রজব হিজরি সনের সপ্তম মাস। হিজরি ১২ মাসের মধ্যে যে চারটি মাসকে কোরআন ও হাদিসে ‘আশহুরু হারাম’ বা সম্মানিত মাস বলা হয়েছে, রজব মাস তার অন্যতম। অন্য তিনটি সম্মানিত মাস হচ্ছে মহররম, যুল-কা’দাহ ও যুল-হিজ্জাহ।

‘রজব’ আরবি শব্দ। এর অর্থ সম্মানিত করা, মহিমান্বিত করা ও যুদ্ধ থেকে বিরত থাকা। জাহেলি যুগ থেকে এ মাসে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ থাকার কারণে এ মাসকে এসব নামে ডাকা হতো।

ইসলামী যুগেও এ মাসকে সম্মানিত মাসের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এ মাসে যাবতীয় যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু হারাম মাসগুলোর মাহাত্ম্য রয়েছে, সে হিসেবে অন্যতম হারাম মাস হওয়ায় রজব মাসেরও রয়েছে বিশেষ মাহাত্ম্য। হারাম মাসের ব্যাপারে মহান আল্লাহ বলেন, ‘তোমরা এ মাসগুলোতে নিজেদের ওপর জুলুম করো না (পাপাচারে লিপ্ত হয়ো না)।’ (সুরাহ তাওবাহ, ৩৬)। এ আয়াতের পরিপ্রেক্ষিতে অন্য তিন মাসের মতো রজব মাসেরও রয়েছে বিশেষ গুরুত্ব।

যদিও সব সময়ই আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার চেষ্টা করা মুমিনের বৈশিষ্ট্য, তথাপি হারাম মাসগুলোয় মহান আল্লাহ বিশেষভাবে পাপাচার থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। সে হিসেবে রজব মাসে যাবতীয় পাপাচার থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

একটি হাদিসে রাসুল (সা.) শাবান মাসের গুরুত্ব বর্ণনায় বলেছেন, ‘এটি রজব ও রমজান মাসের মধ্যবর্তী একটি মাস, যার ব্যাপারে অধিকাংশ মানুষই গাফেল। এতে বান্দাহর আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। এ হাদিস থেকেও রজবের বাড়তি মর্যাদার ইঙ্গিত পাওয়া যায়। অনেক ঐতিহাসিকের মতে, রজব মাসেই রাসুল (সা.) মেরাজে গমন করেছিলেন। সে হিসেবে এ মাস একটি স্মরণীয় এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ইসলামের ইতিহাসে এ মাস বিশেষ তাৎপর্য বহন করে। তা ছাড়া রমজানের কাছাকাছি মাস হওয়ায় এ মাসকে অনেকেই রমজানের প্রস্তুতির মাস বলে থাকেন। একটি হাদিসে এ মাসের শুরু থেকে রাসুল (সা.) থেকে একটি দোয়া বর্ণিত হয়েছে। দোয়াটি হচ্ছে– ‘হে আল্লাহ, আমাদের রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন।’

এ দোয়াটি যে হাদিসে বর্ণিত হয়েছে, মুহাদ্দিসদের মানদণ্ডে তা খুবই দুর্বল। তবে নফল দোয়া হওয়ার কারণে হাদিস দুর্বল হলেও এই দোয়ার মাধ্যমে আমল করাতে কোনো অসুবিধা নেই। এ ছাড়া রজব মাসের জন্য নির্দিষ্ট কোনো আমলের বর্ণনা পাওয়া যায় না। অর্থাৎ এ মাসের অমুক তারিখ সিয়াম পালনে এই ফজিলত কিংবা অমুক রাতে এত রাকাত সালাত আদায় করলে এত এত সওয়াব লাভ হবে– এমন কোনো বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না। বরং অন্য মাসের মতোই এ মাসেও সাধারণভাবে আমল করতে হবে। পার্থক্য এতটুকুই– এটি সম্মানিত মাস হিসেবে এতে পাপাচার থেকে বেঁচে থাকার জন্য অন্য মাসগুলোর তুলনায় বেশি চেষ্টা করতে হবে। আমাদের সমাজে মেরাজের রাতের বিশেষ ইবাদাত এবং দিনে সাওম পালনের বিশেষ ফজিলতের কথা প্রচলিত আছে; যার কোনো বিশুদ্ধ প্রমাণ হাদিসে নেই। সুতরাং এ রকম বিশ্বাস রেখে ইবাদত করলে তা বিদয়াতে পরিণত হবে।

সংক্ষেপে রজব মাস সম্পর্কে আমরা এতটুকু বলতে পারি, হারাম মাস এবং কারও কারও মতে মেরাজ সংঘটিত হওয়ার মাস হিসেবে রজব মাসের শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য যেমন প্রমাণিত, তেমনি এ মাসের জন্য বিশেষ ইবাদতের কথা অপ্রমাণিত। এ মাসের ব্যাপারে আমাদের করণীয়– এর সম্মান রক্ষার্থে এতে পাপাচার এবং যুদ্ধ-বিগ্রহ থেকে বিরত থাকা এবং রমজানের জন্য প্রস্তুতিস্বরূপ আমল বাড়িয়ে দেওয়া।

আবু রুফাইদাহ রফিক: অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, বেগমগঞ্জ, নোয়াখালী