শহর বদলাচ্ছে, এ কথা বললে কারও চমক লাগে না। প্রতিদিনের যাত্রাপথেই আমরা তার প্রমাণ পাই। কোথাও নতুন উড়ালসড়ক, কোথাও মেট্রোরেলের খুঁটি, কোথাও ভাঙা রাস্তার পাশে বিশাল সাইনবোর্ডে লেখা উন্নয়নকাজ চলমান। উন্নয়ন যেন এখন একটি সর্বগ্রাসী শব্দ। সব প্রশ্নের উত্তরে একটাই ব্যাখ্যা উন্নয়নের স্বার্থে। কিন্তু এই ক্রমাগত উন্নয়নের মাঝখানে একটি প্রশ্ন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে, এই শহরে মানুষের জায়গা কি আদৌ বাড়ছে। নাকি ধীরে ধীরে কমে যাচ্ছে?\r\nএকসময় শহর মানে ছিল মানুষের জন্য তৈরি একটি জীবনব্যবস্থা। সকালবেলা হাঁটার জায়গা ছিল, বিকেলে শিশুদের খেলার মাঠ ছিল, সন্ধ্যায় পাড়ার চায়ের দোকানে আড্ডা ছিল। শহরের গতি ছিল, কিন্তু সেই গতির সঙ্গে ছিল জীবনের স্বাদ। আজকের শহরেও গতি আছে, কিন্তু স্বস্তি নেই।
রাস্তা বড় হয়েছে, কিন্তু হাঁটার জায়গা ছোট হয়েছে। গাড়ির সংখ্যা বেড়েছে, কিন্তু পথচারীর নিরাপত্তা কমেছে। উন্নয়ন যেন মানুষকে কেন্দ্রে না রেখে যানবাহন আর কাঠামোকেই মুখ্য করে তুলেছে।\r\nফুটপাতের দিকে তাকালেই এই বাস্তবতা সবচেয়ে স্পষ্ট হয়। যে ফুটপাত পথচারীর জন্য তৈরি, সেখানে হাঁটতে গিয়ে আজ মানুষকে জীবনের ঝুঁকি নিতে হয়। কোথাও দোকান, কোথাও নির্মাণসামগ্রী, কোথাও পার্কিং করা মোটরসাইকেল মানুষের জন্য নির্ধারিত জায়গায় মানুষের কোনো নিশ্চয়তা নেই। ফলে মানুষ নামছে মূল সড়কে, আর প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। উন্নয়ন এখানে যেন মানুষের চলাচলকে আরও বিপজ্জনক করে তুলেছে।\r\nউড়ালসড়ক আর ফ্লাইওভার শহরের গতি বাড়িয়েছে, এতে সন্দেহ নেই। কিন্তু এই গতির নিচে যে জীবন আটকে পড়েছে, তার হিসাব কে রাখে?
ফ্লাইওভারের নিচে গড়ে উঠেছে অস্থায়ী বসতি, দোকান, কর্মসংস্থান। সেখানে থাকা মানুষগুলো উন্নয়নের সুবিধাভোগী নয়, বরং উন্নয়নের ছায়ায় টিকে থাকা এক শ্রেণি। তাদের মাথার ওপর দিয়ে প্রতিদিন হাজারো গাড়ি ছুটে যায়, কিন্তু তাদের জীবনে উন্নয়নের কোনো আলো পৌঁছায় না। উন্নয়ন যেন ওপরের দিকে তাকিয়ে আছে, নিচের দিকে নয়।\r\nশহরের আবাসন সংকটও এই বাস্তবতার অংশ। উন্নয়নের সঙ্গে সঙ্গে বাড়িভাড়া বেড়েছে অস্বাভাবিকভাবে। মধ্যবিত্ত পরিবারগুলো টিকে থাকার লড়াইয়ে নেমেছে। আর নি¤œআয়ের মানুষ শহরের প্রান্তে ঠেলে দেওয়া হচ্ছে। যারা শহরের চাকায় সবচেয়ে বেশি শ্রম দেয়Ñ পরিচ্ছন্নতাকর্মী, দিনমজুর, গার্মেন্টস শ্রমিক তারাই শহরে থাকার জায়গা হারাচ্ছে। শহর যেন ধীরে ধীরে কেবল একটি নির্দিষ্ট শ্রেণির জন্য তৈরি হচ্ছে।
বাকিদের জন্য নয়।\r\nশিশুদের শহরও ক্রমশ সংকুচিত হয়ে আসছে। খেলার মাঠ নেই, পার্ক নেই, খোলা জায়গা নেই। শিশুরা বড় হচ্ছে চার দেয়ালের ভেতরে, স্ক্রিনের আলোয়। তারা জানে না কাদা মাখা মাঠের আনন্দ, জানে না দৌড়ে ঘাম ঝরানোর সুখ। উন্নয়ন যদি শিশুদের শৈশব কেড়ে নেয়, তবে সেই উন্নয়ন ভবিষ্যতের জন্য কী রেখে যাচ্ছে। সে প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।\r\nনারীদের জন্য শহরের জায়গা আরও সীমিত। উন্নত শহরের কথা বলা হলেও বাস্তবে নারীকে প্রতিদিন সতর্ক থাকতে হয় বাসে, রাস্তায়, অফিসে। কর্মজীবী নারীরা শহরের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে, অথচ শহর তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। উন্নয়ন হয়েছে অবকাঠামোর, কিন্তু মানসিক নিরাপত্তার উন্নয়ন হয়নি।
শহর যত বড় হচ্ছে, নারীর চলাচলের স্বাধীনতা তত সংকুচিত হচ্ছে, এ এক নির্মম বৈপরীত্য।\r\nদরিদ্র মানুষের জন্য উন্নয়ন প্রায়ই উচ্ছেদের নাম। বস্তি ভাঙা হয় উন্নয়নের স্বার্থে, কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা থাকে অনিশ্চিত। একটি প্রকল্প বাস্তবায়নের জন্য শত শত মানুষ তাদের বাসস্থান হারায়। ছিন্ন হয় জীবনের শিকড়। উন্নয়নের ভাষায় এরা কেবল সমস্যা , মানুষ নয়। শহর গড়ে ওঠে তাদের শ্রমে, কিন্তু শহরে থাকার অধিকার তাদের দেওয়া হয় না।\r\nসবচেয়ে উদ্বেগজনক বিষয় হলোÑ এই অবস্থার সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। যানজটকে স্বাভাবিক ধরে নিচ্ছি, দূষিত বাতাসে শ্বাস নেওয়াকে নিয়তি বলে মেনে নিচ্ছি, ফুটপাত না থাকাকে বাস্তবতা হিসেবে গ্রহণ করছি। প্রশ্ন করার ক্ষমতা যেন ধীরে ধীরে ভোঁতা হয়ে যাচ্ছে।
আর যখন মানুষ প্রশ্ন করা বন্ধ করে দেয়, তখন উন্নয়নও মানুষকে হিসাবের বাইরে ফেলে দেয়।\r\nউন্নয়নের ভাষা আজ পরিসংখ্যাননির্ভর। কত কিলোমিটার রাস্তা, কত মেগাওয়াট বিদ্যুৎ, কত তলা ভবনÑ এই সংখ্যাগুলোই সাফল্যের মানদ-। কিন্তু মানুষের মানসিক শান্তি, সামাজিক সম্পর্ক, জীবনের গুণগত মানÑ এই বিষয়গুলো উন্নয়নের সূচকে জায়গা পায় না। অথচ একটি শহর তখনই সত্যিকার অর্থে উন্নত হয়, যখন সেখানে মানুষ স্বস্তিতে বাঁচতে পারে।\r\nউন্নয়ন প্রয়োজন তা নিয়ে দ্বিমত নেই। কিন্তু উন্নয়ন যদি মানুষকে কেন্দ্র করে না হয়, তবে তা একসময় মানুষের বিরুদ্ধে দাঁড়ায়। শহর তখন বসবাসের জায়গা না হয়ে টিকে থাকার যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে। মানুষ শহরের মালিক না হয়ে অতিথিতে পরিণত হয়, যার থাকার নিশ্চয়তা নেই, নিরাপত্তা নেই।\r\nআমাদের প্রয়োজন মানবিক উন্নয়ন। এমন উন্নয়ন, যেখানে ফুটপাত থাকবে মানুষের জন্য, পার্ক থাকবে শিশুদের জন্য, শহর হবে নারীর জন্য নিরাপদ। যেখানে উন্নয়ন মানে কেবল কংক্রিট নয়, বরং সহমর্মিতা। যেখানে শহর মানুষকে চাপা দেবে না, বরং ধারণ করবে। আজ উন্নয়ন হচ্ছে এ কথা সত্য। কিন্তু যদি এই উন্নয়নের ভেতরে মানুষ ক্রমেই হারিয়ে যায়, তবে একদিন আমরা হয়তো সোচ্চার হয়ে প্রশ্ন করব, এত উন্নয়ন করে কী পেলাম? শহর কি সত্যিই আমাদের জন্য, নাকি আমরা কেবল এই শহরের অতিরিক্ত মানুষ?\r\nলেখক : শিক্ষার্থী\r\nজগন্নাথ বিশ্ববিদ্যালয়
