প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলক করণ) আইন, ১৯৯০-এর মাধ্যমে বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন, অবৈতনিক ও বাধ্যতামূলক বলে ঘোষণা করেছিল। এই প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য বলা হয়েছে, একজন শিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে সহায়তা করা এবং তাকে সমাজে অবদান রাখতে পারে এমন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। বিকাশের দুটি দিক– শারীরিক ও মানসিক। মানসিক দিককে আমরা জ্ঞানগত ও আবেগ-ইচ্ছাগত– এ দুভাগে ভাগ করতে পারি। বিষয়কে আমরা বুদ্ধিবৃত্তিক বিকাশ ও সামাজিক-নৈতিক বিকাশ– এভাবেও বর্ণনা করতে পারি।

এ লক্ষ্য পূরণে প্রাথমিক বিদ্যালয় পাঠ্যক্রমিক (কারিকুলার), সহ-পাঠ্যক্রমিক (কো-কারিকুলার) এবং উহ্য-পাঠ্যক্রমিক (হিডেন কারিকুলার) কার্যক্রম পরিচালনা করে। আমরা আগে যে দিকগুলোকে শারীরিক-মানসিক, জ্ঞানগত ও আবেগ-ইচ্ছাগত কিংবা বুদ্ধিবৃত্তিক ও সামাজিক-নৈতিক বলে চিহ্নিত করেছি, এগুলো পাঠ্যক্রমিক, সহ-পাঠ্যক্রমিক এবং উহ্য-পাঠ্যক্রমিক প্রক্রিয়াতেই অর্জিত হয়।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির পাঠ্য বিষয় বাংলা, ইংরেজি, গণিত। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির জন্য বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ধর্ম ও নৈতিক শিক্ষা। সহ-পাঠ্যক্রমিক বিষয়ের মধ্যে আছে শরীরচর্চা, খেলাধুলা, সংগীত, চারুকারু, বক্তৃতা, বিতর্ক ইত্যাদি। আমরা এসবকে পাঠ্যক্রমবহির্ভূত বিষয় বলে মনে করতাম। কিন্তু শারীরিক, বুদ্ধিগত ও সামাজিক-নৈতিক বিকাশে এসবের অপরিহার্য ভূমিকা সম্পর্কে সচেতন হওয়ার পর শিক্ষাবিদরা এসবকে পাঠ্যক্রমবহির্ভূত বিষয় না বলে সহ-পাঠ্যক্রমিক বিষয় বলছেন। উহ্য-পাঠ্যক্রমিক বিষয় হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক, শিক্ষার্থী-শিক্ষার্থী সম্পর্ক, বিদ্যালয় পরিচালনার নীতিগুলো। শিশুদের নীতি মুখস্থ করিয়ে নৈতিক আচরণ শেখানো যায় না। বরং নৈতিকতার চর্চার মাধ্যমেই শিশু তা শেখে এবং তার স্বভাবের অংশ হয়ে দাঁড়ায়। প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিশুর বুদ্ধির বিকাশ যে স্তরে পৌঁছায়, সে স্তরে শিশু নৈতিকতার বিমূর্ত নিয়ম অনুধাবন করতে পারে না। তাই বিমূর্ত নীতিবাক্যের পরিবর্তে সাহিত্যের গল্প, ধর্মীয় কাহিনী, মহামানবের জীবনী, পাঠ্যক্রমের অন্তর্গত এসব বিষয় শিশুর নৈতিক বিকাশের সহায়ক।

প্রাথমিক শিক্ষার কেন্দ্রীয় বিষয় ‘সাক্ষরতা’। এই সাক্ষরতা দুই রকম– ভাষাগত ও গাণিতিক। শিশু তার মাতৃভাষায় সাবলীলভাবে পড়বে, পড়ে বুঝবে এবং লিখে নিজের মনের ভাব প্রকাশ করবে। গাণিতিক সাক্ষরতার মানে শিশু অঙ্ক, সংখ্যা, গাণিতিক চিহ্ন, প্রাথমিক জ্যামিতিক ধারণার সঙ্গে পরিচিত হবে। যোগ-বিয়োগ, গুণ-ভাগ করতে পারবে। কোন সমস্যা সমাধানে এগুলোর কোন প্রক্রিয়া ব্যবহার করতে হবে, তা বুঝতে পারবে। এ দুটির বাইরে শিশু আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির সঙ্গে পরিচিত হবে।

বর্তমানে সমাজে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা প্রশিক্ষণ পেয়ে প্রাথমিকের পাঠ্যক্রমের বিষয়গুলো পড়াতে সক্ষম হয়ে ওঠেন। সে জন্য প্রাথমিকে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের ব্যবস্থা নেই। এ কারণে প্রাথমিকে ‘ধর্ম ও নৈতিক শিক্ষা’ একটি অবশ্যপাঠ্য বিষয় হলেও বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের প্রয়োজন হয় না। উপরন্তু দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সাড়ে ৬৫ হাজারের মতো। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মিলে চার লাখ ৪০ হাজার শিক্ষকের পদ রয়েছে এসব বিদ্যালয়ে। যদি ‘ধর্ম ও নৈতিক’ শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে প্রতি বিদ্যালয়ে ইসলাম ধর্ম ও সনাতন ধর্মের জন্য একজন করে এবং কোনো কোনো স্থানে এর সঙ্গে খ্রিষ্ট ও বৌদ্ধ ধর্মের আলাদা শিক্ষক পদ সৃষ্টি করতে হবে। অর্থাৎ শুধু ‘ধর্ম ও নৈতিক শিক্ষা’র জন্য লক্ষাধিক পদ সৃজন করতে হবে। অন্যদিকে সংগীত সহ-পাঠ্যক্রমের বিষয় হলেও শিশুর সর্বাঙ্গীণ বিকাশে এর গুরুত্বপূর্ণ ভূমিকা সচেতন মানুষ মাত্রই স্বীকার করেন।

সংগীত নেহাত বিনোদন নয়। আমাদের প্রাত্যহিক কর্মে সংগীত মিশে থাকে। আমরা যেভাবে উচ্চারণ করি, অর্থাৎ স্বরের উত্থান-পতন, ছন্দ, তা সাংগীতিক। আমরা যখন আবৃত্তি করি, তেলাওয়াত করি, মন্ত্রোচ্চারণ করি, তখন কথার সাংগীতিক অংশটি আরও স্পষ্ট হয়ে ওঠে। কথার নির্দেশক দিকটি নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের বাম গোলার্ধ, সাংগীতিক দিকটি নিয়ন্ত্রণ করে ডান গোলার্ধ। আমাদের স্থানগত বা জ্যামিতিক বোধ, দৃশ্যগত কল্পনা, সৃজনশীল কল্পনা, আবেগ– এসব প্রক্রিয়াজাত হয় ডান গোলার্ধে। সংগীতচর্চা মস্তিষ্কের ডান গোলার্ধ বিকাশে সহায়ক। বিষয়টি ইতোমধ্যে বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত। প্রাচীনকাল থেকে মানুষ অভিজ্ঞতার মাধ্যমে, শিশুর সর্বাঙ্গীণ বিকাশে সংগীতচর্চার উপযোগিতায় বিষয়টি বুঝতে পেরেছিল। তাই প্রাচীন সব সভ্যতার পাঠ্যক্রমে সংগীত অন্তর্ভুক্ত ছিল। তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি মুসলিমপ্রধান দেশসহ বিভিন্ন দেশে প্রাথমিকের সহ-পাঠ্যক্রমে সংগীত অন্তর্ভুক্ত। আবার যার সংগীতে তালিম নেই, তিনি অন্য বিষয়ে স্নাতকোত্তর হলেও সংগীত শিক্ষা দিতে অক্ষম।

এসব বিবেচনা করেই প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে, যদিও পরীক্ষামূলক। কোনো নতুন বিষয় প্রথমে পরীক্ষামূলক শুরু করতে হয়। বিষয়টি যথাযথ প্রমাণিত হলে তার বিস্তার করা হয়। কিন্তু সংগীত শিক্ষকের পরিবর্তে ধর্ম শিক্ষক নিয়োগের দাবি শুনে ঠুনকো এক ছুতো দেখিয়ে সরকার সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তটি বাতিল করেছে।

যারা সংগীত শিক্ষকের বদলে ধর্ম শিক্ষক নিয়োগের দাবি তুলেছেন, তারা প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য ও তা বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে অবগত নন। যারা কথিত সমতা রক্ষার খাতিরে ধর্ম ও সংগীত উভয় বিষয়েই শিক্ষক নিয়োগের পরামর্শ দেন, তারাও বাস্তব জ্ঞান থেকে এমনটা বলছেন না। প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার ভিত্তি। আমরা যদি সঠিকভাবে তা পরিচালনা করতে না পারি, তবে সামগ্রিকভাবে আমাদের শিক্ষার উন্নতির কোনো সম্ভাবনা নেই। এর নেতিবাচক প্রভাব রাষ্ট্রীয় অগ্রগতিকে পেছনে টেনে ধরতে বাধ্য। প্রাথমিক শিক্ষা কর্মসংস্থানের একটি বড় খাত বটে। কিন্তু সেখানে পদ সৃজন হওয়া দরকার প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য পূরণের জন্য। শিশুর সর্বাঙ্গীণ বিকাশ ও ভিত্তিমূলক শিক্ষার লক্ষ্যকে গৌণ করে কর্মসংস্থানের জন্য পদ সৃষ্টিই যদি মুখ্য হয়ে ওঠে, তা রাষ্ট্রের জন্য বিপজ্জনক।

আব্দুর রহমান: গবেষক ও গণশিক্ষাকর্মী