নায়ক-ভিলেনের মারামারি শেষ; পুলিশ এসে বলছে– ‘আইন নিজের হাতে তুলে নেবেন না’। বাংলা সিনেমার অতি পরিচিত দৃশ্যটিই সেদিন বাস্তবে ফিরে এলো ধানমন্ডির ফুটপাতে। শ্লীলতাহানির অভিযোগে এক তরুণীর স্বজন আরেক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করালেন। পাশেই দাঁড়ানো পুলিশ সদস্যরা ছিল দর্শক। মারধর শেষ হলে ধানমন্ডি থানা পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে ধরে নিয়ে গেলেন। ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নেটিজেনরা দুই ভাগে বিভক্ত। কেউ বলছেন, স্বজন ঠিক করেছেন। আরেক পক্ষ বলছে, আইন নিজের হাতে নেওয়া অন্যায়। আলোচনার মধ্যেই পুলিশ গায়ে হাত তোলার অপরাধে স্বজনকে ধরে নিয়ে গেছে। পরে তাঁর ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ধানমন্ডির এই ঘটনায় বর্তমান সমাজের বেশ কিছু গুরুতর অসংগতি একসঙ্গে সামনে এসেছে। ঘটনার সূত্রপাত নারীর শ্লীলতাহানি থেকে। এমন ঘটনা পথে-ঘাটে হরদম ঘটে। কিন্তু অধিকাংশ ভুক্তভোগীই প্রতিবাদ করেন না। প্রতিবাদ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে সহায়তা পাওয়ার নিশ্চয়তা নেই। ধানমন্ডির ঘটনাস্থলেও তিন পুলিশ সদস্য ছিলেন নীরব।

সুশাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুক্তভোগীর অভিযোগের প্রতিকার পাওয়া নিশ্চিত করা। এখানে সেটিরও ঘাটতি দৃশ্যমান। অপরাধের প্রতিবাদ করতে গিয়ে কেউ আইন ভাঙলে তাঁর বিচার হবে। কিন্তু যে পরিস্থিতিতে তিনি আইন নিজের হাতে তুলে নিলেন, সেখানে রাষ্ট্রের ভূমিকা ও ব্যর্থতারও কি বিচার হবে না?

নারীর প্রতি হয়রানির ঘটনা যে বিচ্ছিন্ন নয়, তা নানা সময়ে গবেষণা বা জরিপে উঠে এসেছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতীয় মানবাধিকার কমিশন ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন যৌথভাবে ২৪ জেলার পাঁচ হাজার ১৮৭ নারীর ওপর একটি জরিপ চালায়। তাদের মধ্যে ৮৭ শতাংশ নারী জীবনে অন্তত একবার হয়রানির শিকার হয়েছেন। মাত্র ৩৬ শতাংশ হয়রানির প্রতিবাদ করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেছিলেন মাত্র ১ শতাংশ। আর প্রকাশ্য স্থানে হয়রানির শিকার নারীদের ৪৪ শতাংশ কোনো ধরনের সহায়তাই পাননি।

প্রশ্ন হলো, একজন নারী কেন হয়রানির প্রতিবাদ করতে ভয় পান? কেন তাঁকে নিজের সম্মানহানির আশঙ্কার পাশাপাশি সামাজিক প্রতিক্রিয়া ও নিরাপত্তার কথাও ভাবতে হয়? এর পেছনে যেমন রয়েছে নারীর প্রতি অসম্মানজনক আচরণকে স্বাভাবিকভাবে নেওয়ার প্রবণতা, তেমনি রয়েছে অপরাধের প্রতিকার পাওয়া নিয়ে অনিশ্চয়তা। অনেক সময় ভুক্তভোগী মনে করেন, প্রতিবাদ করে উল্টো তাঁকেই প্রশ্নের মুখে পড়তে হবে। ধানমন্ডির তরুণীর বক্তব্যেও সেই আশঙ্কা উঠে এসেছে। কোনো নারী হয়রানির শিকার হলে তাঁর প্রথম প্রয়োজন নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা। ধানমন্ডির ঘটনায় উপস্থিত পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর একজন সহকারী উপপরিদর্শককে কর্তব্যে অবহেলার অভিযোগে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে প্রত্যাহারই অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি নয়। ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কেবল অপরাধ সংঘটিত হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করা নয়। আইনসম্মত উপায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করাও তাদের কাজ। বিশেষ করে প্রকাশ্য স্থানে একজন নারী হয়রানির শিকার হওয়ার অভিযোগ করলে তাঁর নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া জরুরি। এদিকে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি আবেগের বদলে আইনের দৃষ্টিতে দেখা দরকার। কাউকে হয়রানি করতে দেখা গেলে তার প্রতিবাদ করা এবং প্রয়োজনে ভুক্তভোগীকে রক্ষা করতে এগিয়ে আসা নাগরিকের দায়িত্ববোধের প্রকাশ হতে পারে। কিন্তু কাউকে মারধর করা কিংবা জোর করে শাস্তি দেওয়া আলাদা বিষয়। অপরাধের অভিযোগের বিচার করার অধিকার আদালতের।

তাৎক্ষণিক বিপদ থেকে কাউকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে কাউকে মারধর করার মধ্যে পার্থক্য রয়েছে। তাই তরুণীর স্বজনকে শাস্তি দেওয়া হয়েছে বলেই তাঁর কাজ অন্যায় ছিল না– এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। একইভাবে, তিনি আইন নিজ হাতে তুলে নিয়েছেন বলে তাঁকে রক্ষা করার জন্য পুলিশের কোনো দায়িত্ব ছিল না– এমনটিও বলা যাবে না। দুটি প্রশ্নের উত্তর আলাদাভাবে খুঁজতে হবে।

রাষ্ট্রের কাছে নাগরিকের প্রত্যাশা হলো, বিপদের সময় তিনি আইনসম্মত সহায়তা পাবেন। সেই সহায়তা না পাওয়ার অভিযোগ উঠলে তা খতিয়ে দেখা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে নাগরিকেরও দায়িত্ব আইন মেনে চলা এবং অপরাধের বিচার যথাযথ প্রক্রিয়ায় হতে দেওয়া। এক পক্ষের ব্যর্থতা অন্য পক্ষের বেআইনি আচরণকে বৈধ করে না। কিন্তু নাগরিকের আচরণের বিচার করতে গিয়ে রাষ্ট্রের দায়িত্ব পালনের প্রশ্নটি চাপা পড়ে গেলে ন্যায়বিচার অসম্পূর্ণ থেকে যায়।

এই ঘটনার পর ওই তরুণী জানতে চেয়েছেন, তাঁকে রক্ষা করতে গিয়ে তাঁর স্বজনের শাস্তি হয়েছে; তিনি এখন কী করবেন? তাঁর প্রশ্নের উত্তর শুধু তাঁকে আশ্বস্ত করার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। এমন পরিস্থিতিতে পড়া যে কোনো নারী যেন নিরাপদে অভিযোগ জানাতে পারেন; তাৎক্ষণিক সহায়তা পান এবং অভিযোগ করার কারণে নতুন করে হয়রানির শিকার না হন– এমন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ধানমন্ডির এ ঘটনা তাই শুধু মারধর ও কারাদণ্ডের বিষয় নয়। এটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের দায়িত্ব কতটা কার্যকর– সেই প্রশ্নও সামনে এনেছে। আইন নিজ হাতে তুলে নেওয়া যে সমাধান নয়– তা যেমন সত্য; তেমনি নাগরিককে আইনের আশ্রয় নেওয়ার বাস্তব সুযোগ দেওয়া রাষ্ট্রের দায়িত্ব– এ কথাও সমান সত্য।

সামছুর রহমান আদিল: সাংবাদিক ও যোগাযোগবিদ jagoritoadil@gmail.com