আজ বৃহস্পতিবার বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দেশব্যাপী ভোটগ্রহণ করা হবে। দলে দলে ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের নিজ নিজ ভোট প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনায় নিজেদের সিদ্ধান্ত জানাবেন। এর মাধ্যমেই নির্বাচিত হবে আগামী পাঁচ বছর দেশ পরিচালনার জন্য সরকার। দীর্ঘ সাড়ে ১৫ বছরের শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সময় রাষ্ট্রের সরকার নির্বাচনে জনগণের সেই সুযোগ ছিল না। অবশেষে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে জীবন বাঁচাতে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। পতন হয় আওয়ামী ফ্যাসিবাদী শাসনের, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঘটিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকার কোনো স্থায়ী ও নির্ভরযোগ্য সরকার ব্যবস্থা নয়, বরং একটি নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেয়ার জন্যই গঠিত হয়। কিন্তু অন্তর্বর্তী সরকারের কিছু কর্মোদ্যোগ দেশের রাজনীতিবিদসহ অনেকের মনেই একটি সন্দেহ তৈরি করে, তারা কবে কখন নির্বাচন দেবে, আদৌ নির্বাচন দিতে তারা ইচ্ছুক কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে নানা মহলে। অবশেষে ২০২৫ সালের ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর নির্বাচনের ব্যাপারে আশার সঞ্চার হয় দেশের মানুষের মনে। যার প্রতিফলন আজকের এই নির্বাচন।
শেখ হাসিনার সাড়ে ১৫ বছরে দেশে তিনটি জাতীয় নির্বাচন হয়েছে। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে। প্রতিটি নির্বাচনেই একতরফাভাবে জিতে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে আওয়ামী লীগ। এর কোনোটিতেই জনগণের স্বাধীনভাবে ভোট প্রয়োগ করে নিজেদের শাসক নির্বাচনের সুযোগ ছিল না। ২০০৮ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে কোনো রাজনৈতিক দলের নির্বাচন করার সুযোগ ছিল না। ক্ষমতার মেয়াদ শেষে তত্ত্ববধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হতো। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে উচ্চ আদালতের একটি বিতর্কিত রায়কে হাতিয়ার করে সংবিধান থেকে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ২০১৪ সালে নিজেরা ক্ষমতায় থেকে একতরফা নির্বাচনের আয়োজন করে।
অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন বিরোধীজোট নির্বাচন বয়কট করে। এর ফলে নির্বাচনের আগেই জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ১৫৩টিতেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে আওয়ামী লীগ। নির্বাচনের দিন নামকাওয়াস্তে ভোট হয় এবং অবশিষ্ট আসনগুলোর অধিকাংশই তারা জিতে যায়। ২০১৮ সালে শেখ হাসিনা সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের আশ্বাস দিলে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রাজি হয় বিএনপি নেতৃত্বাধীন বিরোধীজোট। কিন্তু শেষ পর্যন্ত সেই নির্বাচনে বিরোধীজোটের প্রার্থীদের প্রচারেই নামতে দেয়া হয়নি। গুম, খুন, নির্যাতন, মামলা, হামলা করে তাদের নির্বাচনী মাঠ থেকে দূরে রাখা হয়। এরপরেও তারা জনগণের উপর আস্থা রাখতে না পেরে ভোটের আগের রাতেই প্রশাসনের লোকজন দিয়ে নিজেদের প্রতীকে সিল মেরে ব্যালট পেপার বাক্সে ভরিয়ে রাখে। ফলাফল যা হওয়ার তাই হয়। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনা ক্ষমতায় থেকেই ২০২৪ সালের জানুয়ারি মাসে আবারো নির্বাচন আয়োজন করে। কিন্তু এবার আর কেউ প্রতারণার নির্বাচনে অংশ নিতে রাজি হয়নি। বিএনপি নেতৃত্বাধীন জোটসহ অধিকাংশ নিবন্ধিত দলই এই নির্বাচন বর্জন করে। অন্যকোনো উপায় না পেয়ে শেখ হাসিনা প্রতিটি আসনে তার নিজের দলের একাধিক ডামি প্রার্থীকে দাঁড় করিয়ে নির্বাচনে নামের প্রহসন বাস্তবায়ন করে।
শেখ হাসিনার এসব নির্বাচনী প্রহসন, গুম, খুন, নির্যাতন, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, অতি ভারততোষণ, দুর্নীতি, শেয়ারবাজার লুট, ব্যাংক লুণ্ঠন, অর্থপাচার করে দেশের অর্থনীতি ধ্বংস করায় অতিষ্ঠ হয়ে অবশেষে ২০২৪ সালের জুলাই মাসে মাঠে নামে ছাত্র-জনতা। শুরু হয় সরকারি চাকরিতে কোটা বৈষম্য বিলুপ্তির দাবিতে, যা পরে সার্বজনীন আন্দোলনে রূপ নেয়। আন্দোলন দমাতে ছাত্র-জনতার উপর নির্বাচারে গুলি চালিয়ে হাজার হাজার মানুষকে হতাহত করে আওয়ামী লীগ সরকার। কিন্তু তাতে আন্দোলন দমানো যায়নি, বরং একপর্যায়ে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। সেই অভ্যুত্থানের সামনে আর টিকে থাকতে পারেননি ফ্যাসিস্ট শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরের রান্না করা গরম খাবার টেবিলে রেখে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হন।
শেখ হাসিনার সাড়ে ১৫ বছর, এর পর আরো দেড় বছর অতিক্রান্ত হয়েছে। এই ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের সরকার গঠনে অংশ নিতে পারেনি। এর আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিয়েছিল। কিন্তু সেই নির্বাচনে তাদের ভোটের প্রতিফলন জয়-পরাজয়ের হিসাবে প্রতিফলিত হয়েছিল কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে পর্যবেক্ষক মহলে। কারণ, সেই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট মাত্র ৩২ আসনে জয়লাভ করে। অন্যদিকে আওয়ামী লীগ এককভাবে ২৩০টি আসনে জয়লাভ করে। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে এতবেশি ব্যবধানে জয়-পরাজয়ের হিসাবটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা এর মধ্যে অন্যকিছুর আঁচ-অনুমান করেন। যার প্রমাণ পরে পাওয়া যায় যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের একটি মন্তব্যে। যেখানে তিনি শেখ হাসিনাকে তিরস্কার করে সেই নির্বাচনের দিকে ইঙ্গিত করেছিলেন। অন্যদিকে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার আত্মজীবনীমূলক ‘দ্য কোয়ালিশন ইয়ারস’ বইয়ে যা লিখেছেন তাতেও তার প্রমাণ পাওয়া যায়।
তার মানে হচ্ছে ২০০১ সালের পর আসলে দেশে সত্যিকার্থের অর্থবহ কোনো নির্বাচন হয়নি। দীর্ঘ ২৫ বছর পর আজ সেই সুযোগ এসেছে। আর এই সুযোগটি কাজে লাগাতেই উৎসবে মেতেছে দেশের মানুষ। এই উৎসবটিকে অর্থবহ করেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে লাগাতার ৪/৫ দিনের ছুটি। এমন লম্বা ছুটি সাধারণত ঈদ-পূজা ছাড়া কখনো পাওয়া যায় না। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম। তাই ঈদের ছুটি পেলে দলে দলে তারা কর্মস্থল ছেড়ে গ্রামের বাড়িতে যান। সেই সময়ে ঢাকাসহ দেশের বড় শহরগুলো ফাঁকা হয়ে যায়। অন্যদিকে দুর্গাপূজার ছুটিতেও হিন্দু ধর্মের মানুষরাও দলে দলে নাড়ির টানে গ্রামের বাড়িতে যান। আর এবার ভোটের ছুটি তো হিন্দু-মুসিলম সবার জন্যই, স্বাভাবিক কারণে এবার শহর থেকে গ্রামের দিকে মানুষের ¯্রােত আরো বড় হয়েছে। সড়কপথে বাস, ট্রেন, পানিপথে লঞ্চ কোথাও কোনো ফাঁকা নেই, সবখানেই উপচেপড়া ভিড়। সেই সুযোগে পরিবহন সংশ্লিষ্টরা যেমন খুশি তেমন ভাড়া বাড়িয়েছেন, তাতে অসংখ্য মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। তারপরও হাজার হাজার মানুষ গ্রামের বাড়ি গেছেন ভোটের উৎসবে যোগ দিতে। ভোট সবসময়ই এদেশের মানুষের কাছে উৎসবের ব্যাপার। আর গ্রামের মানুষরাই সেটা ভালোভাবে উপভোগ করার সুযোগ পায়। সেই উৎসব যে কতটা প্রাণবন্ত তা যারা না দেখেছে তাদের পক্ষে উপলব্ধি করাটা অসম্ভব ব্যাপার। সব জায়গায় যে সেটা উৎসবের বিষয় তা নয়, কারণ, অনেক স্থানেই মারামারির মতো সহিংসতাও ঘটে। তবে মোটের উপর সারাদেশে উৎসবেরই আমেজ দেখা যায় ভোটকে কেন্দ্র করে।
যে ভোট এই দেশের মানুষ উৎসবের উপলক্ষ, সেই ভোট কিন্তু আমাদের রাজনীতিবিদের কাছে লড়াইয়ের নাম। তাই জনগণ যাকে উৎসব মনে করে যেভাবে উপভোগ করে, তারা কিন্তু সেটাকে বিবেচনা করে ক্ষমতায় যাওয়ার যুদ্ধ হিসেবে। তাই, তারা যেনতেনভাবে ভোটে জিততে চায়, সেটা সঠিক কিংবা বেঠিক যেকোনোভাবেই হোক। স্বাধীনতার পর প্রথম নির্বাচন থেকেই এটা প্রতীয়মান। ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সেই অর্থে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী কোনো দল ছিল না। তারপরও সেই নির্বাচনে আওয়ামী লীগ সর্বোতভাবে অনিয়ম-জালিয়াতি করেছে জয় পাওয়ার জন্য। অন্যান্য দল এবং স্বতন্ত্র কোনো কোনো প্রার্থীকে মনোয়নপত্র দাখিলের আগেই কিডন্যাপ করেছে, কোনো কোনো প্রার্থীকে সরে যেতে বাধ্য করেছে, কোনো কোনো প্রার্থীকে প্রচারের মাঠেই নামতে দেয়নি।
সেই নির্বাচনের আলোচিত কয়েকটি আসনের একটি ছিল বাকেরগঞ্জ-৪ আসন। সেখানে খুবই জনপ্রিয় নেতা ছিলেন বর্তমান বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদের পিতা আজহার উদ্দিন আহমদ। চিকিৎসক আজহার উদ্দিন বিনা পয়সায় মানুষকে চিকিৎসা সেবা দিতেন। তিনি পাকিস্তান জাতীয় পরিষদেরও সদস্য ছিলেন। আর ওই আসনে প্রার্থী হয়েছিলেন শেখ মুজিব নিজেই। কিন্তু আজহার সাহেব যাতে শেখ মুজিবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন সে কারণে মনোনয়ন দাখিলের দিন হাইজ্যাক করা হয়েছিল তাকে। এর ফলে শেখ মুজিব বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সেই আসনে। আরেকটি আলোচিত আসন হলো কুমিল্লার দাউদকান্দি। দাউদকান্দিতে রশিদ ইঞ্জিনিয়ার খুব জনপ্রিয় নেতা ছিলেন। অপরদিকে আওয়ামী লীগের খন্দকার মোশতাকের ইমেজ অতটা ভালো ছিল না। ভোটের দিন খবর আসতে শুরু করলো খন্দকার মোশতাক বিপুল ভোটে হেরে যাচ্ছেন। এই খবর পেয়ে তখন কুমিল্লা থেকে ব্যালট বাক্স হেলিকপ্টারে করে ঢাকায় নির্বাচন অফিসে নিয়ে আসা হয়। ঢাকায় এনে গণনা করে ফলাফল দেয়া হয়। যেখানে দেখা যায়, খন্দকার মোশতাক আহমেদ ৫২ হাজার ৪১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। আর তার বিপরীতে ইঞ্জিনিয়ার রশিদ ভোট পেয়েছেন ৩৬ হাজার ৬৩০টি। এরপরের নির্বাচনগুলোতেও কমবেশি এমনটা হয়েছে। ১৯৯৪ সালে বিএনপির আমালে মাগুরার একটি আসনের উপনির্বাচনেও ব্যাপক কারচুপির অভিযোগ উঠে। এর পরিপ্রেক্ষিতেই আওয়ামী লীগ নেতৃত্বাধীনজোটের আন্দোলনের মুখে বিএনপি সংবিধান সংশোধন করে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে।
তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থার অধীনে ১৯৯৬ সালে এবং ২০০১ সালে যে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই দুটি নির্বাচনই মূলত সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত হয় সব মহলে। এর আগে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা না থাকলেও ১৯৯১ সালে অনুষ্ঠিত নির্বাচটিও অনুরূপ একটি সরকারের অধীন হয়েছিল বলেই সেই নির্বাচনটিও দেশের মানুষের কাছে এখন পর্যন্ত সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের উদাহরণ হয়ে আছে। ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সরকার ক্ষমতায় আসার পর সেই নির্বাচনী ব্যবস্থায় প্রথম ছেদ পড়ে। ২০০৮ সালের তাদের অধীনে আপাতদৃষ্টিতে স্বচ্ছ ভোট হলেও সেই নির্বাচনে যে জনগণের রায়ের প্রতিফলন শেষপর্যন্ত ছিল না, সেটি আমরা আগেই উল্লেখ করেছি। আর সেই নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে। যার শেষ পরিণতি তো দেশের মানুষ দেখেছে। তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দেশের নির্বাচনী ব্যবস্থাটিকে মূলত তারা মুছে দেয়। জনগণ হয়ে পড়ে পুরোপুরি জিম্মি। হাজার হাজার মানুষের জীবন ও রক্তের বিনিময়ে সেই জিম্মি দশা থেকে মুক্ত হয়ে আবার ভোটের উৎসব ফিরে এসেছে আজ। এই উৎসব যেন একটি নির্বাচনেই শেষ হয়ে না যায়, তার জন্য দেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাধারণ মানুষ সকলকেই সজাগ থাকতে হবে।
আজকের নির্বাচন শুধুমাত্র গতানুগতিক ক্ষমতা বদলের নির্বাচন নয়। এটি বাংলাদেশের ইতিহাসের বাঁক বদলের নির্বাচন। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎসারিত নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন বাংলাদেশ বিনির্মাণের গতিপথ নির্ধারণের নির্বাচন। আজকের ভোটে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবেন, তাদের উপরেই নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত গড়ে তোলার দায় বর্তাবে সবচেয়ে বেশি। যারা বিরোধী দলে থাকবেন, তাদের দায়ও কোনো অংশে কম নয়। আমরা আশা করি, তারা প্রত্যেকে সেটা উপলব্ধি করবেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অটুট রাখতে সকল রাজনৈতিক দল ও দেশের মানুষকে নিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলবেন। তাহলেই স্বার্থক হবে আমাদের ’৭১-এর স্বাধীনতা যুদ্ধ ও ’২৪-এর গণঅভ্যুত্থানে জীবন ও রক্ত উৎসর্গকারীসহ দেশের কল্যাণে সকল আন্দোলন ও সংগ্রামের আত্মত্যাগীদের আত্মদান। নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, তারপরেও দেশের প্রশ্নে সকল দল-মতের মানুষ ঐক্যবদ্ধ থাকার পরিবেশ সৃষ্টি হবে, সেটাই আমাদের প্রত্যাশা। sayedibnrahmat@gmail.com
