বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম একটি অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশের মানুষ দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা ও নিপীড়নের শৃঙ্খল ভেঙে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনে। এই সংগ্রামে যারা সরাসরি অংশগ্রহণ করেছিলেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, সংগঠক হিসেবে কাজ করেছেন কিংবা নানাভাবে জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার পক্ষে ভূমিকা রেখেছেন তাঁরাই প্রকৃত মুক্তিযোদ্ধা। রাষ্ট্র তাঁদের সম্মান দিতে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করেছে এবং ভাতা, কোটা, চিকিৎসা সুবিধা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করেছে।

কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই মহান পরিচয়ের আড়ালে সময়ের ব্যবধানে একটি ভয়াবহ অনৈতিকতা জন্ম নিয়েছেÑ তা হলো ভুয়া মুক্তিযোদ্ধা। প্রকৃত মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সম্মানকে পুঁজি করে এক শ্রেণির মানুষ জাল কাগজপত্র, রাজনৈতিক প্রভাব কিংবা প্রশাসনিক দুর্নীতির মাধ্যমে নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করেছে। ফলে মুক্তিযুদ্ধের চেতনা যেমন ক্ষুণœ হচ্ছে, তেমনি প্রকৃত মুক্তিযোদ্ধারা অপমানিত ও বঞ্চিত হচ্ছেন। এই প্রেক্ষাপটে আসল ও ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন ও শনাক্তকরণ জাতীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টির পেছনে একাধিক সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক কারণ বিদ্যমান।

স্বাধীনতার পরপরই যুদ্ধবিধ্বস্ত দেশে সঠিক তথ্য সংরক্ষণ ও যাচাইয়ের সুযোগ সীমিত ছিল। অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার লিখিত প্রমাণ ছিল না, আবার অনেকেই নিজেদের অবদান লিপিবদ্ধ করার কথা ভাবেননি। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে কিছু সুবিধাভোগী ব্যক্তি নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে উপস্থাপন করতে শুরু করে। পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা ভাতা ও কোটা সুবিধা চালু হলে এই প্রবণতা আরও বেড়ে যায়। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, স্থানীয় ক্ষমতাবানদের সুপারিশ, দলীয় আনুগত্য এবং প্রশাসনিক অবহেলার কারণে ভুয়া মুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হওয়ার সুযোগ পায়। কখনো কখনো দেখা গেছে, যাঁরা ১৯৭১ সালে শিশু ছিলেন বা মুক্তিযুদ্ধের বিরোধিতায় সক্রিয় ছিলেন, তাঁরাও মুক্তিযোদ্ধার সনদ পেয়েছেন, যা খুবই দুঃখজনক। ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে সমাজে ব্যাপক বিতর্ক ও উত্তেজনা আছে। একদিকে প্রকৃত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার দাবি করেন যে, ভুয়াদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দিতে হবে। অন্যদিকে যাঁদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাঁরা অনেক সময় রাজনৈতিক বা সামাজিক চাপ সৃষ্টি করেন। যদিও ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা সহজ কাজ নয়। কারণ এটি কারও সম্মান, সুবিধা ও সামাজিক অবস্থানের সঙ্গে জড়িত। ভুল সিদ্ধান্ত হলে প্রকৃত মুক্তিযোদ্ধারাও ক্ষতিগ্রস্ত হতে পারেন।

আবার তালিকা প্রকাশে দেরি হলে ভুয়ারা দীর্ঘদিন রাষ্ট্রের সুযোগ-সুবিধা ভোগ করে যান। এই তালিকা প্রণয়নের ক্ষেত্রে সাক্ষ্যপ্রমাণ, যুদ্ধকালীন নথি, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং স্থানীয় যাচাই গুরুত্বপূর্ণ হলেও বাস্তবে এগুলো সংগ্রহ করা জটিল। অনেক ক্ষেত্রে দেখা যায়, একই ব্যক্তির নাম একাধিক তালিকায় ভিন্নভাবে রয়েছে। ফলে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা শুধু একটি নামের তালিকা নয়, এটি প্রশাসনিক স্বচ্ছতা ও ন্যায়বিচারের পরীক্ষাও বটে। তবে রাষ্ট্র বিভিন্ন সময় ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করতে উদ্যোগ গ্রহণ করেছে। যাচাই-বাছাই কমিটি গঠন, জেলা ও উপজেলা পর্যায়ে পুনঃতদন্ত, সাক্ষাৎকার গ্রহণ এবং নথিপত্র পর্যালোচনার মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা হালনাগাদ করার চেষ্টা হয়েছে।

এই প্রক্রিয়ায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাদ পড়েছে, আবার অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা নতুন করে স্বীকৃতি পেয়েছেন। তবে এই উদ্যোগগুলো সব সময় প্রত্যাশিত সাফল্য পায়নি। কারণ কোথাও কোথাও রাজনৈতিক হস্তক্ষেপ, স্বজনপ্রীতি ও প্রশাসনিক গাফিলতি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। তবুও ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা সংশোধনের এই প্রচেষ্টা অত্যন্ত জরুরি, কারণ এর মাধ্যমে রাষ্ট্র প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করতে পারে। একই সঙ্গে এটি ভবিষ্যৎ প্রজন্মকে একটি স্পষ্ট বার্তা দেয় যে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রতারণা করা যাবে না। প্রকৃত মুক্তিযোদ্ধাদের পাশে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত হওয়ায় রাষ্ট্র যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি মুক্তিযুদ্ধের চেতনার প্রতিও হয়েছে অবিচার। এই সংকট উত্তরণে আধুনিক প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। তথ্যপ্রযুক্তি, ডিজিটাল ডেটাবেজ, বায়োমেট্রিক সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা (অও) এবং ব্লকচেইন প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে আসল ও ভুয়া মুক্তিযোদ্ধাদের আলাদা করে শনাক্ত করা সম্ভব। প্রযুক্তি শুধু তথ্য সংরক্ষণ নয়, তথ্য যাচাই, বিশ্লেষণ ও স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এক্ষেত্রে প্রযুক্তির প্রথম ও প্রধান অবদান হতে পারে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেজ তৈরি করা। মুক্তিযুদ্ধকালীন দলিলপত্র, সেক্টর কমান্ডারদের রিপোর্ট, যুদ্ধকালীন তালিকা, গেজেট, প্রত্যয়নপত্র, সাক্ষ্যপ্রমাণ, ছবি ও ভিডিওÑ সবকিছু একত্রে ডিজিটাল আকারে সংরক্ষণ করা গেলে যাচাই প্রক্রিয়া অনেক সহজ হবে। বর্তমানে অনেক তথ্য কাগজে সংরক্ষিত থাকায় ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত ও যাচাই করা খুব কঠিন।

ডিজিটাল আর্কাইভে প্রতিটি মুক্তিযোদ্ধার তথ্য ইউনিক আইডির মাধ্যমে সংরক্ষণ করা গেলে এবং প্রত্যেকের জাতীয় পরিচয় পত্র (ঘওউ), জন্ম নিবন্ধন ও পারিবারিক তথ্যের সঙ্গে ডেটাবেজ সংযুক্ত করলে তাদের বয়স এবং অন্যান্য বিভ্রান্তি দূর হবে। এতে ভুয়া পরিচয়ে তালিকাভুক্ত হওয়ার সুযোগ অনেকাংশে কমে যায়। প্রযুক্তি এখানে তথ্যের নির্ভুলতা ও ধারাবাহিকতা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। বায়োমেট্রিক প্রযুক্তি আসল ও ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তকরণে অত্যন্ত কার্যকর হতে পারে। আঙুলের ছাপ, চোখের আইরিস স্ক্যান বা মুখম-ল শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব। একজন ব্যক্তি একাধিক পরিচয়ে বা ভিন্ন ভিন্ন জায়গা থেকে আবেদন করলে তা সহজেই ধরা পড়বে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তথ্য বিশ্লেষণ করলে অসংগতিপূর্ণ তথ্য চিহ্নিত করা যায়। যেমন, কেউ যদি দাবি করে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু তার বয়স, অবস্থান বা শিক্ষা সংক্রান্ত তথ্য সেই সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাহলে এআই অ্যালগরিদম তা শনাক্ত করতে পারে।

একইভাবে বিভিন্ন সাক্ষ্যের মধ্যে মিল ও অমিল বিশ্লেষণ করেও সন্দেহজনক আবেদন চিহ্নিত করা সম্ভব। ফলে মানবিক ভুল, পক্ষপাত বা দুর্নীতির অনেকটা কমে আসবে। প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ অবদান হলো ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে তথ্যের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা। ব্লকচেইনে সংরক্ষিত তথ্য একবার যুক্ত হলে তা পরিবর্তন করা প্রায় অসম্ভব। এতে তালিকা প্রণয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব খাটিয়ে তথ্য পরিবর্তনের সুযোগ কমে আসবে।

পাশাপাশি অনলাইন অভিযোগ ও যাচাই প্ল্যাটফর্ম চালু করা যেতে পারে। যেখানে সাধারণ মানুষ, সহযোদ্ধা বা গবেষকরা ভুয়া মুক্তিযোদ্ধা সম্পর্কে তথ্য দিতে পারবেন। এই তথ্যগুলো প্রযুক্তির মাধ্যমে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। এছাড়া জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (এওঝ) ব্যবহার করে মুক্তিযুদ্ধকালীন যুদ্ধক্ষেত্র, ক্যাম্প ও অপারেশন এলাকা ম্যাপিং করলে দাবিদারের অবস্থান সংক্রান্ত তথ্য যাচাই করা যায়। এভাবে প্রযুক্তি অংশগ্রহণমূলক ও তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া নিশ্চিত করতে পারে। মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি, আর মুক্তিযোদ্ধারা সেই ভিত্তির স্তম্ভ। কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধাদের উপস্থিতি এই ভিত্তিকে দুর্বল করে দেয়। তাই স্বচ্ছ, নিরপেক্ষ ও কঠোর যাচাই প্রক্রিয়ার মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্তভাবে সংশোধন করা জরুরি। মনে রাখতে হবে আসল ও ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুতকরণ শুধু একটি প্রশাসনিক কাজ নয়, এটি জাতির ইতিহাস ও মর্যাদার প্রশ্ন। প্রযুক্তি এক্ষেত্রে মানবিক সিদ্ধান্তের বিকল্প নয়, বরং সহায়ক শক্তি। দক্ষ জনবল, সঠিক নীতিমালা ও প্রযুক্তির সমন্বিত প্রয়োগের মাধ্যমে একটি নির্ভুল, স্বচ্ছ ও গ্রহণযোগ্য মুক্তিযোদ্ধা তালিকা তৈরি করা সম্ভব।

এতে প্রকৃত মুক্তিযোদ্ধারা ন্যায্য সম্মান ও অধিকার পাবেন এবং ভুয়া মুক্তিযোদ্ধারা চিহ্নিত হয়ে রাষ্ট্র ও সমাজকে প্রতারণা করার সুযোগ হারাবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ ও জাতীয় ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আজ সময়ের দাবি।

লেখক : অধ্যাপক, তথ্যপ্রযুক্তিবিদ, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়