আমেনা বেগম দিয়ে শুরু করি; তিনি মূলধারার নারী রাজনীতিবিদ ছিলেন। ১৯৫০ সালে আওয়ামী মুসলিম লীগে যোগ দেন। ১৯৬৬ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলনের শুরুতে শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদ গ্রেপ্তার হলে মিজানুর রহমান চৌধুরী দলের সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন। পরে মিজান চৌধুরীকেও গ্রেপ্তার করা হলে ওই বছর জুলাই মাসের শেষদিকে আমেনা বেগম দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। দলের সংকটময় মুহূর্তে তিনি স্বৈরাচারী আইয়ুব সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ, সংগ্রাম গড়ে তোলা থেকে ছয় দফা কর্মসূচির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দলকে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠিত ও আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। ১৯৬৮ সালে ছাত্রদের ১১ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানেও অসামান্য অবদান রাখেন।

ওই সময়ের রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মতে, আমেনা বেগম দলের সবচেয়ে খারাপ সময়ে হাল ধরেছিলেন। পরে আওয়ামী লীগের ১৯৭০ সালের কাউন্সিল অধিবেশনে তিনি দলের সাধারণ সম্পাদকের পদ দাবি করলেও সফল হননি। এরপর তিনি দল থেকে পদত্যাগ করলেও রাজনৈতিক জীবন থেমে থাকেনি। জাতীয় লীগে যোগ দিয়ে প্রথমে সহসভাপতি, পরে সভাপতির দায়িত্ব পালন করেন। আমেনা বেগম সম্পর্কে এটুকু জানার পর মনে প্রশ্ন আসে, তিনি যদি পুরুষ রাজনীতিবিদ হতেন তাহলে দলের খারাপ সময়ে, দলকে ধরে রাখার অবদান আওয়ামী লীগে একইভাবে মূল্যায়ন হতো কিনা? তিনি পদত্যাগ করতে চাইলেও দলের শীর্ষ নেতারা বাধা দিতেন কিনা? আমেনা বেগমের পরিস্থিতি থেকে এটাও স্পষ্ট– নারীকে মাইনাস করার রাজনীতি কত আদি ও মজবুত। এর উত্তরাধিকার চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতিতে আরও স্পষ্ট, আরও সরব।

গণঅভ্যুত্থানের নারীরা কোথায় গেল– এই আলাপকে যতটা প্রাসঙ্গিক করে রাখা হয়, ততটা নিশ্চুপ থাকা হয় বড় বড় রাজনৈতিক দলে সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য পূরণের আলোচনাকে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সব নিবন্ধিত দলের সব পর্যায়ে নারী নেতৃত্ব ৩৩ শতাংশ হওয়ার চূড়ান্ত সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত। নারী নেতৃত্ব বাড়ানোর যে প্রক্রিয়া বাংলাদেশ জন্মের পর থেকে কার্যকর করা সম্ভব হয়নি, সেটা আগামী ৩ বছরের মধ্যে কীভাবে হবে!

চলতি বছরের আগস্টে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সতর্ক করে বলেছেন, ২০৩০ সালের মধ্যে রাজনৈতিক দলের সর্বস্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে নিবন্ধন বাতিল হয়ে যেতে পারে। যদিও বিগত দেড় দশকে এ রকম সতর্কবার্তাকে অনেকটা নিরুপায়ভাবে হার মানতে দেখেছি মেরুদণ্ডহীন ও দলীয় নিয়ন্ত্রণাধীন নির্বাচন কমিশনের কাছে। যদিও এক ধরনের সর্বদলীয় ঐক্য দেখা যায় এই বিষয়ে; নানা কারণে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করলেও এই বিষয়ে কোনো দলকে প্রতিবাদ দূরের কথা; টুঁ শব্দও করতে দেখা যায় না।

৫৫ বছর বয়সী বাংলাদেশে মোট ৩১ বছর সরকারপ্রধান ছিলেন নারী। আশ্চর্যজনকভাবে এর পরও রাজনীতিতে নারীর অর্থপূর্ণ অংশগ্রহণের প্রস্তাব, নীতিমালা, আইন– কোনোটাই কার্যকর হয়নি। এর ধারাবাহিকতাও ইতিহাসে আছে। আশির দশকে স্বৈরশাসনের বিরুদ্ধে বিভিন্ন নারী সংগঠন প্রথমবারের মতো ঐক্যবদ্ধভাবে উদ্যোগ গ্রহণ করেছিল; নাম ছিল ঐক্যবদ্ধ নারী সমাজ। সেখান থেকে স্বৈরশাসনের অবসান এবং নারীর গণতান্ত্রিক অধিকারের পক্ষে ১৭ দফা প্রণয়ন করা হয়। ১৯৮৭ সালে ঐক্যবদ্ধ নারী সমাজের (মহিলা সমিতি ছাড়া) এই দাবি ছিল সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন সম্পর্কে প্রথম লিখিত ও প্রকাশিত দাবি।

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না; তাদের কোনো নির্বাচনী এলাকা থাকে না; জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহির প্রশ্নটিও অস্পষ্ট। সংরক্ষিত নারী আসনের এমপিরা জাতীয় নির্বাচনের পর স্ব স্ব দলের মাধ্যমে বাছাই হন। ফলে তাদের দায়িত্ববোধ, আনুগত্য, জবাবদিহি থাকে নিজের দলের প্রতি। এই নিয়ম নারীদের সত্যিকার অর্থে ক্ষমতায়িত না করে বরং নারীর যোগ্যতা, দক্ষতা, ক্ষমতায়নকে সংকুচিত করে।

নারীর ক্ষমতায়ন অর্থপূর্ণ করার লক্ষ্যে সংরক্ষিত নারী আসন সংখ্যা ধীরে ধীরে কমানো এবং একই সঙ্গে এসব আসনে সরাসরি নির্বাচনের প্রস্তাব আশির দশক থেকে সর্বশেষ চব্বিশের গণঅভ্যুথান-পরবর্তী গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগেও বারবার বলা হয়েছে। যে প্রস্তাব তখন গৃহীত হয়নি, এখন অবধি হয়নি। ১৯৯০ সালে এরশাদের পতনের পর ঐক্যবদ্ধ নারী সমাজের প্রতিনিধিরা তখনকার আওয়ামী লীগ ও বিএনপির দলপ্রধানের সঙ্গে দেখা করে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের দাবি তুলেছিলেন। কিন্তু দুই দলই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পরে সরকার গঠন করলেও তারা কেউ ওই প্রস্তাব বাস্তবায়ন করেননি। সংরক্ষিত নারী আসনগুলো সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলকে আরও শক্তিশালী করার এক ধরনের টুল হিসেবেই রয়ে গেল বা রেখে দেওয়া হলো; সেই ১৯৯০ থেকে ২০২৬ পর্যন্ত।

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ; মুক্তিযুদ্ধের অপূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন; মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা; অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক বৈষম্যের অবসান ঘটানোর লক্ষ্যে আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় যেমন জুলাই গণঅভ্যুত্থান এসেছে, তেমনই প্রতিটা গুরুত্বপূর্ণ গণআন্দোলনের পর রাজনীতি থেকে নারীদের সরিয়ে রাখার প্রক্রিয়া বা সর্বদলীয় ঐক্যেরও ঐতিহাসিক ও রাজনৈতিক ধারাবাহিকতা আছে। এক ধরনের সমন্বিত প্রয়াসের সফল বাস্তবায়ন জুলাই-পরবর্তী রাজনীতিতেও চলছে।

জামায়াত-সংশ্লিষ্টতা কিংবা জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটের কারণে চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী প্রথম রাজনৈতিক দল থেকে নারীদের পদত্যাগ বা রাজনীতিতে নারীদের নিষ্ক্রিয়তা– এই আলোচনা থেকে মনোযোগ একটু সামনে নিতে চাই। আমার অজনপ্রিয় মতামত হলো, রাজনীতিতে নারীর অর্থপূর্ণ অংশগ্রহণের সত্যিকার শুরু আসলে গণঅভ্যুত্থানের পরই হলো এবং হতে থাকবে। ১০ বছর পর যখন পেছন ফিরে তাকানো হবে, দেখা যাবে নারী নেতৃত্বের যে বিকাশ ঘটেছে সব পন্থায়, সব বর্গে; তার অন্যতম কারণ চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতিতে প্রজন্মগত পরিবর্তন।

এই অজনপ্রিয় মতের পক্ষে দু-একটা যুক্তি তুলে ধরার চেষ্টা করি। প্রথমত, গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণ, উপস্থিতি সমাজে ইতিবাচক হিসেবে গৃহীত হয়েছে। বিশেষত পারিবারিক সূত্র উপেক্ষা করে, অপরিচিত ক্ষেত্র রাজনীতির ময়দানে বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের সরব উপস্থিতি দেশে-প্রবাসে বাংলাদেশের নাগরিকদের মধ্যে আশার সঞ্চার করেছে। বাংলাদেশের মতো দেশে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের যে ইচ্ছা, স্বপ্ন, আশা তরুণ নারী রাজনীতিবিদরাও দেখাচ্ছেন, সেটা সবদিক থেকে অগ্রগামী পরিবর্তন বলেই বিবেচ্য হচ্ছে। আর এই যে সবাই ইতিবাচক হিসেবে নিচ্ছে; নারীদের সমর্থন করছে; তাদের কথা আমলে নিচ্ছে; নারীদের পক্ষে প্রাকৃতিক জনসমর্থন তৈরি হচ্ছে– নিঃসন্দেহে এটা তরুণ নারী রাজনীতিবিদদের আরও আত্মবিশ্বাসী, আরও প্রতিশ্রুতিবদ্ধ করছে। তা না হলে বাধাগ্রস্ত হওয়ার পরও মাইনাসের রাজনীতিকে পাশ কাটিয়ে নারীরা রাজনৈতিক ময়দানে অবস্থান করছে এখনও। সবাই সংগঠিত হওয়ার চেষ্টা করছে; নিজের কাজের পরিধি ঠিক করে নিচ্ছে; টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু কেন? কেন এই অনিশ্চিত ভবিষ্যতের পেছনে বিনিয়োগ?

এর প্রথম কারণ আমি মনে করি, নারীদের রাজনীতি থেকে মাইনাস করার বিরুদ্ধে প্রাকৃতিক সমর্থন সমাজ থেকেই এখন আসছে, অনেকটা জোরালোভাবে। এই বিনিয়োগে সম্ভাবনা দেখছে নারীরাও। রাজনৈতিক হিস্যা বুঝে নেওয়ার স্পৃহাও তাই প্রবল। আগের তুলনায় নাগরিকরা এখন অনেক বেশি রাজনৈতিক-সামাজিক ইস্যুতে মতামত দিচ্ছেন; আলোচনা-সমালোচনা করছেন, যার বড় একটা অংশ নারী। রাজনীতিতে পরিবর্তিত নারী সমাজের প্রতিফলনের কারণে অমানবিক সাইবার বুলিংয়ের পরও নারীরা অর্থপূর্ণভাবে সক্রিয়। কারণ প্রাকৃতিক প্রতিরোধ সমানুপাতিক হারে কাজ করছে।

দ্বিতীয়ত, তথ্যপ্রযুক্তির যুগে নারীদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া বা তাদের বঞ্চিত করা দিন দিন কষ্টের হবে রাজনৈতিক দলগুলোর। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নারীর অংশগ্রহণ, তাদের ভূমিকা আমাদের চোখের সামনে। উন্নত দেশগুলোতে, এমনকি আশপাশের দেশে নারীদের নেতৃত্ব, সংসদে নারীদের প্রতিনিধিত্ব এবং সমাজে তার ইতিবাচক প্রভাব তথ্যপ্রবাহের যুগে আমাদের হাতের নাগালে। সেসব দেশে সম্ভব হলে আমাদের দেশে কেন সম্ভব হবে না? এই প্রশ্ন ইতোমধ্যে জোরালো। পাশাপাশি নারীদের সরিয়ে রাখতে পুরুষতান্ত্রিক রাজনৈতিক শাসকদের যেসব দুর্বল যুক্তি, অজুহাত বা কূটচাল, সেটাও ধীরে ধীরে ধোপে টিকে থাকতে হোঁচট খাওয়া শুরু করেছে। সামনের বছরগুলোতে রাজনৈতিক দলগুলোর সব পর্যায়ে ৩৩% নারী নেতৃত্ব আর সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ঝড় তীব্র হয়ে উঠতে বাধ্য।

বর্তমানে আমরা যেসব নারী মধ্যমপন্থার রাজনীতির চর্চার কথা বলি, তাদেরও নিজেদের পুরোনো রাজনৈতিক চিন্তা, প্রথাগত ধ‍্যানধারণা ভেঙে আধুনিক, কৌশলগত পরিবর্তন নিয়ে ভাবার সময়ও এখন। গত নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ৩০টা রাজনৈতিক দলের কোনো নারী প্রার্থী ছিল না কিংবা বিএনপিতে নারী প্রার্থীরা পুরুষ কোটায় মনোনয়ন পেয়েছে– এই পর্যন্ত আমাদের সমালোচনা এসে থামলে হবে না। আত্মতুষ্টিতে ভোগার সুযোগও নেই যে আমরা নতুনরা পুরোনোদের থেকে উত্তম।

বিপরীতে আমরা নতুনরা কী করছি, সেটা বেশি জরুরি ও গুরুত্বপূর্ণ। শুধু অন্যের সমালোচনা করাই যদি রাজনৈতিক অস্তিত্বের অবলম্বন হয়ে যায় তাহলে স্বতন্ত্র রাজনীতি দাঁড়ানোর প্রশ্নই আসে না। একটা নতুন মধ্যম পন্থার দল তখনই গ্রহণযোগ্য হবে, জনসমর্থন পাবে যখন এখানে অনায়াসে নীতিনির্ধারক পর্যায়ে, মাঠের রাজনীতিতে নারী নেতৃত্ব উঠে আসবে। কৃত্রিমভাবে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মতো জোড়াতালি দিয়ে শুধু সংখ্যা বাড়ানোর জন্য বা শুধু মিছিল পোডিয়ামের সামনে দাঁড়ানোর জন্য নারীদের দলে যুক্ত করা হবে না। কিন্তু এই তুলনামূলক অবস্থানকে জনগণের সামনে দৃশ্যমান করতে হবে।

আমরা অনেক সময় ডান ঘরানার নারীদের কারও সঙ্গে স্টেজ, টেবিল, ডায়ালগ শেয়ার করি না। আবার অনেকে বাম ঘরানার নারীদের সঙ্গে বসি না। ওদিকে অনেক ইসলামিক রাজনৈতিক দল নারীদের সঙ্গেই সভার টেবিল শেয়ার করে না। তাহলে আমরা যদি শুধু নিজ নিজ সমর্থক গোষ্ঠীর সামনেই নিজেকে উপস্থাপন করি, তাহলে জনগণ আমাদের কথা জানবে কীভাবে? জাতীয় ইস্যুতে ডানপন্থি নারী কী বলছে, তার বিপরীতে আমজনতার সামনে যদি মধ্যমপন্থি, বামপন্থি নারী নিজের যুক্তিতর্ক তুলে না ধরেন, তাহলে জনগণ কীভাবে বিচার করবে যে, কার যুক্তি, চিন্তা অধিকতর উন্নত? মূল খেলার মাঠে না নেমে প্রতিপক্ষকে মোকাবিলা না করে শুধু অনুশীলন থেকে সরাসরি ভোটের মাঠে নামা অনেক ক্ষেত্রে না নামার সমান।

আমার মতে, বিপরীত মতের সঙ্গে পরিসর শেয়ার না করার প্রবণতা থেকে বের হওয়ার সময় এসেছে। আর ডান-বামের বিভিন্ন চিন্তার মারপ্যাঁচের ওপরে ওঠার জন্য নানা পর্যায়ে যে সরু লাইন আছে সেটাকে অনেক সময় উপেক্ষা, অনেক সময় আমলে নিতে হয়; এটা বোঝার জন্য বুদ্ধিবৃত্তিকভাবে পরিণত মনোজগৎ আমাদের আছে। নিজেদের মধ্যে সীমিত না থেকে, অ্যাক্টিভিজম থেকে কয়েক ধাপ ওপরে উঠে মাঠের রাজনীতির দিকে নেতৃত্বে মনোযোগই বেশি প্রয়োজন এখন।

সংরক্ষিত নারী আসনের যুদ্ধও সামনের ৫-১০ বছরে নতুন মাত্রা পাবে বলে আমার বিশ্বাস। যারা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, সরকার পরিচালনায় গণতান্ত্রিক পরিবর্তন চায় তারা কখনও পশ্চাৎপদ নিয়ম মানবে না। সংসদে নারীদের অর্থপূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত করার লড়াই আরও বেগবান হবে, আর সেটা নারী-পুরুষ সবাই মিলেই করবে। কারণ এই যে এখন পুরুষদের পরিচিত নারী, স্ত্রী, কন্যা, বোন, পরিবার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়ে সরকারের সংখ্যাগরিষ্ঠতা মজবুত করার জন্য অনেকটা অকেজোভাবে সংসদে আছেন; এই প্রথা তরুণ প্রবীণ সব পক্ষ প্রত্যাখ্যান করেছে যারা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে চায়। যে কোনো রাজনৈতিক দলের পক্ষে এই প্রথা চালু রাখা এখন কঠিন থেকে কঠিন হতে থাকবে। কারণ সচেতন জনগণের সম্মিলিত প্রয়াস, সম্মিলিত সমালোচনা এই যুগে এসে সামাল দেওয়া বেশ কঠিন।

বলছি না, এখনই এক ধাপেই সংরক্ষিত নারী আসন উঠিয়ে দেওয়া হোক। বরং পর্যায়ক্রমে এ অবস্থার অগ্রগামী সংস্কার করতে হবে। সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যরা নিজ দলের আনুগত্য মেনে চলবেন– শুধু এই বিবেচনায় না নিয়ে সমাজের বিভিন্ন স্তর, বিভিন্ন পেশার নারীদের সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দলগুলো দিতে পারে। তাহলে একদিকে যেমন এ আসনগুলো আলংকারিক হওয়ার কলঙ্ক থেকে বাঁচত, অন্যদিকে সমাজের বিভিন্ন স্তরের নারীদের প্রতিনিধিরা সংসদে নীতিনির্ধারক হিসেবে কাজ করতে পারতেন। আমি মনে করি, সংরক্ষিত নারী আসনের মধ্যে ১০-১৫% আসন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের জন্য বরাদ্দ রাখা উচিত। কিন্তু সেটা আবার দলীয় পরিচয়ে সীমাবদ্ধ রাখলে যে লাউ সেই কদুই হবে। রাজনৈতিক সদিচ্ছার কথা সবাই বলেন। কিন্তু যখন নিজের সময় আসে ইচ্ছা দেখানোর, তখন দুর্ভাগ্যজনকভাবে সেটা কেউ দেখান না। আর যারা পরিবর্তনের পক্ষে সোচ্চার থাকেন তাদেরই আগে দুর্বল করার রাজনীতি আমরা দেখতে পাই চারপাশে। মাইনাসের রাজনীতি বাদ দিতেই হবে। আমরা নতুনরা কেউ এক পরিবার থেকে উঠে আসিনি। একেকজন একেক পরিবার থেকে এসেছি। তাই আমাদেরই নিজেদের নিয়ে পরিবার বানাতে পারতে হবে; দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে।

ডা. তাজনূভা জাবীন: সংগঠক, অল্টারনেটিভস