ইসলামের আবির্ভাব হয়েছে মানুষের কল্যাণে। আধ্যাত্মিক ও ব্যক্তিগত কর্মকাণ্ডের পাশাপাশি মানুষের সামাজিক আচার-আচরণেও ইসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। মানুষের পারস্পরিক বোঝাপড়া, লেনদেন ও আচার-ব্যবহারে ইসলামের প্রভাব পুরোপুরি বিদ্যমান। একজন মানুষের ব্যক্তিগত ইবাদত-বন্দেগি যেমন– সালাত, রোজা ইত্যাদি যেমন কোরআন-সুন্নাহর আলোকে হওয়া অপরিহার্য, তেমনি সামাজিক আচার-আচরণও কোরআন-সুন্নাহর নির্দেশনা অনুযায়ী হওয়া বাঞ্ছনীয়। ব্যক্তিগত ইবাদতের ত্রুটি-বিচ্যুতির জন্য যেভাবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, একইভাবে সামাজিক আচরণ-সংক্রান্ত ত্রুটি-বিচ্যুতির জন্যও রয়েছে জবাবদিহির সতর্কবার্তা। ইসলাম সামাজিকতাকে এড়িয়ে একাকী জীবনযাপন কিংবা বৈরাগ্যবাদকে সমর্থন করেনি।

মানুষের সৃষ্টির একটি উদ্দেশ্য সম্বন্ধে কোরআনে বলা হয়েছে, ‘হে মানুষ, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো।’ (হুজুরাত: ১৩)। এ আয়াত থেকেই ইসলামে সমাজবদ্ধ জীবনযাপনের গুরুত্ব স্পষ্ট হয়। মানুষের মধ্যে পরিচয়, পারস্পরিক সহযোগিতা ও সমাজবদ্ধতা আল্লাহর ইচ্ছাকৃত সৃষ্টি।

একাকিত্ব নয়, বরং পারস্পরিক সম্পর্কের ভেতরেই মানবিক ও ইমানি জীবন বিকশিত হয়। কোরআন আরও বলছে, ‘তোমরা একে অপরের সঙ্গে সৎকর্ম ও আল্লাহভীতিতে সহযোগিতা করো; কিন্তু পাপ ও শত্রুতায় সহযোগিতা করো না।’ (মায়েদা: ২) সমাজে থেকে একে অপরের কল্যাণে কাজ করা, অন্যায় থেকে নিবৃত্ত করা–এটিই ইসলামী সমাজ ব্যবস্থার ভিত্তি। হাদিসের ঘোষণা হচ্ছে, ‘লা রাহবানিয়্যাতা ফিল-ইসলাম’। অর্থাৎ ইসলামে বৈরাগ্যবাদের স্থান নেই। সংসার-সমাজ ছেড়ে দিয়ে অতিমানবিক জীবনযাপন যেমন মানুষের প্রকৃতির সঙ্গে যায় না, তেমনি ইসলামী জীবনের রূপরেখাতেও তা নেই। পবিত্র কোরআনে আহলে কিতাবদের একটি কাজের নিন্দা করা হয়েছে, তা ছিল বৈরাগ্যবাদ (সুরা হাদিদ)।

নির্জন ইবাদতের অনেক ফজিলত রয়েছে। কোরআন ও হাদিসে এ রকম লোকের প্রশংসা করা হয়েছে। কিন্তু নির্জনতার নামে সমাজ থেকে দূরে সরে যাওয়াকেও নিন্দা করা হয়েছে। এ ক্ষেত্রে ইসলামের অবস্থান ভারসাম্যপূর্ণ– পুরোপুরি সমাজচ্যুত হওয়া যাবে না, আবার নির্জন ইবাদতকেও পরিহার করা চলবে না। এ জন্য একটি হাদিসে রাসুলকে (সা.) উত্তম মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জবাব দিলেন, ‘যে মুমিন জীবন ও সম্পদ নিয়ে আল্লাহর পথে জিহাদ করে।’ পুনরায় জিজ্ঞাসা করা হলো, অতঃপর কে? তিনি জবাবে বললেন, ‘সেই ব্যক্তি, যে কোনো উপত্যকায় একাকী নিজের রবের ইবাদতে মশগুল হয় এবং মানুষকে নিজের অনিষ্ট থেকে রক্ষা করে।’ (বুখারি)।

এ হাদিসটি আমাদের জন্য খুবই শিক্ষণীয়। এটি একই সঙ্গে মুমিন জীবনের আধ্যাত্মিক ও সামাজিক জীবনের প্রতিনিধিত্ব করে। এখানে নির্জন ইবাদতের মাহাত্ম্যও তুলে ধরা হয়েছে। সেই নির্জনতার উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে– মানুষকে নিজের অনিষ্ট থেকে রক্ষা করা। তাহলে এমন নির্জনতার ভেতরেও এখানে সামাজিক আচার-আচরণের সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে। কারণ সমাজবদ্ধ জীবনযাপনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কারও অনিষ্ট না করা। কেউ যদি মানুষের সঙ্গে মিশে বসবাস করতে গিয়ে নিজ কর্তৃক অন্যের ক্ষতি সাধনের আশঙ্কা করে, তবে তার জন্য সমাজে বসবাসের চেয়ে নির্জনতা উত্তম। সুতরাং সামাজিকভাবে বসবাস যেমন কাম্য, তেমনি সামাজিক ন্যায়বিচার, সহনশীলতা, সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষা করা জরুরি। নিজের অধিকারের চেয়ে নিজের প্রতি অন্যের অধিকারে যত্নবান হওয়া সামাজিক শৃঙ্খলার অন্যতম নিয়ামক। সবসময় নিজের অধিকারের প্রতি সোচ্চার থাকা, আবার অপরের অধিকারের প্রতি অবহেলা একটি সামাজিক ব্যাধি। ইসলাম বলে, তুমি মানুষের সঙ্গে ঠিক সে রকম আচরণ কর, যে রকম আচরণ তুমি তার কাছ থেকে কামনা কর।

আবু রুফাইদাহ রফিক: অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, বেগমগঞ্জ, নোয়াখালী