গত ১২ মার্চ বাগেরহাট জেলার রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার কাছে, খুলনা-মোংলা মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাস এবং বাংলাদেশ নৌবাহিনীর স্টাফ বাসের মধ্যে সংঘর্ষে মাইক্রোবাসটি প্রায় সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ১৪ জন নিহত এবং কয়েকজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া আত্মীয়স্বজন ছিলেন। তারা অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়, উচ্চগতি এবং মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনার প্রধান কারণ। পুলিশ সড়ক দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ে তদন্ত শুরু করেছে। এই হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা ঈদযাত্রায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

আমাদের সবার বাড়তি সচেতনতা ও সতর্কতায় নিরাপদ হতে পারে ঈদযাত্রা। কেননা, ঈদের দিন এবং তার আগে-পরে মিলিয়ে প্রতিবছর যে সংখ্যক সড়ক দুর্ঘটনা ঘটে, মানুষ আহত বা নিহত হয়– এর সবই প্রতিরোধযোগ্য। রাস্তায় চলাফেরায় একজন যাত্রী অথবা পথচারী কিংবা চালক হিসেবে নিজেরও কিছু দায়িত্ব আছে। আমরা রাস্তায় চলার সময় কী ধরনের আচরণ করব, কীভাবে সড়ক বা যানবাহন ব্যবহার করব, সেসব বিষয়ে অনেক সময় উদাসীন থাকি। ব্যক্তি পর্যায়ে রাস্তা ব্যবহারে এরূপ উদাসীনতা আমাদের পরিহার করতে হবে। রাস্তায় চলতে হবে সঠিক নিয়ম মেনে।

ব্যক্তির পাশাপাশি সড়ককে নিরাপদ করতে অন্যদের সঙ্গে সরকারেরও করণীয় আছে। সব ধরনের যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে ও নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি কিছু পরামর্শ এখানে তুলে ধরা হলো।

বাজার বা অধিক লোকসমাগমের স্থানে সড়কে শৃঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার করতে হবে। মহাসড়কের মূল অংশে বা শোল্ডারে স্থায়ী বা অস্থায়ী দোকান বা হকারদের বসতে দেওয়া হবে না। ধীরগতির যানবাহনকে মহাসড়ক ব্যবহার থেকে দূরে রাখতে হবে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যানবাহনের গতি পরিমাপ এবং ওভার স্পিডিংয়ের জন্য জরিমানার ব্যবস্থা থাকতে হবে। নৈশকোচ, লঞ্চ, রেলের যাত্রীদের জন্য সংবেদনশীল স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কর্তৃক টহল জোরদার করতে হবে।

ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে চলাচলরত নগর পরিবহনের বাসগুলো মহাসড়কে চলতে দেওয়া উচিত হবে না। ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। পদ্মা ও যমুনা সেতুর মতো বড় বড় সেতু ও এক্সপ্রেসওয়েতে পথশুল্ক দ্রুততম সময়ের মধ্যে পরিশোধ করতে অস্থায়ীভাবে কাউন্টারের সংখ্যা বৃদ্ধি করতে হবে। ফেরিগুলো ঈদযাত্রী বহনের জন্য প্রস্তুত রাখা ও যাত্রীদের নিরাপত্তা জোরদার করতে হবে। যাত্রীদের ছিনতাইকারী থেকে সাবধান থাকা এবং সঠিক নিয়মে রাস্তা ব্যবহার করা বিষয়ে বিটিআরসি কর্তৃক প্রত্যেক মোবাইল ফোন গ্রাহকের মোবাইল ফোনে দৈনিক একবার বার্তা প্রদানের ব্যবস্থা করতে হবে।

ফায়ার সার্ভিসের সকল ইউনিটকে দুর্ঘটনা-পরবর্তী উদ্ধার ও ব্যবস্থাপনার জন্য প্রস্তুত রাখতে হবে। সকল ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষার্থে ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সম্পৃক্ত করার ব্যবস্থা করতে হবে। পোশাক কারখানার শ্রমিকদের জন্য পর্যায়ক্রমিক এবং এলাকাভিত্তিক ছুটির বিষয় নিশ্চিত করতে হবে। যাতায়াতের সুবিধার্থে ঈদের আগে-পরে সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি দীর্ঘায়িত করা বাঞ্ছনীয়। বাস, লঞ্চ, রেল ও অন্যান্য যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন রোধে বিআরটিএ বা হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড কিংবা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা জরুরি। আসুন, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সম্মিলিত উদ্যোগে ঈদযাত্রাকে নিরাপদ করি; নিজে নিরাপদ থাকি এবং অন্যকে নিরাপদ রাখি।

কাজী বোরহান উদ্দিন: প্রোগ্রাম ম্যানেজার (রোড সেফটি), সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি)