জাতীয় নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে, রাজনীতিকরা ঐক্যের পথে নয়, বরং বিশৃঙ্খলা ও সংঘাতের পথে এগোচ্ছে। একদিকে দলগুলো একে অপরকে দোষারোপ করছে, কাদাছোড়াছুড়ি করছে, অন্যদিকে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে ভয়, বিভ্রান্তি ও হতাশা। কেউই ছাড় দিতে রাজি নয়, কেউই নিজের অবস্থান থেকে সরতে চাইছে না। প্রতিটি দল মনে করছে সেই সত্য, বাকিরা মিথ্যা। নির্বাচনের রূপরেখা, জুলাই চার্টার বা গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনো ঐকমত্য হয়নি।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস প্রমাণ করে, প্রতিবার যখন দলগুলো নিজেদের সংকীর্ণ স্বার্থে বন্দি হয়েছে, তখনই রাষ্ট্রকে ভয়াবহ মূল্য দিতে হয়েছে। ১/১১-এর আগের সময়টা ছিল সেই দৃষ্টান্তের সবচেয়ে তিক্ত উদাহরণ, যেখানে ক্ষমতার লড়াই, একে অপরকে নিশ্চিহ্ন করার মানসিকতা এবং পারস্পরিক অবিশ্বাস পুরো জাতিকে এক অনিশ্চয়তার অন্ধকারে নিক্ষিপ্ত করেছিল। রাজনীতি তখন আর জনগণের সেবা ছিল না; তা হয়ে উঠেছিল প্রতিহিংসার প্রতিযোগিতা। প্রশাসন পক্ষপাতদুষ্ট, বিচারব্যবস্থা রাজনীতির হাতিয়ার, আর সাধারণ মানুষ হয়ে উঠেছিল নিছক দর্শক। ঠিক সেই দিকেই কিনা, সেই প্রশ্ন অবান্তর নয় আবার হাঁটছি। আজকে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান এতটাই শক্ত করে ফেলেছে যে, তারা জনগণের কণ্ঠস্বর শুনতেও রাজি নয়। ‘আমিই ঠিক, অন্যরা ভুল’, এই মানসিকতা তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে। ফলাফল হলো, সংলাপের জায়গায় এসেছে সংঘাত, আলোচনার বদলে আগুন বক্তৃতার, আর গণতন্ত্রের আদর্শ ডুবে গেছে ব্যক্তিগত স্বার্থের কাদায়। যারা একসময় গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, তারাই এখন সেই গণতন্ত্রের ওপর আঘাত হানছে সহিংসতা ও ভয় দেখানোর রাজনীতির মাধ্যমে। এই আত্মবিধ্বংসী রাজনীতিতে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে রাষ্ট্রীয় স্থিতিশীলতার। যখন রাজনীতিকরা নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত থাকে, তখন প্রশাসন অকার্যকর হয়ে পড়ে, আইনশৃঙ্খলা ভেঙে পড়ে, আর বিদেশি প্রভাবশালী শক্তিগুলো সেই দুর্বলতাকে সুযোগ হিসেবে নেয়।
যারা আজ গণতন্ত্র রক্ষার কথা বলছেন, তাদের অনেকেই জানেন, গণতন্ত্র মানে ক্ষমতার দখল নয়, বরং জনগণের প্রতি জবাবদিহি। কিন্তু তারা সেটি ভুলে গেছেন। তারা বিশ্বাস করেন, তাদের ছাড়া দেশ চলবে না; তারা মনে করেন, তাদের ব্যর্থতাও দেশকে সহ্য করতে হবে। এই আত্মঅহংকারই গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু। যখন রাজনীতি জনগণের আস্থা হারায়, তখনই গণতন্ত্র ভেঙে পড়ে। কারণ গণতন্ত্র কেবল নির্বাচনের ব্যবস্থা নয়, এটি বিশ্বাসের প্রতিষ্ঠান। আজ যদি এই প্রবণতা না থামে, তবে ভবিষ্যতে রাষ্ট্রের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হবে। আইনশৃঙ্খলা ভেঙে পড়বে, অর্থনীতি থমকে যাবে, সমাজ বিভক্ত হবে এবং সেই শূন্যতায় প্রবেশ করবে এমন শক্তি, যে কখনো জনগণের মঙ্গল চায় না।
এর মধ্যেই আবার মাথা তুলছে পরাজিত শক্তি, আওয়ামী লীগের সন্ত্রাসীচক্র ও তাদের বিদেশি প্রভু। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রত্যক্ষ প্ররোচনা ও সহায়তায় তারা পরিকল্পনা করছে নির্বাচনী প্রক্রিয়াকে ভন্ডুল করতে এবং ভয় ও বিভ্রান্তি ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে। তাদের লক্ষ্য একটাই, যেভাবেই হোক, নির্বাচনকে বিলম্বিত বা বাধাগ্রস্ত করে এমন এক পরিবেশ সৃষ্টি করা, যেখানে তারা আবারও ক্ষমতায় অনুপ্রবেশ করতে পারে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন তথাকথিত গণমাধ্যমের মাধ্যমে মিথ্যা গুজব, বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াচ্ছে, যেন মানুষ বিশ্বাস করে, দেশে অরাজকতা ছাড়া আর কিছুই বাকি নেই। কিন্তু তারা ভুল করছে। এই দেশ এখন আগের বাংলাদেশ নয়। দেশপ্রেমিক মানুষ আজ অনেক বেশি সচেতন। তারা জানে, স্বাধীনতার পর থেকে যত সংকট এসেছে তার সব কিছুর মূলে ছিল ক্ষমতালোভী রাজনীতিবিদ ও বিদেশি প্রভাব। এবার জনগণ সেই ভুল আর করবে না। ভারতের প্ররোচনায় বা কোনো কূটনৈতিক চাপের মুখে তারা নিজের ভবিষ্যৎ কাউকে বন্ধক দেবে না। এই দেশ একবার রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। দ্বিতীয়বার আর পরাধীনতার শৃঙ্খল পরবে না। দেশপ্রেমিক শক্তি এবার যেভাবেই হোক, প্রতিরোধ গড়ে তুলবে, যে শক্তিই দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করবে, সেই জাতির ক্রোধের মুখে পড়বে।
যদি রাজনৈতিক দলগুলো নিজেদের বিভেদ দূর করতে ব্যর্থ হয়, তাহলে রাষ্ট্রের নিয়ন্ত্রণ ধীরে ধীরে তাদের হাতছাড়া হয়ে যাবে। যখন নেতৃত্ব দুর্বল হয়, তখন ষড়যন্ত্রকারী শক্তিরাই সুযোগ নেয়। বিশৃঙ্খলা সবসময়ই ষড়যন্ত্রের জন্ম দেয় এবং ইতিহাস প্রমাণ করে, যখন ঐক্য ভেঙে যায়, তখন বিদেশি হাতই সবচেয়ে আগে এগিয়ে আসে। ১/১১-এর শিক্ষা আমরা ভুলে যেতে পারি না। যখন রাজনীতি ব্যর্থ হয়, তখন অন্যরা এসে ‘উদ্ধারকর্তা’ সাজার সুযোগ নেয়। কিন্তু সেই উদ্ধারেই গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে যায়। তাই সরকার ও প্রশাসনের এখনই দায়িত্ব নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে দৃঢ়ভাবে। গোয়েন্দা সংস্থাগুলোকে সক্রিয় করতে হবে, যাতে দেশের ভেতরে বা বাইরে থেকে কোনো শক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। মিথ্যা প্রচারণা, বিভ্রান্তি ও মানসিক আতঙ্ক তৈরিÑ সবকিছু কঠোরভাবে দমন করতে হবে। যারা দেশকে অস্থিতিশীল করতে চাইছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।
এখন সময় এসেছে শক্ত অবস্থান নেওয়ার। যারা বিদেশি প্ররোচনায় কাজ করছে, যারা নির্বাচন বিলম্বিত করতে চাইছে, তাদের সরাসরি জাতির শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে। গণতন্ত্র মানে বিশৃঙ্খলার স্বাধীনতা নয়; গণতন্ত্র মানে জবাবদিহি ও দায়িত্ববোধ। যদি রাজনৈতিক নেতারা এটা না বোঝেন, তবে তাদের নেতৃত্বের নৈতিক অধিকার নেই। এদিকে, কিছু তথাকথিত আন্দোলনও চলছে, যার উদ্দেশ্য কোনো বাস্তব সমস্যা সমাধান নয়, বরং মনোযোগ ঘুরিয়ে দেওয়া। এসব আন্দোলন পরিকল্পিতভাবে সৃষ্টি করা হচ্ছে যেন দেশবাসী মূল সমস্যাগুলোÑ দুর্নীতি, কর্মসংস্থান, ন্যায়বিচার ও শাসনব্যবস্থার সংস্কার ভুলে যায়। জনগণ আজ এসব নাটক আর বিশ্বাস করে না। তারা ফলাফল চায়, প্রতিশ্রুতি নয়। যদি রাজনীতিকরা এই বাস্তবতা না বোঝেন, তবে তাদের সময় শেষ।
বাংলাদেশ আজ এক মোড় ঘুরানোর মুহূর্তে দাঁড়িয়ে। জুলাই বিপ্লবের চেতনা এখনও জীবিত আছে। সেই চেতনার পুনর্জাগরণই আজ দরকার সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, যেখানে ভোট, স্বাধীনতা ও মর্যাদা থাকবে বিদেশি নিয়ন্ত্রণের বাইরে। আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে শক্তি ভাগাভাগির জন্য নয়, বরং রাষ্ট্রকে রক্ষার জন্য। একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া, পারস্পরিক সংযম এবং বিদেশি প্রভাব থেকে মুক্ত সিদ্ধান্তÑ এগুলোতেই জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যতের পথ খুঁজে পাওয়া যাবে।
লেখক: নিরাপত্তা বিশ্লেষক।
