুঠোয় চলে যান।
এক চিকিৎসকের কাছে অপর চিকিৎসকের পেশাগত ও ব্যক্তিগত জীবনের কুৎসা রটনা করা খুবই গর্হিত কাজ। পরচর্চা ও পরনিন্দা রোগে অনেক চিকিৎসকের এ ভাবনা ও ধারণা পাল্টাবার সময় এসেছে। সৎভাবে পেশাদার চিকিৎসক হিসাবে কাজ করার কিছু অসুবিধা আছে কিন্তু তার জন্য গা ভাসিয়ে দিলে চলবে না। দুর্বলতার সুযোগ অনেকেই নেবে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। দুর্ভাগ্যবশত নিজের পদ ও প্রমোশন বজায় রাখার জন্য অনেক সরকারি চিকিৎসক, মন্ত্রী আমলাদের হাতের ক্রীড়নক হয়ে যান। এমনকি ‘নন প্র্যাকটিসিং ভাতা’ নিয়ে প্র্যাকটিসও করেন। এদের কাছে সরকারি উচ্চাধিকারীরা পর্যন্ত টাকা দিয়ে চিকিৎসা করিয়ে থাকেন। সাদা কাগজে ব্যবস্থাপত্র লেখার প্রবণতা, অতিরিক্ত ক্ষমতা ও অর্থের লোভ কিছু চিকিৎসককে স্বার্থান্বেষী ক্ষমতাবান মানুষের হাতে মুঠোয় বন্দী করে ফেলেছে। তাদের অবস্থা সত্যিই করুণ। অবশ্য প্রতিটি পেশাতে ব্যক্তি বিশেষের নিজের মানসিকতা, ইচ্ছা-অনিচ্ছার দাম আছে। সে ক্ষেত্রে একজন চিকিৎসক কীভাবে নিজের জীবন ধারণ করবেন তা তাঁর সম্পূর্ণ নিজের এক্তিয়ার তবে প্রফেশনালিজম ও কমার্শিয়ালিজমের পার্থক্য মনে রাখা উচিত। চিকিৎসকদের প্রতি সাধারণ মানুষের যেমন শ্রদ্ধা, ভালবাসা আছে তেমনি কৌতূহলও থাকে। তাদের অর্থ উপার্জন, জীবনযাত্রা বা ব্যক্তিগত জীবন সম্বন্ধে উৎসাহ কখনো এতে বেশি হয় যে অপপ্রচার ও অবিশ্বাস, দ্বিধা ও দ্বন্দ্ব আর যাই হোক চিকিৎসা সেবাকে উন্নত করতে পারে না। এতে হিংসা-বিদ্বেষও তৈরি হয়। নিছক হিংসা বা আক্রোশের জন্য অনেকে একজন সুনামী চিকিৎসককে অপদস্থ ও লোক সম্মুখে হেনস্থা করে থাকেন এমন নজিরও আমাদের সমাজে আছে।
এসব কিছুকে সহ্য করে পেশাগত ন্যায়-পরায়ণতা ও সততা বজায় রেখে চিকিৎসকদের দায়িত্ব পালন করতে হবে। অন্যের ভুল বা সমালোচনা থেকে নিজেকে সঠিক রাখার দিকে নজর দিলে উপকার হবে। বর্তমানে চিকিৎসা ও চিকিৎসকদের এ সাময়িক সমালোচনা ও বিরূপ মন্তব্যে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। দেশ, সমাজ ও কালের পরিবর্তন হচ্ছে। ভোগবাদী ও পণ্যনির্ভর জীবনযাত্রা এবং মানুষের আকাশচুম্বী প্রত্যাশা ও উৎকণ্ঠাময় জটিল জীবনধারা অনেক কিছুর সংজ্ঞা ও ব্যাখ্যা পাল্টে দিচ্ছে। চিকিৎসা ও চিকিৎসকদের কাছে স্বাভাবিক কারণে মানুষের প্রত্যাশা, আশা-আকাক্সক্ষা পরিবর্তিত হয়েছে। চিকিৎসক তার সাময়িক ভুলের জন্য কাঠগড়ায় দাঁড়াবেন, প্রয়োজনে জেল জরিমানা দুই-ই তার প্রাপ্য। একথা ভাবতে বা মেনে নিতে মন চায় না। কিন্তু চিকিৎসার এ অসুখে মনকে এ নির্মম সত্য মেনে নিতে হবে।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট।
