ইতিহাসের চাকা ঘুরে বাংলাদেশ আজ আবার এক বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ২০২৬ সালের নির্বাচনী আবহ যখন চারদিকে বইছে, তখন স্বাভাবিকভাবেই আমাদের স্মৃতিতে ভেসে উঠছে ১৯৯১ সালের সেই ঐতিহাসিক পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের কথা। স্বৈরাচার পতনের পর বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত সেই প্রথম অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে দেখিয়েছিল একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আসলে কেমন হয়। এরশাদ আমলের ভেঙে পড়া বিচার ব্যবস্থা, দলীয়করণের কবলে থাকা প্রশাসন আর আস্থাহীন নির্বাচন ব্যবস্থাকে মেরামত করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছিল সেই সময়।
তিন দশক পর আজ আবারও সেই একই প্রশ্ন দেশের মানুষের মনে, আমরা কি একটি প্রকৃত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে হাঁটছি ?\r\n১৯৯১ সালের সেই নির্বাচন ছিল গণতন্ত্রের এক নতুন ভোর। দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে মানুষ তখন ব্যালট পেপারে নিজের রায় দেওয়ার সুযোগ পেয়েছিল। আজ ২০২৬ সালেও যখন নির্বাচন ঘিরে যান চলাচলে বিধি-নিষেধের প্রজ্ঞাপন জারি হয় কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি আর দেশি-বিদেশি শক্তির সঙ্গে গোপন বৈঠকের খবর সংবাদপত্রের পাতায় উঠে আসে, তখন সচেতনমহলে পুরোনো সেই শঙ্কাগুলো আবারও উঁকি দেয়। ইতিহাস সাক্ষী, অতীতে মিডিয়া ক্যু কিংবা প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে বারবার জনগণের ম্যান্ডেট ছিনতাই করা হয়েছে।
কখনো ১৯৭৩, কখনো ১৯৭৯ কিংবা এরশাদ আমলের প্রহসনমূলক নির্বাচনগুলো দেশের গণতান্ত্রিক কাঠামোকে বারবার ক্ষতবিক্ষত করেছে।\r\nতবে ২০২৬ সালের বাস্তবতা ১৯৯১ থেকে অনেকটা আলাদা। এই পার্থক্যের নাম তরুণ প্রজন্ম । বর্তমান তরুণ ভোটাররা কেবল ক্ষমতার রদবদল দেখতে চায় না, তারা চায় রাষ্ট্র সংস্কার বা স্টেট রিপেয়ার । আজকের তরুণরা অনেক বেশি সচেতন ও তথ্যসমৃদ্ধ। তারা প্রযুক্তির ব্যবহার জানে এবং বৈশ্বিক রাজনীতির খবর রাখে। তারা বুঝেছে যে, কেবল নেতা পরিবর্তন করলেই ভাগ্যের পরিবর্তন হয় না, যদি না রাষ্ট্র পরিচালনার মূল ব্যবস্থাগুলো মেরামত করা হয়।
তাই এবারের নির্বাচনে তরুণদের ম্যান্ডেট কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির প্রতি অন্ধ আনুগত্য নয়, বরং এটি একটি বৈষম্যহীন ও স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা গড়ার আদেশ।\r\nরাজনৈতিক দলগুলো এখন বিভিন্ন আন্তর্জাতিক শক্তির সঙ্গে বৈঠক করছে, ইনসাফ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু তরুণ প্রজন্মের কাছে ইনসাফের প্রকৃত অর্থ হলো-নিজেদের ভোটাধিকার প্রয়োগের অবাধ স্বাধীনতা এবং যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের নিশ্চয়তা। তারা এমন এক বাংলাদেশ চায় যেখানে দুর্নীতি থাকবে না এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান হবে স্বাধীন ও জনবান্ধব। ১৯৯১ সালে মানুষ একটি নতুন ব্যবস্থায় আস্থা রেখেছিল বলেই দেশে গণতন্ত্রের পুনর্জন্ম হয়েছিল। ২০২৬ সালেও যদি সেই আস্থার পরিবেশ তৈরি করা যায়, তবেই রাষ্ট্র মেরামত সম্ভব হবে। আর এই মেরামতের চাবিকাঠি রয়েছে তরুণদের হাতেই।\r\nপরিশেষে বলা যায়, ২০২৬ সালের নির্বাচন কেবল একটি ভোট দেওয়ার আনুষ্ঠানিকতা নয়, এটি তরুণদের স্বপ্ন ও দীর্ঘদিনের পুঞ্জীভূত আকাক্সক্ষার চূড়ান্ত পরীক্ষা। রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে, তরুণ প্রজন্মের মন জয় করতে হলে কেবল মিষ্টি কথায় কাজ হবে না, বরং কর্মে তার প্রমাণ দিতে হবে। তরুণদের এই সচেতন রায়ই পারে জরাজীর্ণ ও কলুষিত ব্যবস্থাকে ভেঙে একটি আধুনিক, মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে। ইতিহাসের সেই ১৯৯১ সালের নিরপেক্ষতার শিক্ষা নিয়ে যদি ২০২৬ সালে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া যায়, তবেই রক্ষা পাবে আগামীর বাংলাদেশ। কারণ, তরুণদের এই ম্যান্ডেটই হলো রাষ্ট্র মেরামতের চাবিকাঠি।
